All posts by jitu

মাছ চুরি দেখে ফেলায় ব্যবসায়ীর গলা কেটে লাশ চেয়ারে বসিয়ে রেখে যায় হত্যাকারীরা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গিরপাড় এলাকায় মাছ চুরি দেখে ফেলায় ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসকে (৫০) গলা কেটে হত্যা করে লাশ চেয়ারে বসিয়ে রেখে গেছে হত্যাকারীরা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবদুর রব ওরফে আবুল (৪০) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মালেকের ছেলে।

রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১টার এক প্রেস নোটে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার রাত ২-৩ টার মধ্যে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নর টঙ্গির পাড় এলাকার চিত্ত বাবুর দিঘিতে এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক পুলিশ এক আসামিকে গ্রেফতার করে

প্রেস নোটে বলা হয়েছে, রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আবদুর রব ওরফে আবুল (৪০) ও বাদশা নামে এক যুবক ৪/৫ দিন আগে তাদের এলাকার একটি পুকুর থেকে রাতের বেলা মাছ চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিহত দুলাল দেখে ফেলে পুকুরের মালিককে জানায়। পুকুরের মালিক রব মিয়া এ নিয়ে আবুল ও বাদশাকে গালমন্দ করে। এ নিয়ে ভিকটিম ও তাদের মাঝে একটি বিরোধ দেখা দেয়। এ ঘটনার প্রতিশোধ নিতে আবুল হোসেন বাদশার সাথে পরামর্শ করে। পরিকল্পনা অনুসারে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তারা দুইজন দুলাল যেখানে মাছ পাহারা দেয় সেই প্রজেক্টে যায়। তখন দুলাল ঘুমন্ত অবস্থায় ছিল। ওই সময় তারা অতর্কিতভাবে দুলালের ওপর আক্রমণ চালায়। আবুল হোসেন দুলালের গলায় ক্ষুর দিয়ে পোচ দেয় এবং বাদশা দুলালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হত্যা করে।

এসপি আরও জানায়, পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত একটি ক্ষুর ও চাপাতি খাল থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বকুল রানী দাস বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা আবুলকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। পুলিশ অপর পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না : আনিসুল হক

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না এবং সুস্থ হলে তাকে বাকি সাজা খাটতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। যেহেতু তিনি একজন দণ্ডপ্রাপ্ত তাই তার দেশের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। যদি তিনি সুস্থ হয়ে থাকেন তাহলে তাকে বাকি সাজা খাটতে হবে।

মন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচন করার কোন সুযোগ নেই। পাশাপাশি পলাতক তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘ল রিপোর্টার্স ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

১০ বছর পরে জামায়াতের মাঠে নামা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাবেশের অনুমতি দিয়ে থাকে। উনারা কী বিবেচনায় দিয়েছেন, আমার মনে হয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষকে প্রশ্ন করলে ভালো হবে।

বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায় না হয়, দোষী সাব্যস্ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, জামায়াতকে দল হিসেবে যুদ্ধাপরাধে বিচার করার জন্য আইন সংশোধন প্রক্রিয়া চলমান। সংশোধনের জন্য যে আইন সেটি কেবিনেটে কিছুদিনের মধ্যে যাবে। জামায়তকে দল হিসেবে যুদ্ধাপরাধে বিচার করার জন্য যথেষ্ট তথ্য-উপাত্ত আছে, কিন্তু বিচার করার পরেই বলা যাবে তারা দোষী কি না।

খালেদা জিয়ার মুক্তির গুঞ্জনটি গুজব : আনিসুল হক

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে সাজা স্থগিতের বিষয়ে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।

‘গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হতে পারে এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘প্রধানমন্ত্রী মহানুভবতার কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ এর (১) উপবিধি অনুযায়ী তার শাস্তি স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

যে শর্তগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে, তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। তার অসুস্থতা যখনই গুরুতর হয়েছে, তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে আবার বাসায় ফিরেছেন। তাতে প্রমাণ করে যে, প্রথম কথা হচ্ছে তিনি অসুস্থ এবং দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে তার সুচিকিৎসা হওয়ার মতো ব্যবস্থা আছে। আর এই আদেশে কোনো পরিবর্তন করার কথা আমি জানি না।’

তিনি বলেন, ‘আমি এই গুজব শুনেছি যে, এই ফাইল নাকি আইন মন্ত্রণালয়ে চলে এসেছে। আমি স্পষ্টভাবে বলতে পারি, আমার মন্ত্রণালয়ে এ রকম কোনো ফাইল আসেনি এবং আমি এটাও বলতে পারি, এ রকম কোনো ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উঠেছে তার ব্যাপারেও আমি জানি না।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘উনি (খালেদা জিয়া) শর্ত সাপেক্ষে মুক্ত আছেন। কী আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে তার পেছনে তো একটা ইতিহাস আছে। তার ভাই আবেদন করেন যে, তার বোন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার পরিপ্রেক্ষিতে তাকে যে দুর্নীতির মামলায় সাজা দেওয়া হয় সেই সাজা স্থগিত রেখে প্রধানমন্ত্রী মহানুভবতার কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) উপধারায় শর্তযুক্তভাবে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়।’

‘এখন তিনি যদি বলেন, তিনি সুস্থ, তাহলে তার যে সাজা সেটা খাটার জন্য তাকে জেলখানায় যেতে হবে। এটা স্বাভাবিক। যে মুহূর্তে তিনি বলবেন যে তিনি সুস্থ, তার আর অসুস্থতার আবেদন আর থাকবে না। এখন যে তিনি মুক্ত সেটার প্রমাণ হচ্ছে তিনি এভারকেয়ার হাসপাতালে যে যান, সরকারের অনুমতি নিয়ে তাকে যেতে হয় না,’- বলেন আনিসুল হক।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। দেশে করোনা মহামারির প্রকোপ শুরু হলে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয় ২০২০ সালের ২৫ মার্চ। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। সবশেষ তার মুক্তির মেয়াদ গত মার্চে বাড়ানো হয়।

‘গাজীপুরের চেয়ে খুলনা-বরিশাল সিটিতে ভালো নির্বাচন হবে’

অনলাইন ডেস্ক:

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চেয়ে খুলনা ও বরিশালের নির্বাচন ভালো হবে।’ আজ রবিবার সাংবাদিকদের কাছে লিখিত এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এ সময় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মো. আহসান হাবিব খান বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে বিধি-বিধান প্রতিপালনে আমাদের অবস্থান কঠোর ছিল, খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা সুতীক্ষ্ণ নজর রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। ভোটের দিনও আমরা সরাসরি সিসিক্যামেরায় এ নির্বাচন পর্যবেক্ষণ করব।’

তিনি বলেন, ‘নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমাদের নির্দেশনা আছে, যা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তারা শতভাগ পালনের নিশ্চয়তা দিয়েছেন। আমাদের বার্তা স্পষ্ট ছিল- আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি। নির্বাচন প্রচারণায় অনিয়ম এবং বিশৃঙ্খলা করলে কোনো ধরনের ছাড় দেই নাই। বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য চেকপোস্ট করা হয়েছে।’

আগামীকাল সোমবার এই দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করতে বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে। রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটও।

কুবিসাস ও চবিসাসের মতবিনিময় সভা

 

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্যদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন (শনিবার) কুবিসাসের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় বিকেল চারটায় কুবিসাস কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, ‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা একটি পরিবারের মতো। আমাদের পরিবারের কেউ আক্রান্ত হলে, আঘাত পেলে যেমন আমরা ব্যথিত হয় ঠিক একই রকম কোন ক্যাম্পাসে সাংবাদিক হেনস্তা হলে আমরা আঘাত পাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের অনুরোধ থাকবে যারা সাংবাদিক হেনস্তা ও সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুর করেছে তাদের বিচারের সম্মুখীন করা হোক। দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হোক।’

কুবিসাসের সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা গুলো সাংবাদিকেরা তুলে ধরে। দীর্ঘসময় ধরে ক্যাম্পাস গুলোতে অপরাজনীতির দরুন ছাত্র সংসদ বিলুপ্ত। এতে সাধারণ শিক্ষার্থীদের কথা বলার জায়গা বন্ধ হয়ে গেছে। সাংবাদিকরা সাধারণ শিক্ষার্থীদের অব্যক্ত কথাগুলো তুলে ধরতে গিয়ে অনেক সময় ক্ষমতাসীন দলের কর্মীদের হাতে হেনস্তা হয় যা বিশ্ববিদ্যালয় গুলোতে নৈরাজ্য সৃষ্টি করে।’

পরবর্তীতে উভয় সংগঠনের নেতৃবৃন্দ যেকোন সমস্যায় পরস্পর পাশে থাকার আশ্বাস দেন।

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ইতিহাস গড়ল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:

নিরুত্তাপ এক প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার দখল ম্যানচেস্টার সিটির হাতে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে তখনও খেলায় গোলশূন্য সমতা। মাঝমাঠে আধিপত্য বিস্তার করে রাখলেও দুদলই সাবধানী ফুটবল খেলছিল। ফলে গোলটা যেন আসছিল না কিছুতেই! তবে ৬৮ মিনিটে ক্রসে রদ্রির অসাধরণ এক গোলে নিশ্চিত হয়ে গেল সিটির ইতিহাস গড়া!

শনিবার (১০ জুন) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২২–২৩ মৌসুমের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের শিরোপা জিতল ম্যানসিটি। আর এই নিয়ে চলতি মৌসুমে ‘ট্রেবল’ জয়ের স্বাদ পেল পেপ গার্দিওলার শিষ্যরা। এবার ইউরোপ সেরার আগে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছিল সিটিজেনরা।

সাম্প্রতিক সময়ে বেশ উড়ছে পেপ গার্দিওলার দল। প্রতিযোগিতাপূর্ণ প্রিমিয়ার লিগে সব ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই ট্রফি জিতে ম্যানচেস্টারের ক্লাবটি প্রিমিয়ার লিগকে ডালভাতে পরিণত করেছে। এবারও লিগ শিরোপার পর নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের রেকর্ড গড়ল সিটি।

স্নায়ুচাপের এই ম্যাচে দুই দলই কিছুটা ধীরেই শুরু করেছিল। তাই প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি হয়নি। ষষ্ঠ মিনিটে বার্নার্ডো সিলভার শট বাঁ পোস্ট দিয়ে মাঠের বাইরে যায়। এরপর ইন্টার মিলান মুহুর্মুহু আক্রমণে উঠলে ছন্দ ধরে থাকতে পারেনি ম্যানসিটি। মাঝে ইন্টারের অধিনায়ক ব্রোজোভিচ ক্রসবারের ওপর দিয়ে বল মেরে গোলের সুযোগ নষ্ট করেন।

২৬ মিনিটে সিটিজেন গোলকিপার এডারসনের ভুলে বল পান বারেল্লা। তবে তার শট বারের পাশ দিয়ে চলে গেলে গোলের সুযোগ লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই কেভিন ডি ব্রুইনার পাস থেকে আর্লিং হল্যান্ডের সামনে সুযোগ আসে। তবে তার বাঁ পায়ের শট কোনোমতে শরীর দিয়ে আটকে দেন ইন্টার গোলকিপার।

৩০তম মিনিটে পায়ে চোট পান কেভিন ডি ব্রুইনা। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেললেও পাঁচ মিনিট পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন এই মৌসুমে সব প্রতিযোগিতায় ২৮টি গোল বানানো এই মিডফিল্ডার। তার বদলে তরুণ ফিল ফোডেনকে মাঠে নামান কোচ গার্দিওলা। তবুও কাঙ্খিত গোলের দেখা পাননি তারা। ফলে গোল ছাড়াই প্রথমার্ধ শেষ করে দুই দল।

বিরতির পর দুই দল কিছুটা খোলস থেকে বের হওয়ার চেষ্টা করেন। ৫৬ মিনিটে এডেন জেকোকে তুলে রোমেলো লুকাকুকে নামান ইন্টার কোচ। ৫৮ মিনিটে সিটির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মার্টিনেজ। সিটির গোলকিপার এডারসনের গায়ে মেরে বসেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বল পেয়ে প্রতিআক্রমণে ওঠে সিটি। তবে ডি বক্সে ঢোকার আগেই ফোডেনকে ট্যাকলে থামিয়ে হলুদ কার্ড দেখেন বারেল্লা।

এরপরও দুই দলের কেউ কিছুতেই গোল করতে পারছিল না। অবশেষে কার্যকর এক আক্রমণে ইন্টার মিলানের রক্ষণদূর্গ ভেঙে এগিয়ে যায় সিটি। ৬৮ মিনিটে ইন্টারের ডি-বক্সে সংঘবদ্ধ আক্রমণ করে সিটি। সতীর্থের পাসে ফাঁকা স্থানে বল পেয়ে দারুণ শটে গোল করেন সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তার জোরাল শট দাঁড়িয়ে দেখা ছাড়া কোন জবাবই ছিল না ইন্টারের গোলরক্ষক ওনানার কাছে।

পিছিয়ে পড়লেও পরের মিনিটেই গোল প্রায় শোধ দিয়েই ফেলেছিল ইন্টার। প্রতিআক্রমণে উঠে সিটির রক্ষণভাগে ঢুকে ডামফ্রির ক্রসে হেড নিয়েছিলেন ডিমারকো। তবে তা এডারসনকে পরাস্ত করলেও ওপরের পোস্টে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে ফের ডিমারকো হেড নিয়ে বল এগিয়ে দিয়েছিলেন লুকাকুর কাছে। তবে অবিশ্বাস্যভাবে সে সুযোগ নষ্ট করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।

৭৩ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন লুকাকু। তার ৫ মিনিট পর দারুণ সুযোগ পেয়েছিলেন ফোডেনও। কিন্তু ডিবক্সে ঢুকে বাঁ পায়ে যে শট নেন তা সহজেই নিজের আয়ত্বে নেন ওনানা। ৮৮ মিনিটে দারুণ সেভ করে দলকে বাঁচান সিটির গোলরক্ষক এডারসন। অবশ্য সুবিধাজনক জায়গা থেকে লুকাকু দুর্বল হেড নেওয়ায় কিছুটা হলেও সুবিধা পেয়েছেন এই ব্রাজিলিয়ান। ফিরতি বল ক্লিয়ার করেন রদ্রি।

ম্যাচে সমতায় ফিরতে একের পর এক চেষ্টা করে গেছে ইন্টার। কিন্তু শেষের সময়টুকু দারুণভাবে রক্ষণ সামলেছে গার্দিওলার শিষ্যরা। শেষ বাঁশি বাজতেই ইতিহাস গড়ার আনন্দে আত্মহারা হয়ে পড়েন সিটির খেলোয়াড়রা। নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ গড়েই রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে গার্দিওলার শিষ্যরা। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে জিতেছে ট্রেবল শিরোপা।

মায়ের কবরের পাশে সমাহিত হলেন মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান।

শনিবার (১০ জুন) বিকেলর দিকে তৃতীয় জানাজা শেষে সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মুক্তিযোদ্ধা সিরাজুল আলমের দাফনের আগে বেগমগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে শনিবার দুপুরের দিকে পৈতৃক ভিটায় সিরাজুল আলমের লাশ আনা হয়। সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এ সময় প্রিয় নেতার লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী ৩ আসনের সাংসদ মামুনুর রশীদ কিরণ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য শিমুল বিশ্বাস, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি আবদুস সালাম, জেএসডি সভাপতি আ.স.ম আব্দুর রব,ভাইস চেয়ারম্যান তানিয়া রব, কবি ফরহাদ মাজহার,বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান,যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, নোয়াখালী জেলা জাসদের আহ্বায়ক আমির হোসেন বিএসসি,যুগ্ম-আহ্বায়ক নুর রহমান চেয়ারম্যান, ইকবাল হোসেন, ৭১ এর মুক্তিযুদ্ধে নোয়াখালী সি-জোন কমান্ডার মোহাম্মদ উল্যাহ প্রমূখ।

গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফসাপোর্টে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

দেশের রাজনৈতিক অঙ্গনে ‘দাদাভাই’ হিসেবেও পরিচিত ছিলেন সিরাজুল আলম খান। ১৯৬১ সালে ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক হন সিরাজুল আলম খান। ১৯৬৩ সালে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হয় তার উদ্যোগে।

বিমান দুর্ঘটনার ৪০ দিন পর অ্যামাজন থেকে ৪ ভাইবোনকে জীবিত উদ্ধার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

কলম্বিয়ার অ্যামাজন বনে এক বিমান দুর্ঘটনার ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনী তাদের খুঁজে পেয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

ওই চার শিশু একে অপরের ভাইবোন। তাদের বয়স যথাক্রমে ১৩, ৯, ৪ ও ১ বছর। ১ মে বিধ্বস্ত হওয়া বিমানে মায়ের সঙ্গে ছিল তারা। তবে তাদের মা ও প্লেনে থাকা অন্যরা মারা গেছেন। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, ‘কয়েক সপ্তাহ পর এই শিশুদের খুঁজে পাওয়া গেছে। এটি দেশবাসীর জন্য এক আনন্দের বিষয়। এ এক জাদুকরী ক্ষণ। এ শিশুরা একাই ছিল। তাদের এই টিকে থাকার লড়াই ইতিহাস হয়ে থাকবে। এই শিশুরা আজ শান্তির দূত, তারা আজ কলম্বিয়ার সন্তান।’ ৪ শিশু এবং তাদের মা সেসনা-২০৬ বিমানে ভ্রমণ করছিলেন। বিমানটি আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সান জোসে দেল গুয়াভিয়ারের দিকে যাচ্ছিল। কিন্তু যাত্রাপথে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ‘মে ডে সতর্কতা’ জারি করেছিল।

এরপর বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করে সেনাবাহিনী। মে মাসে বনের মধ্য শিশুদের বিছানা, পানির বোতল, এক জোড়া কাঁচি, চুল বাঁধার খোপা পাওয়া যায়। এ সময় তাদের পায়ের ছাপও দেখতে পাওয়া যায়। এরপর উদ্ধারকর্মীরা নিশ্চিত হন যে শিশুরা জীবিত আছে। জোরদার করা হয় উদ্ধার অভিযান। শিশুরা হুইটোটো আদিবাসী গোষ্ঠীর সদস্য। বনে ফল গাছের অবস্থান এবং জঙ্গলে টিকে থাকা সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান রয়েছে। তাই শুরু থেকেই তাদের জীবিত ফেরত পাওয়ার ব্যাপারে হুইটোটোরা আশাবাদী ছিলেন।

চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

 

ডেস্ক রিপোর্টঃ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।

শনিবার দুপুর ১২টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা এখনো শাহবাগে অবস্থান করছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চাকরিতে বয়সসীমা ৩৫ করা, আমরা সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছি। সংসদে অনেকবার এ নিয়ে কথা হয়েছে, কিন্তু সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো হয়নি। তাই আমরা এখানে অবস্থান নিয়েছি।’

উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবির পাশাপাশি অবসরের বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স স্থাপনের দাবিও জানিয়েছেন আন্দোলনকরীরা।