Tag Archives: নবজাতক

চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড়ে সাদা প্লাস্টিকের বস্তায় হলুদ কম্বল মোড়ানো ফুটফুটে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে রামচন্দ্রপুর এলাকার কলাবাগান বাজারে কাকড়ি নদীর ধারে বস্তাবন্দী অবস্থায় ওই নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া নদীর ধারে কচুরিপানা সংগ্রহ করতে যায়। সেখানে শিশুটির কান্নার শব্দ শুনতে পেলে সামনে গিয়ে একটি সাদা বস্তা দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি। উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছে স্থায়ীয়রা।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর এলাকার সাখাওয়াত হোসেন সবুজের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সবুজ কিছুদিন আগে নবজাতকের বাবা হয়েছে। উদ্ধারকৃত শিশুটিকে মায়ের দুধ খাওয়ানোর জন্য সবুজ দম্পতির কাছে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, শিশুটি নবজাতক তাই তাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে সাময়িকভাবে রাখা হয়েছে। আগামীকাল রবিবার আমরা সমাজ সেবা কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

নোয়াখালীতে জঙ্গলে মিলল জীবিত নবজাতক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে জঙ্গল থেকে এক জীবিত নবজাতক শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। তবে তাৎক্ষণিক ওই নবজাতকের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই এলাকার জঙ্গল এ নবজাতককে উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন ডুমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন। তিনি বলেন, স্থানীয় লোকজনকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে শুনেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে স্থানীয় এক বাসিন্দা উপজেলার সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই সড়ক দিয়ে যাওয়ার পথে জঙ্গল থেকে এক ছেলে নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। পরে তিনি সেখানে গিয়ে ওই নবজাতককে খালি শরীরে দেখে উদ্ধার করে। নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করে। তাদের অনেকেই নবজাতককে নিয়ে যেতে চায়। পরে স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএনজিতে থাকা কার্টনে মিলল নবজাতকের মরদেহ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পুলিশ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সুধারাম মডেল থানার সামনে সিএনজি চালিত অটোরিকশা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে সিএনজি চালক মো. রাসেল ৩ জন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওয়ানা হয়। সিএনজিতে উঠার সময় একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন ছিল বলে সিএনজি চালক দেখতে পায়। যাত্রীদেরকে সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে সিএনজি চালক আরও ২ বার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। পরবর্তীতে সিএনজি চালক গাড়ির পিছনের অংশের সিটের উপর একটি কার্টন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ তাকে সিএনজি ও কার্টনসহ থানায় আসতে বলে। পরবর্তীতে সিএনজি চালক তার গাড়িসহ থানায় গেলে পুলিশ সদস্যরা কার্টন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে নবজাতক গায়েব, মালিক-চিকিৎসকের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে এক প্রসূতির নবজাতক গায়েব করে দেওয়ার অভিযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

প্রসূতির স্বামী নবীনগর উপজেলার আলেয়াবাদ গ্রামের ফয়হাদ আহমেদ বাদী হয়ে হাসপাতালের মালিক, চিকিৎসক, নার্সসহ ৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরী, গাইনি ও সার্জন ডা. নওরিন পারভেজ, ডা. ইসরাত আহমেদ, হাসপাতালের কো. অর্ডিনেটর মার্শাল চৌধুরী, নার্স স্নেহলতা ও অপারেশন টিম সদস্য অথৈ মন্ডল।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, নবীনগরের আলেয়াবাদের ফরহাদ আহমেদের স্ত্রী মোছা. লিজা প্রথমবারের মতো গর্ভবতী হলে উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মেহেরুন্নেছার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সে সময় আল্ট্রাসনোগ্রাফিতে তার স্ত্রীর গর্ভে ২টি সন্তান দেখা যায় বলে জানান চিকিৎসকরা। সর্বশেষ ১৮ এপ্রিল করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টেও গর্ভে দুটি সন্তান আসে। গত শুক্রবার লিজার প্রসব ব্যথা ওঠে। যমজ শিশু গর্ভে থাকায় স্থানীয় চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে এনে সিজারিয়ান করতে পরামর্শ দেন।

সেদিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে শহরের খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে ডা. নওরিন পারভেজ আল্ট্রাসনোগ্রাফি করেন। তার রিপোর্টেও দুটি সন্তান দেখা যায়। পরে একই দিন তিনি নিজেই লিজাকে অপারেশন থিয়েটারে সিজারিয়ান করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালের লোকজন এসে জানান লিজা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। আর কোনো সন্তানের কথা তারা জানাতে পারেনি। বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে গর্ভে থাকা শিশু নিখোঁজের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

নোয়াখালীতে প্রাইভেট হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্যোজাত এক নবজাতক উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া নবজাতককে নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।

তবে আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মো.আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানের রাস্তা থেকে নবজাতক শিশুটি উদ্ধার করা হয়। নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার করা হয়নি।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নবজাতককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে অনেকেই নবজাতককে শর্ত মেনে দত্তক নেওয়ার জন্য চাচ্ছেন।

সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছেন সালমা আক্তার

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে নবজাতকের পিতৃ পরিচয়ের জন্য স্থানীয় মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরছেন সালমা আক্তার নামে এক মা।

স্থানীয়ভাবে গোপনে কয়েক দফা শালিস বৈঠক হলেও এর কোনো সুরাহা পাননি তিনি। সালমা আক্তার (৩০) উপজেলার দশপাড়া গ্রামের দিনমজুর আলী আজগরের মেয়ে।

সালমা আক্তার জানান, প্রতিবেশি শাজাহানের ছেলে রবি মিয়া প্রায় সময়ই আমাদের বাড়িতে আসতো। আসা যাওয়া করা কালে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। বলে আমিতো তোমাকে আগেই পছন্দ করতাম, এখনতো তোমার ডিভোর্স হয়ে গেছে, এই বলে এক পর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন এক হুজুর এনে গোপনে বিয়ে পড়ায় সে। এরপর আমার সঙ্গে দৈহিক সম্পর্ক করে রবি। আমি গর্ভবতী হয়ে পড়লে এলাকার লোকজনকে জানাই। এনিয়ে গোপনে সালিশ বৈঠক হলে সন্তান ভূমিষ্ট হওয়ার পর আনুষ্ঠানিকভাবে আমাকে মেনে নিবে বলে জানায়। আর চার বছর আগে ডিভোর্সের সময় পাওয়া কাবিনের চার লাখ টাকা রবি সুদে লাগাবে দিবে বলে নিয়েছে। মুলত ওই টাকার লেনদেন করতে গিয়েই তার সাথে প্রেমের সম্পর্ক হয়। এখন পুরো বিষয়টি অস্বীকার করছেন রবির পরিবার। এখন সুস্থ্য হওয়ার পর আইনের আশ্রয় নিব।

গত ১৯ মার্চ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর সংলগ্ন একটি বাড়িতে কন্যা সন্তান প্রসব করেন সালমা আক্তার।

দশপাড়া গ্রামের খোকন ব্যাপারী বলেন, তিন/চার মাস আগে বিষয়টি জানার পর আমরা গ্রামের লোকজন উভয় পরিবারের সাথে কথা বলে সামাজিকভাবে সমজোতা করে দিয়েছি যে সন্তান ভূমিষ্ট হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিয়ে পড়ানো হবে। সব কিছু মেনে নবজাতকের খরচ বাবদ সাতদিন আগে আমার মাধ্যমে দশ হাজার টাকাও দিয়েছে রবির পরিবার। কিন্তু সন্তান ভূমিষ্ট হওয়ার তিনদিন পর সব অস্বিকার করছেন রবি।

রবি মিয়া বলেন, সালমা আক্তারের সাথে আমার টাকার লেনদেন আছে ঠিক, তবে সে না আমি তার কাছে টাকা পাবো। সে টাকা না দেয়ার জন্য আমার নামে অহেতুক বদনাম করছে। কিসের টাকা পাওনা জানতে চাইলে বিষয়টি এরিয়ে যান। প্রেমের সম্পর্ক ও বিয়ের বিষয়টি অস্বিকার করে বলেন, সে আদালতে যাক, সেখানে ডিএনএ পরীক্ষায় যদি আমার সন্তান হয় আমি মাথা পেতে নেব।