All posts by jitu

লুটেরা যাতে ক্ষমতায় আসতে না পারে জনগণকে সজাগ থাকার আহ্বন: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের অব্যাহত উন্নয়নে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাছে আগামী সাধারণ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

শেখ হাসিনা বলেন, কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না, অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা আপনাদের সবার সহযোগিতা চাই।’

সরকার প্রধান বলেন, দেশবাসী নৌকায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে অথচ বিএনপিকে ভোট দিয়ে লুটপাট, দুর্নীতি ও হত্যা করেছে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করছি, তাদের দুঃসময়ে পাশে থাকি এবং তাদের ভাগ্যের পরিবর্তন করছি। উল্টো বিএনপি-জামায়াত জোট মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করছে। দুর্নীতি, আগ্নেয়াস্ত্র চোরাচালান, অর্থপাচার, লুটপাট ও সারাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’

তিনি বলেন, সরকার ইতোমধ্যে কিছু টাকা ফেরত এনেছে, যা খালেদা জিয়ার দুই ছেলে চুরি করে বিদেশে পাচার করেছিল এবং অবশিষ্ট টাকাও জব্দ করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘এবার বাড়াবাড়ি করলে দেশের মানুষ তাদের রেহাই দেবে না। বিএনপি-জামায়াত চক্র ২০১৩-২০১৫ সাল পর্যন্ত অগ্নিসন্ত্রাস চালিয়ে ৫০০ জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। কিন্তু জনগণের প্রতিবাদের মুখে তারা অগ্নিসন্ত্রাস বন্ধ করতে বাধ্য হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা আত্মসাতের কারণে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, তার ছেলে তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা এবং দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং তারেকের স্ত্রী দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত।

দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তানসেন।

রহস্যময় ‘পাফ ড্যাডি’র ফাঁদে সজল-পরী!

বিনোদন ডেস্ক:

ঢাকাই ছবির লাস্যময়ী অভিনেত্রী পরীমণির অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেইলার প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাওয়া ট্রেলারটিতে জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির গল্পের ছোঁয়া পাওয়া গেছে। ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী এবং মুশফিকুর রহমান মঞ্জু।

ট্রেলারে দেখা গেছে, আধ্যাত্মিক এবং বাস্তবতার সমন্বয়ে তৈরি ‘পাফ ড্যাডি’র গল্প। এরমধ্যে পরীমণিকে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন! অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যিনি দোয়া চাইতে ‘পাফ ড্যাডি’র কাছে যান।

শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা-ই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও! সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

‘পাফ ড্যাডি’তে পরীমণি ও সজল নূর ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরি বরকতুল্লাহ, ফারুক আহমেদ, মৌটুসী বিশ্বাস ও নাসির উদ্দিন খানসহ অনেকে।

মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিল চলছে

ডেস্ক রিপোর্ট:

সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় আয়োজিত বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কালো পতাকা মিছিলে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফকিরাপুল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে রয়েছে কালো পতাকা ও বিএনপির দলীয় পতাকা।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১ দফা দাবিতে আয়োজিত এ কালো পতাকা মিছিল রাজধানীর দয়াগঞ্জ গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলের অগ্রভাগে অংশ নেন মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতিদল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল থেকে সরকারের পদত্যাগসহ খালেদা জিয়া এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে নেতাকর্মীদের।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

সরজমিনে দেখা গেছে, দুপুর সোয়া ২টায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পরও বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা কর্মসূচির প্রাঙ্গণে অবস্থান করেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হলেও মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের নির্দেশনা দেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

এর আগে কর্মসূচিতে অংশ নিতে দুপুর ১টা থেকে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহকারে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

নিহত মোহাম্মদ কবির (৫০) উপজেলার রসুলপুর ইউনিয়নের ছমিরমুন্সি গ্রামের মো.হোসেেেনর ছেলে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় চৌমুহনীগামী অজ্ঞাতনামা একটি ট্রাক ফেনীগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে সিএনজি যাত্রী কবির ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরও ২ সিএনজি যাত্রী গুরুতর আহত হয়।আহতরা জেলা শহর মাইজদীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজ উদ্দিন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানায়, একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে।

নোয়াখালীতে সওজের ২৫ শতক ভূমি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ-সোনাইমুড়ী ও রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মজুমদারহাট অংশে সওজের ২৫ শতক ভূমি উদ্ধার করেছে নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ সময় উদ্ধারকৃত ভূমিতে গড়ে তোলা স মিল গুঁড়িয়ে দিয়ে ভূমি দখলমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলের দিকে বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের সহযোগিতায় সওজ নোয়াখালী এ অভিযান পরিচালনা করে।

উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সওজের ২৫ শতক ভূমি দখলে নিয়ে স মিল দিয়ে ভোগ করে আসছিল অবৈধ দলখদার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে অবৈধ স মিল গুড়িয়ে দিয়ে ২৫ শতক ভূমি দখলমুক্ত করা হয়।

অভিযানে চাটখিল সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার এবং বেগমগঞ্জ থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকন উদ্দীনের ইন্তেকাল

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রোকন উদ্দীন (৩০) অসুস্থতাজনিত কারণে গত বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের মরহুম হাজী কালা মিয়ার ছোট ছেলে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বা’দ যোহর করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শিক্ষক রোকন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জািনয়েছেন চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

চৌদ্দগ্রামে ওসি শুভ রঞ্জন চাকমাকে বিদায়ী সংবর্ধনা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেসক্লাবের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমাকে বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, কার্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, মেহরাব হোসেন অপি, মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, আবদুর রব লাভলু, আবুল কাশেম মন্ডল প্রমুখ। পরে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে সদ্য বিদায়ী ওসিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, ওসি শুভ রঞ্জন চাকমা বিগত সাত বছর চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অফিসার ইনচার্জ (ওসি) এ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি চৌদ্দগ্রাম থেকে বদলি হয়েছেন।

৩০ মিনিটের কারাবরণ শেষে জামিনে মুক্ত ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর দুই লাখ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেয়া হয়েছে। তার আগে জর্জিয়ার আটলান্টায় অবস্থিত ফুলটন কাউন্টি জেলে আধা ঘন্টার কিছু সময় তাকে কারাবাস করতে হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে একটি গাড়িবহর যাত্রা করে বিমানবন্দরের উদ্দেশে। এ খবর দিয়েছে এএফপি ।

অন্য আসামীদের মতো ৭৭ বছর বয়সী ট্রাম্প স্বল্প সময়ের জন্য আত্মসমর্পণ করেন আদালতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন বা সাবেক প্রেসিডেন্টের মধ্যে তার ক্ষেত্রেই প্রথম এমন ঘটনা ঘটলো।

আদালতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ছবি তোলা হয়। সেই ছবি প্রকাশ করেছে শেরিফ অফিস। এতে দেখায় যায় ট্রাম্প একটি গাঢ় নীল রঙের স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরেছেন। তাকে গ্রেপ্তারের পর সাংবদিকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, এটা হলো আমেরিকার জন্য খুবই বেদনার দিন। এখানে যা ঘটেছে তা হলো ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমি কোনো অন্যায় করিনি।

কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস কারাগারে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বিকেলে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ‘ইলিয়াসকে সাধারণ কয়েদিদের সঙ্গেই রাখা হয়েছে বলে জানান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন।

ইলিয়াস হোসেনকে কারাগারে পাঠানোর বিষয়টি  নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান ।

আদালত সূত্রে জানা যায়, কুমিল্লার সালমানপুর এলাকা থেকে ২০১৫ সালের ২৪ এপ্রিল দুপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলিসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে ইলিয়াসের নামে মামলা করে র‍্যাব। চলতি বছরের ৯ আগষ্ট  কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার ওই মামলায় অবৈধ অস্ত্র রাখার অপরাধে ইলিয়াসকে ১২ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার দিন ইলিয়াস আদালতে ছিলেন না। বুধবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইলিয়াস হোসেন ২০১৭ সালের ২৮ মে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পান। এক বছর মেয়াদি ছিল ওই কমিটি ।  চলতি বছরের ৬ মার্চ  কেন্দ্রীয় ছাত্রলীগ এ মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে। ইলিয়াসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে দরপত্র নিয়ন্ত্রণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে বাণিজ্য, সাংবাদিকদের নিপীড়ন ও মারধর, ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধর, শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি, শিক্ষকের বাসায় হামলা, মাদক সেবন, র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তারসহ নতুন ক্যাম্পাসে ভূমি অধিগ্রহণে প্রভাব বিস্তারের নানা অভিযোগ রয়েছে।

 

জুম্মার নামাজে সাঈদীর জান্নাত কামনা করায় খতিবকে অব্যাহতি

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে জুম্মার নামাজ শেষে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জান্নাত কামনা করে দোয়া করায় এক মসজিদের খতিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী খতিবের নাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। তিনি চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের সাবেক খতিব।

গত শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত শুক্রবার নামাজ শেষে মোনাজাতের শেষ দিকে তিনি বলেন, দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, মারা গেছেন সাঈদী সাহেবকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এরপর নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ কমিটি খতিবকে মৌখিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়।

চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন তাকে অব্যাহতি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।