All posts by jitu

কাল থেকে শুরু তিন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার।

১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা তারিখ পেছানো হয়।

রবিবার অন্যান্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ পরীক্ষার্থী। এদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র ও ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অংশ নেবেন ১ লাখ ৫২ হাজার ৭১৭ পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৪৩ হাজার ৯৬৮ জন। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৬৭ হাজার ২৮৯ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেবেন।

এইচএসসির ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা (১০৭) ৩ অক্টোবর সকালে এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা (১০৮) ৫ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।

আর ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। ১৭ অক্টোবরের মধ্যে ব্যবহারিকের খাতা ও অন্যান্য কাগজপত্র বোর্ডের জমা দিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধিকে।

আলিমে ১৭ আগস্টের কুরআন মজিদ (২০১) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষা আগামী ৩ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।

২২ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে আলিমের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

প্রিগোজিনের বিমান বিধ্বস্ত: ১০ মৃতদেহ ও ফ্লাইট রেকর্ডার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মৃতদেহ ও ফ্লাইট রেকর্ডার দুটি উদ্ধার করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদেহগুলো শনাক্ত করতে এখন জেনেটিক পরীক্ষা করা হচ্ছে। গত বুধবার মস্কোর কাছে এ বিমান বিধ্বস্ত হয়েছে। জল্পনা করা হচ্ছে, বিমানে বোমা বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে।

ওয়াগনারের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, প্রিগোজিনের ব্যক্তিগত বিমানটিতে গুলি করে ভূ-পাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

গ্রে জোন নামে একটি টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে বলা হয়, প্রিগোজিন রাশিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা করার পদক্ষেপের ফল স্বরূপ মারা গেছে। গ্রে জোন চ্যানেলটি ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।
ওয়াগনার প্রধান প্রিগোজিন

এ ছাড়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান দাবি করেছেন, প্রিগোজিনের মৃত্যু অবশ্যই পুতিনের নির্দেশে হয়েছে। সিআইএর মস্কো স্টেশনের সাবেক এই প্রধান বলেন, ‘কোনো সন্দেহ নেই পুতিনের নির্দেশেই প্রিগোজিনের হত্যা করা হয়েছে।’

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে দেশটি। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবিসিকে বলেছেন, প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল ক্রেমলিন- এমন অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’।

আরও পড়ুন: প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল রাশিয়া?

বিবিসির সাংবাদিক উইল ভার্ননকে শুক্রবার পেসকভ বলেন, মস্কোর কাছে প্রাইভেট বিমান বিধ্বস্ত এবং যাত্রীদের মারা যাওয়ার ঘটনা নিয়ে নানা জল্পনা চলছে। পশ্চিমাদের ক্ষেত্রে এ সমস্ত জল্পনা অবশ্যই নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকেই হচ্ছে। এগুলো সবই সম্পূর্ণ মিথ্যা। অবশ্যই যখন আমরা এ বিষয়ে কথা বলছি, তখন আমাদের প্রকৃত ঘটনাটাই বলা উচিত।

বুড়িচংয়ে অটোরিকশা থেকে ৯০ কেজি গাঁজা জব্দ

স্টাফ রিপোর্টার:

ভারত সীমান্ত পার হয়ে আসা সিএনজি চালিত অটোরিকশা থেকে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বুড়িচং থানা পুলিশ।

শনিবার (২৬ আগষ্ট)  ভোররাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর রাস্তার মাথায় জাকির মিয়ার কবরস্থানের উত্তর পার্শ্বে রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, শনিবার ভোররাতের দিকে এ সময় ফকির বাজারের দিক থেকে একটি অটোরিকশা চেকপোস্টের কাছাকাছি এলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিকশা থামিয়ে দৌঁড়ে পালিয়ে যান। পরে অটোরিকশা তল্লাশি করে ৯০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাসহ অটোরিকশাটিকে জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় বুড়িচং থানায় পলাতক চালককে আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুবি শাখার নতুন নেতৃত্বে ইমরান-রাজীব

চাঁদনী আক্তার, কুবি:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব।

২৬ আগস্ট (শনিবার) বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির মনোনয়ন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি ইমরান হোসাইন বলেন, ‘তরুণ লেখক ফোরামের নেতৃত্ব পাওয়া সত্যিই আনন্দের, একই সাথে দায়িত্বেরও। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক নানান সংকটে তরুণদের ভাবনা, পরামর্শ ও দাবি আদায়ে কলম-ই সবচেয়ে বড় হাতিয়ার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লেখকদের এই প্ল্যাটফর্মের সাফল্য অব্যহত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব বলেন, “আমার ইচ্ছে সবাইকে নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ কলাম লেখক ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়া। তরুণ লেখকদের নিয়ে পাক্ষিক ও মাসিক দুটো আলোচনা সভার আয়োজন করবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

মেঘনায় নৌকা ডুবি: ১৬ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো.শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড স্থানীয় জেলেদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে। এর আগে, গতকাল ক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। মেঘনা নদীল মাঝ পথে আসলে ইঞ্জিনচালিত নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। তাৎক্ষণিক হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। পরে শনিবার সকাল ৭টার দিকে ঘটনার ১৬ ঘন্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড নিখোঁজ শ্রমিক শাহজাহানের মরদেহ উদ্ধার করে।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ তমরদ্দি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ হস্তান্তর করে।

কবিতা: ফিরে আসবো শরৎ দিনে

জহিরুল ইসলাম:

আমি আবার ও ফিরে আসবো স্বপ্নের নদী বেয়ে;
এই নগরীতে যখন আসবে অতিথি হয়ে শরৎ কাল,
সফেদ মেঘের ভেলায় চড়ে নেমে আসবো এই ঘাসের বুকে;
দেখবো মুগ্ধ হয়ে এই নগরীর অমল আলোয় মাখা সকাল।

আমি বারবার ফিরে আসবো এই শহরের সুনীল আকাশে,
যেখানে সবুজ ঘাসের উপর ছায়া হয় মেঘপুঞ্জ বয়ে চলে বাতাসে।
দেখতে ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো পাখির নীলের গভীরে হারিয়ে যাওয়া দৃশ্যপট,
আমি ফিরে আসবো কথা দিলাম হয়তো স্বপ্নলোকে মানুষের নিকট।

আমি ফিরে আসবো ময়ূরকণ্ঠী নীল পটভূমিতে অভ্রের মতো মেঘের ভেসে যাওয়া;
একটুকরো ছবি তুলে রেখো দিবো স্মৃতির আঁতুরঘরে স্বযত্নে বুকের ভেতর,
যেখানে গাছে ফোটে শিউলি ফুল বিলে ফোটে পদ্ম আর পাখির কলতানে;
নগরীর চারদিকের পরিবেশ থাকে গানে গানে কোলাহল মুখর।

আমি ফিরে আসবো ঠিক বর্ষার পরে যখন থাকবে না আর দুর্বিষহ প্লাবন,
আমি ফিরে আসবো চৈত্রের শেষে অথবা যখন হবে এই শহরে শরতের আগমন।
আমি ফিরে আসবো অতিথি পাখির বেশে এই নগরীতে যখন নদীর তীরে বসবে কাশফুলের হাট,
তীব্র তাপদাহে পুড়ে যাওয়া শরীর ভিজিয়ে নিবো শীতল জলে কাটবো সাঁতার হুটহাট।

লেখক:

জহিরুল ইসলাম
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লা, কোটবাড়ি।
অনার্স চতুর্থ বর্ষ‌‌‌ অষ্টম সেমিস্টার।

চলে গেলেন না ফেরার দেশে ব্রে ওয়াট, শোকস্তব্ধ রেসলিং দুনিয়া

স্পোর্টস ডেস্ক:

মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেসলার ব্রে ওয়াট। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ব্রে ওয়াটের মৃত্যুর সংবাদটি জানান ডব্লিউডব্লিউই’র চিফ কন্টেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক।

জানা গেছে, গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ব্রে ওয়াট। শারীরিক অসুস্থতার জন্য গত কয়েক মাস ধরে তিনি রেসলিং থেকেও দূরে ছিলেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই রেসলারের। যদিও বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দু’জনই ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার ছিলেন।

ব্রে ওয়াটের মৃত্যুতে শোক জানিয়েছেন রেসলিং দুনিয়ার আরেক চেনা ব্যক্তিত্ব ডোয়াইন জনসন। তিনি লিখেছেন, ‘ব্রে ওয়াটের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছি। রোটুন্ডা পরিবারের সবার প্রতি সমবেদনা ও ভালবাসা রইল।

বিএনপি করছে কালো পতাকা মিছিল, আমরা করব বিজয় মিছিল

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন এক এবং দুই তারিখে। আমরা বিজয়ের পতাকা নিয়ে মিছিল করব, বিএনপির মতো শোকের কালো পতাকা নিয়ে নয়।’

আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের বারোটা বাজিয়ে এখন বিএনপি নেতারা নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে। আন্দোলনের পতাকা হলো লাল-সবুজ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকের প্রতি তাদের কোনো দরদ নেই। যে মিছিলে জনগণ নেই সেই মিছিল গণমিছিল হয় কী করে? বিএনপি কালো মিছিল করছে কেন? তাদের কোন নেতা মারা গেছে?’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্ব সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম প্রমুখ।

সাইফ আলি-পুত্রের ছবিতে দেখা যাবে কাজলকে

বিনোদন ডেস্ক:

করণ জোহরের ধর্ম প্রডাকশনের নতুন ছবি ‘সরেজমিন’এ নায়ক হয়ে আসছেন সাইফ আলি খান-পুত্র ইব্রাহিম।

যেটি পরিচালনা করছেন বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি। ছবিতে ইব্রাহিমের বিপরীতে কোনও নায়িকা নেই বলে শোনা যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ একটি ক্যারেকটারে দেখা যাবে কাজলকে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীর গল্প প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য বেঁধেছেন নির্মাতা। করণ জোহর ইতোমধ্যেই এই সিনেমার জন্য কাজলের সঙ্গে যোগাযোগ করেছেন।

এর আগে সারা আলি খানও ভাই ইব্রাহিমের বলি-অভিষেক নিশ্চিত করেছিলেন। সাইফ-কন্যা জানান, তাঁর ভাই প্রথম ছবির শুটিং ‘সদ্য শেষ’ করেছেন। তবে বাকি আছে পোস্ট প্রোডাকশনের কাজ যা চলতি বছরের মধ্যেই হয়ে যাওয়ার কথা। যদিও নির্মাতারা এখনও মুক্তির তারিখ ঘোষণা করেননি।

উল্লেখ্য, এর আগে করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডের মতো তারকাদের। এবার পালা সাইফ আলী খান ও অমৃতা সিং-এর ছেলে ইব্রাহিম আলী খানের।

সীমান্তে উত্তেজনা হ্রাসে একমত ভারত ও চীন

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের বিতর্কিত সীমান্তগুলোতে উত্তেজনা কমাতে সম্মত হয়েছে ভারত ও চীন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলন চলাকালে গত বুধবার জোহানেসবার্গে এক বৈঠকে অংশ নেন মোদি ও শি। মোদির অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বেইজিং জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত ও চীনের মধ্যে তিন বছরেরও বেশি সময় ধরে খারাপ সম্পর্ক যাচ্ছে। বিশ্বের ক্ষমতাধর এই দুই দেশ প্রায়ই ৩ হাজার ৪৪০ কিলোমিটার অমীমাংসিত সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, উভয়পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর সামরিক কার্যক্রম কমাতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং এলএসি নজরদারিতে রাখা জরুরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়েছেন। উত্তেজনা প্রশমন ও এলএসি এলাকায় সেনা কার্যক্রম কমাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে দুই নেতাই একমত হয়েছেন।

এদিকে বৈঠকের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীন-ভারত সম্পর্ক নিয়ে দুই নেতাই তাদের মতামত প্রকাশ করেছেন। দুই দেশ ও জনগণের স্বার্থে এবং বিশ্ব ও এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রেসিডেন্ট শি চীন-ভারত সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়েছেন।

উভয় পক্ষেরই তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক স্বার্থের কথা মাথায় রাখা উচিত এবং সীমান্ত সমস্যাটি যথাযথভাবে পরিচালনা করা উচিত; যাতে যৌথভাবে সীমান্ত অঞ্চলে শান্তি রক্ষা করা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার মতে, দুই নেতা যখন কথা বলেন, তখন আশপাশে কোনো দোভাষী বা নোট গ্রহণকারী ছিলেন না।

মোদি ও শি এর আগে ২০২২ সালে জি-২০ সম্মেলনের সাইডলাইনে কথা বলেছিলেন। এদিকে দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে দিল্লি সফরের কথা রয়েছে শি জিন পিংয়ের।