All posts by jitu

কুবিতে ছাত্রলীগ নেতা কর্তৃক সাংবাদিক হেনস্তায় রাবি প্রেসক্লাব’র নিন্দা ও শাস্তির দাবি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২০১৭ সালের বিলুপ্ত কমিটি সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী ও তাঁর অনুসারীদের দ্বারা দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবালকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বুধবার (৩১ মে) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সভাপতি কামরুল হাসান অভি ও সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও শাস্তির দাবি জানায়।

বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের সাথে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দিন দিন বেড়েই চলেছে, যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া ছাত্রলীগের এ ধরনের হিংস্র আচরণ স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

নেতৃবৃন্দ আরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে এই ধরণের বাঁধা, স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে ও ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত সোমবার (২৯ মে) দুপুর ১২টায় ইংরেজি বিভাগে ১৫ তম ব্যাচের দুই শিক্ষার্থী হীরা মিয়া ও আরমান উদ্দিনের মাঝে মারামারির ঘটনা ঘটলে সংবাদ সংগ্রহের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যান রুদ্র ইকবাল। সেখানে ইকবাল পেশাগত জায়গা থেকে প্রশ্ন করলে উপস্থিত ছাত্রলীগ কর্মী অমিত সরকার (রসায়ন ১২ তম আবর্তন), আসিফ ইনতাজ রাব্বি (গণযোগাযোগ ও সাংবাদিকতা, ১২ তম আবর্তন) সহ অন্যান্য নেতাকর্মীরা তার দিকে তেড়ে আসেন। পরে বিব্রতকর পরিস্থিতিতে তিনি সেখান থেকে বেরিয়ে আসলে প্রশাসনিক ভবনের সামনে শাখা ছাত্রলীগের ২০১৭ সালে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহি ও তার অনুসারীরা হুমকি দিতে থাকেন। এসময় রেজা উপস্থিত সংবাদকর্মীদেরকে হুমকি দিয়ে বলেন, ‘সাংবাদিকরা এখনও আমাকে চিনে না, আমি কে। এই ক্যাম্পাস কারো বাপের না। সাংবাদিকরা আমাদের কী করবে, দেখে নেব। গুন্ডামির কী দেখছে।’

চাঁদপুরে বিজয় টিভির জন্মদিন উদযাপন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন বিজয় টিভি’র জন্মদিন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায় র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে বিজয় টিভির চাঁদপুরস্থ স্টাফ রির্পোটার এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বিজয় টিভির জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় টিভির সাবেক চেয়ারম্যান জনাব মহিউদ্দিন চৌধুরী সাহেব একজন জনবান্ধব নেতা ছিলেন। উনার রুহের মাগফেরাত কামনা করছি। আমার সৌভাগ্য হয়েছে ওনাকে খুব কাছ থেকে দেখার। বর্তমানে উনার ছেলে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান নওফেল সাহেব বিজয় টিভির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। বিজয় টিভি দেশ ও জনগণের হৃদয়ের কথা তুলে ধরে।

তিনি বলেন, আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠান গুলোর কল্যাণে নিবেদিত আছেন জনাব সোহেল রুশদী সাহেব। তিনি বিজয় টিভির চাঁদপুর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজয় টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। দেশের মঙ্গলের জন্য সংবাদ পরিবেশনের মাধ্যমও বটে বিজয় টিভি। তাই আমি বিজয় টিভির মঙ্গল কামনা করছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের পড়াশুনা করে দেশের কল্যাণে কাজ করতে হবে। তোমরাই আগামীতে নেতৃত্ব দিবে এবং এ দেশের আগামী কর্ণধর হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করবে। তোমাদের লক্ষ্য থাকবে উচ্চ শিক্ষায় সাফল্য অর্জন করে নিজেকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার। প্রযুক্তি মোবাইল ফেসবুক এগুলোর অনেক ইতিবাচক দিক রয়েছে। তোমরা এই প্রযুক্তিকে তোমাদের সঠিক কাজে ব্যবহার করবে। ফেসবুক ব্যবহার করে আমি সড়ক দূর্ঘটনায় আহত এক রোগীর স্বজনদের খুঁজে পেয়েছি, এটি হচ্ছে প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য। শিল্প বিপ্লব হয়েছে মানুষের কল্যাণে। আমরা শিল্প বিপ্লবের কারনে বিদ্যুত ব্যবহার করতে পারছি। তোমাদের স্মার্ট নাগরিক হতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। তোমাদের শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তোমাদের হতে হবে প্রযুক্তির উদ্ভাবক।

জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিজয় টিভির চাঁদপুরস্থ স্টাফ রির্পোটার ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

এসময় তিনি বলেন, বাংলাদেশের অন্যতম ও জনপ্রিয় টিভি চ্যানেল বিজয় টিভি ১১তম বর্ষ পদার্পন উপলক্ষে এর সকল কলাকৌশলীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের দিনে স্মরণ করছি বিজয় টিভির সাবেক চেয়ারম্যান জনাব মহিউদ্দিন সাহেবকে। এখন উনার সুযোগ্য ছেলে মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল বিজয় টিভির দায়িত্ব পালন করছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানুষের হৃদয়ের কথা প্রকাশে বিজয় টিভি কাজ করে আসছে। আমি অনেক মিডিয়ায় নেতৃত্ব দিচ্ছি এবং চাঁদপুর প্রেসক্লাবের সাথে জড়িত রয়েছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আব্দুর রশিদ সাহেব একজন মানবিক অফিসার ইনচার্জ। তিনি মানুষের কল্যাণে নিবেদিত। পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক হিসেবে কাজ করে।

তিনি বলেন, বিজয় টিভির জন্মদিন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয় টিভি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল। এ চ্যানেল মানুষকে নিয়ে কথা বলে। আমি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ আব্দুর রশিদ সাহেবকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।

শুরুতেই সকালে সাড়ে ১০টায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ এবং বিজয় টিভির চাঁদপুরস্থ স্টাফ রির্পোটার ও সিনিয়র সাংবাদিক সোহেল রুশদী’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বিজয় টিভির জন্মদিন উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ এবং বিজয় টিভির চাঁদপুরস্থ স্টাফ রির্পোটার ও সিনিয়র সাংবাদিক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদসহ উক্ত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিজয় টিভি ১১তম বছরে পদার্পন উপলক্ষে চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে বিজয় টিভির চাঁদপুরস্থ স্টাফ রির্পোটার ও সিনিয়র সাংবাদিক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান।

হেলমেটের ক্যামেরায় ছিনতাইকারী সনাক্ত, ৬ সদস্য গ্রেফতার

দাউদকান্দি  প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রাকিব(২৩), জয়(২৫), শান্ত(২৫, সোহাগ(২৮), জাহিদ হাসান(২৫) ও আলাউদ্দিন(৩০)।

বুধবার(৩১মে) রাতে দাউদকান্দি পৌর এলাকার বিভিন্ন্স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার, ছিনতাই হওয়া দু’টি মোবাইল সেট, একটি ড্রোন, নগদ টাকা ও তিনটি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে জনৈক জেডএম তৌকি ইয়াসির তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের গাজীপুর এলাকায় দু’জন ছিনতাইকারীর কবলে পড়েন। সড়কে যান চলাচল ধীরগতির সুযোগে ছিনতাইকারীরা চাকু দেখিয়ে মোটরসাইকেলের সামনে থাকা মোবাইল, তার সাথে থাকা নগদ টাকা, ভিসা কার্ড, মাষ্টার কার্ড, তার স্ত্রীর মোবাইল সেট নিয়ে যায়। ছিনতাইয়ের এ দৃশ্যটি হেলমেটে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়। ওই রেকর্ডের সূত্র ধরে রাকিব ও জয় নামে দু’জনকে দাউদকান্দি মাইজপাড়া নিজ বাড়ী থেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে বলদাখাল এলাকার শান্ত, সোহাগ ও জাহিদ হাসানের কাছ থেকে ছিনতাইকৃ মালামাল উদ্ধার করা হয়। একই রাতে তুজারভাঙ্গা বাগানবাড়ী এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনায় আলাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এটিও সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের নামে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৭-৮টি করে মামলা রয়েছে। তাদেরকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কুমিল্লায় অনলাইন প্রতারণার চক্রের ৩ সদস্য আটক, ৮ টি মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার:

ফেসবুকে বিভিন্ন নামে ভুয়া পেজ খুলে দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে মোবাইল সেট ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ কুমিল্লার তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) লাকসাম উপজেলার লাকসাম দক্ষিণ বাইপাস সংলগ্ন এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়। বুধবার (৩১ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

গ্রেফতার ৩ প্রতারক হচ্ছে- চক্রের মূল হোতা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ওয়াশিম মজুমদারের পুত্র সৌরভ আলী মজুমদার শুভ (২২), তার সহযোগী একই এলাকার ইব্রাহিমের পুত্র আনিসুল হক শাহীন(১৯) এবং লাঙ্গলকোট মক্রবপুর ইউনিয়নের সহিদুল ইসলামের পুত্র সাকিব (১৯)। এসময় তাদের কাছ থেকে আইফোন, স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইলফোন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত ভুয়া ফেসবুক আইডি থেকে মার্কেটপ্লেসে বিভিন্ন গ্রুপে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মোবাইল ফোনের লোভনীয় বিজ্ঞাপন আপলোড করে। এসব পোস্টে সেট এক্সচেঞ্জ করারও অফার দেয়া হয়।

তখন ক্রেতাগণ পোস্টে কমেন্ট করে মোবাইল ফোন ক্রয় বা এক্সচেঞ্জ করতে চাইলে ক্রেতাদের সাথে যোগাযোগের জন্য অত্যন্ত সুকৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করে। ৪/৫ দিন পরে তাদের ভূয়া নিবন্ধিত মোবাইল নম্বর হতে পুলিশের এসআই পরিচয়ে দিয়ে সাধারণ ক্রেতাদের সরলতার সুযোগ নেয়। প্রতারক চক্রটি তাদের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-এর পরিচয়ে কল করে বিভিন্ন পেশার লোকজনদের ভয়ভীতি দেখিয়ে অত্যন্ত সুকৌশলে হোয়াটসঅ্যাপ-ট্রুকলার অ্যাপস-এর মাধ্যমে প্রতারণা করে আসছিল।

 

পুলিশ সুপার জানান, সম্প্রতি এমনই এক প্রতারণার শিকার হন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজিম উদ্দিন আরশাদ নামে এক যুবক। প্রতারকরা তাকে লাকসাম থানার এসআই তারেক পরিচয়ে ফোন করে জানায়- তার ব্যবহৃত মোবাইল ফোনটি মার্ডার মামলার নিহত ব্যক্তির মোবাইল ফোন। চক্রটি তার কাছে থাকা ফোনটি আলামত হিসেবে দিয়ে দেওয়ার পাশাপাশি ১৫ হাজার টাকা দাবি করে। অন্যথায় তাকে মার্ডার মামলার আসামী করা হবে বলে জানায়। ভিকটিম ভয় পেয়ে প্রতারকদের দেওয়া বিকাশ নাম্বারে টাকা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস লাকসাম শাখায় স্যামসাং এ ৭১ সিরিজের মোবাইল ফোনটি প্রেরণ করে।

কিন্তু একই দিনে প্রতারক আবারো টাকা দাবি করলে ভিকটিমের সন্দেহ হয়। সে বিষয়টি লাকসাম থানা ওসির সরকারী নাম্বারে ফোন করে অবগত করে। ওসি লাকসাম বিষয়টি আমাকে জানালে আমি তাৎক্ষণিক তাদেরকে খুঁজে বের করার নির্দেশনা প্রদান করি। লাকসাম থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারক চক্রটির উপর নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় আটটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন। এই মোবাইলগুলো তারা অনলাইন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

অনলাইন প্রতারণার ফাঁদ পেতে থাকা চক্রের মূল হোতাকে খুঁজে বের করতে গ্রেফতার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন,লাকসাম থানার ওসি মাহফুজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জীবিত নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ডে জালিয়াতি

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় জীবিত নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড জাতিয়াতি করে অন্যের নামে প্রদানের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে। প্রায় এক বছর ভাতা না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় ওই নারী। ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের জিরুআইশ গ্রামে। ভ‚ক্তভোগী বৃদ্ধা ওই গ্রামের মৃত আব্দুল মজিদ এর স্ত্রী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৭৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।

জানা যায়, জিরুআইশ গ্রামের দিনমজুর আব্দুল মজিদ ২০১৩ সালে মৃত্যু বরণ করায় ২০১৫ সালে তার স্ত্রী খায়রন বিবিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রস্তাবিত তালিকায় বয়স্ক ভাতার আবেদন করা হয়। ২০১৬ সাল থেকে খায়রন বিবি নিয়মিত ভাতা ভোগ করে আসছেন।

গত ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নতুন সদস্য মকবুল হোসেন ভুলু পাশ করেন। তিনি পরিষদ যুক্ত হওয়ার পর তার কর্মী জনৈক সাদেক হোসেন নামের এক ব্যক্তিকে দিয়ে অসহায় নারী খায়রন বিবির ভাতার কার্ডের নম্বর নিয়ে তাকে মৃত দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ভুয়া মৃত্যু সনদ তৈরি করেন। খায়রন বিবির ওই ভুয়া মৃত্যু সনদসহ নতুন ভাতাভোগী হিসেবে একই গ্রামের ছালেহা বেগম এর নাম যুক্ত করার জন্য উপজেলা সমাজ সেবা কার্যালয়ে পাঠানো হয়। সেই মোতাবেক উপজেলা সমাজ সেবা দপ্তর খায়রুন বিবির পরিবর্তে মোসা. ছালেহা বেগম এর নাম অর্ন্তুভ‚ক্ত করে এক বছর যাবৎ ছালেহা বেগমকে ভাতা প্রদান করে আসছেন।

খায়রন বিবি জানান, ঘরের জায়াগা ছাড়া আর কোন জায়াগ জমি নাই আমার। একটা ছেলে অন্যের কৃষি জমিতে কাজ করে। তারও দুই সন্তান। খুব কষ্টে আছি। এক বছর আগে আমাদের গ্রামের সাদেক নামের এক ছেলে ‘হেতে নাকি নেতা, আর মেম্বরের লোক’ আমরা যারা বয়স্ক ভাতা পাই সবার কার্ড নিয়ে তার (সাদেক) বাড়িতে যাইতে বলে। আমরা সবাই তার বাড়িতে গেলে সে আমাদের বই থেকে ‘কি যেন টুইক্কা (লিখে) নেয়’। ওই সাদেক আমাদের ওয়ার্ডের ভুলু মেম্বারের কথা বলে সবার কাছ থেকে ১শ টাকা করে নেয়। তারপর থেকে আমার মোবাইলে আর টাকা আসে না। আমি কত মানুষের কাছে গেছি কেউ কিছু বলতে পারেনা। পরে জানতে পারছি আমি নাকি মইরা গেছি!

খায়রন বিবির পুত্রবধু খাদিজা বেগম জানান, আমার শ্বাশুরীকে মৃত দেখিয়ে যার নাম যুক্ত করেছে প্রকৃত পক্ষে তার বয়স পঞ্চাশও হবে না। এমন জালিয়াতি কিভাবে করতে পারে জনপ্রতিনিধিরা! আমরা অসহায় মানুষ। আমার স্বামী প্রতিদিন কাজে না গেলে ঘরে খাবার জুটে না। শ্বাশুরী আম্মায় যেই টাকা পাইতো তা দিয়ে অন্তত ওনার ওষুদ বড়ির খরচ চলতো।

এ ব্যাপারে ওয়ার্ডে মেম্বার মকবুল হোসেন ভুলু জানান, সাদেক নামের ওই ছেলেটি আমার কাছে জানিয়েছে খায়রন বিবি মারা গেছে এবং ওই সাদেকই বলেছে পাশের বাড়ির ছালেহা বেগম এর নাম যুক্ত করে দিতে। আমি সাদেক এর কথামতো করে দিয়েছি। অন্যের কথা এভাবে মৃত্যু সনদ দিতে পারেন কিনা এমন প্রশ্নে কোন সদুত্তর দিতে পারেননি ওই ইউপি সদস্য।

মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান জানান, উপজেলার মধ্যে আমার ইউনিয়ন অনেক বড় ইউনিয়ন। যে কারণে সবাইকে চেনা আমার পক্ষে সম্ভব হয় না। আমি ওয়ার্ড মেম্বারের সুপারিশেই মৃত্যু সনদ দিয়েছি এবং নতুন ভাতাভোগীর নাম প্রস্তাব করেছি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার জানান, আমার উপজেলায় অনেক ভাতা ভোগী আমার পক্ষে সবার খোঁজ রাখা সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের থেকে যেভাবে কাগজপত্র পেয়েছি ঠিক সেভাবেই কাজ করছি।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

 

কুমিল্লায় সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

আগামী ২ ও ৩ জুন কুমিল্লা বীরচন্দ্র গণ-পাঠাগার ও নগর মিলনায়তনে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাশাপাশি থাকছেন দুই বাংলার মন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রসহ বিশিষ্ট্যজনরা। বিশ্ব সম্মেলন উপলক্ষে বুধবার (৩১ মে) নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনে (টাউন হল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রথম বিশ্ব সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাহতাব সুমন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,“সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্যসমূহকে ধারণ লালন সংরক্ষণ করার মানসে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর বাংলা সংস্কৃতি বলয় আত্মপ্রকাশ করে। আগামী ২ ও ৩ জুন ২০২৩ কুমিল্লা বীরচন্দ্র গণ-পাঠাগার ও নগর মিলনায়তনে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্তর্ভুক্ত বাংলা সংস্কৃতি বলয়ের ১২টি সাংস্কৃতিক অঞ্চলের ১৫০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

২ জুন শুক্রবার বিকেল চারটায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীত ও বাংলা বলয়ের থিম সংগীত পরিবেশনের মাধ্যমে। জাতীয় সংগীত পরিবেশন করবে বাংলাদেশের শিল্পীরা ও থিম সংগীত পরিবেশন করবে ভারতের শিল্পীবৃন্দ।

তিনি আরো বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত থেকে ত্রিপুরা রাজ্য সরকারের পর্যটন ও পরিবহণ মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী।

বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-২ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কুমিল্লার সিটি মেয়র আরফানুল হক রিফাত, আগরতলা সিটি মেয়র শ্রী দীপক মজুমদার, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী। স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মাহতাব সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলা বলয় এর উপদেষ্টা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও বাংলা সংস্কৃতি বলয়ের প্রতিষ্ঠাতা সদস্য সেবক ভট্টাচার্য। সভাপতিত্ব করবেন বাংলা সংস্কৃতি বলয় এর সাময়িক বিশ্ব কমিটির সদস্য সচিব দীপক চন্দ্র ঘোষ।

তিনি আরো বলেন, আনুষ্ঠানিক উদ্বোধন পর্বের পর কুমিল্লার নবীন ও বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে টাউন হল মাঠে। টাউন হল মিলনায়তনে সন্ধ্যায় শুরু হবে নির্ধারিত প্রতিনিধিদের নিয়ে বিশ্ব সম্মেলন। ৩ জুন সকাল নয়টা থেকে টাউন হল মিলনায়তনে সম্মেলন দুপুর পর্যন্ত চলবে। সম্মেলনে গঠনতন্ত্র অনুমোদন, পঞ্চ বার্ষিকী পরিকল্পনা উপস্থাপন ও নতুন পূর্ণাঙ্গ বিশ্বকমিটি গঠন করা হবে।

সন্ধ্যা পৌনে সাতটার সময় দুই দিন ব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সমাপনী অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে । এ উপলক্ষে “বাসব’ নামে বাংলা সংস্কৃতি বলয়ের নিয়মিত প্রকাশনার প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা সংসদের আহবায়ক রুবেল কুদ্দুস, সদস্য সচিব এস এ এম আল মামুন, দেলোয়ার হোসেন জাকির, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ মুজিবুল হক, বাংলা বলয় সাময়িক বিশ্ব কমিটির সদস্য মোঃ আল আমিন, দেলোয়ার হোসাইন আকাইদ, এজহারুল হক মিজান রানাসহ অন্যরা।

চাটখিলে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামে স্ত্রী প্রিয়া আক্তারকে (১৯) জবাই করে হত্যার ঘটনায় স্বামী আল আমিনকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নের গোপাইরবাগ গ্রামের আফতাব উদ্দিন পাটোয়ারী বাড়ির কালা মিয়ার ছেলে। ৩০ মে দুপুরে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় ৪ বছর আগে পারিবারিক ভাবে প্রিয়া আক্তারকে বিয়ে করেন আল আমিন। বিয়ের পর থেকে বিভিন্ন অযুহাতে শারীরিক ও মানুষিক ভাবে প্রিয়ার উপর নির্যাতন চালাতো সে। পরবর্তীতে বিভিন্ন সময় সে অন্যত্রে বিয়ে করবে এবং এ বিষয়ে কোন বাধা দিলে প্রিয়াকে খুন করে লাশ গুম করারও হুমকি দিতো আল আমিন। স্বামীর অত্যাচার সহ্য করতে না ফেরে ঘটনার ৩মাস আগে বাবার বাড়িতে চলে যান প্রিয়া। এরপর থেকে তার কোন খোঁজখবর নিতেন না আল আমিন।

২০১৮ সালের ১৭ জুন সে ঢাকা চলে যাবে তাই প্রিয়াকে শপিং করে দিবে বলে মোবাইলে কল দিয়ে নিজের বাড়িতে ডেকে আনে আল আমিন। তার কথা বিশ্বাস করে বিকেলে সে আসলে আল আমিন তাকে কৌশলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ি ধারালো চোরা দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় আসামি আল আমিন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, ঘটনাটি যেহেতু হত্যা আমরা আসামির মৃত্যুদণ্ড আশা করছিলাম। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলায় আসামি পক্ষে কোন আইনজীবী না থাকায় সরকারের পক্ষ থেকে (ডিফেন্স ল‘ইয়ার) হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শিব নাথ ভৌমিক।