All posts by jitu

সদর দক্ষিণে ৩৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৩৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিক আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন রাতে উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মাদক কারবারিরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার দেবীসিংপুর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে শাহাদাত হোসেন (২৪) এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে আজাদ হোসেন (২৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

নারীর স্যান্ডেলে মিলল ১১০০ পিস ইয়াবা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১ হাজার ১০০পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক সংসার খাতু (৪০) কক্সবাজার জেলার টেননাফ থানার সীল বনিয়া পাড়া এলাকার বড় কালা মিয়া হাজী বাড়ির নুরুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (২৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জমিদার পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে নোয়াখালীগামী বাধন পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মাদককারবারি আবুল কালাম আজাদ ওরফে আজুর কাছে আসছে এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক নারীর ওপর নজরদারি রাখা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে একটি যাত্রীবাহী বাসে উঠে ওই নারী নোয়াখালীর সুবর্ণচরে যাচ্ছিলেন। তার বাসটি বেগমগঞ্জের জমিদার পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে পৌঁছলে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।

পরে বাস থেকে সন্দেহভাজন নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীর দুটি স্যান্ডেলের ভিতরে ১ হাজার ১০০পিস ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।

মহাসাগরে নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ স্থলের সন্ধান মিলেছে

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যে এলাকায় নিখোঁজ সাবমেরিন টাইটানের খোঁজে অনুসন্ধান চলছে, সে এলাকায় সাবমেরিনটির ধ্বংসাবশেষ ক্ষেত্র বা ডেবরিস ফিল্ড ( যে অঞ্চল জুড়ে ধ্বংসাবশেষ থাকে) সন্ধান মিলেছে। মার্কিন কোস্ট গার্ড এই তথ্য জানিয়েছে।

সমন্বিত বিশেষজ্ঞ কমান্ড এখন ডেবরিস ফিল্ডের তথ্য মূল্যায়ন করছে।

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দল। উদ্ধার দলে একের পর এক জাহাজ ও অত্যাধুনিক সরঞ্জাম যোগ হচ্ছে।

সর্বশেষ এ দলে যোগ দিয়েছে কানাডা ও ফ্রান্সের দূরনিয়ন্ত্রিত জলযান (আরওভি)। এই আরওভির মাধ্যমেই ডেবরিস ফিল্ডের সন্ধান মিলেছে।

গত রবিবার আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচ আরোহীকে নিয়ে রওনা দেয় টাইটান। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর সেটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকেই সেটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বেশ কয়েকটি দেশের উদ্ধারকারী দল। সূত্র: সিএনএন, বিবিসি

কুমিল্লার বুড়িচংয়ে পুড়ে ছাই হলো ব্যবসায়ীদের ঈদ আনন্দ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ব্যবসায়ীদের ঈদ আনন্দ।

বুধবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কসংলগ্ন কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টা সময় লেগেছে। ঈদের আগে এমন দুর্ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, মার্কেটের মাঝখান দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ওসি ইসমাইল হোসেন বলেন, ঈদের আনন্দ শেষ হয়ে গেল ব্যবসায়ীদের। প্রায় ১৫-২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি-৫৩তম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে এইচ.এস.সি- ৫৩তম ব্যাচের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির বাহক কবুতর অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাছিম উদ্দিন ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, মহানগর ছাত্রলীগের আহবায়ক আ.ক.ম আব্দুল আজিজ সিহানুক, ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কাজী সায়েম।

কলেজ ছাত্রলীগ নেতা নাঈমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো.কামরুর রশীদ, কলেজের শিক্ষক-শিক্ষিকা ,কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমাদেরকে পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ হতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থানে সু প্রতিষ্ঠিত হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ইঁদুরের বিষকে চকলেট ভেবে খেয়ে প্রাণ গেল ২ শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইঁদুরের গর্তে রাখা বিষ চকলেট মনে করে খেয়ে প্রাণ গেল দুই শিশুর।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তার সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে ওই দুই শিশু খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে থাকা ট্যাবলেট আকারের বিষ (ইঁদুর মারার জন্য রাখা) খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখেছিলেন।

ইঁদুর মারার বিষ খেয়ে শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপর শিশুটিও মারা যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আ’লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু সম্ভব, সিটি নির্বাচনই তার প্রমাণ: শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রমাণ করেছেন, তাঁর সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে।

সম্প্রতি অনুষ্ঠিত বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ হতে পারে এবং এর বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারে না।’

শুক্রবার (২৩ জুন) দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আগে আজ (২২ জুন) সকালে তিনি গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্বের সময় এ কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যে সব দেশ বাংলাদেশের নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, প্রধানমন্ত্রী তাদেরকে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানান। যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেছেন।

তিনি বলেন, ‘কিন্তু বিএনপি শাসনামলে উপ-নির্বাচনে ভোট দিতে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি কারণ, তারা তাদের প্রার্থীদের বিজয়ী করতে ভোট লুট করেছিল।’

এ লক্ষ্যে তিনি তেজগাঁও, মিরপুর ও মাগুরার উপ-নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘ভোট ডাকাতির মাধ্যমে তারা জন্ম নিয়েছে এবং এটাই তাদের অভ্যাস।’

তবে তিনি বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থীদের মেয়র নির্বাচিত করায় দেশবাসীকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘কানাডার একটি আদালতে যে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে, সেই বিএনপি এখন আওয়ামী লীগকে ভোট চোর বলছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভোট চুরির দরকার নেই কারণ, এটি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে জনগণের ভোট পায় এবং এভাবে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তাঁর দল যখনই পরাজয়ের সম্মুখীন হয়েছে, ষড়যন্ত্রের কারণেই হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং ২০০৮ সালের নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনও হয়েছিল।’

‘বিপরীতে, জনগণ কখনই সন্ত্রাসী সংগঠন বিএনপিকে ভোট দেয় না কারণ, তাদের জনগণের সেবা এবং উন্নতির জন্য কাজ করার কোন আগ্রহই নেই বরং বড় ধরনের দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছানোর কাজেই ব্যস্ত ছিল।’ তিনি বলেন।

তিনি আরও বলেন, ‘প্রত্যেকের মনে রাখা উচিত যে সন্ত্রাসী সংগঠন বিএনপিকে কেউ ভোট দেয়নি। তাই, তারা ২০১৪ সালের সাধারণ নির্বাচনে অংশ নেয়নি, বরং অগ্নিসংযোগের মাধ্যমে মানুষকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যার মাধ্যমে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে।’

সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

প্রার্থিতা ফিরে পেয়ে ভোটের আগেই জেতার ফিল পাচ্ছি : হিরো আলম

 

ডেস্ক রিপোর্টঃ

সারাদেশের মানুষের ভালোবাসার কারণেই প্রার্থিতা ফিরে এসেছে বলে মনে করেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার (২২ জুন) বিকালে তিনি এসব কথা জানান।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়ে তিনি বলেন, ‌রিটার্নিং কর্মকর্তা ভুল ছিলেন, ইসিই ঠিক। সেদিন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। কিন্তু তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমার কথা শোনেননি। তিনি হয়তো ইচ্ছা করেই আমার সঙ্গে এমনটি করেছেন।

হিরো আলম আরও বলেন, প্রার্থিতা ফিরে পেয়ে দারুণ লাগছে। খুব ভালো ফিল পাচ্ছি। ভোটের আগেই জেতার ফিল হচ্ছে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটাররা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা এলে ভোটের চিত্র পাল্টে যাবে। ভোটের দিন কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা না এলে তারা কারচুপির সুযোগ পাবে।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। ওই নির্বাচনেও যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও ব্যর্থ হয়ে তিনি হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।

দেবিদ্বারে দেড় শতাধিক নারী উদ্যোক্তা পেলেন প্রশিক্ষণ ও ভাতা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রত্যন্ত গ্রাম নুরপুর। সেখানে নারীরা কেউ শিখেছেন ফ্যাশন ডিজাইন, কেউ ক্যাটারিন, কেউ মাশরুম, কেউ বা ইভেন্ট ম্যানেজম্যান্টে নিজেকে দক্ষ করে নিয়েছেন। আয় করতে সক্ষম এমন দক্ষতায় স্বচ্ছলতার স্বপ্ন বুঁনছেন তারা।

কলেজ শিক্ষার্থী সানজিদা জানান, ‘ফ্যাশন ডিজাইনের খুঁটিনাটি বিষয়ে দক্ষতা অর্জন করেছি। ইতিমধ্যেই একটি ফেসবুক পেইজ খুলে কাজের প্রচার করছি। গ্রাহকদের সাড়াও পাচ্ছি বেশ। আশা করি স্বপ্ন জয়ের পথে বহুদুর এগিয়ে যেতে পারবো’।

একই রকম সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুণালেন তানিয়া আক্তার বলেন, ‘ মাশরুম কি জিনিস আগে জানতামই না। এখন চাষ করা শিখেছি। বাজারে মাশরুমের বেশ চাহিদা রয়েছে। মাশরুম নিয়ে উদ্যোক্তা হতে চাই’।

এমন দেড় শতাধিক নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে জাতীয় মহিলা সংস্থা।‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নুরপুর প্রশিক্ষণ কেন্দ্রে দেড়শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের (আইসিটি) সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার অনিক। চেক বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার উপজেলা শাখার চেয়ারম্যান শিরিন সুলতানা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ভেন্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

স্পোর্টস ডেস্কঃ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে জিম্বাবুয়েতে। দেশটির হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো। মঙ্গলবার (২০ জুন) আগুনে পুড়লো বিশ্বকাপ বাছাইপর্বের এই ভেন্যু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় গ্যালারি তথা সাউথ-ওয়েস্ট স্ট্যান্ড।

তবে ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় মাঠ ক্ষতিগ্রস্ত হয়নি। অগ্নিকাণ্ডের পর আইসিসির নিরাপত্তা দলকে নিয়ে ভেন্যুটি পরিদর্শন করে জিম্বাবুয়ে ক্রিকেট। এই ভেন্যুতেই বিশ্বকাপ বাছাইপর্বের বাকি ম্যাচগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইসিসি।

এই ভেন্যুতে বিশ্বকাপ বাছাইপর্বের এখনো বাকি রয়েছে সাতটি ম্যাচ। গ্রুপ পর্বের তিনটি ও সুপার সিক্সের চারটি ম্যাচ। ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।