All posts by jitu

প্রতিদিন ৫ হাজার কদম হাঁটলেই সুস্থ: গবেষণা

 

লাইফ স্টাইল ডেস্কঃ

সুস্থ-সবল থাকার জন্য প্রতিদিন ১০ হাজার কদম হাঁটতে হবে, দীর্ঘদিন ধরে এমনটি বলা হয়ে আসছে; তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যের উপকারের জন্য ৫ হাজার পা হাঁটাও যথেষ্ট হতে পারে। বিশ্ব জুড়ে ২ লাখ ২৬ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, প্রতিদিন ৪ হাজার কদম হাঁটলেও তা অকাল মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট। আর হৃদপিণ্ড ও রক্তনালীর উপকারিতার জন্য ২ হাজার ৩০০ কদম হাঁটতে হবে।

সুস্থ থাকার জন্য মানুষের হাঁটার পরিমাণকে সংখ্যার গণ্ডির মধ্যে ফেললেও গবেষকরা বলছেন, কেউ যত বেশি হাঁটবে, তত বেশি উপকার মিলবে। ৪ হাজার কদম হাঁটার পর ২০ হাজার পর্যন্ত প্রত্যেক অতিরিক্ত ১ হাজার কদম হাঁটলে অকালে মৃত্যুঝুঁকি ১৫ শতাংশ কমে যায়। পোল্যান্ডের মেডিক্যাল ইউনিভার্সিটি অব লজ এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের একটি দল তাদের গবেষণায় হাঁটার এই উপকারিতা খুঁজে পেয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৬০ বছরের নিচে যাদের বয়স, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ হাঁটেন, তারাই সবচেয়ে বেশি উপকার পেয়েছেন। লজ ইউনিভার্সিটির অধ্যাপক ম্যাকিয়েজ বানাশ বলেন, চিকিৎসার জন্য উন্নত ওষুধের সংখ্যা বাড়লেও সুস্থতার জন্য সেগুলোই একমাত্র সমাধান নয়।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ডায়েট ও অনুশীলনসহ জীবনধারার পরিবর্তনগুলোর ওপর আমাদের সর্বদা জোর দেওয়া উচিত, এটা আমাদের সমীক্ষার একটি প্রধান দিক ছিল। জীবনধারার পরিবর্তনই হৃদরাগের ঝুঁকি কমিয়ে দীর্ঘায়ু হওয়ার জন্য সহায়ক হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপ বা নিষ্ক্রিয়তার ফলে প্রতি বছর ৩২ লাখ মানুষ মারা যায়। অনেক বেশি বসে থাকার ফলে মানুষের যে সমস্যাগুলো হয়, সেগুলোর ওপর জোর দিয়েছেন বৈশ্বিক ফিটনেস কোম্পানি ব্যারিসের প্রশিক্ষক হানি ফাইন। তার মতে, দৈহিক নিষ্ক্রিয়তা বিপাক প্রক্রিয়াকে শ্লথ করে দিতে পারে এবং পেশীর সম্প্রসারণ ও শক্তিকে কমিয়ে দিতে পারে, যার ফলে ব্যথা হতে পারে। ‘অনেক বেশি বসে থাকার ফলে পিঠের সব রকমের সমস্যা হতে পারে। অফিসে চাকরি করা লোকেদের ক্ষেত্রে এটি আমরা বেশি দেখতে পাই। তাদের পিঠ ক্রমাগত চাপে সংকুচিত অবস্থায় থাকে, যা পরবর্তী সময়ে আরও অনেক সমস্যার সৃষ্টি করে।’

শারীরিক অনুশীলন বা ব্যায়ামহীন কার্যক্রম ‘থার্মোজেনেসিস’ এর গুরুত্ব তুলে ধরেন হানি ফাইন, যেটি ‘নিট’ নামেও পরিচিত। সহজ কথায়, মানুষের কাজকর্মের মধ্যেই শক্তি আর ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়া এটি। দাঁড়িয়ে থাকা, বাজার-সদাই বহন করা, মেঝে পরিষ্কার, হুভার দিয়ে ধুলাবালি পরিষ্কার করা ও ফোনে কথা বলার সময় পায়চারি করা এসব ছোটখাটো জিনিসগুলো আমাদের আরো সক্রিয় করে তোলে এবং আরো কার্যকর উপায়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে। হানি ফাইন বলেন, নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলা কারো কারো জন্য কঠিন হতে পারে। তবে হাঁটার অভ্যাসের ফলাফল অসাধারণ।

স্মার্ট বাংলাদেশের মাধ্যমে দেশ পরিণত হচ্ছে জেলখানায় : জিএম কাদের

অনলাইন ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সারাদেশে গোয়েন্দা নিয়োগের মাধ্যমে দেশের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে দেশ জেলখানায় পরিণত হচ্ছে। দেশে শান্তি নিয়ে আসতে অবাধ, সুষ্ঠু নির্বাচন দরকার।

তিনি বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। চলছে এক ধরনের বৈষম্য। প্রশাসন শাসক গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। বৈষম্য তৈরি করে দেশকে শাসন এবং শোষণ করছে শাসক শ্রেণি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আজ মানুষ শাসক শ্রেণির দাসে পরিণত হয়েছে। মানুষের রাজনৈতিক অধিকার নেই।

সারাদেশে এখন দুর্নীতি চলছে অভিযোগ করে জিএম কাদের আরও বলেন, দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে চলছে। গ্রাম-গঞ্জ আজ মাদকে সয়লাব। সরকার দেশের অর্থনীতি নষ্ট করেছে। ক্ষমতাসীন সরকার ইতিহাস বিকৃত করেছে। সেই সঙ্গে সংস্কৃতি নস্যাৎ করেছে। সরকারের লোকজন লাভের জন্য পরিবেশ নষ্ট করছে।

এবার বড়দের হয়ে বিশ্বকাপ জিততে চাই : তামিম

অনলাইন ডেস্ক:

গত মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে ব্যাটিং ঝলক দেখিয়েছেন তরুণ ওপেনার তানজীদ হাসান তামিম। বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে প্রথমবারের মতো ওয়ানডেতে এশিয়া কাপ ও জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার। বয়সভিত্তিক ক্রিকেটে দেশকে বিশ্বকাপ জিতিয়ে এবার বড়দের হয়ে বিশ্বকাপ জিততে চান তামিম।

পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে প্রথমবারের মতো ডাক পেয়েই বড়দের বিশ্বকাপ জিততে চান তামিম। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, এবার বড়দের হয়ে বিশ্বকাপ জিততে চাই।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেসার শরীফুল ইসলাম সর্বপ্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। তারপর একে একে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়।

জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমে তামিম জানান, ‘আমরা যেটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) অর্জন করছি, সেটা তো এখন অতীত। সবার একটাই স্বপ্ন, সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ জেতা। সামনে যেহেতু বিশ্বকাপ রয়েছে সেহেতু মাথায় একটা বিষয় রয়েছে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর যদি কপালে থাকে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে।’

প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে আত্মবিশ্বাসী হয়েই তানজিদ জানান, ‘প্রথমত, আলহামদুল্লিলাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি এশিয়া কাপের মতো একটা মঞ্চে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আগেও বিভিন্ন স্থানীয় টুর্নামেন্ট, বিসিবি প্রেসিডেন্ট কাপে খেলা হয়েছে। উপভোগ করছি অনেক।’

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩টি ফিফটিতে ১৭৯ রান করেন তানজিদ হাসান তামিম। ১১৬.৯৯ স্ট্রাইক রেটে এ রান সংগ্রহ করেন ২২ বছর বয়সী বাঁহাতি ওপেনার।

সাইবার সুরক্ষায় হিরানন্দানির প্রতি আহ্বান পলকের

অনলাইন ডেস্ক:

সাইবার সুরক্ষাসহ প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়াতে ভারতভিত্তিক হিরানন্দানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ড. নিরাঞ্জন হিরানন্দানির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি ডেটা সেন্টার স্থাপন এবং অন্যান্য আইটি পরিষেবায় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতের এই চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তিকে আহ্বানও জানান আইসিটি প্রতিমন্ত্রী।

গতকাল বুধবার ভারত সফরের প্রথম দিন মুম্বাইয়ে হিরানন্দানি গ্রুপের প্রধান কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। বৈঠকে তারা ভোক্তা পরিষেবায় সামাজিক যোগাযোগমাধ্যম, এআর ও ভিআর সলিউশন, বিনোদন, গেমিং এবং ই-স্পোর্টস প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, হিরানন্দানি গ্রুপ এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে যৌথ অংশীদারিত্বে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ অর্জনে ইন্দো-বাংলাদেশ অংশীদারিত্বকেই শক্তিশালী করবে।

বৈঠকে জানানো হয়, এর আগে বাংলাদেশে টায়ার ফোর ডেটা সেন্টার স্থাপন করতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিল ভারতের হিরানন্দানি গ্রুপ। প্রতিষ্ঠানটির ইয়োটা ডেটা সার্ভিস এরই মধ্যে কালিয়াকৈর হাইটেক পার্কে দুটি হাইপার স্কেল ডেটা সেন্টার ভবন স্থাপনের কাজ শুরু হয়েছে। এই ডেটা সেন্টারে থাকছে চার হাজার ৮০০টি র‍্যাক এবং ২৮ দশমিক ৮ মেগাওয়াটের বিদ্যুৎ সক্ষমতা। এই আধুনিক ডেটা সেন্টারটি বাংলাদেশের ডেটা স্টোরেজের ক্রমবর্ধমান চাহিদা এবং একই সাথে উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলের বেসরকারি খাতের সংস্থাগুলোর চাহিদা মেটাবে।

এ সময় হিরানন্দানি গ্রুপের ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা শ্রী দর্শন হিরানন্দানি, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল গুপ্ত, হেড সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স ভবেশ আধিয়া, হাইপারস্কেল অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের প্রধান (ইন্টারন্যাশনাল) পীযূষ গুপ্ত এবং ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের হেড কোলোকেশন রোহন শেঠসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর ভারত সফরকালে ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সদর দপ্তরে স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের সূচি রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সময়সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক:

২০১৩ সালের পর আবারও বাংলাদেশে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রথম ধাপে নিউজিল্যান্ডের ওয়ানডে দল আসবে বাংলাদেশে। বিশ্বকাপ শেষ করে ২১ নভেম্বর পা রাখবে নিউজিল্যান্ডের টেস্ট দল। টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এবং এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম সিরিজ হবে এটা।

২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। দিবারাত্রির সব ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। ২৩ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বকাপ শেষ করে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২১ নভেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ২৩-২৪ নভেম্বর দুদিনের একমাত্র অনুশীলন ম্যাচ খেলবে কিউইরা। ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর দুদলের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ০৬-১০ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে টেস্ট সিরিজের ভেন্যু এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি।

পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটা আগে : শরীফুল রাজ

অনলাইন ডেস্ক:

মান-অভিমানের পালা ভুলে আবারও একত্রিত হলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শরীফুল রাজ ও পরীমনি। ছেলে রাজ্যের জন্মদিন পালনকালে একসঙ্গে দেখা মিলল এই দম্পতির। সম্প্রতি ছেলে রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে অনেক তারকাকে দেখা গেলেও ছিলেন না রাজ।

সে সময় এই পরীমনি জানান, রাজের সঙ্গে তার সব সম্পর্ক শেষ। এমনকি রাজ্যর জন্মদিনের একদিন আগে পরীমনির বাসায় এসে ছেলের দেখা পেলেও পরীর দেখা পাননি রাজ। নায়িকা ইচ্ছে করেই নায়কের সামনে হাজির হননি।

বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই হুট করে এক ফ্রেমে দেখা মিলল রাজ-পরীর। এই তারকা পুত্রের জন্মদিন আয়োজন করেছে টিএম ফিল্মস। সেখানেই একসঙ্গে হাজির হয়েছিলেন এই দম্পতি।

পরীমণির সঙ্গে ফের একত্রিত হচ্ছেন রাজ, তেমন ইঙ্গিত পাওয়া গেছে এই নায়কের সম্প্রতি দেওয়া এক বক্তব্যে। যেখানে তিনি বলেছেন, ‘আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গেই সম্পর্কটা আগে। পরে সন্তানের সঙ্গে।’

রাজ বলেন, এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’

তিনি জানান, পরী সবকিছু ছেড়ে সন্তানকে নিয়ে জন্মদিন উদযাপন করছে এটাই আমার জন্য আনন্দের। আমি জীবনে আর কোনো ঝামেলা মোকাবিলা করতে চাই না। ছেলের জন্য হলেও জীবনটা ঠিকঠাক করতে হবে। তাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরী-রাজ। এরপর গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরী। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য।

পাইলটের মৃত্যু শৌচাগারে , বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে চিলি যাওয়ার পথে বিমানের শৌচাগারে এক পাইলটের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই জরুরি অবতরণ করেছে বিমানটি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার নির্ধারিত সময়ে মিয়ামি থেকে চিলির উদ্দেশে যাত্রা করে লাটাম এয়ারলাইন্সের একটি বিমান। এ সময় বিমানে ২৭১ জন যাত্রী ছিলেন।

যাত্রাকালে হঠাৎ বিমানের পাইলট ক্যাপ্টেন ইভান আন্দুর অসুস্থ হয়ে পড়েন এবং শৌচাগারে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় বিমানটি পানামার টকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।বিমানের মেডিকেল টিম জানিয়েছে, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে লাটাম এয়ারলাইন্স। সেখানে জানানো হয়েছে, মায়ামি থেকে চিলির উদ্দেশে যাত্রাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ক্যাপ্টেন ইভান। তবে যাবতীয় চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এ ঘটনার পর বিমানটি পানামায় জরুরি অবতরণ করে। বিমানে তিনি ছাড়াও আরও তিনজন কো-পাইলট ছিলেন।

বিমানবাহিনীর সূত্র জানিয়েছে, ইভান আন্দুর ২৫ বছর ধরে বিমান পরিচালনা করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর ।নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, জরুরি অবতরণের পর মঙ্গলবার বিমানটি পুনরায় চিলির উদ্দেশে যাত্রা করে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধলক্ষাধিক ছাত্র-ছাত্রী অনুপস্থিত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বোর্ডে করোনা পরিস্থিতির পর পরীক্ষা ভীতি এবং অর্থনৈতিক টানাপোড়নসহ নানান কারণে ৫০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এইচএসসিতে অনুপস্থিত বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।

এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি। এর মধ্যে পরীক্ষায় বসছে ১ লক্ষ ১১ হাজার ৩৭২ জন। অনুপস্থিত ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ৪৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি ২০২৩ সারাদেশে শুরু হয়েছে।

কেন্দ্র পরিদর্শনে গিয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, কোথাও কোন বিশৃংখলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটবে না। নকল প্রতিরোধসহ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে। নকল রোধে এসএসসির অভিজ্ঞতা মাথায় রেখে এইচএসসির কেন্দ্রগুলোতে সর্তকতা অবলম্বন করা হচ্ছে। কুমিল্লা বোর্ডের অধীনে ছয় জেলায় ৬টি ভিজিলেন্স টিম অতিরিক্ত দায়িত্বে পাঠানো হয়েছে।

সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে : আব্দুস সালাম

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে বিএনপি।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। যার কারণে বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত রাখা হয়েছে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

কিন্তু এসব করে কোনো লাভ নেই, বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নিবেন। আপনাদের (সরকার) সময় শেষ। ভালোই ভালোই জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। নতুবা চলমান আন্দোলনে আপনারা বিদায় নিতে বাধ্য হবেন। ভাসানী ভবনের সামনে থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, রকিবুল ইসলাম বকুল, সেলিমুজ্জামান সেলিম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, জাসাসের জাকির হোসেন রোকন, মহানগর দক্ষিণ বিএনপির মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সেকেন্দার কাদের , ফরহাদ হোসেন, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন প্রমুখ নেতৃবৃন্দ।

শনিবারের পদযাত্রার অনুমতি চাইল বিএনপি

অনলাইন ডেস্ক:

রাজধানীতে আগামী শনিবার অনুষ্ঠেয় পদযাত্রার অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়।

‌বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওইদিন ঢাকার নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত এ কর্মসূচি হবে। ঢাকা মহানগর বিএনপির উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে এ পদযাত্রা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টানা তিন দিনের কর্মসূচি নিয়ে আজ মাঠে নামছে বিএনপি। সারা দেশে প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছে দলটি। ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপির সাংগঠনিক থানাগুলোয় নেতাকর্মীরা প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছেন। যেখানে অংশ নিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।

আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি। ওই দিন ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বেলা তিনটায়। গুলশান-২ থেকে শুরু করে গুলশান-১ ও তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।

অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। যা সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।