All posts by jitu

কুমিল্লার চৌদ্দগ্রামে মাছের প্রজেক্ট থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জালাল আহমেদ (৪২) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জালাল ওই ইউনিয়নের কাপড়চতলি গ্রামের আবদুর রহমানের ছেলে। এর আগে, গত শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জালাল আহমেদের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল সকালে নাস্তা খেয়ে কাজের উদ্দেশে বের হন। ওইদিন রাতেও বাড়িতে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আত্মীয়-স্বজনের বাড়িতে খবর নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন নিখোঁজ হওয়ার খবরটি পোস্ট করা হয়। আজ সকালে লোক মারফতে জানতে পারি স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্টের পাশে পানিতে একটি লাশ ভাসতেছে। পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশটি শনাক্ত করি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জালালের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং হাতের মুষ্ঠিতে কিছু কচুরলতি ছিল। কোনো অভিযোগ না থাকায় জালাল আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ব্রাজিলে আবাসিক ভবন ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ওই ভবনটি ধসে পড়ে। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ ও ৮ বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দমকল বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যের রাজধানী রেসিফে ওই দুর্ঘটনা ঘটে।

ড্রোনে ধারণ করা বেশ কিছু ফুটেজে দেখা গেছে, চারতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়ার পর দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। তখন অনেক বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। কী কারণে ওই ভবনটি ধসে পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রেসিফ একটি বন্দরনগরী যেখানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। গত কয়েকদিনে সেখানে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পেরনামবুকো গভর্নর রাকুয়েল লিরা সতর্ক করেছেন যে, আগামী দিনগুলোতে আরও বৃষ্টি হতে পারে।

গণ অধিকার পরিষদের কার্যালয় ছাড়তে ৬ মাস সময় চায় নুররা

ডেস্ক রিপোর্ট:

ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের দ্বন্দ্বের জেরে আগামী দুই দিনের মধ্যে রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। গণঅধিকারর পরিষদের পক্ষের দাবি, তাদের ৬ মাসের সময় দিতে হবে।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান বলেন, মালিককে আন্তরিকতা নিয়ে বলেছি আমরা রাজনীতি করি। চাইলেই তো আর এত বড় কার্যালয় হুট করে পাওয়া যাবে না। তাই আমাদের ৬ মাস সময় দিতে হবে।

এর আগে শুক্রবার (৭ জুলাই) ৭৩/২ পুরানা পল্টনের জামান টাওয়ারের ৬ষ্ঠ তলার এ কার্যালয় ছাড়ার নোটিশ দেন জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া।

কার্যালয় ছাড়ার নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী এ মর্মে আতঙ্কিত ও ভীত।

তাছাড়া ভবনের সমিতির পক্ষে থেকে ও আমাদের এ ব্যাপারে সর্তক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বিধায় আগামী ৯ জুলাইয়ের মধ্যে অফিস খালি করে দেওয়ার অনুরোধ রইল।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না এমবাপে

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি চলে যাওয়ার কারণ কিলিয়ান এমবাপেকে আরও বেশি প্রয়োজন পিএসজির। এ কারণে ক্লাবটি চাচ্ছে এমবাপে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করুক। কিন্তু পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নন এই ফরাসি তারকা। সম্প্রতি পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি যে হুমকি দিয়েছে এমবাপেকে, তা সত্ত্বেও তিনি চুক্তি নবায়ন করতে রাজি নন।

ইএসপিএন রিপোর্ট প্রকাশ করেছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করে রিয়াল মাদ্রিদেই যাওয়ার ইচ্ছা এমবাপের। আপাতত সে লক্ষ্যেই এগিয়ে চলছেন তিনি। বরং, আল খেলাইফি যে হুমকি দিয়েছেন, সে হুমকি তার চিন্তা-ভাবনায় কোনো পরিবর্তন ঘটায়নি।

কিলিয়ান এমবাপে এখন সফর করছেন আফ্রিকান দেশ ক্যামেরুনে। যদিও এমবাপে ফরাসি নাগরিক। তবে তিনি ক্যামেরুন বংশোদ্ভুতও । তার বাবা ছিলেন ক্যামেরুনিয়ান। সেখানেই পিএসজিতে থাকা না থাকা, আল খেলাইফির হুমকি এসব বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। ইএসপিএন জানিয়েছে, আল খেলাইফির হুমকির বিষয়ে একেবারে উদ্বিগ্ন নন এমবাপে।

রিয়াল মাদ্রিদ এখনও দলে পেতে উন্মুখ হয়ে আছে। প্রায় ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা এমবাপেকে কিনতে চায়। তবে, তারা চাচ্ছে এ ব্যাপারে এমবাপে কিংবা পিএসজি থেকে প্রথম পদক্ষেপ নেয়া হোক। এরপর তারা এগিয়ে আসবে।

রিয়াল মাদ্রিদের এ চাওয়ার মূল কারণ হলো, গত মৌসুমের নাটক। কারণ, গতবারও এমবাপে মাদ্রিদে প্রায় চলে গিয়েছিলেন; কিন্তু শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করে আর মাদ্রিদে আসা হয়নি তার। এবারও এমন কিছু ঘটুক, তা চায় না রিয়াল কর্তৃপক্ষ।

দেবিদ্বার পৌর নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় উপজেলা চেয়ারম্যান কিশোর !

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারের পৌরসভা  নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁঞার  পক্ষে এসে প্রচারণা করে গেলেন মুরাদনগরের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আহসানুল আলম সরকার কিশোর। প্রচারণার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে চরম সমালোচনা শুরু হয়।

সম্প্রতি দেবিদ্বারের ভিংলাবাড়ি এলাকায় এসে চেয়ারম্যান কিশোর এ প্রচারণা চালান।

দেবিদ্বার পৌরসভা নির্বাচনে নৌকার প্রতিক পেয়েছেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল সমর্থিত প্রভাষক শামীম। পরে দলের সাথে বিদ্রোহ করে আ’লীগের বেশ কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁঞা তেমনি একজন। তিনি ক্যারম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর দেবিদ্বারে এসে কাইয়ুম ভূইয়ার পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন বলে স্থানীয় সূত্র জানায়।

এ ঘটনায় দেবিদ্বার ও মুরাদনগরজুড়ে সমালোচনার ঝড় চলছে। যিনি নৌকা প্রতিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন, যার পিতা জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবিদ, সেই পিতার সন্তান হয়ে তিনি কিভাবে নৌকার বিপক্ষে অবস্থান নিলেন তা নিয়ে চরম অন্তোষ প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা। সেই সাথে দল থেকে তাকে বহিষ্কারের দাবি উঠেছে।

এ বিষয়ে জানতে আহসানুল আলম সরকার কিশোরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ৬ই জুলাই  কুমিল্লা দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও দেবিদ্বার পৌরসভার ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁঞাকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তামিমের

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। ফিরবেন এশিয়া কাপে।

চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। আজ তাঁকে ডেকেছিলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

চুরি হওয়া স্বর্ণালংকার নগদ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলায় চুরি হওয়া স্বর্ণালংকার নগদ টাকাসহ আন্তজেলা চোর চক্রের মূলহোতা রাজিবকে  গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জেলার বরুড়া উপজেলার জিনসার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা মোঃ রাজিবকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত রাজিবের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার চাঁদপুর গ্রামে। তার বাবার নাম মোঃ মজিবর সরদার।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ঢুকে গ্রিল ও দরজা কেটে একটি চক্র চুরি করে আসছিল।

এরকম একটি চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে মাহবুবা আক্তার নামে এক নারী বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ওই চুরি হওয়া বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে সনাক্ত করে। পরে বরুড়া থানার জিনসার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চোরকে আটক করে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চুরি হওয়া নগদ এক লাখ দশ হাজার টাকা জব্দ করে পুলিশ। পরে ওই চোরের কথামতো বরুড়া বাজারের আমিন জুয়েলার্স থেকে চুরি ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। শুক্রবার  তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাপন বুঝতে পারছেন না, ‘তামিমের কান্নার কি আছে’

 

স্পোর্টস ডেস্কঃ

দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় নিয়ে নিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান তিনি। তামিমের এমন আকস্মিক বিদায়ে সারা দেশজুড়ে ভক্ত-সমর্থকদের মনে দাগ কেটেছে।

তামিমের আচমকা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ক্রিকেট ফ্যানরা। বিদায়ী সংবাদ সম্মেলনে তামিমের কান্না মন ছুঁয়ে গেছে ভক্তদের।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের হঠাৎ অবসরের কী কারণ? এটি কি ঝোঁকের বশে নেওয়া সিদ্ধান্ত, নাকি অনেক অভিমানের বহিঃপ্রকাশ? ক্রিকেট বোর্ড কীভাবে নিচ্ছে ওয়ানডে অধিনায়কের এ অবসর? এসব প্রশ্ন এখন সবার মনে। তামিম অবসর নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এই ইস্যুতে নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তার কাছে প্রথমে জানতে চাওয়া হয়, তামিমের হঠাৎ করে এমন অবসর কেন?

পাপন বলেন, একটা সিরিজ চলছে। ওর যদি এ রকম কোনো প্ল্যান থাকে, আলাপ করতে অসুবিধা কোথায় ছিল? আমার সঙ্গে তো রোজই কথা হয়। কাউকে না জানিয়ে এ রকম করব— এ মানসিকতা থেকে ওরা বের হবে কবে? মানে এটা করে ওদের কী লাভ হয়, আমি বুঝি না। আমার মাথায়ই ঢোকে না।
তামিম সংবাদ সম্মেলন করতে চেয়েছেন, আপনি কি একদমই টের পাননি? জবাবে বলেন, আমি চট্টগ্রামে খেলা দেখে রাত দেড়টায় ঢাকায় এসেছি। আমার সঙ্গে তিন দিন আগে যখন ওর কথা হলো, আমি স্কোয়াড নিয়ে জানতে চেয়েছি, ও বলেছে— সব ঠিক আছে। তার পর আবার কালও যখন গেছি, টিমের সঙ্গে বসেছি ১০ মিনিট, বেস্ট অব লাক বলে-টলে আমি খেলা দেখলাম। রাতে চলে এলাম। আসার পর আমাকে বলা হলো, ও একটা প্রেস কনফারেন্স করতে পারে।

সঙ্গে সঙ্গে জালাল ভাইকে (ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান) ফোন দিলাম। তিনি ধরলেন না। সকালবেলা জালাল ভাই ফোন করার পর বললাম, এটা কী? কী নিয়ে প্রেস কনফারেন্স করবে? তিনি বললেন, জানি না তো। যা–ই হোক, আমি ভেবেছি, ও বলবে, আমি ফিট না, সামনের দুটা ম্যাচ খেলব না। কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না— এটি আমার মাথায়ই আসেনি। কারণ ও আমাকে কয়েকবার বলছে, ওর সঙ্গে আমার কথা হয়েছে, আমাকে সে নিজে বলছে যে, ও অন্তত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে।
খেলার বিষয়ে সর্বশেষ আপনাকে তামিম কি বলেছিল? এ সময় পাপন বলেন, তামিম আমাকে বলেছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবেন। তার পর ধারণা করেছিলাম বিশ্বকাপের পর না–ও খেলতে পারে। এটুকুই জানি, আর কিছু জানি না।

পাপন যোগ করেন, তিন দিন আগে ওর সঙ্গে কথা হয়েছে। তামিম বলল, ও ফিট, ও খেলবে। তার পর আমি আবার ফিজিওকে জিজ্ঞেস করেছি। বলছে, একদম ফিট। তার পর ও খেলার আগের দিন বলছে, ও ইনজুরড, ফিট না। এটা কী হিসাবে বলল, কী বোঝাইতে চাইল। আমি বুঝিনি।

আমার কথা হলো— তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ-মাশরাফি, এরা হলো বাংলাদেশের লিজেন্ডস। এদের ভবিষ্যতে সবাই ফলো করবে। এরা কী শেখাতে চাচ্ছে? কী রেখে যাচ্ছে এক্সাম্পল? একজন না, একের পর এক সবাই করছে। রিয়াদ খেলার মাঝখানে কথা নাই বার্তা নাই ওইখানে গিয়া বলল, আমি রিটায়ার করে ফেললাম। মুশফিক হঠাৎ করে বলে দিল, আমি টি-টোয়েন্টি থেকে রিটায়ার করলাম। মানে আমি বুঝতে পারছি না, হোয়াটস গোয়িং অন? এতে কী লাভ হচ্ছে জানি না। যাই হোক, অনেক দিন ধরে প্ল্যান করেই করছে।

তামিমের কান্নার বিষয়টা আপনার কেমন লেগেছে? প্রশ্নোত্তরে পাপন বলেন, আমি কিছুই বুঝতে পারছি না, কান্নারই বা কী হলো। তারে তো কেউ বসতে বলে নাই, করতেও বলে নাই। নিজে থেকে করেছে, কাঁদছে কেন? আর এখন গায়েব হয়ে গেছে কেন? এতদিন না হয় ভাবছে, আমরা আটকাতে চেষ্টা করব যাতে না করে। এখন করেই ফেলছে। এখন ফোন বন্ধ করে রাখছে কেন? খুবই দুঃখজনক।

মাশরাফিকে সঙ্গে নিয়ে গণভবনে তামিম

স্পোর্টস ডেস্ক :

তামিম ইকবালের হঠাৎ অবসরের সিদ্ধান্ত মানতে পারছেন না ক্রীড়ামোদিরা। তার সতীর্থ ও সাবেক খেলোয়াড়েরাও বলছেন, সিদ্ধান্তটা সময় হওয়ার আগেই নিয়ে ফেললেন ড্যাশিং ওপেনার। তামিমের ঘোষণাটা যে অভিমান থেকে এসেছে সেটি এতক্ষণে সবার অনুমানে।

দেশের ক্রীড়ামোদিদের প্রত্যাশা তামিম সিদ্ধান্ত বদলাক। আবার ঝড় তুলুক বাইশ গজে।

ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করেন, বিসিবির ডাকে এখনও পর্যন্ত সাড়া না দেওয়া তামিমকে আটকাতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান তামিমকে ডেকেছেন।

সতীর্থ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন তামিম ইকবাল। তারা এখন গণভবনে অবস্থান করছেন।