All posts by jitu

৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করলো ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’

নিজস্ব প্রতিবেদক:

বাংলা ভাষা, হাজার বছরের আবহমান সংস্কৃতি ও প্রাণবন্ত সাহিত্যের ধারাকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আন্তর্জাতিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির শীর্ষ নেতৃবৃন্দ:
নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সাংস্কৃতিক সংগঠক সাজেদুর রহমান মুনিম।

আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি:
ড. মাহফুজুর রহমান, শাহ নেওয়াজ, জুয়েল আইচ, সৈয়দ মোস্তাফিজুর রহমান এবং দারা আবু জুবায়ের।

৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা:

আন্তর্জাতিক আহ্বায়ক কমিটি (শীর্ষ):

আহ্বায়ক: রেজাবুদ্দৌলা চৌধুরী

যুগ্ম আহ্বায়ক: দিলারা জামান (নাট্য ব্যক্তিত্ব), ফাতেমা তুজ জোহরা (নজরুল সংগীত বিশেষজ্ঞ), নিলুফার ওয়াহিদ পাপড়ি (নৃত্য ব্যক্তিত্ব)।

সদস্য সচিব: মো. রফিকুল ইসলাম

যুগ্ম সদস্য সচিব: সোহেল আরমান (নাট্য পরিচালক), দিঠি আনোয়ার (কণ্ঠশিল্পী), ফারহানা চৌধুরী বেবি (নৃত্য শিল্পী)।

সমন্বয়কারী ও সদস্যবৃন্দ:

প্রধান সমন্বয়কারী (আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠক): সাজেদুর রহমান মুনিম।

সমন্বয়কারী (কণ্ঠশিল্পী): মোহাম্মদ জামাল উদ্দিন নাসির।

যুগ্ম সমন্বয়কারী: শফিউল আলম বাবু (উপস্থাপক ও অভিনেতা), রিমন মাহফুজ (সাংবাদিক), রুমানা ইসলাম মুক্তি (অভিনেত্রী), চাশী আন্নি ইসলাম (অভিনেত্রী)।

সাংস্কৃতিক সমন্বয়কারী (নৃত্য শিল্পী): রোকসানা আখতার রিনি।

যুগ্ম সাংস্কৃতিক সমন্বয়কারী: শাহীন শাহ (জাদু শিল্পী), ফেরদৌসী নাজমা (বাউল গবেষক), সোহেল রহমান (নৃত্য শিল্পী)।

আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী: নাজমুল খান (অভিনেতা)।

যুগ্ম আন্তর্জাতিক যোগাযোগ সমন্বয়কারী: এইচ এম মনিরুজ্জামান (মানবাধিকার কর্মী), এস আই সুমন (কণ্ঠশিল্পী)।

আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ:
মুজিুব পরদেশী (কণ্ঠশিল্পী), কায়সার হামিদ (ফুটবলার), মো. লিয়াকত আলী (সাংস্কৃতিক সংগঠক), জামিউর রহমান লেমন (নাট্য ব্যক্তিত্ব), খন্দকার শাহ আলম (নাট্য ব্যক্তিত্ব), ফখরউদ্দিন ছোটন (নাট্য নির্মাতা), কাজী ফারুক বাবুল (সংগীত পরিচালক), এবিএম সোহেল রশিদ (কবি), নূর হোসেন রানা (নাট্য পরিচালক), দীপক কুমার দাস (যন্ত্রশিল্পী), মাসুম শাহরিয়ার (নাট্য পরিচালক), নাহিদ নজরুল (গীতিকার), মেহবুব মেহেন্দুর চাঁদনী (নৃত্য শিল্পী), শেখ ফরিদউদ্দীন প্রধান (সাংবাদিক), জান্নাতুল ফেরদৌসী পপি (কণ্ঠশিল্পী), বিপাশা ইয়াসমিন (কণ্ঠশিল্পী), মো. সাইফুল ইসলাম (শিশু সংগঠক), লুৎফুননাহার পাখি (কণ্ঠশিল্পী), নটরাজ পলাশ (যাত্রাপালা নির্দেশক), সানজিদা হক আরেফিন লুনা (ফ্যাশন কোরিওগ্রাফার)।

বিভাগীয় কো-অর্ডিনেটর:
এনামুল হক বাচ্চু (খুলনা), মীর সাব্বির/হোসেন শামীম (বরিশাল), নীলাঞ্জনা জুই (সিলেট), স্বপন বড়ুয়া (চট্টগ্রাম), মাহবুবুর রহমান সোহাগ (রাজশাহী), নাজমুল হক লেলিন (ময়মনসিংহ), রফিকুল ইসলাম রইস (রংপুর), সুফলা তনচঙ্গা (রাঙ্গামাটি), ডচিংনু মার্মা (খাগড়াছড়ি), প্রাণ গোপাল সরকার (বান্দরবান)।

কার্যক্রম ও লক্ষ্য:
সংগঠনটি জানিয়েছে, আগামী ৯০ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’-এর মূল রূপরেখা ঘোষণা করা হবে। এছাড়া, আগামী বছরের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল ২০২৭’ আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে কমিটির নেতৃবৃন্দ জানান।

দাউদকান্দিতে গাঁজাসহ গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। পরে মামলা দিয়ে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার নিকট থেকে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাবেদ হোসেন (৪৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের মৃত জানু মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজার অনুমান ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের বাম পাশে রাস্তার উপর একটা বাসে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞেসাবাদে অভিযুক্ত স্বীকার করেন।

এরপর উপপরিদর্শক মধুসূদন মজুমদার বাদী হয়ে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বারী জানান, ‘১০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আকস্মিক পরিদর্শনের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা থেকেই ধীরে ধীরে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতার উন্নতি হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের খোঁজখবর নেন।

মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা ডাল ও সবজি খেয়ে খাবারের মানও যাচাই করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কি না, তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, জরুরি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক।

তিনি আরও বলেন, আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে।

হামের ভ্যাকসিন প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ ও কেয়ারটেকার সরকারকে সাতবার স্মরণ করিয়ে দেওয়ার পরও তারা কোনো ভ্যাকসিন সংগ্রহ করেনি। বরং বেসরকারিভাবে টিকা কেনার নামে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, মহাখালীতে একটি শিশু মারা যাওয়ার ১৮ ঘণ্টার মধ্যেই সরকার আইসোলেশনের ব্যবস্থা করে। পরে দেখা যায়, পর্যাপ্ত ভ্যাকসিন নেই। এরপর থেকেই সরকার দ্রুত ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে।

দাউদকান্দি দোকানের ভিতরে শিশুকে ধর্ষণচেষ্টা দোকানিকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

১২ বছরের এক শিশু দোকানে চিপস কিনতে গেলে দোকানি ডাক দিয়ে দোকানের ভিতরে শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় দোকানিকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (২৫ মে) দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয় তাকে। এর আগে রোববার (২৪ মে) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার কালাসোনা বাজারের গরুর হাট থেকে দেলোয়ার হোসেনকে (৪৩) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত দোকানির নাম দেলোয়ার হোসেন। সে উত্তর বায়নগর গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, ১৮ মে বেলা ১টার দিকে উপজেলার মালিগাও ইউনিয়নের উত্তর বায়নগর গ্রামের এক শিশু ওই গ্রামের দেলোয়ার হোসেনের মুদি দোকানে চিপস কিনতে যায়। দোকানে গেলে দেলোয়ার হোসেন ডাক দিয়ে দোকানের ভিতরে নিয়ে শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন শিশুকে সেখান থেকে উদ্ধার করেন। শনিবার (২৩ মে) শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে পরিবার। এই ঘটনায় শিশুটির বাবা দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আ. বারী জানান, বারো বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটি এখন কুমেক হাসপাতালে ওসিসিতে ভর্তি।

তিনি আরও জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আনোয়ার হোসেনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছি। মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পারব।

হোমনায় ষাঁড়ের গুঁতোয় বৃদ্ধার মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনা উপজেলায় ষাঁড়ের গুঁতোয় আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘারমোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে বাড়ি থেকে ঘারমোড়া বাজারে যাওয়ার পথে একটি উত্তেজিত ষাঁড়ের সামনে পড়েন তিনি। এ সময় ষাঁড়টি শিং দিয়ে তাকে গুঁতো দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার: ১ মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, দেশি, বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা, ছিনতাই প্রতিরোধ, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কোরবানির পশুর গাড়ির সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে কুমিল্লা জেলা পুলিশ। গত এক মাসে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ তৎপরতায় মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামানের নেতৃত্ব, আধুনিক কর্মপরিকল্পনা ও পরোক্ষ দিক-নির্দেশনায় গত এক মাসে জেলাজুড়ে এ সফল সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

ডিবি ও থানা পুলিশের যৌথ তৎপরতায় মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে ৪৬ জন ছিনতাইকারী গ্রেফতারসহ বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে অপরাধ দমনে মূল ভূমিকা পালন করেছে।

দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথ বেষ্টিত হওয়ায় কুমিল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মতো অপরাধের প্রবণতা দীর্ঘদিনের।

বর্তমান পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধের ধরন ও মূল কারণগুলো চিহ্নিত করে তা দমনে আধুনিক ও অভিনব কৌশল অবলম্বন করেন। তাঁরই নির্দেশনায় থানা পুলিশের কার্যক্রম যেমন শক্তিশালী করা হয়েছে, তেমনি জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) করা হয়েছে আরও বেশি কৌশলী ও গতিশীল।

ছিনতাইকারী ও চোর চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান:

ঈদের আগে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইয়ের উপদ্রব রুখতে জেলা গোয়েন্দা শাখা ও শহর কেন্দ্রিক থানাগুলো বিশেষ অভিযানে নামে। পুরো অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অগ্রণী ভূমিকা পালন করে ৪৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করে। এছাড়াও কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল এবং চোর চক্রের একাধিক সদস্যসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সীমান্তবর্তী এলাকায় মাদক উদ্ধার অভিযান:

অপরাধ দমনের পাশাপাশি পবিত্র উৎসবের প্রাক্কালে মাদক চোরাচালান রোধে জেলা গোয়েন্দা শাখা ও সীমান্তবর্তী থানাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিবির বিশেষ কৌশলী অভিযানের ফলে সীমান্ত গলিয়ে আসা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করা হয়েছে।

এই বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, মহাসড়কে পশুবাহী গাড়ি ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সব ধরনের অপরাধের মূল উৎপাটন করতে জেলা পুলিশের এই বিশেষ ও আধুনিক কৌশলগত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ কুমিল্লা গঠনে জেলা পুলিশ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ২ জন বহিষ্কার : ব্যক্তি আক্রোশের বহিঃপ্রকাশের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সহ সভাপতি জালাল উদ্দিন ভুইয়া ও বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান ভুইয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এই ২টি বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি ভুইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুইয়া।

এই বহিষ্কারাদেশ প্রচারের পর উপজেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন ভুইয়া ও বলরামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ভুইয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রতিবেদককে জানান, আমাদের এই বহিষ্কার আদেশ কার্যকর হবে না। এটা অসাংবিধানিকভাবে ব্যক্তি আক্রোশে করা হয়েছে। এই বহিষ্কার আদেশ দলের গঠনতন্ত্রের কোন ধারাই অনুসরণ করে করা হয় নাই।

তারা বলেন, আমরা দলের নিবেদিত ও পরীক্ষীত কর্মী। তারা কোন দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত না বলেও জানান উভয়ে। বহিষ্কার আদেশে যদিও সুনির্দিষ্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারন উল্লেখ নাই।

অনুসন্ধানে জানা যায়, গত ১৯ মে জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৬ উপলক্ষে ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। যা ছিল ইউনিয়ন পর্যায়ে বলরামপুর ইউনিয়নের আয়োজনে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, বিশেষ অতিথি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ।

সভাপতিত্ব করেন, স্কুলের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির উপদেষ্টা তিতাস উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ জালাল উদ্দিন ভুইয়া।

উল্লেখ্য যে, অত্র আসনের কুমিল্লা ২ – এর সংসদ সদস্য অনুষ্ঠানের দিন ১৯ মে দেশের বাহিরে অবস্থান করছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুলত রাজনৈতিক প্রতিহিংসা এবং দলীয় কোন্দলে জালাল উদ্দীন ভুইয়া ও মনিরুজ্জামান ভুইয়াকে অনিয়মতান্ত্রিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণত সম্পাদক একটি বহিষ্কার আদেশের চিঠি দেন। যা কোনভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে তারা জড়িত নয় বলে প্রতিয়মান। এমন স্বেচ্ছাচারীতা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্তের কারনে এখন তিতাসবাসী রাজনৈতিক সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।

নেতাকর্মীরা মনে করেন, একজন শিক্ষা সংগঠনের উপদেষ্টা যদি শিক্ষা উন্নয়নমূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তাহলে সেটি কিভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়? আর যদি শুধুমাত্র এমন একটি অনুষ্ঠানকে কেন্দ্র করেই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়, তাহলে বিষয়টি রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই সাংগঠনিক সিদ্ধান্তের চেয়ে ব্যক্তিগত বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবেই বেশি আলোচিত হবে।

তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভুইয়ার কাছে এই আলোচিত বহিষ্কার আদেশে অভিযুক্ত সহ সভাপতি জালাল উদ্দিন ভুইয়ার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘন্টা খানেক পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে প্রতিবেদককে জানান। কিন্তু পরবর্তীতে এ বিষয়ে তার সাথে আর কথা বলা সম্ভব হয়নি।

শিক্ষা মন্ত্রী ও উপদেষ্টার লন্ডন সফর: বাংলাদেশের শিক্ষা খাতের রূপান্তর ও আধুনিকায়নের নতুন দিগন্ত

শেখ ফরিদ উদ্দিন:

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষাবিষয়ক সম্মেলন ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এ অংশগ্রহণের লক্ষ্যে ১৮ মে থেকে ২৩ মে যুক্তরাজ্য সফর করেছেন বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন ।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি শিক্ষা মন্ত্রী ও উপদেষ্টা উভয়ে প্রতিদিন বিভিন্ন দেশের প্রতিনিধি, বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের সঙ্গে দ্বি পাক্ষিক বৈঠক ও আলোচনায় ব্যস্ত সময় কাটান।

এই সফরকে ঘিরে শিক্ষা খাতে আধুনিক ও কর্মমুখী পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাপ্তি ও পরিকল্পনার রূপরেখা উঠে এসেছে।

সফরের মূল প্রত্যাশা:- আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা:

সফরটির মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। বাংলাদেশের শিক্ষা মন্ত্রী মূলত তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন:

মুখস্থ বিদ্যার অবসান: সনাতন মুখস্থ পদ্ধতির পরিবর্তে মেধা, সৃজনশীলতা এবং ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটানো।

কর্মমুখী শিক্ষা: শিক্ষার্থীদের কেবল সনদে সীমাবদ্ধ না রেখে তাদের দক্ষ, উদ্যোক্তা এবং কর্মসংস্থান উপযোগী করে তোলা।

প্রযুক্তির ব্যবহার: শ্রেণিকক্ষে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করা।

সফরের উল্লেখযোগ্য প্রাপ্তি ও অর্জনসমূহ :

গুগল ফর এডুকেশনের সাথে সহযোগিতা: শিক্ষা মন্ত্রীর এই সফরের অন্যতম বড় প্রাপ্তি হলো গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে সরাসরি আলোচনা। ‘গুগল ফর এডুকেশন’-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের কারিগরি ও কৌশলগত সহায়তা পাওয়ার পথ প্রশস্ত হয়েছে।

ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ: শিক্ষকদের ‘পরিবর্তনের অগ্রদূত’ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী প্রতিটি শিক্ষকের হাতে ডিজিটাল ডিভাইস বা ট্যাব তুলে দেওয়ার উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করেছেন। এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কার্যকর আলোচনার মাধ্যমে মাঠ পর্যায়ে প্রযুক্তি পৌঁছে দেওয়ার একটি রূপরেখা তৈরি হয়েছে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ: ফোরামে দেওয়া বক্তব্যে মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতের বেশ কিছু সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছেন, যা এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্ব পেয়েছে।

তৃতীয় ভাষা শিক্ষা: শিক্ষার্থীদের বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী করতে তৃতীয় একটি ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া।

মাধ্যমিকে কারিগরি শিক্ষা: মাধ্যমিক পর্যায় থেকেই বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো।

বাজেট ও সামাজিক সহায়তা: শিক্ষা খাতে বিনিয়োগ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা এবং মিড-ডে মিল কর্মসূচির সম্প্রসারণের ঘোষণা।

সবশেষে বলতে পারি, শিক্ষা মন্ত্রী ও উপদেষ্টার এই লন্ডন সফর বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে একটি আধুনিক, আনন্দময় এবং প্রযুক্তি-নির্ভর কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জন করবে না, বরং তারা সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে—এটাই বর্তমান সরকারের প্রত্যাশা এবং সফরের চূড়ান্ত প্রাপ্তি।আগামীর সময়ের প্রতিবেদক কে এমনটাই বলছিলেন সফর শেষে দেশে ফিরে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন।

কুটির শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব: চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দেশীয় ঐতিহ্য, হস্তশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় মাসব্যাপী কুটির শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুটির শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্লা সেলিম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে যেন কুটির শিল্প গড়ে ওঠে, সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রেসক্লাবের উদ্যোগে শুরু হওয়া এই কুটির শিল্প প্রদর্শনী আরও প্রসার লাভ করুক এবং দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার মাধ্যমে এর ব্যবহার বৃদ্ধি পাক।

তিনি আরও বলেন, কুটির শিল্প আমাদের পুরনো ঐতিহ্যবাহী শিল্প। এটি মূলত দেশীয় পণ্য ও হস্তশিল্পভিত্তিক একটি শিল্পখাত। এই শিল্পকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হবে এবং এর ব্যবহার বাড়াতে হবে। কুটির শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। নিয়মিত এর ব্যবহার ধরে রাখতে পারলে প্রতিটি ঘরেই এ শিল্পের বিকাশ ঘটবে।

তিনি সরকারের প্রতি কুটির শিল্পের প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি কুটির শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি চায়নাসহ বিভিন্ন উন্নত দেশের পণ্য আমদানি-রপ্তানি বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, মাসব্যাপী এ কুটির শিল্প প্রদর্শনীতে বিনোদনসহ নানা আয়োজন রাখা হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রদর্শনী চলমান থাকবে। কুটির শিল্প আমাদের দেশের গুরুত্বপূর্ণ হস্তশিল্পভিত্তিক একটি খাত, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তাই সরকারকে এ শিল্পের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আল ইমরান শোভন, সিনিয়র সদস্য আলম পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক ইব্রাহিম রনি, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, কার্যনির্বাহী সদস্য ফারুক আহম্মদ, একে আজাদ, মিজানুর রহমান এবং সদস্য খোকন কর্মকার, হাবিবুর রহমান, আহম্মদ উল্লাহসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেস ক্লাবের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্লা সেলিম। এ সময় প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকুরী পেলেন ৪৫ তরুণ-তরুণী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪মে) বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর পুলিশ লাইন মাল্টিপারপাস শেডে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারী-২০২৬ এর চুড়ান্তভাবে উত্তীর্ণ ৪৫ জন ও অপেক্ষমাণ ৩ জনসহ সর্বমোট ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ড প্রধান ও চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান।

ফলাফল ঘোষণা শেষে নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: রবিউল হাসান।
তিনি বলেন, ৫৬টাকায় পুলিশের চাকুরী পেয়েছো তোমরা। শতভাগ স্বচ্ছ, অত্যান্ত নিরপেক্ষ ও স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ধাপে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়৷ আমি নিজেকে ধন্য মনে করি আমি স্বচ্ছভাবে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। আমি আশা করছি সদ্য নির্বাচিতরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ, সৎ ভাব কাজ করবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, আজকে যারা পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হয়েছো, তাদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। চাঁদপুরে একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ায় পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্টদের চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি নতুন কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা দেশের কল্যানে তাদের দায়িত্ব পালন করবে।

এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৯শ’ ৩১ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ১ম দিনের ইভেন্টে ৬৩৮জন অংশগহন করেন।

এর মধ্য থেকে চূড়ান্তভাবে ৪৫জন নির্বাচিত হয় এবং অপেক্ষামান ৩জন।

এসময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফুর রহমান সহ জেলা পুলিশের কর্মকর্তাগন।