All posts by jitu

আ’লীগের শান্তির সমাবেশে দুই পক্ষের মারামারি, চেয়ার ছোড়াছুড়ি

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বুধবার সমাবেশের শুরুতেই মারামারি আর চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়েছে দলের দুটি পক্ষ।

সভামঞ্চের সামনে অবস্থান নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুপুক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বুধবার দুপুর পৌনে ২টার দিকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সমর্থকদের মারামারি শুরু হয়।

এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের একে অপরের ওপর চেয়ার ছুড়তে দেখা যায়। এ সময় মঞ্চ থেকে সবাইকে বসে পড়ার অনুরোধ জানাতে থাকেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

মাইক হাতে নিয়ে এক নেতা বলেন, ‘আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।’

মঞ্চ থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি নিজ সমর্থকদের বলেন, ‘এই তোমরা বসে পড়, কোনো বিশৃঙ্খলা করা যাবে না।’

মঞ্চে উপস্থিত মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, পৌনে ২টার দিকে মহানগর দক্ষিণের সভাপতি মন্নাফির সমর্থকরা মঞ্চের সামনে চেয়ারে বসে যান, এ সময় রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন সেখানে বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

আওয়ামী লীগের এই সমাবেশস্থল থেকে দেড় কিলোমিটার দূরে নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। ওই কর্মসূচি থেকে সরকারপতনের আন্দোলনের ‘এক দফা’ ঘোষণা আসবে বলে আগেই জানিয়ে রেখেছেন দলটির নেতারা।

একই সময়ে দুই প্রধান রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃংখলা বাহিনী বিশেষ নজরদারি রেখেছে দুদলের সমাবেশে। ২৩ টি শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দিয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি

স্টাফ রিপোর্টারঃ

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

যাদের বহিষ্কার করা হয়েছে- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা, দেবিদ্বার পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন সরকার, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য শরিফুল ইসলাম সুমন, পৌর বিএনপির সাবেক সদস্য বশির আহমেদ সরকার, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এআর আহমেদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদ মিয়া কর্মকার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সরকার এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুজিবুর রহমান।

রিজভীর সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৭ জুলাই কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা মেয়র এবং কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ১২ জনকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আ’লীগ কার্যালয়সহ মার্কেট পুড়ে ছাই

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজার সংলগ্ন একটি মার্কেটের আওয়ামী লীগ কার্যালয়সহ ৭টি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনের লেলিহান শিখা মূহূর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১১ জুলাই) রাত সোয়া ১০টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহামায়া পূর্ব বাজার স্টেশন রোডে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদউল্যাহ পাটওয়ারীর মালিকানাধীন একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুরো মার্কেট পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে তাদের ধারণা মতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এসময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগে স্থানীয় সকল বয়সী মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রাখতে অসামান্য ভূমিকা রাখেন। তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। তা না হলে আশেপাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা ছিল।

চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ অগ্নিকাণ্ডে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর ব্যক্তিগত কার্যালয়, শাহাজান বেপারীর অটোবি ফার্নিচার কারখানা, হারুন বেপারীর সিমেন্টের গোডাউন, জাহাঙ্গীর বেপারী, মনির বেপারী, বিল্লাল বেপারী, উত্তম চন্দ্র ঘোষ ও কালাম পাটওয়ারী ৫টি ফলের গোডাউনসহ পুরো মার্কেট পুড়ে যায়। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ধারনা মতে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষাধিক টাকা।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ মুহসিন আলম ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক শান্তনা প্রদান করেন। এবং মডেল থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন।

পরদিন বুধবার (১২ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হেদায়েত উল্যাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী ও ইউপি সদস্য হাবিবুর রহমান, কবির হোসেন রনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কুবি অধ্যাপককে শোকজ

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৮৬তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ এনে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে কারণ দর্শানোর এ নোটিশকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষক।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের জন্য বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আবেদন পত্র পাঠানো হত। সে অনুযায়ী ৯ জানুয়ারি পরিসংখ্যান বিভাগের এক শিক্ষকের চাকরি স্থায়ীকরণের আবেদন পত্র অগ্রায়ন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী। এরপর ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৮৬ তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণের আবেদন বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশের মাধ্যমে প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সে সিদ্ধান্ত না জানায় ১০ মার্চ আরেক শিক্ষকের চাকরি স্থায়ীকরণের আবেদন পত্র অগ্রায়ন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী। যদিও বিশ্ববিদ্যালয়ের আইনে প্ল্যানিং কমিটিকে শুধুমাত্র নিয়োগে সুপারিশের কথা বলা আছে; স্থায়ীকরণের বিষয়ে প্ল্যানিং কমিটির কোনো ভ‚মিকা উল্লেখ নেই।

এরপর ১৫ মার্চ রেজিস্ট্রার দপ্তর থেকে ৮৬তম সিন্ডিকেটের সিদ্ধান্ত জানিয়ে পুনরায় উভয় শিক্ষকের চাকরি স্থায়ীকরণের আবেদন বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশের মাধ্যমে প্রেরণ করতে বলা হয়। তবে প্ল্যানিং কমিটির চাকরি স্থায়ীকরণের আবেদন প্ল্যানিং করার সুযোগ নেই দাবি করে বিশ^বিদ্যালয়কে এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে পরিসংখ্যান বিভাগের প্ল্যানিং কমিটি।

এ বিষয়টিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ এনে প্ল্যানিং কমিটির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। নোটিশে প্ল্যানিং কমিটির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দীকে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-২০১৮ এর ৩ (খ) এর পরিপন্থী হওয়ার দায়ে অভিযুক্ত করে কেন যথোপযুক্ত দন্ড প্রদান করা হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

তবে কারণ দর্শানোর নোটিশকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘পূর্বের নিয়ম অনুযায়ী একটি আবেদন সিন্ডিকেটের আগেই পাঠানো হয়েছে। এরপর সিন্ডিকেটে নতুন সিদ্ধান্ত নেওয়া হলেও আমাকে কিছু না জানানোয় আগের মতো করেই আমি আরেকটি আবেদন অগ্রায়ণ করেছি। আবেদনগুলো ইতিমধ্যে প্রক্রিয়াধীন থাকায় প্ল্যানিং কমিটির সুপারিশ করার সুযোগ নেই বলে কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত জানার পর আমরা নিয়ম মেনেই প্ল্যানিং কমিটি আরেকজন শিক্ষককের চাকরি স্থায়ীর সুপারিশ করেছে। অথচ পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্মানহানি করতে আমাকে শোকজ করা হয়েছে এবং চিঠিতে মানহানিকর শব্দ ব্যবহার করা হয়েছে।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধানকে চিঠি দেওয়া হয়েছে।’ তবে বিভাগীয় প্রধানের অগ্রায়নের আগে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্ল্যানিং কমিটিকে জানানো হয়েছে কি না-জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ‘বিনা কারণে’ একজন অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদের একাংশ। সংগঠনটির কামাল-আমান নেতৃত্বাধীন অংশের সভাপতি অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, একজন অধ্যাপককে প্রশাসন এভাবে শোকজ করতে পারে না। এ ব্যাপারে আমরা রেজিস্ট্রারের সাথে কথা বলেছি। তিনিও বিষয়টিতে একমত। আগামী রোববার চিঠিটি সংশোধন করা হবে বলে তিনি জানিয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ছুটিতে দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এই বিষয়ে আমি উপাচার্যের সাথে বলে দেখব। এটা যেহেতু আইনের সাথে সম্পর্কিত, তাই আমি মতামত দিতে পারি না।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

 

ডেস্ক ‍রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শামীম শিকদার (৪০) নামের এক প্রবাসী মুদি দোকানিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। সোমবার (১০ জুলাই) রাত ১২টার দিকে জোহানসবার্গ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম শিকদার মাদারীপুরের শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার আনিছ শিকদারের ছেলে।

নিহতের পরিবার জানায়, প্রায় ১৪ বছর আগে পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শামীম শিকদার। জোহানসবার্গ শহরে তিনি ও তার শ্যালক প্রবাল একটি মুদি দোকান চালাতেন। সোমবার রাতে ওই দোকানে এসে চাঁদা দাবি করেন একদল সশস্ত্র সন্ত্রাসী। এ সময় তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি গুলি ছোড়ে পালিয়ে যায় সন্ত্রাসী বাহিনী। পরে স্থানীয়রা শামীম শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনিছ শিকদারের বাবা বলেন, সংসারের হাল ধরতে আমার ছেলে দক্ষিণ আফ্রিকায় যায়। কয়েকমাস আগেও বাড়িতে এসেছিল ছেলে। আমার ভাইয়ের ছেলে আমাকে এ ঘটনা জানায়। আমার ছেলেকে সন্ত্রাসীরা মেরে ফেললো। আমাদের একটাই দাবি অন্তত ছেলের মুখটা যেন দেখতে পারি। ওর লাশটা দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন, আমরা এখনো এ বিষয়ে খবর পাইনি। খোঁজ খবর নিচ্ছি। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৫ পদে ৭০ জনের চাকরি, ৪০ বছরেও আবেদন

 

লাইফস্টাইল ডেস্কঃ

সরকারি চাকির প্রার্থীদের জন্য সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ৫ ক্যাটাগরির পদে মোট ৭০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারেন।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৮
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪০
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন কখন
আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বয়সসীমা

১৮-৩০ বছর। তবে ১ ও ৩নং পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোটায় সর্বোচ্চ ৩২ বছর।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা http://mopa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নাঙ্গলকোটে বিদুৎ সর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ জুলাই) ভোরে উপজেলার ঢালুয়া ইউপির সারফাতলী গ্রামের আব্দুল মোতালেব তালুকদারের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, সারফাতলী গ্রামের মৃত. ফজলুল করিমের ছেলে আব্দুল মোতালেব তালুকদার মঙ্গলবার ফজরের নামাজের আযান শেষ করে দাঁড়ালে তার স্ত্রী এসে খবর দিলেন তাদের বসত ঘরে আগুন লাগছে। দ্রুত দেখেন গিয়ে সেমি পাঁকা বসত ঘরে ধাও ধাও করে আগুন জ্বলছে। চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। মুহুর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ আব্দুল মোতালেব তালুকদার বলেন, স্ত্রীর খবর শুনে দ্রুত গিয়ে দেখি বসতঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকজনকে ফোন করি। তার আসার আগে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা দলিলপত্র, স্বর্ণ ও আসবাবপত্র পুড়ে যায়। কিছুই বাহির করতে পারিনি। সব শেষ হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে লাকসাম উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার কর্মী এমরান হোসেন বলেন, নাঙ্গলকোট উপজেলা ঢালুয়া ইউপির সারফাতলী গ্রামে একটি অগ্নিকান্ডের ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নাঙ্গলকোট পৌর বাজার পর্যন্ত গিয়ে পৌছালে ক্ষতিগ্রস্থ পরিবার ফোন করে জানায় আগুন নিভে গেছে। পরে তারা চলে আসে।

নোয়াখালীতে চিকিৎসক ও নার্স না থাকায় ৬ হাসপাতালকে জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর মাইজদী শহর ও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ছয়টি প্রাইভেট হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকা সহ নানান ধরনের অপরাধে ছয়টি হাসপাতালকে তিন লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির আরাফাত ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অসীম কুমার দত্ত সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় শাইনিং মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইলকে ৫০ হাজার টাকা , চৌমুহনী মেডিকেল সার্ভিস প্রাইভেটের পরিচালক জোবায়ের হোসেনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, গ্রীন লাইফ হাসপাতাল প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হায়দারকে ৩০ হাজার টাকা, জেনারেল শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আহম্মেদ স্বপনকে ৫০ হাজার, মর্ডান প্যাথলজিক্যাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসানকে ৩০ হাজার টাকা ও ইউনিক ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, নোয়াখালীতে প্রায় পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হন। জনসাধারণকে ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হতে রক্ষার্থে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা লিসা

 

ডেস্ক রিপোর্টঃ

ভারতের ওড়িশায় ঐতিহ্যবাহী শাড়ি পরে, চুল বেঁধে, কপালে ছোট্ট টিপ দিয়ে, কানে দুল পরে সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে কাজে লাগিয়ে তৈরি রোবট সংবাদ পাঠিকা লিসা। কৃত্রিম বলেই যান্ত্রিক নয়, লিসার কণ্ঠে আবেগের ছোঁয়াও স্পষ্ট।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত রোববার ভারতের ওড়িশা রাজ্যের ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) চ্যানেলে সংবাদ পাঠ করেছে রোবট সংবাদ পাঠিকা লিসা। এর আগে এপ্রিলে দেশটির প্রথম এআই সঞ্চালক হিসেবে ভারতে আত্মপ্রকাশ করে ইন্ডিয়া টুডে গ্রপের আজ তক নিউজ চ্যানেলের রোবট সংবাদ পাঠিকা সানা।

লিসাকে খবর পাঠের আগেই সবার সঙ্গে আলাপ করিয়ে দেন ওটিভির অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পন্ডা। তিনি বলেন, একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক জিনিস ছিল। তবে সেই যুগ আর নেই। সময় বদলেছে, এখন এআই-এর যুগ। সে কারণেই সময়ের সঙ্গে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিসা ফ্রি-টু-এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের প্রথম এআই উপস্থাপক। এখন থেকে ইংরেজà