All posts by jitu

বাংলাদেশের পেছনে সংগ্রামের ইতিহাস হলেও সামনের দিনগুলো অপার সম্ভাবনার: অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস

বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই – অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। বর্তমান যুগ বিজ্ঞান প্রযুক্তির যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। একটি দেশ বিজ্ঞান প্রযুৃক্তিতে যতো উন্নত সে দেশ ততোই এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ভীষণ ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের পেছনে তাকালে দেখবেন শুধু সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ যেন প্রতিটা ক্ষেত্রে সংগ্রামের মধ্যেই চলছে। আমি এই অনুষ্ঠানে এসে বুঝলাম, উপলব্ধি হলো বাংলাদেশের পেছনে সংগ্রামের ইতিহাস হলেও সামনের দিনগুলো অপার সম্ভাবনার। এই যে ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা এতো এতো উদ্ভাবন করলো তা আমরা উৎসাহ দিতে হবে, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করতে হবে, তবেই তারা আরো নতুন নতুন আবিস্কারে মত্ত হবে।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড. সায়মা বলেন, আমি দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করছি। আমার পরিকল্পনা রয়েছে শিক্ষার পাশাপাশি নারী ও পরিবেশ নিয়ে কাজ করার। ধারনা করা হয় জ্ঞান বিজ্ঞানে নারীরা পিছিয়ে থাকে। কিন্তু আজকে এখানে এসে দেখলাম সে ধারনা ভুল। এখানে মেয়েরাই বিভিন্ন উদ্ভাবনে এগিয়ে আছে।

একটা জিনিস ঠিক, শহরের স্কুলগুলোতে যে সুযোগ সুবিধা আছে তা গ্রামের স্কুলে নেই। আমরা শিক্ষকরা সর্বোচ্চটুকু দিয়ে তাদের এগিয়ে নিতে হবে।

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সূজন চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তায়েব, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সুয়াগাজী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার, সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ইফতেখার আহমেদ অনিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলো। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে উৎসাহিত করবে।

২০ বছর পর ঘরের মাঠে সিমিওনের অ্যাটলেটিকোর কাছে বার্সার হার

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হতাশায় ডুবলো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গেছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে অ্যাটলেটিকো।

ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা আক্রমণাত্মক খেললেও হঠাৎ করেই বড় ধাক্কা খায়। ৪৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার পাও কুবারসি। ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। ঠিক এর পরেই দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। মার্কাস রাশফোর্ড একাধিকবার সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তরুণ লামিন ইয়ামালও আক্রমণে উজ্জ্বল ছিলেন, কিন্তু ফল আসেনি।

ম্যাচের ৭০ মিনিটের দিকে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার সোরলোথ, যা কার্যত ম্যাচ থেকে বার্সাকে ছিটকে দেয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

২০০৬ সালের পর ২৬ ম্যাচে প্রথমবার ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হারলো বার্সেলোনা। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দলটির বিপক্ষে প্রথম অ্যাওয়ে জয় পেল সিমিওনের দল।

দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার মাদ্রিদে, যেখানে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে হ্যান্সি ফ্লিকের দল।

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইনে ও ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী মিলন

 

ডেস্ক রিপোর্ট:

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয়দিন ক্লাস নেওয়া হবে। এর তিনদিন হবে অনলাইনে, আর বাকি তিনদিন ক্লাস হবে অফলাইন বা সশরীরে। শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনি-সোম-বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলো চলবে অনলাইন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। কোন কোন বারে অনলাইনে এবং কোন বারে অফলাইনে ক্লাস হবে, তাও জানিয়েছেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় সরকার। সপ্তাহের শনি, সোম ও বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেবেন।

প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার চিন্তা করছে সরকার : শিক্ষামন্ত্রী মিলন

শেখ ফরিদ উদ্দিন:
বিশ্ব ইতিহাসে নানা সংকটই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতেও শিক্ষা ব্যবস্থাকে থামিয়ে না রেখে প্রযুক্তি নির্ভর নতুন পদ্ধতিতে এগিয়ে নিতে হবে। বৈশ্বিক অস্থিরতাকে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষা মন্ত্রী এ কথা বলেন। তিনি আর-ও বলেন অতীতে বিশ্বযুদ্ধ, প্রযুক্তিগত পরিবর্তন কিংবা সামাজিক রূপান্তরের মতো ঘটনাগুলো নতুন নতুন শিল্প ও সুযোগ সৃষ্টি করেছে। সেই চিন্তা থেকেই জ্বালানি সাশ্রয় ও যানজট কমাতে নির্দিষ্ট কিছু ‘কোয়ালিটি’ বা সক্ষম স্কুলে পরীক্ষামূলকভাবে অনলাইন-অফলাইনের সমন্বয়ে ক্লাস চালুর পরিকল্পনার কথা জানান শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় অংশীদারদের মতামত গ্রহন করছিলেন শিক্ষা মন্ত্রী। তিনি বলেন, সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে, সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ নেওয়া হতে পারে, যাতে জ্বালানি সাশ্রয়, যানজট কমানো এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রম অব্যাহত রাখা সম্ভব হয়। এ বিষয়ে আগামীকাল কেবিনেট মিটিং এ শিদ্ধান্ত হবে।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মতামত গ্রহন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর ও অনেকাংশে পেপারলেস। সংসদ থেকে শুরু করে শ্রেণিকক্ষ-সব জায়গায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়বে। শিক্ষার্থীদেরও সেই বাস্তবতার জন্য প্রস্তুত করতে হবে।

শিক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন ক্লাস কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি বাড়াতে হবে। শিক্ষার্থীরা যাতে অনলাইনে মনোযোগী থাকে, সে বিষয়েও নজরদারি প্রয়োজন। সরকার ইতিমধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন-এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নির্ধারণ, অফিস সময়সূচিতে পরিবর্তন ইত্যাদি। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে।

নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আধুনিক, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। এজন্য সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন , বর্তমানে পুরো পৃথিবী এসটি সংকেটে মধ্যদিয়ে যাচ্ছে। বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। তিনি শিক্ষার জন্য বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমরা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের কল্যাণের জন্য কাজ করছি। আমরা আপনাদের সরকার, আপনারা যা বলবেন আমরা তা শুনব। সেই জন্য আজকের এই আয়োজন। আমরা যেন সকলের সহযোগীতায় বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারি সেই উদ্দেশ্যে কাজ করছি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ প্রায় সকলেই অন লাইনে ক্লাসের বিপক্ষে বক্তব্য রাখেন।

শাহরাস্তিতে জ্বরের শিশু রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

শাহরাস্তিতে জ্বরের শিশু রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। জ্বর নিয়ে চিকিৎসা করতে আসা এক শিশুকে ভুলবশত কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই অবহেলা ঘটে।

জানা যায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার পাঁচ বছরের মেয়ে আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে নিয়ে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে সেবা নিতে আসেন। উভয় রোগীকে জরুরি বিভাগে দেখে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম পৃথক চিকিৎসাপত্র দেন।

কিন্তু জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করে দেন। এ ঘটনায় রোগীর অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছালে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, “একই সময়ে দুই রোগী আসায় ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, “ভুলক্রমে ভ্যাকসিন দেওয়া হলেও রোগীর কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। তবুও দায়িত্বে অবহেলার কারণে ওই কর্মকর্তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।”

অপরদিকে ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

হাদি হত্যার আসামিদের ফেরত পাঠাবে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

 

ডেস্ক রিপোর্টঃ

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি দিয়েছে ভারত সরকার। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে। শহিদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান। একই সঙ্গে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আটক ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্মতি হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে দেশে ফিরিয়ে আনার অনুরোধ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

ড. খলিলুর রহমান বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করা হবে।

এদিকে, বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত রাখায় ভারতকে ধন্যবাদ জানিয়ে সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান ড. খলিলুর রহমান। জবাবে মন্ত্রী হরদীপ পুরী জানান, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে আগামী ৯ এপ্রিল দুপুরে মরিশাসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

এসএসসি পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠু-সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ড.খন্দকার মারুফ

এসএসসি পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠু-সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ড.খন্দকার মারুফ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। শতভাগ নকলমুক্ত করতে পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব
পরিবেশ তৈরী করতে বদ্ধপরিকর। ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকার সকল পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে ইতিহাস গড়েছেন।

তিনি আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

এসএসসি পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠু-সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ড.খন্দকার মারুফ

ড.খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের শিক্ষা ব্যবস্থায় অতীতের বিরাজমান দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারের শিক্ষাবাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করা হচ্ছে। ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং ‘আইটেম ব্যাংক’ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি বিভাগে একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং উচ্চশিক্ষায় গবেষণার জন্য বিশেষ অনুদান দেওয়া হবে। কোচিং সেন্টার ধীরে ধীরে শতভাগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য ঋণ এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ড.খন্দকার মারুফ বলেন, যে জাতি যতো বেশি শিক্ষিত ও মেধাবী, সে জাতি ততো উন্নত। বিএনপি যখনই ক্ষমতায় থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে। শিক্ষার মানোন্নয়নে তারা কোনো কাজ করেনি।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন একাধিকবার মন্ত্রী-এমপি থাকাকালীন দাউদকান্দিতে পৌরসভা, পৌর সদরে ২০ শয্যার হাসপাতাল ও তিতাস উপজেলা প্রতিষ্ঠা করেছেন। ড. মোশাররফ নিজ নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দি পৌর সদর ও ইলিয়টগঞ্জে ২টি ডিগ্রী কলেজ, তিতাসের গোপালপুরে হাইস্কুল, দাউদকান্দির গৌরীপুরে বালিকা উচ্চ বিদ্যালয়,নৈয়াইরে হাইস্কুল ও সোনাকান্দায় দাখিল মাদ্রাসা এবং এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, প্রত্যাশিত ফলাফলের জন্য তোমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। সুশিক্ষিত হয়ে আগামী দিনে তোমরাই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে।

তোমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা রয়েছে, নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে তিনি(ড.মারুফ)পরীক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো.আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসিমউদ্দিন, অভিভাবক সদস্য মো.বিল্লাল মিয়াজি, শিক্ষাণুরাগী নূর মোহাম্মদ সেলিম সরকার, কাউসার আলম সরকার, কামাল হোসেন, শরীফ চৌধুরী ও মো. রোমান খন্দকার প্রমুখ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ উদযাপনে সংস্কৃতি কর্মীদের দায়িত্ব বেশি। আমি এরই মধ্যে চাঁদপুর প্রেস ক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পার ঘুরে দেখেছি। জায়গাটা সুন্দর আছে, পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হব। এক সাথে সকলের সমন্বয়ে বাংলা নববর্ষ ১৪৩৩বঙ্গাব্দ উদযাপন করা হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সকাল ৮টায় চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান, সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা চাঁদপুর হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে ডাকাতিয়া নদীর পাড় শেষ হবে। পরে চাঁদপুর প্রেস ক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ২দিন ব্যাপী অনুষ্ঠান হবে৷ পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যালিতে কমপক্ষে ১৫/২০ জন অংশগ্রহন গ্রহণ করবে। অনুষ্ঠানে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করতে হবে। পৌরসভার বাহিরে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ভাবে অনুষ্ঠান করবে। জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা হবে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই আয়োজনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটি উদযাপন করতে পারবো বলে আশা করছি। সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান, বিশিষ্ট নাট্যকার লিটন ভূইয়া, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহিদ পাটওয়ারী, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সময় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মদসহ বিভিন্ন সা্ংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ অন্যান্যরা।

সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। শুরুতেই বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন।

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জান্নাত ও পুলিশের সহায়তায় হারানো সন্তান ফিরে পেল পরিবার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশ এবং ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আমেনা বেগম জান্নাতের সহযোগিতায় হারানো সন্তানকে ফিরে পেল এক পরিবার।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে শাহাদাত হোসেন শাওন নামের ১১ বছর বয়সী এক কিশোরকে জাঙ্গালিয়া এলাকার কচুয়া চৌমুহনীতে খুঁজে পান আমেনা বেগম জান্নাত। পরে ছেলেটিকে নিয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়িতে যান জান্নাত। সেখানে পুলিশের সহায়তায় খবর পেয়ে বেতাগাও এলাকা থেকে এসে তার পরিবার ছেলেটিকে বাড়িতে নিয়ে যায়।

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া:গ্রেফতার ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা দমনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকেল আনুমানিক ৪ টার দিকে নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তারা চাপাতি, রামদা/হাসুয়া, এসএস পাইপ দিয়ে তৈরি অস্ত্র ও সুইচ গিয়ারসহ মিছিল করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া পটকা ফাটানো, ছোটাছুটি, ভীতি প্রদর্শন এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে বিসিক শিল্পনগরীসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম(২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কোতয়ালী মডেল থানাধীন কুসিক ৭নং ওয়ার্ডের অশোকতলা বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড় এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে থেকে ৪টি দেশীয় তৈরি রামদা/হাসুয়া এবং ১টি এসএস পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের অস্ত্র উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের সঙ্গে জড়িত আরও ১৪ জনের নাম-ঠিকানা প্রকাশ করেছে। এছাড়া তারা অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জন দুষ্কৃতকারীর সম্পৃক্ততার কথাও জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“কিশোর গ্যাংয়ের এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের এ ধরনের তৎপরতা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা