All posts by jitu

গলায় ফাঁস দিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক শিশু আত্মহত্যা করেছে।

নিহত জান্নাতুল তানজিদা ওরফে ফুলমতি (৯) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চিরিংঙ্গা গ্রামের মো.দুলাল ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় ধানসিঁড়ি ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শনিবার (২৯ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বসত ঘর এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলমতি পরিবারের সদস্যদের অজান্তে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখে শৌরচিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তত করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

আটকের আগে গয়েশ্বরকে রাস্তায় ফেলে পেটাল পুলিশ!

ডেস্ক রিপোর্ট:

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর পুলিশের বাধার পর বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে আটক করেছে পুলিশ।

একটি ভিডিওতে দেখা যায়, কর্মীদের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন গয়েশ্বর। এ সময় তিনি তার দলের নেতাকর্মীদের সংযত করার চেষ্টা করছিলেন। এরপর পুলিশ গিয়ে তাকে আটকের চেষ্টা করে। তবে গয়েশ্বরকে ছাড়তে চাচ্ছিল না কর্মীরা। তাই তাদের আলাদা করতে গয়েশ্বরসহ কর্মীদের লাঠি দিয়ে পেটাতে থাকে পুলিশ।

এ সময় কর্মীরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। গয়েশ্বর পুলিশের লাঠির আঘাতে রাস্তায় পড়ে যান। তিনি পড়ে যাওয়ার পরও কয়েকজন পুলিশ সদস্য গয়েশ্বরকে পেটাতেই থাকেন। পরে একজন পুলিশ কর্মকর্তা এসে পুলিশ সদস্যদের নিবৃত্ত করেন। এ সময় গয়েশ্বরের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

গয়েশ্বর ছাড়াও এখন পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আটক হয়েছেন।

কুমিল্লা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি: সভাপতি হাসানাত বাবুল , সম্পাদক তরুনাভ, সাংগঠনিক সম্পাদক জাকির

নাছরিন আক্তার হীরা:

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, কুমিল্লা  জেলা শাখার  ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে  সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল ও সাধারণ সম্পাদক পদে দৈনিক রুপসী বাংলার  প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুনাভ।

শনিবার (২৯ জুলাই) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ  দত্ত স্টেডিয়ামের অডিটোরিয়ামের সভাকক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, কুমিল্লা  জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, কুমিল্লা  জেলা শাখার সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে  বার্ষিক সাধারণ  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

ঘোষিত নতুন কমিটিতে  সভাপতি পদে  সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, সহ-সভাপতি পদে বাসস এর স্টাফ রিপোর্টার বাবু অশোক বড়ুয়া, সাধারণ সম্পাদক পদে দৈনিক রুপসী বাংলার  প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুনাভ, যুগ্ম সম্পাদক পদে  দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, অর্থ সম্পাদক পদে ডেইলি আওয়ার টাইমের প্রতিনিধি মাহাবুব আলম বাবু। সদস্য পদে রয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, কুমিল্লা কাগজের রিপোর্টার কাজী শামীম ও মাই টিভির প্রতিনিধি আবু মুসা।

বার্ষিক সাধারণ  সভায় বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, বাসস এর স্টাফ রিপোর্টার বাবু অশোক বড়ুয়া, ডেইল অবজারভারের প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ডেইল আওয়ার টাইমের মাহাবুব আলম বাবু, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী,  মাই টিভির প্রতিনিধি আবু মুসা, বিটিভির প্রতিনিধি রাবেয়া বেগম ও কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির রিপোর্টার আশা ।

 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীদ্বার পৌর শাখার আহবায়ক কমিটি: পিন্টু আহ্বায়ক, এড.সুদীপ সদস্য সচিব

স্টাফ রিপোর্টার:

পিন্টু কুমার সাহাকে আহবায়ক ও এডভোকেট সুদীপ চন্দ্র রায়কে সদস্যসচিব করে ১৫ সদস্য বিশিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীদ্বার পৌরশাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৩ জুলাই দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি বাবু অনিল চক্রবর্তীর সভাপতিত্বে এবং ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক  বাবু বিকাশ কুমার দাশের উপস্থিতিত্বে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে মানিক চন্দ্র রায়, সনজিত চন্দ্র দে ও শেখর মজুমদার বিপ্লব, যুগ্ম সদস্য সচিব পদে ভজন কুমার সাহা, সুখদেব রায় ও প্রনব চন্দ্র দাস এবং সদস্য পদে রয়েছেন রমর চন্দ্র দাস, রিপন চন্দ্র দত্ত, শয়ন চন্দ্র দাস, গৌতম চন্দ্র সাহা, সুশীল কর্মকার, মানিক সাহা ও প্রবন কুমার ব্রক্ষ।

 

 

মুরাদনগরে অপহরণ হওয়া যুবতী দাউদকান্দিতে উদ্ধার, ৪ অপহরণকারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে অপহরণের ১২ ঘন্টার মধ্যে অপহরণকৃত ভিকটিমকে দাউদকান্দি থেকে  উদ্ধার করেছে পুলিশ। এ সময়  ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া চার অপহরণকারি হলেন  মুরাদনগরের মধ্যপাড়া গ্রামের মো: ওমর আলীর ছেলে  মোঃ নাজমুল হাসান (২৭), মুরাদনগর দক্ষিণ পাড়ার  সফিকুল  ইসলামের ছেলে রুহুল আমিন (২৬) ,  মধ্যপাড়ার ছিদ্দিক মিয়ার ছেলে  শরীফ (২৭) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে রাসেল (২৫)।

গত ২৭ জুলাই রাত সাড়ে ৭ টায়  মুরাদনগরের উত্তরপাড়ার  মৃত. ইউনুছ মিয়ার স্ত্রী  লুৎফা বেগম (৫৬) থানায়  লিখিত  অভিযোগ করে জানান যে, বিগত  ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি  মোঃ নাজমুল হাসান (২৭) এর সাথে তার মেয়ে ভিকটিম জান্নাতুল ফেরদৌসীর (২৫) এর পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর হতে মোঃ নাজমুল হাসান বিভিন্ন সময় মাদক সেবন করে তার পরিবারের প্ররোচনায় যৌতুকের জন্য জান্নাতুল ফেরদৌসীকে মারধর করত। উক্ত বিষয় মেয়ের পরিবারে অবহিত করলে গত ৩ বছর ৬ মাস পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে জান্নাতুল ফেরদৌসী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মোকদ্দমা নং- ২৯০/২০ মামলা দায়ের করে।

গত ২৭ জুলাই  সকাল  ৭ টার সময়  লুৎফা বেগম এবং তার মেয়ে জান্নাতুল ফেরদৌসীসহ সিএনজি যোগে উক্ত মামলার হাজিরা দেওয়ার জন্য বিজ্ঞ আদালতের উদ্দেশ্যে রওনা হন। মুরাদনগরের নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রামনীমোড়া কবরস্থানের সামনে মুরাদনগর টু কোম্পানীগঞ্জ বাজার গামী পাকা রাস্তার উপর পৌঁছালে মোঃ নাজমুল হাসানের নেতৃত্ব অজ্ঞাতনামা ৪/৫ জন হাতে ছুরি, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সিএনজির গতিরোধ করে ছুরি দ্বারা আঘাতের বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জান্নাতুল ফেরদৌসীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ করে একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে কোম্পানীগঞ্জের দিকে চলে যায়।

এ ঘটনার পর মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  পীযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেনসহ মুরাদনগর থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন কৌশল অবলম্বন করে অদ্য ২৮ জুলাই  ভোর ৪ টার সময় দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউপির যোগপাড়া গ্রামের ফকির বাড়ির জনৈক মোঃ অলি উল্লাহর বসত বাড়ি হতে অপহরণকৃত জান্নাতুল ফেরদৌসীকে উদ্ধার করা হয়। এ সময় ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মুরাদনগর থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।  গ্রেফতারকৃতদের মাঝে অপহরণকারী মোঃ নাজুমল হাসানের  বিরুদ্ধে পূর্বে সর্বমোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

মাহিয়া বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ পেয়েছে

রাসেল সোহেল:

নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া গ্রামের আব্দুল মতিন ও সেলিনা আক্তার মনি’র কনিষ্ঠ কন্যা মুশপিয়া জান্নাত মাহিয়া বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে।

আজ শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মুশপিয়া জান্নাত মাহিয়া ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে পোষণ করেছে। ১৩০০ নম্বরের পরীক্ষার মধ্যে ১২৪২ নম্বর পেয়েছে।

এ বিষয়ে মোঃ আব্দুল মতিন ও সেলিনা আক্তার মনি বলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন। আমাদের মেয়ে যেন এ ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে পারে। ভবিষ্যতে সে যেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে।

নগরীর কাপ্তানবাজারে চোরাই মিশুক গাড়ির যন্ত্রাংশসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

একটি চোরাই মিশুক গাড়ীর ৩টি চাকা, ৪টি ব্যাটারী, বসারসিট, হুড,স্টিয়ারিং, লোহার বডি খোলা অবস্থায় ওয়ার্কসপের ভিতর থেকে উদ্ধারসহ চোরচক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

২৬ জুলাই  রাত সাড়ে ১১ টার সময় কুমিল্লা নগরীর ১নং ওয়ার্ডের  মগবাড়ী চৌমুহনীর মগবাজারের দক্ষিণ কোণে রাস্তার পার্শ্বে মিশুক চালক জাহিদুল ইসলাম তার গাড়ীটি রাস্তার পাশে রাখে। গাড়ী বন্ধ করে চাবি সাথে নিয়ে পার্শ্ববর্তী ‘‘চা’ দোকানে নাস্তা করার জন্য যায়। অনুমান ১০মিনিট পর মিশুক চালক এসে দেখে যে তার মিশুক গাড়ীটি চুরি হয়ে গেছে। বিষয়টি গাড়ীর মালিক  নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা এনায়েত করিম চৌধুরী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে।  কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৫।

কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই বিশ্বজিৎ পাল মিশুক চুরির অভিযোগ পাওয়ার সাথে সাথে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক শহরের বিভিন্ন পয়েন্টের সিসি টিভি ফুটেজ এর সূত্রধরে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরচক্রটি সনাক্ত করে। ২৮ জুলাই  সকাল সোয়া ৬ টার সময় নগরীর কাপ্তান বাজারের  আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের টিনশেড দোকান ঘরের ভিতরে চোরাই নীল রংয়ের মিশুক গাড়ীটির ৩টি চাকা, ৪টি ব্যাটারী, বসারসিট, হুড,স্টিয়ারিং, লোহার বডি খুলে আলাদা করার সময়  চোর চক্রের ৫ সদস্যেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া  সদস্যরা হলেন,  নগরীর কাপ্তানবাজার এলাকার  ওয়ার্কসপের মালিক মো: মিজান(৪৫), রমিজ উদ্দিনের ছেলে  মো: সালাউদ্দিন(২১), জামাল উদ্দিনের ছেলে হাসিবুল প্রকাশ হাসিব(২১),  রফিকুল ইসলামের ছেলে মো: রোহান(২২) ও মদন মিয়ার ছেলে  মো: রাশেদ(২০)।

চোর চক্রের সদস্যরা অভিনব কায়দায় মিশুক গাড়ীটি চুরি করে আসামীদের ব্যবহৃত ওয়ার্কসপের ভিতর লুকিয়ে রেখে সকল যন্ত্রাংশ আলাদা করে ফেলে বিক্রি করার জন্য ।

 

কুবির সাথে সমঝোতা চুক্তি মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের

 

কুবি প্রতিনিধি:

উচ্চশিক্ষার প্রসার এবং মান বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাথে মালয়েশিয়ার দুই বিশ্বদ্যিালয়ের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী আদান-প্রদান এবং বৃত্তি প্রদান, আন্তর্জাতিক সম্মেলন, রিসোর্স শেয়ারিং, যৌথ প্রকাশনা, কারিকুলাম উন্নয়ন নিয়ে কাজ করবে।

গত ২১ এবং ২৫ জুলাই পৃথক দিনে উপাচার্যের মালয়েশিয়া সফরে তিনি এ চুক্তি সম্পন্ন করেন। চুক্তিবদ্ধ দুটি বিশ্ববিদ্যালয় হলো ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক’ এবং ‘সানওয়ে ইউনিভার্সিটি’।

এ প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম. আবদুল মঈন বলেন, আমার বিশ্বাস এই চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিবে। বিশেষত আন্তর্জাতিক পরিসরে অগ্রগতি সাধনে শিক্ষকগণ যৌথ প্রকাশনায় কাজ এবং তাদের ল্যাব ফ্যাসিলিটি গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরাও সেখানে উচ্চতর ডিগ্রী নিতে চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারবে। একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য যেটি অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সর্বপরি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ এবং মানসম্পন্ন প্রকাশনায় সহযোগিতা করতে আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসএসসির ফলাফল: ৪৮ প্রতিষ্ঠানে কেউ-ই পাশ করেনি

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এ সংখ্যাটি ছিল ৫০টি। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুটি।

এ ছাড়া এবার শতভাগ পাশ করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৩৫৪, যা গতবার ছিল দুই হাজার ৯৭৫টি। সেই তুলনায় শতভাগ পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬২১টি।

শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের বিস্তারিত ফল তুলে ধরার সময় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।

চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় গড় পাশের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ।

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.৪২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১১ হাজার ৬২৩ জন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৭৬টি বিদ্যালয়ের এক লাখ ৮২ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ১০০ জন এবং ছাত্রী এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন। এদের মধ্যে ছাত্র ৬০ হাজার ৭৪৭ জন এবং ছাত্রী এক লাখ ৮২ হাজার ৪৬৯ জন। এবার পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফল  অবনতি হয়েছে। গতবার পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন।