All posts by jitu

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন জনের টাকা নিয়ে মসজিদের ইমাম উধাও

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মুসল্লি, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, দোকানদার ও বাড়ির মালিকদের টাকা নিয়ে মসজিদের ইমাম উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ইমাম মোহাম্মদ মিজানুর রহমান (৩৪) ঢাকার যাত্রাবাড়ীর ফরিদাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় বাদী হয়েছেন পাশাকোট দারুল সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা কমিটির সেক্রেটারি ও ওই মসজিদের মুসল্লি আলী আজম।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা আত্মসাতের ঘটনায় মিজানের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাশাকোট দারুল সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা কমিটির সেক্রেটারি আলী আজম বলেন, ২০২২ সালের ২৬ ডিসেম্বর পাশাকোট জামে মসজিদের ইমামের চাকরি নেন মিজানুর রহমান। চাকরির পর থেকে মসজিদের মুসল্লি, দোকানদার, পাশের মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও বাড়ির মালিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। টাকা হাওলাত, চিকিৎসার জন্য টাকাসহ নানা কৌশলে ৫ লাখ চার হাজার টাকা নিয়ে পালিয়েছে ইমাম মিজানুর রহমান।

আলী আজম আরও বলেন, মসজিদে আসা বিভিন্ন লোকজনদের মনে সরল বিশ্বাস তৈরি করে গভীর সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে নিজেকে খুবই দ্বীনদার, আমানতদার হিসেবে প্রকাশ করত মিজান। সে চিকিৎসার কথা বলে আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে সময় মত না দিয়ে বার বার তারিখ দেয়। পরে জানতে পারি সে মসজিদের অনেক মুসল্লি, মাদরাসার শিক্ষক, ছাত্র, বিকাশ দোকানদার ও বাড়ির মালিক থেকে টাকা নিয়ে গেছে।

সংসারটা অনেক টেকানোর চেষ্টা করেও আর হলো না : পরীমণি

 

বিনোদন ডেস্কঃ

বিগত কয়েক দিন ধরেই পরীমণি-রাজের দাম্পত্য জীবনে টানাপড়েন চলছে। ২৯ মে অভিনেতার ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ফাঁসের পর থেকে তাদের সম্পর্কের আরও অবনতি হয়।

রীতিমতো একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন তারা। এমনকি বিবাহবিচ্ছেদের প্রসঙ্গও উঠেছে রাজ-পরীর।

এদিকে পরীমণি অভিযোগ করেছেন, ২০ মে বাসা থেকে বের হয়ে যান রাজ। এরপর আর কোনো যোগাযোগ করেননি আমার সঙ্গে। যদিও অভিনেত্রীর এমন বক্তব্যকে ‘মিথ্যাচার’ অভিহিত করেন রাজ।

অভিনেত্রী বলেন, ২০ মে রাজ বাসার বাইরে ছিল। সেলিম ভাই ও তার স্ত্রী তাকে সঙ্গে নিয়ে বাসায় এসে আমাকে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে তুমি চিন্তা করতে পারো।

তার এমন কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি, তাহলে ও আমাকে তালাক দিয়ে দিক। আমি কেন দিতে যাব। পরীমণি আরও বলেন, একটা পর্যায়ে সেলিম ভাই, তার স্ত্রীসহ রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি।

তবে এ প্রসঙ্গে রাজ জানান, মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন তিনি। তাই এসব নিয়ে আর কথা বলতে চান না একেবারেই।

বিচ্ছেদের বিষয়ে পরীমণি বলেন, রাজ আমাকে ছেড়ে চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর নিজেকে তার স্ত্রী হিসেবে ভাবতেই চাই না।

অভিনেত্রী আরও বলেন, আমি চাই রাজ আমাকে তালাক দিক। তবে রাজ আমার ছেলের বাবা, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু সংসারটা অনেক টেকানোর চেষ্টা করেও আর সেটা হলো না।

ক্ষত না শুকোতেই ভারতের ওড়িশায় আবারও ট্রেন দুর্ঘটনা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত না শুকোতেই ভারতের ওড়িশায় আবারও ট্রেন দুর্ঘটনা ঘটেছে। বালেশ্বরের বাহানগা বাজারে ট্রেন দুর্ঘটনার ৩ দিনের মাথায় সোমবার (৫ জুন) একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মালবাহী ট্রেনটি চুনাপাথর নিয়ে যাচ্ছিল। কীভাবে মালবাহী ট্রেনটি লাইন চ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি।

ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে। রেল সূত্রে খবর, ওই লাইনেই চ্যুত হয়েছে রেলগাড়িটি। ওই রেলপথের সঙ্গে ভারতীয় রেল যুক্ত নয়।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে একটি মালবাহী ট্রেন কামরার উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও রোববার ওড়িশা সরকার জানিয়েছে মৃতের সংখ্যা ২৭৫।

দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রোববার রাত ১০টা ৪০ মিনিটে বালেশ্বরের রেলপথে ডাউন লাইন দিয়ে প্রথম একটি মালবাহী ট্রেন চালানো হয়। পরে রাত ১২টা ৫ মিনিটে আপ লাইন দিয়ে চালানো হয় আরও একটি ট্রেন। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ওড়িশাতেই লাইন চ্যুত হল ট্রেন।

পুরোপুরি বন্ধ হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

 

ডেস্ক রিপোর্টঃ

কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। সোমবার বেলা ১২টা ৪৫ মিনিটে দেশের বৃহত্তম এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়।

১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় আজ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডলার-সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রের। নতুন করে কয়লা এলে চলতি জুন মাসের শেষ নাগাদ বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে ফিরতে পারে।

তিন বছর আগে উৎপাদনে আসে পায়রা বিদ্যুৎকেন্দ্র। তারপর এবারই প্রথম বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। এতে লোডশেডিং আরও বাড়বে।

এর আগে ডলার-সংকটে কয়লা কিনতে না পেরে দুই দফায় বন্ধ হয়েছিল বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র। তবে এই বিদ্যুৎকেন্দ্রটি এখন উৎপাদনে রয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিকানায় রয়েছে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসি)।

পায়রা বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, কয়লা আসতে অন্তত ২৫ দিন সময় লাগতে পারে। সে হিসাবে জুনের শেষ সপ্তাহে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। কয়লা আমদানির ঋণপত্র খোলা হয়েছে। আগামী ১২ জুন জাহাজে কয়লা তোলার কথা।

আজ দুপুরে পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিপিসির ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম।

তিনি বলেন, বকেয়ার ১০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এতে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ওপর আস্থা রেখে কয়লা সরবরাহ শুরু করতে যাচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান। যত দ্রুত কয়লা আনা যায়, তার চেষ্টা চলছে।

নোয়াখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মো. নুর হোসেন (২৭) নামে আরও এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।

নিহত মো.রিপন (৩৬) উপজেলার চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. নাছির উদ্দিন (২৮) পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে।

রোববার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় লম্বা একটি লোহার রড ঘুরিয়ে পিলারে বসাচ্ছিলেন রাজমিস্ত্রী রিপন ও নাছির। তখন ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটায়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার হোমনায় প্রেমসংক্রান্ত বিষয়ে স্কুলছাত্র হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় প্রেমসংক্রান্ত বিরোধের জের ধরে অষ্টম শ্রেণির ছাত্র আশিকুর রহমান ওরফে আশিককে (১৪) গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরো দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রবিবার (৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হোমনা উপজেলার আসাদপুর গ্রামের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা ও মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া আরো দুই আসামি আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর মামলা থেকে খালাস দেওয়া হয় মো. সোহেল নামে একজনকে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত আশিকুর রহমান ওরফে আশিক একই এলাকার হারুন ভূঁইয়ার ছেলে।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, ২০১২ সালে আশিক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ওই সময় প্রেমসংক্রান্ত বিরোধের জের ধরে আশিককে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় হোমনা থানায় হত্যা মামলা করেন নিহত আশিকুর রহমানের বাবা মো. হারুন ভুঁইয়া। এ মামলায় দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রবিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত। এ ছাড়া আরো দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সোহেল, আকিমুল, আবদুর রহমান এবং খালাসপ্রাপ্ত সোহেল আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক।

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত আশিকের বাবা হারুন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, কুমিল্লার আদালত যে রায় দিয়েছেন তা যেন দ্রুত কার্যকর করা হয়। তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমি দ্রুত রায় কার্যকর দেখতে চাই।

তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ

 

ডেস্ক রিপোর্টঃ

তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ থেকে ৮ জুন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। দেশব্যাপী বিদ্যমান তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ থেকে ছয় দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অনুভূতিও অব্যাহত থাকতে পারে।

এদিন রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।

কুবিতে সাংবাদিক সমিতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৪ জুন) সকাল ১০টায় কার্যালয়ে এসে ভাঙচুর দেখতে পায় সাংবাদিকরা। তবে কে বা কারা ভাঙচুর করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১৪নং কক্ষের সাংবাদিক সমিতির কার্যালয়ের পূর্ব পাশের দুইটি জানালার কাচ ভেঙ্গে ফেলা হয়েছে। পরে সাংবাদিক সমিতির সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবগত করলে প্রক্টরিয়াল টিম পরিদর্শন করেন।

এবিষয়ে সাংবাদিক সমিতি সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, ‘আমরা গতকাল রাতে অফিস থেকে যাওয়ার পরে সকালে অফিসে এসে দেখি অফিসে হামলা করা হয়েছে। এতে পূর্ব পাশের দুইটি জানালা ভেঙ্গে ফেলা হয়েছে। তবে গত কয়েকদিন থেকেই সংবাদ প্রকাশের জেরে শাখা ছাত্রলীগের সাবেক এক নেতার অনুসারীরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। আমি ধারণা করছি বিষয়টি তারই বহিঃপ্রকাশ। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরে ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মৌখিক অভিযোগ শুনেছি। পাশাপাশি ঘটনাস্থলের আলামতও দেখেছি। যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ভাঙচুর করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি উপাচার্যের সাথে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পদক্ষেপ নিতে পারে সেটাও আমরা আলোচনা করবো।

উল্লেখ্য, এর আগে ২৯ মে সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবাল সংবাদ সংগ্রহকালে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর (২০১৭ সালে বিলুপ্ত কমিটি) অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়। এসময় উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য রেজা এলাহী বলেন, ‘সাংবাদিকরা এখনও আমাকে চিনে না, আমি কে? ’এই ক্যাম্পাস কারো বাপের না’। সাংবাদিকরা আমাদের কী করবে, দেখে নেব। ‘গুন্ডামির কী দেখছে।’ এছাড়াও চলতি পথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা সাংবাদিকদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

কুমিল্লার সদর দক্ষিণে দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দেশীয় অস্ত্র ও ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (৩ জুন) রাতে উপজেলার রাজেশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১।

এসময় ১টি চাপাতি, ২ টি রামদা ও ২০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকার মৃত. বাচ্চু মিয়ার ছেলে মোঃ জয়নাল হোসেন (৩৬) এবং একই এলাকার মৃত. নুরুল হকের ছেলে মোঃ নাজমুল হক রাসেল (৪৩)।

রবিবার (৪ জুন) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বেগমগঞ্জে শিক্ষক দম্পতিকে পিটিয়ে জখম

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউপির বানা বাড়িয়া গ্রামের এক শিক্ষক দম্পতিকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩ জুন) বিকেলের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বানা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক দম্পত্তি জানান, শিক্ষক রোজিনা আক্তারকে পিটিয়ে গুরুত্বর জখম করে তার ভাতিজা মেহেদী হাসান। এ সময় বখাটে যুবক তার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে তাকে শ্লীতাহানির চেষ্টা করে , ইটের আঘাতে ও কামড় দিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তার আত্মচিৎকারে তার স্বামী শিক্ষক আজিজুর রহমান এগিয়ে আসলে তাকেও বেদম মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে দুইজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন।

এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ভিকটিম রোজিনা আক্তার বাদী হয়ে মেহেদী হাসান, সামছুদ্দিন প্রকাশ জাফর ও নাছিমা বেগম সহ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই সাহেদ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা ফেলেও রহস্যজনক ভাবে আসামিদের গ্রেফতার করেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

রাজগঞ্জ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটে যুবক মেহেদী হাসান একজন সন্ত্রাসী, চোর ও নেশাগ্রস্থ হন। সে শিক্ষক দম্পত্তিকে মারধর, নির্যাতন করে দুইজনকে হত্যার হুমকি দেয়। তাকে তার পরিবারের লোক উষ্কানি দিয়ে এ সকল ঘটনা ঘটাচ্ছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত যুবক ভারসাম্যহীন মানসিক রোগী। তবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।