All posts by jitu

হৃদরোগে আক্রান্ত হয়ে কুবির এক শিক্ষকের মৃত্যু

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা হৃদরোগে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হৃদরোগ অবস্থায় কুমিল্লা মুন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

২০১৭ সালে শাহ একলিমুর রেজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৬

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৭০ কেজি গাঁজা, ২০০০ পিস ইয়াবা, ১৫০ বোতল ফেন্সিডিল, ৩টি মাদকবাহী গাড়ীসহ ৬ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

মাদক বিরোধী অভিযানে কুমিল্লার দেবিদ্বার থানাধীন ইউসুফপুরস্থ মিলন আরা ফিলিং স্টেশন এলাকা থেকে একটি রেজিষ্টেশন বিহীন কাভার্ডভ্যান তল্লাশী করে ৬০কেজি গাঁজা উদ্ধার এবং গাড়ীটি জব্দ করা হয়। এ সংক্রান্তে এসআই এনায়েত উল্লাহ বাদী হয়ে দেবিদ্বার থানায় মাদক আইনে দেবিদ্বার থানায় মামলা  দায়ের করেন।

অপর একটি অভিযানে  কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় করা-কালে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  ৩ আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলেন , জেলার কোতয়ালী মডেল থানার মোঃ জসিম উদ্দিন (৪৪), মোঃ ফয়সাল উদ্দিন (২০)। অপরজন হলেন, জেলার বুড়িচং থানার মোঃ তামিম হাসান(১৯)। আটককৃত আসামীদের বিরুদ্ধে এসআই দিবাকর রায় বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করেন ।

বুধবার ( ১৯ জুলাই) অপর একটি অভিযানে  সদর দক্ষিণ মডেল থানাধীন পশ্চিম জোড়কানন থেকে  ১০কেজি গাঁজাসহ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার  মোঃ শাহাব উদ্দিন  শাবু (২৬), আটক করা হয়।আটককৃত আসামীর বিরুদ্ধে এসআই মামুনুর রশিদ বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন ।

বুধবার ( ১৯ জুলাই) অপর একটি অভিযানে  কোতয়ালী মডেল থানার ধনপুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৫০বোতল ফেন্সিডিলসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার যাত্রাপুর, বর্তমানে– সামবক্সী বল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রনি (৩০), অপরজন হলেন চৌদ্দগ্রাম থানার পাথুরিয়া পাড়া গ্রামের মৃত তনু মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)। আটককৃত আসামদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এসআই মামুনুর রশিদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

 

দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

এ সরকারের অব্যাহত উন্নয়নের ফলে তৃণমূলের মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, এখন আর মঙ্গার চিত্র দেখা যায় না। যোগাযোগের ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। মানুষের জীবনমান উন্নত হবে এটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে। যে কারণে বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে।

তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করার জন্যই এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। আমার সঙ্গে যেন মন্ত্রণালয়গুলোর যোগাযোগ থাকে, সে চিন্তা থেকে এ পদ্ধতি নেওয়া। আপনারা (সচিব) অনেক পরিশ্রম করছেন, তার ফল পাচ্ছেন।

শেখ হাসিনা বলেন, আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে। দেশের জনসংখ্যাও অনেক বেশি। আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে গেলে অসাধ্য সাধন করা যায়। আমাদের লক্ষ্য ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়া। সে লক্ষ্যেই এখন এগিয়ে যেতে হবে।

সরকারপ্রধান বলেন, ২০০৮ সালে বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, তা করেছি। শতভাগ বিদ্যুতায়ন করেছি। উন্নয়নশীল দেশের বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সাল থেকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে, অর্থনীতির ওপর চাপ পড়েছে। তবুও অন্য দেশের চেয়ে আমাদের অর্থনীতি গতিশীল রয়েছে।

যুক্তরাষ্ট্র-ইইউ বলে গেছে, তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই: কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সদস্যরা সফরে এসে বলেছে, এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই।

আজ বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আসল খবর হচ্ছে, বিএনপির নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনছেন কখন আসবে উজরা জেয়া, কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। কিন্তু তারা এসে চলে গেল। বিএনপি যা শুনতে চেয়েছিল, তাদের চোখ মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাদের মধ্যে এখন আর আনন্দ নেই। যুক্তরাষ্ট্র-ইইউ বলে গেছে, “তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন চাই।” বিএনপি নেতারা এখন আর খুশি নেই। তাদের আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, সেটাই তাদের জ্বালা।’

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানসম্মান থাকতে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। অন্যথায় মানসম্মান থাকবে না। বিএনপিকে পরিষ্কার বলতে চাই নির্বাচনে আসুন। নির্বাচনে না আসলে সেটা আপনাদের বিষয়। কিন্তু নির্বাচনে বাঁধা দিতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব।’

বিএনপির ৫৪ দল, ৩৬ দল, ২৭ দফা, এক দফা, বিএনপি জোট—ভুয়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের জনগণ বিএনপির ভুয়া রাজনীতি চায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অন্তরজ্বালা বেড়ে যাচ্ছে। এক দিনে শত সেতুর উদ্বোধন, আগামী মাসে আরও শত সেতুর উদ্বোধন। পদ্মাসেতু, মেট্রোরেল। চট্টগ্রামে নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল—এত উন্নয়ন কীভাবে ঠেকাবে? বিএনপির ঘুম নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি উন্নয়ন বলতে কিছু করেনি। আওয়ামী লীগ সরকারের এত উন্নয়ন দেখে বিএনপি বুঝে গেছে নির্বাচনে কী হবে। নির্বাচনে হেরে যাবে জেনে তাদের মন খারাপ। এ জন্য পদযাত্রা করতে গিয়ে খাগড়াছড়িতে, বগুড়ায় স্কুলছাত্রীদের ওপর হামলা করেছে। ককটেল মারে বিএনপি।’

দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মাথা গরম করবেন না। বিএনপি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। দেশে শান্তি যত থাকবে আওয়ামী লীগের ভোট তত বাড়বে। একদিকে জনগণের শক্তি, অন্যদিকে সন্ত্রাস আর তাণ্ডব।’

ওবায়দুল কাদের বলেন, ‘সারা বাংলাদেশে আজ দফা একটা, স্লোগান একটা—শেখ হাসিনার বাংলাদেশ।’

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

সীতাকুণ্ডের ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় রুহুল আমিন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১১ টায় উপজেলার ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ভোলা জেলার লাল মোহন থানার বদরপুর গ্রামের কারিগর বাড়ীর মো. বিল্লাল হোসেন কারিগরের ছেলে।

স্থানীয়রা জানান, রুহুল আমিন কয়েকজনকে সঙ্গে নিয়ে রেল লাইন দিয়ে হাঁটছিলেন। এমন সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি তাদের কাছাকাছি আসার পর লাইনে দাঁড়িয়েই সে সেলফি তুলতে চেয়েছিল। মূহুর্তে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বোন জানান, তিন দিন আগে সে বাড়ি থেকে চট্টগ্রাম ভাটিয়ারী গিয়েছিল কাজের সন্ধানে। এখন ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনছি। চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন আল নোমান আমাদের সময়কে বলেন, ভাটিয়ারী খাদেম পাড়া এলাকায় এক ব্যাক্তির মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাৎক্ষনিক মৃত ব্যাক্তির পরিচয় পাই। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সারাদেশে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করলো কুবি ছাত্রলীগ

চাঁদনী আক্তার,কুবি:

পদযাত্রার নামে সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড এবং মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হোসাইন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ম. রকিবুল হাসান রকি, ইমাম হোসেন মাসুম ও জাহিদুল ইসলাম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কজী নজরুল ইসলাম হলের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজমুল হাসান পলাশ, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের সভাপতি ইসরাত জাহান জেরিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর (ভারপ্রাপ্ত) সভাপতি তাহারাতবির হোসেন পাপন মিয়াজী ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনসহ হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় তাহারাতবির হোসেন পাপন মিয়াজী বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরোদ্ধে ছাত্রলীগ সদা প্রস্তুত। দেশের বিভিন্ন জেলায় ও ক্যাম্পাসগুলোতে বিএনপি-জামাতের হামলা ও সকল অপশক্তি প্রতিরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রস্তুত।

পেরুতে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পেরুর প্রত্যন্ত একটি অঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১২ জন। গতকাল মঙ্গলবার বাসটি গিরিখাতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

ফিৎজকারাল্ড প্রদেশের মেয়র কার্লোস ওয়োলা বেতার কেন্দ্র আরপিপি’কে বলেন, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি এবং পুলিশ, স্বাস্থ্যকর্মী ও প্রসিকিউটরদের সাথে একত্রে সব ধরনের সহায়তা প্রদান করছি।’

খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে আঙ্কাশের আন্দিয়ান অঞ্চলে বাসটি উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাসটি ইয়াউয়া থেকে রাজধানী লিমার দিকে যাচ্ছিল।

মেয়র বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসটি ভয়ঙ্করভাবে রাস্তা থেকে গড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

দ্রুত গতি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ রাস্তায় সাইনবোর্ডের অভাব এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণে প্রায় পেরুর বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা ঘটে থাকে।

চাকরির প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে খুন জাপার অর্থ সম্পাদক

ডেস্ক রিপোর্ট:

চাকরির প্রলোভন দেখিয়ে অর্ধেকেরও কম বয়সী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে খুন হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক সালাম বাহাদুর ওরফে আব্দুস সালাম মিয়া(৬০)। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে (২৩) ও মাকে (৫০) গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপ-পুলিশ কমিশনার এইচএম আজিমুল হক।

উপ-পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, শনিবার (১৫ জুলাই) রাত ১১টার পরে রাজধানীর শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেইটে একজন বয়স্ক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার একটি টিম গিয়ে নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে নানা ধরনের জখমের চিহ্ন দেখতে পায়। পরবর্তীতে জানা যায়, নিহত ব্যক্তির নাম সালাম বাহাদুর ওরফে আব্দুস সালাম মিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও ঠিকাদার।

তিনি বলেন, লাশটি কে বা কারা জরুরি বিভাগের সামনে এনে রেখে গেছে তা নিয়ে প্রাথমিক তদন্তে বেশকিছু তথ্য পাওয়া যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা প্রায় সবগুলো অকার্যকর থাকায় ঘটনার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারকে খবর দেই। তারা আসার পর হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে তেমন কিছুই জানাতে পারেননি। এরপর নিহতের ভাই শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর ৩১) দায়ের করেন।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ঘটনা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে না পারায় রহস্য উদঘাটনে কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। বিভিন্ন মাধ্যমে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রহস্য উদঘাটন করা হয়। এরপর মানিকগঞ্জের সিংড়াই থানার গাজিন্দা এলাকা থেকে অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মা ও মেয়ে জিজ্ঞাসাবাদে জানায়, ৫-৬ বছর আগে সালামের সঙ্গে ওই মেয়ের পরিচয় হয়। পরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে সালামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক সৃষ্টি হয়। কিছুদিনের মধ্যে মেয়েটি বুঝতে পারে সালাম তাকে চাকরি দিতে পারবে না। এ বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে এ সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেয় মেয়ে। কিন্তু সালাম তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আত্মীয়-স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য চাপ দিতে থাকে। এরপর মেয়েটি কোনো উপায় না পেয়ে সে তার গ্রামের বাড়িতে চলে যায়।

জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, পূর্ব কথোপকথনের জেরে শনিবার বিকেল ৩টার দিকে সালাম মেয়েটির বাসায় পৌঁছায়। একপর্যায়ে মেয়ের মা ও সালামের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় কথা কাটাকাটি শুনে আশপাশ থেকে লোকজন ছুটে আসে। ঘটনাস্থলে এসে তারা মা ও মেয়েকে সঙ্গে নিয়ে সালামকে বেধড়ক মারধর করে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, সালামের আসার বিষয়টি মা-মেয়ে এবং স্থানীয় প্রভাবশালী লোকজন আগেই জানতো। তারা সালামকে মারপিট করে গুরুতর আহত করে দীর্ঘক্ষণ আটকে রাখে। মূলত তারা আহত সালামকে আটকে রেখে অনৈতিক সুবিধা দেয় ও বিষয়টিকে ভিন্ন ক্ষেত্রে প্রবাহিত করার চেষ্টা করে। যেহেতু তার বয়স বেশি ছিল তাই নানা শারীরিক সমস্যা ও মারপিটের কারণে দীর্ঘক্ষণ রক্তক্ষরণ হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে সালামের মৃত্যু হয়। মাঝপথে মেয়ে গাড়ি থেকে নেমে যায় এবং তার মা সালামকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের জরুরি বিভাগের প্রবেশপথে ফেলে রেখে চলে যায়। এইচএম আজিমুল হক আরও বলেন, সালামের মোবাইল ফোনের তথ্য যাচাইবাছাই করে সেখানে বিভিন্ন ধরনের মেসেজ আমরা পাই। এই মেয়ের সঙ্গে সালামের সম্পর্কের বিষয়টি পরিবার আগেই জানতো। গ্রেফতারকৃত মা ও মেয়েকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।

২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে। আগামী ২৮ জুলাই এই পরীক্ষার ফল প্রকাশিত হবে।

এ তথ্য জানিয়েছেন আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বুধবার তিনি বলেন, ২৮ জুলাই ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন তারা।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন। এরপর সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা কয়েক দিন পিছিয়ে যায়। ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।