All posts by jitu

পদুয়ার বাজারে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ জুন রাতে সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন চাঁদপুরের সদর উপজেলার শিলনদিয়া গ্রামের মৃত. মমিনুল হক পাটোয়ারীর ছেলে মোঃ কাওসার পাটোয়ারী (৪০)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩, কৃষকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকা ডুবিতে এনামুল হক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এক শিশুসহ আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর টিকরপাড়া বালুগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। নিখোঁজরা হলেন একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭), মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এনামুল হকসহ আরও তিন-চারজন মিলে আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় আসলে নৌকাটি হঠাৎ ঝড়ো হাওয়ায় ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। বাকিরা নিখোঁজ।

ওসি আরও বলেন, রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে: সিইসি

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৭ জুন) নির্বাচন ভবনে আট প্রার্থীকে নিয়ে আচরণবিধি প্রতিপালন বিষয়ক সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, আমরা আচরণবিধি প্রতিপালনের বিষয়ের জন্য আপনাদের ডেকেছি। আমরা কোনোভাবেই চাই না আচরণ ভঙ্গ হোক। আমরা আশা করি এটা হবে না। অনেক সময় অজ্ঞতাবশত আচরণবিধি লঙ্ঘন হয়। অনেকে অতি উৎসাহী হয়ে কিছু কিছু কর্ম করে ফেলেন আচরণ ভঙ্গজনিত।

তিনি আরও বলেন, আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের চেষ্টা করবো। অতীতেও আমরা এ চেষ্টা করেছি। ক্ষেত্রে বিশেষে প্রার্থিতাও বাতিল করেছি। ওই রকম কোনো ঘটনা আশা করি ঘটবে না। আপনারাও সচেতন হন। আপনারা সংসদ সদস্য হয়ে আইন প্রণয়ন করবেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এটা একান্তভাবে কাম্য।

কোনোভাবেই সহিংসতার আশ্রয় নেওয়া যাবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাউকে আক্রমণ করবেন না। আক্রমণাত্মক কথা বলবেন না। মিছিল করতে গিয়ে ঢিল ছুড়বেন না। দোষারোপ করে বক্তব্য দেওয়া পরিহার করে চলা ভালো।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা নির্বাচন সিসিটিভি দিয়ে নিবিড়ভাবে মনিটর করবো। অনেকে পেশিশক্তি লাগিয়ে ব্যালটে সিল দিয়ে স্টাপিং করতে থাকেন। সেটা কিন্তু করবেন না। এমনও হতে পারে আমরা চিহ্নিত করতে পারলাম না। এক্ষেত্রে আমরা টোটাল ভোট বন্ধ করে দিতে পারবো। যদি বুঝি এটা ব্যাপকভাবে হচ্ছে। এজন্য সার্বিক ভোট বিপন্ন হবে, বাধাগ্রস্ত হবে। জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। এটা আমাদের কাছে প্রতীয়মান হলে সম্পূর্ণ ভোট বন্ধ করে দিতে বাধ্য হবো।

ভোটারদের বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, পোলিং এজেন্ট না থাকলে ভোটের ক্ষেত্রে অনেকটাই নিরাপত্তাহীন হয়ে পড়বেন আপনারা। কেউ অন্যায় আচরণ করছে কি না, কারচুপি হচ্ছে কি না সেটা দেখার জন্য পোলিং লাগবে। নির্বাচন কমিশন এখানে বসে বসে সব কিছু দেখতে পারবে না।

পোলিং এজেন্টও সেটা দেখবেন। আমরা অনেক সময় অসহিষ্ণু হয়ে উঠি। প্রচারণা চালাতে হবে অহিংস পদ্ধতিতে, শালীনভাবে। আমরা ভোটাধিকার নিশ্চিত করতে চাই। কে কারে ভোট দিলো এটা আমাদের মাথাব্যথা নেই। ভোটাররা আসবেন। ভোট দেবেন। বাইরে এসে কোনো অভিযোগ করবেন না। এটাই আমাদের লক্ষ্য।

সভায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত না আসায় উষ্মা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।

নৌকার এ প্রার্থীর প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেন, তিনি অসুস্থ তাই আসতে পারেননি।

সিইসি বলেন, কুমিল্লা সিটি নির্বাচনের সময়ও আওয়ামী লীগের প্রার্থী উপস্থিত ছিলেন না।

সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর ও রাশেদা সুলতানা, জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, মুক্তিজোটের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন, তৃর্ণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) ও তরিকুল ইসলাম ভুঞা উপস্থিত ছিলেন।

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১টি চাকু, ১টি কিরিচ, ১টি চাপাতি, ১টি দা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের নাদিম মিয়ার বাড়ির মৃত ওহাবের ছেলে মো. হাসান (২০) একই বাড়ির স্বপনের ছেলে মো.রবিউল হোসেন ওরফে রবি (২০) ও সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের ইসমাইল মিয়াজী বাড়ির মো.ইসমাইলের ছেলে সুমন (২৮) পশ্চিম এওজবালিয়া গ্রামের সফিক উল্যার বাড়ির সফিকের ছেলে মো.রুবেল (২৫)।

পুলিশ জানায়, সোমবার রাত্রীকালীন টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১টি চাকু, ১টি কিরিচ,১টি চাপাতি, ১টি দা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেফতার চার ডাকাত সদস্যকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সেন্টমার্টিন নিয়ে কখনো কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

সেন্ট মার্টিন দ্বীপের ইজারা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কখনো কোনো ধরনের আলোচনায় জড়ায়নি বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেসব কথাবার্তা চলছে, সেগুলো ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। গত সোমবার (২৬ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে এবং প্রধান বিরোধী দল বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে সেটি বিক্রি করতে চায়। এ কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হবে।

এরপর ওই সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে জানতে চান, এগুলো বাংলাদেশের শাসক গোষ্ঠীর ছড়ানো ভুল তথ্য কি না? আর সেন্ট মার্টিন আসলেই এত গুরুত্বপূর্ণ কি না?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমি শুধু বলবো, এটি সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি এবং সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার বিষয়ে আমরা কখনো কোনো ধরনের আলোচনায় যুক্ত হইনি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে আমরা গুরুত্ব দেই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সমর্থনসহ গণতন্ত্রের প্রচারে একসঙ্গে কাজ করে সম্পর্ককে শক্তিশালী করতে চাই।

বাংলাদেশের নির্বাচনে ‘বাধাদানকারীদের’ ওপর নিষেধাজ্ঞা চেয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেস সদস্য। চিঠিতে বাংলাদেশে অবাধ নির্বাচনের সুযোগ করে দিতে কঠোর ব্যক্তিগত নিষেধাজ্ঞা, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ও সেনাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধসহ কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

এর প্রতিক্রিয়ায় শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশিদের নিষিদ্ধ করার দাবি জানানো লোকদের বাংলাদেশের ‘শত্রু’ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গত রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ১০ বছর ধরে কাজ করছে। ১৬৯ জন জীবন দিয়েছেন। এ অর্জনকে যারা খাটো করে দেখছেন, ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছেন, তারা বাংলাদেশের বন্ধু নন, শত্রু। তারা কংগ্রেসম্যান, নাগরিক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে-ই হোন, তারা শত্রু। তাদের যারা টাকা দিয়ে প্রভাবিত করেছেন, তারাও যে বাংলাদেশের শত্রু।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী চিঠিদাতা কংগ্রেস সদস্যদের ‘শত্রু’ বলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ম্যাথিউ মিলার বলেন, চিঠিটি আমি দেখিনি। কোনো মন্তব্য করার আগে আমি চিঠিটি দেখতে চাই।

চান্দিনায় বিকাশ হত্যা মামলার প্রধান আসামী ঢাকা থেকে গ্রেফতার

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই উনিয়নের নারাচোঁ গ্রামের বিকাশ চন্দ্র
দাস হত্যা মামলার প্রধান আসামী আজিজুল হক আজু (২৮) কে ঢাকা থেকে
গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে তাকে আদালতের
মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতার হওয়া আজিজুল
হক আজু উপজেলার বরকরই ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের মো. শহিদ উল্লাহ্ধসঢ়;র
ছেলে।

এর আগে সোমবার (২৬ জুন) বিকেলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর রমনা পার্ক এলাকা থেকে তাকে
গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন চান্দিনা থানা পুলিশের উপ-
পরিদর্শক (এসআই) মো. মঞ্জুর হোসেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাহাবুদ্দীন খাঁন গ্রেফতারের
বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘বিকাশ হত্যা মামলার একমাত্র আসামী আজিজুল হক
আজু। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

গত ৫ জুন উপজেলার বরকরই ইউনিয়নের নারাচোঁ গ্রামে গৌতমের মৎস্য প্রজেক্ট
সংলগ্ন মাঠে ক্রিকেট খেলা চলছিল। বিকাশ চন্দ্র দাস দাঁড়িয়ে খেলা দেখছিল।

হঠাৎ আজু নামের ওই লোকটি এসে পাওনা টাকা চাওয়ার অযুহাতে বিকাশ কে
এলোপাথারী কিলঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে বিকাশ মাটিতে লুটে পরায়
তাকে নবাবপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার
অব¯’ার অবনতি ঘটলে সন্ধ্যার পর চান্দিনা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে আনলে
কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বিকাশ চন্দ্র দাস নারাচোঁ গ্রামের মৃত
মনমোহন চন্দ্র দাসের ছেলে। ওই ঘটনায় নিহতের ছেলে ঝলক বাদী হয়ে একই দিন
রাতে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জনগণ জানে শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাঙালিরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত করবে না। বরং মাথা উঁচু করে চলবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৭ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমি বাংলার মানুষের অধিকার চাই। বঙ্গবন্ধু কন্যা ঠিক একইভাবে বাংলার মানুষের যা প্রয়োজন তার জন্য কোনদিনই কোনো চাপের কাছে নত স্বীকার করবেন না। অতএব আমাদের জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে শেখ হাসিনার মতো নেতৃত্বই আমাদের দরকার।

বিএনপির আন্দোলনের বিষয়ে দীপু মনি বলেন, যেই আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনো সফল হয় না। বিএনপি সব ঈদের পর আন্দোলনের ডাক দেয়। তারা শুধু হাঁক-ডাকে সীমাবদ্ধ থাকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারীসহ অনেকে।

আজ পবিত্র হজ: ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

আন্তর্জাতিক ডেস্ক:

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান। আজ ৯ জিলহজ মঙ্গলবার পবিত্র হজ। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করছেন।

সাদা সফেদ-শুভ্র দুই খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিদের উপস্থিতিতে সাদায় একাকার হয়ে উঠেছে ময়দান। ফজরের পর সারা বিশ্ব থেকে আগত ২৩ লাখ মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন।

আজ ৯ জিলহজ মূল হজের দিন হাজিরা আরাফার ময়দানে থাকবেন সূর্যাস্ত পর্যন্ত। চার বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণে মক্কা, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে ১ মাইল বিস্তৃত। হাজিরা নিজেদের মতো সুবিধাজনক স্থান বেছে নিয়ে ইবাদত করবেন; হজের খুতবা শুনবেন এবং যোহর ও আসরের নামাজ পড়বেন।

আরব নিউজ সূত্রে জানা গেছে, আরাফার ময়দানের মসজিদে নামিরায় খুতবা পাঠ করবেন গ্র্যান্ড ইমাম। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন হাজিরা এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করে সমস্ত রাত অবস্থান করবেন। মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কংকর এখান থেকে সংগ্রহ করা হয়।

আরাফার ময়দানে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মসজিদ নামিরা থেকে হজের খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মসজিদে নামিরায় হজের খুতবা দিবেন ড. ইউছুফ মুহাম্মদ বিন সাঈদ।

আরাফার ময়দান থেকে এবারে হজের আরবি খুতবা বাংলাসহ বিশ্বের ২০টি দেশের ভাষায় শোনা যাবে। হজের খুতবা বাংলা অনুবাদ করবেন মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আ ফ ম ওয়াহীদুর রহমান।

হজের যেসব স্থানে দোয়া কবুল হয়

১০ জিলহজ মিনায় পৌঁছার পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ করতে হয়। প্রথমে মিনাকে ডান দিকে রেখে হাজিরা দাঁড়িয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। দ্বিতীয় কাজ আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করা। অনেকেই মিনায় না পারলে মক্কায় ফিরে গিয়ে পশু কোরবানি দেন। তৃতীয় পর্বে মাথার চুল ফেলে দেওয়া। চতুর্থ কাজ তাওয়াফে জিয়ারত।

প্রথম দিন মিনায় পৌঁছে শয়তানকে সাতটি কংকর নিক্ষেপ, মাথা মুণ্ডন ও কোরবানি দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে ঈদ পালন করবেন হাজীরা।

সৌদির পরিসংখ্যান অনুসারে- গত বছর ৯ লাখ ২৬ হাজারেরও বেশি লোক হজ পালন করেছেন। এর আগের বছর ২০২১ সালে প্রায় ৫৯ হাজার জন হজ পালন করেন। আর ২০২০ সালে শুধু সৌদিতে অবস্থানরত ১০ হাজার মুসলিম হজের সুযোগ পেয়েছিলেন। অথচ করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেন। এবার কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মুসলিম পবিত্র হজ পালন করবেন।

এদিকে মিনা তাবুতে মো. শফি নামে এক বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বোলায়খালী উপজেলার বাসিন্দা। এপর্যন্ত মক্কা মদিনায় ২৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে, এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৪ নারী।