All posts by jitu

আরও ৩ দিন অব্যাহত থাকতে পারে ঝড়-বৃষ্টি

 

ডেস্ক রিপোর্টঃ

দুই দিন ধরে চলা ঝড়-বৃষ্টি বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

ঝড়-বৃষ্টি বাড়ায় তাপমাত্রা কমে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহ দূর হয়েছে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার (১৭ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৬টা পর্যন্ত নওগাঁর বদলগাছী ও টেকনাফ ছাড়া সারাদেশে বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোনায়।

বৃহস্পতিবার ভোররাতে ঢাকায় বেশ ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বুধবারও। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর, ৫ দোকান

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে পৃথক দুটি অগ্নিকান্ডে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় ও দিবাগত রাত ১টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার ৭নং পুর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে ও হাতিয়ার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারে এ দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারের জিয়াউর রহমানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.নুরুন নবী। তিনি আরো জানান, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পুড়ে ছাই হয়ে যায়। দুটি অগ্নিকান্ডে মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

যুবলীগ নেতা জামাল হত্যা: ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার ২ আসামি

 

ডেস্ক রিপোর্টঃ

যুবলীগ নেতা জামাল হত্যার ২ আসামি ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার

কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. সুজন মিয়া এবং মো. মাজহারুল ইসলাম সৈকত নামের দুই ছাত্রলীগ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত সুজন মিয়া কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাজহারুল ইসলাম সৈকত দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার তদন্ত সংস্থা ডিবির তথ্য অনুসারে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যা মামলায় এজাহার নামীয় ৯ আসামির মধ্যে ১ নম্বর আসামি সুজন (৩২)। হত্যাকাণ্ডের পর দিন তিনি নেপালে পালিয়ে যান।

অপরদিকে ঘাতকদের সহায়তা ও অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগে গত ৯ মে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে ছাত্রলীগ নেতা সৈকতকে গ্রেফতার করা হয়। তিনি জেলার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বিকালে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন বলেন, আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক তদন্তে উভয়ের (সুজন-সৈকত) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিষয়টি দলের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রকে অবহিত করার পর কেন্দ্রীয় কমিটি থেকে আজ তাদের স্থায়ী বহিষ্কারের চিঠি পাঠিয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হলে হয়তো তাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে কেন্দ্রীয় কমিটি।

গত ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি মডেল থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আটজনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত তিনজন এজাহার নামীয় আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

কুমিল্লার কাপ্তান বাজার থেকে গাঁজাসহ কাজী কাদের আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে গাঁজা পরিবহণকালে গাঁজাসহ মোঃ কাজী কাদের (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে রাতে সদরের কাপ্তান বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সাও জব্দ করা হয়।

আটক হওয়া ব্যক্তি বুড়িচং উপজেলার মাশুরা গ্রামের মৃত কাজী দেলোয়ার হোসেনের ছেলে ।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটক হওয়া ব্যক্তি দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার বিভিন্ন থানার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা-চট্টগ্রাম মহাড়কের আনায়ন করত। অন্যান্য গাড়ি মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বাঙ্গরায় ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক ২, পিকআপ জব্দ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান গাড়ী জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মৃত হাবীব মিয়ার ছেলে বাবুল মিয়া(৩৭), একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জামাল মিয়া (৫৫)।

পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই আবদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী এলাকায় অস্থায়ী চেকপোষ্ট করে যানবাহনে তল্লাশি অভিযান চলাকালে একটি পিকআপ গাড়ীকে থামার জন্য সিগন্যাল দেয়। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ীর চালক ও হেলপার অসংলগ্ন কথাবার্তা বলে। তাদের আচরন সন্দেহজনক হওয়ায় পুলিশ পিকআপ গাড়ীটি তল্লাশী করে। পরে কেবিনের দুই পাশে বিশেষ কায়দায় বক্সের ভিতর রক্ষিত ১২০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ চালক ও হেলপারকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ‘ঢাকা মেট্রো-ন-১১-৩২২১’ নম্বরের গাড়ীটি জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা৷

বুধবার (১৭ মে) সকালে ডেসটিনি কলেজ ও মোহাম্মদপুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এছাক মুন্সির হাটের পাশে ডেসটিনি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সময় মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজ ছাত্র লীগের সভাপতি মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, মোস্তফা স্যার, হুমায়েরা, তানজিনা, শাহেনুরসহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা ৷

শিক্ষার্থীরা এসময় সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও বাস চলাচল চালুর জন্য দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান৷ এছাড়াও দ্রুত সড়কটি সংস্কার না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

বিজেএসসি’র কুবি সংসদের নেতৃত্বে বিশ্বজিৎ -তারিকুল

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংসদ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ ১৭-১৮ শিক্ষাবর্ষের বিশ্বজিৎ সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. তারিকুল ইসলাম নিলয়।

বিজ্ঞপ্তিতে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, বিজেএসএসির কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংসদ (২০২৩-২৪) এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক হয়ে থানা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনায় সারওয়ার হোসেন বাবু বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশ জাতীর কল্যাণের চিন্তা করে ১৯৮১ সালের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করে এবং আওয়ামীলীগের দায়িত্ব নিয়ে দেশকে আজ উন্নতির দিকে এগিয়ে নিচ্ছেন বলে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা সুমন আহমেদ, উপজেলা তাঁতী লীগের সভাপতি ও যুবলীগের সদস্য রেজাউল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের কয়েক শতাধিক সিনিয়র নেতৃবৃন্দ।

সূচি প্রকাশ হল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের

 

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত কোনো খেলা না থাকায় দুই সপ্তাহের ছুটিতে থাকবে ক্রিকেটাররা। এরপরই নেমে পড়তে হবে আফগানিস্তান সিরিজের প্রস্তুতিতে। জুনে অনুষ্ঠিতব্য ওই সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (১৭ মে) বিকেলে এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। এরপর তিন দিনের মাঠের প্রস্তুতি সেরে নেমে পড়বে একমাত্র টেস্ট খেলতে, যা শুরু হবে ১৪ জুন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

টেস্ট সিরিজ শেষে ১৯ জুন সিরিজ খেলতে ভারত যাবে রশিদ-নবীরা। সেখানে সিরিজ খেলে আগামী ১ জুলাই ফের বাংলাদেশে আসবে তারা। এরপর তিন দিনের প্রস্তুতি সেরে খেলতে নামবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওডিআই সিরিজ শেষে ১২ জুলাই সিলেটে যাবে দুদল। যেখানে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল।

যদিও তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল আফগানদের সাথে, তবে ভারত সফরের কারণেই দুই বোর্ডের সম্মতিতে একটি করে টি-টোয়েন্টি ও টেস্ট কমানো হয়।

ক্রিকেটারদের ছুটি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল মঙ্গলবার (১৬ মে) গণমাধ্যমে বলেন, ‘আমরা সব সময় ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলি। সামনে আমাদের দুটি বড় প্রতিযোগিতা আছে। বিশ্রামের এই সময়টা ক্রিকেটারদের খুব কাজে লাগবে। পরিবারের সঙ্গে থাকতে পারবে। নিজেদের ব্যক্তিগত কাজগুলোও করতে পারবে। মানসিকভাবে ওরা খুব ফ্রি থাকতে পারবে যা যেকোনো অ্যাথলেটের জন্য খুব দরকারি।’

নোয়াখালীতে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

 

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীতে ট্রাক চাপায় এক নারী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। নিহত কর্মীর নাম দিনাজ সুলতানা জিতু (২৭)। তিনি নোয়াখালীর সদর উপজেলায় তাই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ২নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার মাইজদী টু সোনাপুর সড়কের দত্ত বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিতু সকালে বাসা থেকে রিকশায় করে তাই এনজিওর কাজে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকায় সোনাপুর থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তার রিকশাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জিতু মারা যায়।

সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জিুতুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।