All posts by jitu

এসএসসির ফলাফল: ৪৮ প্রতিষ্ঠানে কেউ-ই পাশ করেনি

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এ সংখ্যাটি ছিল ৫০টি। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুটি।

এ ছাড়া এবার শতভাগ পাশ করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৩৫৪, যা গতবার ছিল দুই হাজার ৯৭৫টি। সেই তুলনায় শতভাগ পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬২১টি।

শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের বিস্তারিত ফল তুলে ধরার সময় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।

চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় গড় পাশের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ।

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.৪২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১১ হাজার ৬২৩ জন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৭৬টি বিদ্যালয়ের এক লাখ ৮২ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ১০০ জন এবং ছাত্রী এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন। এদের মধ্যে ছাত্র ৬০ হাজার ৭৪৭ জন এবং ছাত্রী এক লাখ ৮২ হাজার ৪৬৯ জন। এবার পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফল  অবনতি হয়েছে। গতবার পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন।

এসএসসিতে পাসের হার ৮০.৩৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে । এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন । এর মধ্যে ছাত্র ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন এবং ছাত্রী ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন ।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন । তাদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৬১৪ জন ।

তবে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ। মোট পাস করেছে ১৩ লাখ ২২ হাজার ৪৪৬ জন । তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৬ হাজার ৭১ জন এবং ছাত্রী ৭ লাখ ৬ হাজার ৩৭৫ জন । জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন। ছাত্র ৭০ হাজার ৯৭৫ জন এবং ছাত্রী ৮৮ হাজার ২৪৫ জন ।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ । ছাত্র ১ লাখ ৯৫০ জন এবং ছাত্রী ১ লাখ ১২ হাজার ১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২১৩ জন। ছাত্র ৩ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৫ জন ।

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ । ছাত্র ৭৯ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ২৬ হাজার ৩৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। ছাত্র ১০ হাজার ৮০১ জন এবং ছাত্রী ৭ হাজার ৩৪৪ জন ।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমনা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ ।

এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন ।

পরে বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ফল জানা যাবে তিনভাবে:

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে নিজেদের প্রতিষ্ঠানের ফলাফলের একটি কপি ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সহজেই ফল জানতে পারবেন।

দ্বিতীয়ত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট (ফুল মার্কসশিট) ডাউনলোড করতে পারবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে  16222 লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ- SSC DHA ROLL 2023)। ফিরতি মেসেজে তাকে ফল জানিয়ে দেওয়া হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৭৯৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৮১০টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নেয়।

গত বছর (২০২২ সাল) এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৭.৪৪ শতাংশ। অর্থাৎ গতবারের চেয়ে এবার পাসের হার প্রায় ৭ শতাংশ কমেছে। অন্যদিকে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। গত বছর (২০২২ সাল) জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ৮৬ হাজার ২৪ জন শিক্ষার্থী। এদিকে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র এবং ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী। গত বছর এসএসসিতে পাস করেছিল ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। এবার পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। অর্থাৎ গতবারের চেয়ে পাসের সংখ্যাও কমেছে ১ লাখ ২ হাজার ৪৭৯ জন কম। যদিও গতবারের চেয়ে এবার ৪৭ হাজার ৩১৩ জন বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

কুমিল্লাজুড়ে ডিবির অভিযান: ১৪০০ পিস ইয়াবাসহ ৫ জন আটক

 

সালাহউদ্দিন সোহেল:

জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একাধিক টিম কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার  ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে আটক করেছে।

২৬ জুলাই রাত পৌণে ১ টায়  নগরীর কাটাবিল এর হাউজিং এস্টেট টু সুজানগর গামী রোডের জনৈক মমতাজ মিয়ার দোকানের সামনে হতে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করে।

মাদক ব্যবসায়ীরা হলেন,  কুমিল্লা নগরীর  কাশারীপট্টি এলাকার তোফায়েল আহমেদ কাউছারের  ছেলে রাসেল আহমেদ জয় (২৭), জগন্নাথপুর ইউনিয়নের  তৈতয়ারা গ্রামের  কাজী গিয়াস উদ্দিনের ছেলে  মোঃ কাজী সজল (৩০) ও একই এলাকার  মকবুল হোসেনের ছেলে  মোঃ ইউসুফ আলী (৩৩) ।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপর একটি অভিযানে গত ২৬ জুলাই রাত ১২ টায়  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউপির সোয়াগাজী সাকিনস্থ রাহাত সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে বিসমিল্লাহ টায়ার সেন্টার এর সামনে হতে তল্লাশি করে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন সদর দক্ষিণ উপজেলার ফিরিঙ্গীর হাট (মধ্য পাড়া)  এলাকার  মৃত. মোহাম্মদ আলীর ছেলে  মোঃ ছেরু মিয়া (৫৫) ও দড়িবটগ্রামের অহিদ মিয়ার  ছেলে  মোঃ মোহন মিয়া (২৯)।

এ ঘটনায়  সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নানা আয়োজনে কুমিল্লায় আজকের পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:
র‌্যালি, কেককাটা আলোচনা সভাসহ নানা আয়োজনে কুমিল্লায় দৈনিক আজকের পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ইমদাদুল হক তালুকদার।

দৈনিক আজকের পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলা ও এটিএন নিউজ কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, মানব জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাহার রায়হান, দৈনিক বাংলার মাহফুজ নান্টু, আজকের প্রত্রিকার বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবুসহ অন্যরা।

সিটিভি নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদেক, কুমিল্লার কথা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তরের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, ডিবিসি নিউজের কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দীন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি তানভির দিপু, বিটিভি কুমিল্লা প্রতিনিধি রাবেয়া আক্তার, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক নেকবর হোসেন, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির, এস এ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, কালবেলা কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, জাগো নিউজ এর জেলা প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, আজকের পত্রিকার চান্দিনা প্রতিনিধি শরিফুল ইসলাম, ঢাকা মেইল এর কুমিল্লা প্রতিনিধি সাকলাইন যোবায়ের, সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি রবিউল বাশার, ডিবিসি নিউজ এর বিপ্লব হাসান, আমার সংবাদ প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির, এস টিভির কুমিল্লা প্রতিনিধি রাজীব সাহা, যায়যায়কাল পত্রিকার কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান, কুমিল্লা বার্তার সম্পাদক শামসুল ইসলাম রাজন, স্বদেশে বিচিত্রিতার কুমিল্লা ব্যুরো চীফ প্রদীপ দেব, ডেইলি প্রেজেন্ট টাইমসের কুমিল্লা প্রতিনিধি তৌহিদ হোসেন সরকার, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, চেতনা একাত্তরের সম্পাদক মাইনুল হক স্বপন, রাইজিং বিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, নাগরিক টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোঃ সাফি, সোনালী নিউজ কুমিল্লা প্রতিনিধি রাফি খান, অন নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি সুমন চিশতিসহ আরো অনেকে।

মেয়ের বাড়ি যাওয়ার পথে বাবার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাটে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪জন আহত হয়।

নিহত সিরাজ উদ্দৌলা (৬৫) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের ফরিদ মেম্বারের ছেলে।

বৃহস্পতিবার ( ২৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাইন উদ্দিন সুমন জানান, তার বাবা ৩২ বছর ওমান প্রবাসে ছিলেন। কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। যাত্রা পথে কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষণিক দুর্ঘটনার শিকার বাস-সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুবদল নেতা সুমনের পিতার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক বিহ্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মিথ্যা মামলা থেকে খালাস: ‘রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসানো হয়েছিল অনিককে, বললেন আইনজীবী

স্টাফ রিপোর্টার :

রাজনৈতিক প্রতিহিংসায় দায়ের করা মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক। বৃহস্পতিবার মোকাম কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ ট্রাইবুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন। একই মামলায় খালাস পেয়েছেন আরো দু’জন। তারা হলেন গাজীপুর পুলিশের এএসআই গাজী মো শাহজাহান কবির ও মো জিলানী। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এড. কাজী নাজমুল হক নিজাম। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

এড. কাজী নাজমুল হক নিজাম বলেন, ‘ ছাত্রলীগের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আবু কাউছার অনিক কুমিল্লার জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে ব্যাপক প্রশংসিত হয়েছিল৷ তার এই জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আদালত মামলা থেকে অনিককে বেকুসুর খালাস দিয়েছেন’।

তিনি বলেন, ‘ আমরা মনে করি এই রায়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন আদালত। প্রতিহিংসায় আর কেউ মিথ্যা মামলা দিয়ে সম্মানিত ব্যক্তিদের হয়রানী করবে না’।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। মিথ্যা অভিযোগ বা হয়রানী করে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে কেউ সরাতে পারবে না। আমরা ভাল কাজ করে যাবো’।

প্রসঙ্গত, গত ২৪শে সেপ্টেম্বর এক নারীর অভিযোগে নির্যাতনে সহায়তার মামলায় আসামী করা অনিকসহ চারজনকে।

সদর দক্ষিণে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণে  ছিনতাইকৃত স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ  টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৭  জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের গান্ধাচি গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোঃ সুমন(৩২) তার আত্মীয়াকে নিয়ে কোটবাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পদুয়ারবাজার থেকে সিএনজি যোগে রওয়ানা হলে উক্ত সিএনজি চালক  ও তার অপরাপর সহযোগিদের সহযোগিতায় বাদী মোঃ সুমন(৩২) ও তার আত্মীয়াকে জিম্মি করে নগদ ১ লক্ষ টাকা ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়। ভিকটিমের মৌখিক অভিযোগের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৫ জুলাই হতে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ থানা ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জন আসামী ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা, ১ টি মোটর সাইকেল, লুন্ঠিত নগদ ১ লক্ষ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের শিবপুর গ্রামের আ: মালেকের ছেলে  মোঃ আলাউদ্দিন(৩২), বড় ধর্মপুর গ্রামের কবির হোসেনের ছেলে জাফর হোসেন (৩০) এবং চাদঁপুর জেলার কচুয়া উপজেলার বজরীখোলা গ্রামের মৃত. নোয়াব আলীর ছেলে  মোঃ ফারুক মজুমদার(৪২)।

এ ঘটনায় সদর দক্ষিণ থানায়  মামলা দায়ের করা হয়েছে।

চৌদ্দগ্রামে স্বামীর বাড়িতে গৃহবধূকে পরিকল্পিত হত্যার দাবি

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর বাড়ী থেকে তানিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহতের পরিবারের দাবি যৌতুকের টাকা না পেয়ে স্বামী আজাদ হোসেনই পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আজাদ হোসেন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত তানিয়া উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর মোক্তার বাড়ীর অটোচালক আজাদ হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের বৈলপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে। তার ১ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্বামী আজাদ হোসেন ঈদুল আযহার সময় বিদেশ যাওয়ার কথা বলে তানিয়াকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক আনতে বলে। বাবার বাড়ী থেকে টাকা এনে না দেয়ায় বিভিন্ন সময় আজাদ তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত দুইদিন আগে টাকা আনার জন্য আবারো চাপ প্রয়োগ করে। এর জেরে বুধবার রাতের কোনো এক সময় বিদ্যুতের তার দিয়ে পেঁছিয়ে তাকে পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ছে বলে জানিয়েছে নিহতের পরিবারের লোকজন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

নিহত গৃহবধূ তানিয়ার মা মায়া বেগম বলেন, ‘আমার মেয়েকে তার স্বামী আজাদ হোসেন যৌতুকের টাকার জন্য প্রায়ই মারধর করতো। কোরবানীর ঈদের আগে বিদেশ যাওয়ার কথা বলে আজাদ ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেয়। মেয়ের সুখের কথা চিন্তা করে আমরা টাকা দিতেও রাজি হই, কিন্তু টাকা জোগাড় করতে দেরি হওয়ায় আজাদ গত দুইদিন আগে আমাকে মোবাইলে হুমকি দিয়ে বলে, “আগামী দু’দিনের মধ্যে টাকা না দিলে পরে তার রেজাল্ট পাবেন”। আজ বৃহস্পতিবার সকালে তানিয়ার স্বামীর বাড়ির পাশের আমার নিকটাত্মীয় পেয়ারা বেগমের মাধ্যমে তানিয়ার মৃত্যু সংবাদ শুনে আমি সহ পরিবারের লোকজন ছুটে আসি। এসে দেখি, তানিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ। যৌতুকের টাকা দিতে দেরি হওয়ায় আজাদ আমার মেয়েকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে পালিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীর বিচার চাই’।

তানিয়ার বড় বোন শেফালী বেগম বলেন, ‘কোরবানীর আগেও স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তানিয়া বাবার বাড়ি চলে আসে। পরে তার শশুর-শাশুড়ি আমাদের বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে আবার নিয়ে আসে। এর আগেও একবার আজাদ আমার বোনকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে। আমার বোনের হত্যার বিচার চাই।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে গৃহবধূ তানিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহতের হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’