All posts by jitu

নগরীর টিক্কারচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পাওনা টাকা দিতে দেরি হওয়ায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ মে) রাতে আদর্শ সদর উপজেলার টিক্কারচর ব্রিজের দক্ষিণে একটি চা দোকানে এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস মিয়া (৩৫) উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

নিহতের ছোট ভাই সাগর  বলেন, নগরীর শুভপুর এলাকার সোহাগ কুদ্দুস ভাইয়ের কাছে ১০ হাজার টাকা পেতেন। বিকেলে টাকার জন্য ফোন দেন সোহাগ। সন্ধ্যায় টিক্কারচর ব্রিজ এলাকায় আমি এবং ভাই তার সঙ্গে দেখা করতে যাই। একপর্যায়ে তাকে ২০০ টাকা দিই এবং বাকি টাকা শনিবার দেওয়ার প্রতিশ্রুতি দিই। পরে সোহাগসহ আমরা চা পান করি।

তিনি বলেন, একপর্যায়ে আলী হোসেনের ছেলে মামুনের উসকানিতে সোহাগ ছুরিকাঘাত করলে কুদ্দুস ভাই গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

ইউক্রেনে ১০ হাজার রুশ সেনা নিহত হয়েছে : ভাগনার প্রধান

অনলাইন ডেস্ক:

ইউক্রেন ছেড়ে যাওয়ার আগে এমনই তথ্য দিচ্ছে রাশিয়ার প্রাইভেট সেনা ভাগনার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ঘনিষ্ঠ ভাগনার সেনার প্রধান প্রিগোঝিন জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধে আসার আগে রাশিয়ার একাধিক জেল ঘুরে ঘুরে তিনি সেনা নিয়োগ করেছিলেন। বন্দিদের অনেকেই যুদ্ধে যাওয়ার প্রস্তাব গ্রহণ করেছিলেন।

ভাগনার প্রধানের দাবি, তার সঙ্গে প্রায় ৫০ হাজার বন্দি যুদ্ধে যোগ দিয়েছিলেন। তার মধ্যে ২০ শতাংশের মৃত্যু হয়েছে। অর্থাৎ, ১০ হাজার সেনা, যারা একসময় রাশিয়ার জেলে বন্দি ছিলেন, ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন।

এখানেই শেষ নয়। প্রিগোঝিন দাবি করেছেন, বেসামরিক বহু ব্যক্তিও স্বেচ্ছায় যুদ্ধে যোগ দিয়েছিলেন। ভাগনারে তেমন মানুষের সংখ্যাও ছিল প্রায় ৫০ হাজার। তাদের মধ্যে থেকেও প্রায় ১০ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে প্রিগোঝিন এই ভিডিও সাক্ষাৎকারটি দিয়েছেন। বুধবার যা কার্যত ভাইরাল হয়ে গেছে।

ভাগনার প্রধান যে সংখ্যা বলছেন, মস্কোর দেওয়া সংখ্যার সঙ্গে তার আকাশ-পাতাল তফাত। মস্কো জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে তাদের ছয় হাজার সেনার মৃত্যু হয়েছে। যদিও এই তথ্য পেশ করা হয়েছিল বেশ কয়েকমাস আগে। মার্কিন গোয়েন্দারা অবশ্য সাম্প্রতিক সময়ে একটি রিপোর্টে জানিয়েছিলেন, ইউক্রেনে বিপুল পরিমাণ রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে। তবে ভাগনার প্রধান যে সংখ্যা বলছেন, তা বিপুল।

এর আগে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন পুতিন-ঘনিষ্ঠ এই ব্যক্তি। তিনি বলেছিলেন, ইউক্রেনে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে রাশিয়ার সেনা। মস্কো যে তথ্য কোনোদিনই মানতে চায়নি। বস্তুত, এবিষয়ে আন্তর্জাতিক আদালতে ইউক্রেন মামলাও করেছে।

একসময় পুতিন-ঘনিষ্ঠ বলে পরিচিত ভাগনার প্রধান মাসখানেক হলো বেসুরে বাজছেন। রাশিয়ার প্রশাসন ফ্রন্ট লাইনে লড়তে থাকা তার সেনাকে কোনোরকম সাহায্য করছে না বলে একাধিকবার অভিযোগ করেছেন তিনি। জানিয়েছেন, বাখমুতে কেবল তারাই আছেন, রাশিয়ার সরকারি সেনা পালিয়েছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, ২৬ মে থেকে ১ জুনের মধ্যে ইউক্রেন ছেড়ে চলে যাবে ভাগনার সেনা। তার আগে বাখমুত অঞ্চলের যেটুকু তাদের হাতে আছে, তা রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে।

সূত্র : ডয়চে ভেলে।

নোবেলকে নিয়ে বার্তা দিলেন তার বাবা

অনলাইন ডেস্ক:

জি বাংলার ‘সারেগামাপা’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। কিন্তু নানা সময়ে নানা বিষয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না নোবেলের। কিছুদিন আগে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপরই মাদক, স্ত্রীকে মারধরসহ বিভিন্ন অভিযোগ সামনে আসে। পরে তিনি মুচলেকা দিয়ে জামিন পান।

এবার নোবেলের নানা বিষয়ে মুখ খুললেন তার বাবা মোজাফফর হোসেন নান্নু। তিনি বলেন, ‘নোবেলকে আটকের দিন ডিবি কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে নোবেল ও তার স্ত্রী সালসাবিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা একসঙ্গে সংসার করবে কিনা। এ সময় নোবেল সংসার করতে চাইলেও সালসাবিল অসম্মতি জানায়।’

তিনি বলেন, হারুন সাহেব (ডিবিপ্রধান) বললেন— তোমরা তোমাদের বিষয়ে সিদ্ধান্ত নাও, তোমরা সংসার করবা কি করবা না। সালসাবিল বলেছে, না। আমি সংসার করব না। এখন তাদের বিষয় আমার তো কিছু বলার রাইট নাই। এমনকি বিয়ের সময়ও ছিল না।’

অভিমান করে দূরে সরে আছেন জানিয়ে নোবেলের বাবা বলেন, ‘বাংলাদেশের প্রচলিত আইনে ত্যাজ্য করা যায়? এটি একটি হাস্যকর বিষয়। সন্তানের কাছ থেকে কষ্ট পেয়ে মানুষ দূরে সরে থাকতে পারে। এটা হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনেও এটা নেই। এটা ইসলামসম্মতও না, এমনকী বাংলাদেশের আইনসম্মতও না। তবে বাবা হিসেবে সন্তানের কাছ থেকে কষ্ট পেলে যে দূরে সরে থাকার কথা বলে। এইটা আরকি।’

তিনি আরও বলেন, ‘আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। যারা তার সমালোচনা করে তারা তাকে ভালোবেসেই সমালোচনা করে। তার যখন ভালো সময় গেছে, সে যখন মানুষের সঙ্গে ভালো আচরণ করেছে, তার যখন এই শিল্পের সঙ্গে আন্তরিকতা ছিল তখন মানুষ তাকে সেভাবেই এপ্রিশিয়েট করেছে। আবার সে যখন লাইনচ্যুত হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষ যারা তার ফ্যান ফলোয়ার, যারা তার ভালো চায়, সেখান থেকে যখন মানুষের আশা ভঙ্গ হয়েছে।

স্বাভাবিকভাবেই মানুষ তার বিপক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক। সে ক্ষেত্রে আমি তাদের সাধুবাদ জানাই এ কারণে, তাদের যেটা করা উচিত, তারা সেটাই করছে। আবার যদি সে কোনো দিন সঠিক জায়গায় আসতে পারে, আমি মনে করি আবারও তার সম্ভাবনার কথাই বলবে। এর পেছনের ব্যর্থতার কথা আর বলবে না। নোবেল আবারও ফিরে আসবে এটা আমার বিশ্বাস।’

সবশেষ আশাবাদ ব্যক্ত করে নোবেলের বাবা বলেন, ‘প্রত্যেকটা বাবার আশা থাকে তার সন্তারা এ দেশের সেরা হোক। যে যেই লাইনে থাকে সে সেই লাইনের সর্বোচ্চ স্থানে থাকুক। আমারও বাবা হিসেবে সেটাই চাওয়া।’

প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে হারালো ম্যান সিটি

অনলাইন ডেস্ক:

চেনা আঙিনায় আক্রমণের পসরা মেলে উজ্জীবিত ফুটবল খেলল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না ম্যানচেস্টার সিটি। মূল্যবান এক পয়েন্ট পেয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করল ব্রাইটন।

ব্রাইটনের মাঠে বুধবার (২৪ মে) দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফিল ফোডেন সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন হুলিও এনসিসো। আগেই শিরোপা জেতা সিটি লিগে টানা ১২ জয়ের পর পয়েন্ট হারাল।

আক্রমণে ব্রাইটনের দাপটের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। ৩৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২০টি শট নেয় তারা, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিটির ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল। ২০১৯ সালের ডিসেম্বরে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের (২১) পর এই প্রথম কোনো দল সিটির বিপক্ষে লিগ ম্যাচে গোলে ২০টি শট নিতে পারল।

ম্যাচের শুরু থেকে আক্রমণ শাণানো ব্রাইটন ২০তম মিনিটে এগিয়েও যেতে পারত। ড্যানি ওয়েলবেকের ফ্রি কিক ক্রসবারে লাগে। এর পাঁচ মিনিট পর এগিয়ে যায় সিটি। মাঝমাঠ থেকে রিয়াদ মাহরেজের পাস ধরে এগিয়ে যান আর্লিং হলান্ড। গোলরক্ষক এগিয়ে আসায় নরওয়ের ফরোয়ার্ড অন্য পাশে বল দেন ফোডেনকে। এই ইংলিশ মিডফিল্ডারের শটে বল ব্রাইটনের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।

খানিক পর কাওরো মিতোমা সিটি জালে বল পাঠালে উৎসবে মাতে ব্রাইটন, তবে বল মিতোমার হাতে লাগায় গোল মেলেনি। ৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান এনসিসো। ২৫ গজ দূর থেকে তার ডান পায়ের জোরাল শটে বল দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জাল খুঁজে নেয়। বিরতির আগে আবার সিটির জালে বল পাঠায় স্বাগতিকরা, তবে অফসাইডে ছিলেন ওয়েলবেক।

দ্বিতীয়ার্ধেও শুরুটা ভালো করে ব্রাইটন। ৬৫তম মিনিটে মিতোমার প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক স্টেফান ওর্টেগা। ৭২তম মিনিটে বক্সের বাইরে থেকে পার্ভিস এস্তুপিনানের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় সিটি। ৭৮ম মিনিটে হেডে জালে বল পাঠিয়ে উদযাপনে মাতেন হলান্ড। তবে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে গোল দেননি রেফারি। হলান্ড হেড নেওয়ার আগে ব্রাইটনের লেভি কলউইলের জার্সি টেনে ধরেছিলেন। শেষ দিকে ব্রাইটন আরেকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে লক্ষ্য ঠিকই পূরণ হয়ে যায় তাদের।

৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাইটন। শেষ রাউন্ডে যাই ঘটুক না কেন, তাদের অবস্থানের পরিবর্তন হবে না। ৫৮ পয়েন্ট নিয়ে সাতে অ্যাস্টন ভিলা। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৯।

২০২৪ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

অনলাইন ডেস্ক:

২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেন একসময় তার সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।

বুধবার রন জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য সমস্ত কাগজপত্র তিনি নির্বাচনী কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন। এর ফলে রিপাবলিকান দলের ভেতর রনের সাথে ট্রাম্পের লড়াই হবে। শেষ পর্যন্ত রিপাবলিকান ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থীর সাথে লড়বেন।

বুধবার ডিস্যানটিসের প্রার্থী হওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ইলন মাস্কের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডিস্যানটিস। কিন্তু টুইটারে তা আপলোড হওয়ার পর বেশ কিছু গোলযোগ দেখা দেয়। সাক্ষাৎকারটি ঠিকমতো শোনা যায় না। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে অবশ্য সমস্যার সমাধান হয়। ওই সাক্ষাৎকারেই ডিস্যানটিস জানিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়বেন।

৪৪ বছর বয়সী এই গভর্নর ক্ষমতায় এলে কী করবেন, তারও একটি রূপরেখা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সীমান্তে তিনি প্রাচীর তৈরি করবেন। মেক্সিকোর ড্রাগ মাফিয়াদের আটকাতে এবং অবৈধ অনুপ্রবেশ আটকাতে এই ব্যবস্থা করা হবে। এছাড়াও আরও বেশ কিছু কাজের কথা বলেছেন তিনি। নিজের কম বয়সকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।

সূত্র : ডয়চে ভেলে

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে সরকার বিচলিত নয় : শাহরিয়ার আলম

অনলাইন ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে সরকার বিচলিত নয়। বরং এ নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়া উচিত। বুধবার (২৪ মে) রাতে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসা নীতি বাংলাদেশ সরকারকে মোটেও বিচলিত করছে না, কারণ সরকার জনগণকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, এটি কোনো ধরনের স্যাংশন নয়। এ ব্যাপারে বরং বিএনপির উদ্বিগ্ন হওয়া উচিত। নির্বাচনের আগে বা পরে যেকোনো প্রকার সহিংসতা ঘটালে সেটা বরং তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, বুধবার (২৪ মে) রাতে বাংলাদেশের জন্য আলাদাভাবে ভিসানীতি ঘোষণা করে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, এ নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে। এর মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

সারাদেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক:

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি কমতে পারে এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতার মৃত্যু

 

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বাক-বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইকরাম এহমাদ (৩০) নামের জেলা ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শহরের মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় এ ঘটনা ঘটে।

নিহত এহমাদ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ইকরাম এহমাদ শহরের মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় আসা যাওয়া ছিল। আজ সন্ধ্যায় তার বাড়িতে মোটরসাইকেলের চাবি নিয়ে রিমোর মামাতো ভাই রায়হানের সঙ্গে এহমাদের বাক-বিতণ্ডা হয়৷ এরই জেরে রায়হান ছুরিকাঘাত করে এহমাদকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় রায়হানকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

কুমিল্লায় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি

 

কুবি প্রতিনিধি:

স্বাধীনতা পরবর্তী দেশের প্রথম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সংখ্যালঘু নির্ভর মানবাধিকার সংগঠন, বীর উত্তম মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুদীপ্ত সরকার সূর্য ও সাধারণ সম্পাদক শিপন বাড়াইক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আহ্বায়ক হয়েছেন শ্রী অর্ণব সিংহ রায় এবং যুগ্ম-আহ্বায়ক হয়েছেন শ্রী তীর্থ প্রতিম ভৌমিক, শ্রী সজীব চন্দ্র দে, শ্রী প্রান্ত সরকার। সদস্য সচিব হয়েছেন শ্রী পিন্টু দাস।

নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শ্রী জয় রায়, শ্রী দিপ্ত কুমার দাস, শ্রী মিথুল চন্দ, শ্রী প্রান্ত মজুমদার, শ্রী উপম ব্যানার্জী অর্ঘ্য, শ্রী অজয় দেবনাথ, শ্রী কৃষান চক্রবর্তী, শ্রী প্রকাশ পাল, শ্রী সুষ্ময় দাস, শ্রী জয়েস দত্ত,শ্রী শ্রীলা দাস, শ্রী আকাশ রঞ্জন রায়, শ্রী স্বর্ণালী পাল, শ্রী ইভেন দত্ত জিৎ, শ্রী সুদীপ্ত পাল, শ্রী প্রদিপ আচার্য্য নিরব,শ্রী গৌরব দাস,শ্রী পলাশ সরকার, শ্রী সিমন চন্দ্র দাস, শ্রী প্রণব চন্দ্র দাস, শ্রী রুহি পাবন বর্মন, শ্রী পার্থ মজুমদার।

উল্লেখ্য অত্র আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লার শাওনকে মালয়েশিয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন

 

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরও মোহাম্মদ শাওন (৩০) নামের এক বাংলাদেশিকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

আজ বুধবার সকালে হাইকমিশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শাওনের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে মিশনের লিগ্যাল অ্যাডভাইজারকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী জানান, মরদেহ দাফনের আগে হাইকমিশনের কল্যাণ সহকারী মুকসেদ আলীর হোয়াটসঅ্যাপে শাওনের সব তথ্য পাঠানো হয়েছিল।

শাওনের মা শিরিন বেগম বলেন, ‘বাংলাদেশ হাইকমিশনে জানানোর পরও কোনো ধরনের সহায়তা করেনি। আমার ছেলের পাসপোর্ট-ভিসা থাকার পরও কেন বেওয়ারিশ হিসেবে মালয়েশিয়ায় দাফন হলো। মা হয়ে ছেলের মরদেহ দেখা হলো না আমার। চার ভাইয়ের মধ্যে শাওন ছিলেন সবার ছোট।’

শাওনের বড় ভাই মোহাম্মদ শামীম বলেন, ‘আমার ভাইয়ের পরিচয় থাকার পরও দেশে না পাঠিয়ে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার দাবি জানাই।’

কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুরের হাটচান্দিনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাওন। ২০১৫ সালে কাজের জন্য মালয়েশিয়া যান তিনি। গত বছরের ২৭ আগস্ট এক চীনা নাগরিকের বাসায় ব্যক্তিগত কাজ করতে গিয়ে ৫ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করে। তিন মাস হাসপাতালে থাকার পর গত ৩ মার্চ মারা যান শাওন। গত ১৫ এপ্রিল বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয় শাওনকে।

এদিকে, ব্যক্তিগত কাজে গিয়ে আহত হওয়ায় ওই ঘটনার দায় নেয়নি শাওনের কোম্পানির মালিক।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে ৮১ হাজার ৭৪৩ রিঙ্গিত বিলের মধ্যে ২২ হাজার ইনস্যুরেন্স এবং প্রবাসীদের সহযোগিতায় ৯ হাজার রিঙ্গিতসহ মোট ৩১ হাজার রিঙ্গিত হাসপাতালের বিল পরিশোধ করা হয়।

একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার হাসপাতালে কোনো বিদেশি নাগরিকের চিকিৎসা নেওয়ার মৃত্যু হলে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত মরদেহ হস্তান্তর করা হয় না। হাসপাতালের বকেয়া বিল এবং পরিচয় থাকা সত্ত্বেও কেন শাওনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হলো—এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রবাসীরা।