All posts by jitu

এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

অনলাইন ডেস্ক:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (০৮ আগস্ট) সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ওইদিন দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে সভা করবেন মন্ত্রী। এই সভার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন তিনি।

এদিকে আগামী ৯ ও ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে ৮ ও ৯ আগস্ট প্রবেশপত্র বিতরণের কথা ছিল। সম্প্রতি বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ডের কর্মকর্তারা বলছেন, আগামী ৮ আগস্ট এইচএসসি বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। সে কারণে প্রবেশপত্র বিতরণ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ১০ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র অফিস সময়ে বোর্ড থেকে সংগ্রহ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র নেওয়ার ক্ষমতা দেওয়া যাবে না। কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে তার আবেদনপত্রে পরিচালনা পর্ষদের সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে।

বোর্ড আরো জানিয়েছে, প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

আমাকে গালি দিলে কাউকে ছাড় দেওয়া হবে না : হিরো আলম

অনলাইন ডেস্ক:

মানহানির অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এ মামলার পর তিনি বলেন, আমাকে গালি দিলে কাউকে ছাড় দেব না।

এর আগে, আজ সোমবার (৭ আগস্ট) বেলা ১২টার পর আদালতে উপস্থিত হন হিরো আলম। এরপর তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর মামলার আবেদন করেন। মামলার আবেদনে চারজনকে সাক্ষী করা হয়েছে। এরপর আদালত হিরো আলমের জবানবন্দি রেকর্ড করেন।

শুনানি শেষে আদালত মামলার অভিযোগ তদন্ত করে আগামী ১৩ সেপ্টেম্বর ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

মূলত রিজভীর এ বক্তব্যের কারণেই গতকাল (রোববার) দুপুরে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। সেখানে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন তিনি।

এর আগে, হিরো আলম গণমাধ্যমকে বলেন, রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনো বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম। কিন্তু তারা বলেছে, এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করবো।

বাতিল ডিজিটাল নিরাপত্তা আইন

অনলাইন ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আইনটি ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে।

সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে, গত ২ আগস্ট আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

র্দীঘদিন ধরে সংশ্লিষ্টরা গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে আসছিল।

বিস্তারিত আসছে…

এবার অপু বিশ্বাসকে খাওয়ালেন হারুন অর রশীদ

অনলাইন ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দুপুরের খাবার খাইয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। রোববার দুপুরে পাইরেসি ও সাইবার বুলিং বিষয়ে ডিবি অফিসে অভিযোগ করতে গিয়েছিলেন ঢালিউড কুইন খ্যাত এ অভিনেত্রী।

এর আগে গতকাল রাতে হঠাৎ করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন ঢাকাই সিনেমার এ নায়িকা। রাত সাড়ে ৮টার দিকে চুপিসারে থানায় যান তিনি। সেখানে কিছুটা সময় কাটিয়ে রাত ৯টার দিকে বেরিয়ে আসেন।

থানায় নায়িকার আগমনের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া। তিনি জানিয়েছেন, অপু বিশ্বাসের সঙ্গে তার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে নায়িকাকে দাওয়াত করেন তিনি। অপু বিশ্বাস থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। তাই তার সঙ্গে দেখা করে গেলেন।

থানায় নায়িকা কোনো আইনি বিষয়ে কথা বলেছেন কিনা, এ প্রশ্নের উত্তরে ওসি জানান, সৌজন্য সাক্ষাতের জন্য থানায় এসেছিলেন অপু বিশ্বাস। তাকে না জানিয়ে হঠাৎ করেই থানায় উপস্থিত হয়েছিলেন এ নায়িকা।

এসব বিষয়ে ঢালিউড কুইনের পক্ষ থেকে তেমন কোনো মন্তব্য মিলছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে অপু বিশ্বাসের যাতায়াতকে ভিন্ন চোখে দেখছেন বিনোদনপ্রেমীরা। এমনিতেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে অপু বিশ্বাসের জমে ওঠা রসায়ন অনেক গুঞ্জনের জন্ম দিয়েছে। ভক্তরা ভাবছেন, অতীত ভুলে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া দেবেন অপু-শাকিব। আমেরিকায় দুই তারকার অবাধ ঘোরাঘুরি ভক্তদের সেই সন্দেহের গোড়া আরও মজবুত করেছে।

বিজেপির আমন্ত্রণে ভারতে আ.লীগের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক:

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে গেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

রোববার (৬ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সাংবাদিকদের জানান, ‘এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। বিজেপির আমন্ত্রণে আমরা যাচ্ছি।’

আগামী ৯ আগস্ট প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

এবার ভোট চুরির নির্বাচন করলে প্লেনে উঠতে পারবেন না: পার্থ

অনলাইন ডেস্ক:

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তিনি বলেন, এবার ভোট চুরির নির্বাচন করলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না।

রোববার (৬ আগস্ট) দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন।

পার্থ বলেন, ‘আমরা মনে করি বিএনপির দাবি ন্যায্য। তারা যে আন্দোলন করছে তা এখন বাংলাদেশের মানুষের। সুতরাং আমরা এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

বিজেপি চেয়ারম্যান বলেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তবে উন্নয়ন যতটুকু আমরা আশা করেছিলাম, সেই জায়গায় আমরা যেতে পারি নাই। এর অন্যতম কারণ হলো, আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছে।

বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০, আহত ১০০

অনলাইন ডেস্ক:

পাকিস্তানে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।রবিবার নওয়াবশাহে সারহারি রেলওয়ে স্টেশনের কাছে ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ বেনজিরাবাদে পিপলস মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমকে নিহতে সংখ্যা নিশ্চিত করেন। তিনি যোগ করেন, প্রয়োজনে আহতদের করাচিতে নিয়ে যাওয়া হবে। মন্ত্রী স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের ত্রাণ ও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

বিবিসি বলছে, এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।

রেলওয়েজ অ্যান্ড এভিয়েশনমন্ত্রী খাজা সাদ রফিকের দেওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে দুপুর ১টা ১৮মিনিটে। প্রায় হাজার খানেক লোক হাজারা এক্সপ্রেসে করে গন্তব্যে যাচ্ছিলেন।

ডন জানিয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল।

এর আগে পাকিস্তান রেলওয়য়ের সুকুর ডিভিশনাল কমার্সিয়াল অফিসার মোহসিন সিয়াল বলেন, ঠিক কতটি বগি লাইনচ্যুত হয়ে তা জানা যায়নি। কেউ বলছেন পাঁচটি, কেউ বলছেন আটটি, আবার কেউ বলছেন ১০টি।

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এই ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি টুইট করে বলেছেন, নিহত যাত্রীদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের হাসপাতালে সর্বোত্তম স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হবে।

এসএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছে ৭৩ হাজার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক:

সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী। এ জন্য তারা ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। বোর্ড এসব আবেদন যাচাই বাচাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করবে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম বলেন, ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী তা যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে ইসহাক (১১) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় ঘরের পিলারের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত ইসহাক উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের রাজমিস্ত্রি লিটন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ইসহাক গ্রামের চা দোকানে চাকুরী করতো। তার পিতা রাজমিস্ত্রী এবং মা ফ্যাক্টরীতে কাজ করে। পরিবারের কাছে মোবাইল কিনে দেয়ার বায়না ধরে সে। কিন্তু মোবাইল কিনে না দেওয়ায় অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর খাদ্যনালী থেকে বের করা হলো জানালার ছিটকিনি

 

ডেস্ক রিপোর্টঃ

দুই বছরের হাবিবকে বিছানায় রেখে মা ঘরের বাইরে যান। এ সময় জানালা ধরে খেলা করছিল সে। এরই মাঝে জানালার ছিটকিনি খুলে আসে তার হাতে। অবুঝ শিশু হাবিব সেই ছিটকিনি মুখে ঢুকিয়ে গিলে ফেলে। এরপরই শুরু হয় পেটব্যথা ও যন্ত্রণা। পরিবারও কিছু বুঝে উঠতে পারছিল না। অবশেষে দুইদিন অবজারভেশনে রেখে শিশু হাবিবের খাদ্যনালী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হলো জানালার সেই ছিটকিনি। বর্তমানে শঙ্কামুক্ত হাবিব।

হাবিব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে। জুয়েল মিয়ার ৩ ছেলে সন্তানের মধ্যে হাবিব কনিষ্ঠ। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর বর্তমানে হাবিব সেখানেই চিকিৎসাধীন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবের মা পাখি বেগম বলেন, আমার ছেলেটি অনেক চঞ্চল। বুধবার (২ আগস্ট) সকালে তাকে আমি নাস্তা করিয়ে বসিয়ে রেখে একটু ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। তার মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। পরে গলায় সাদা ধরনের কিছু একটা দেখা যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। এই অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে হাবিবের এক্স-রে করে দেখে গলায় কিছু একটা আছে। সেখান থেকে দ্রুত বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসি। আসার পর এক্স-রে করে চিকিৎসকরা দেখেন পেটের ভেতর একটা ছিটকিনি। চিকিৎসকরা তাকে দুইদিন অবজারভেশনে রাখেন। এর দুইদিন পর শুক্রবার রাতে আমার ছেলেকে অপারেশন করে খাদ্যনালী থেকে একটি ছিটকিনি বের করেন ডা. আবু সাঈদ।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাবিবের অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. আবু সাঈদ জানান, এক্স-রে রিপোর্টে শিশুটির পেটের খাদ্যনালীতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে খাদ্যনালী প্রায় ২০ ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্যনালীর ভেতর থেকে খুঁজে বের করা হয়েছে ছিটকিনিটি।

তিনি জানান, শিশুটির খাদ্যনালী কেটে ছিটকিনিটি বের করা হয়েছে। তা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তাকে আরও দুইদিন হাসপাতালে থাকতে হবে। তবে সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।