All posts by jitu

৪৭ বছর পর ইউরোর ফাইনালে ওয়েস্ট হ্যাম

অনলাইন ডেস্ক

দীর্ঘ ৪৭ বছর অপেক্ষার পর ইউরোপীয় কোন আসরের ফাইনালে পৌঁছেছে ওয়েস্ট হ্যাম। ইউরো কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে এজেড আলকমারের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বৃহস্পতিবার চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের অন্তিম মুহূর্তে ওয়েস্ট হ্যামের পক্ষে জয়সুচক গোল করেন পাবলো ফর্নালস। এই জয়ে আগামী ৭ জুন প্রাগে অনুষ্ঠিতব্য ফাইনালে ফিওরেন্টিনা অথবা এফসি বাসেলের মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম।
সর্বশেষ ১৯৭৬ সালে ইউরোপের বড় কোন আসরের ফাইনালে উঠেছিল হ্যামাররা। ফাইনালে আন্ডারলেখট এর কাছে হেরে শিরোপা জয়ে ব্যর্থ হয় ওয়েস্ট হ্যাম।

১৯৮০ সালে এফএ কাপের ফাইনালে ট্রেভর ব্রোকিংয়ের গোলে আর্সেনালকে হারানোর পর আর কোন বড় শিরোপা ঘরে তুলতে পারেনি ওয়েস্ট হ্যাম। ২০০৬ সালে এফএ কাপের ফাইনালে লিভারপুলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর টাইব্রেকারে স্টিভেন জেরার্ডের গোলে পরাজিত হয় ওয়েস্টহ্যাম।

ক্লাবটির প্রধান কোচ ডেভিড ময়েস বলেন,‘আমরা দারুণ রোমাঞ্চিত। এটি ক্লাবের জন্য বড় একটি অর্জন। এখন আমাদের শিরোপা জয়ের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। এজেড যা করেছে বেশ ভালোই করেছে। কিন্তু আমরা যা করেছি তাতে আমি আনন্দিত। ভালো করার জন্য এই মৌসুমে আমরা বেশ কিছু আন্তর্জাতিক তারকাকে দলে ভিড়িয়েছিলাম। তারপরও আমাদেরকে মৌসুম জুড়ে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। শেষ পর্যন্ত এই অর্জনের জন্য আমরা কৃতজ্ঞ।’

গতকাল অনুষ্ঠিত ইউরো কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওয়েস্ট হ্যামের হয়ে ৯০ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ফর্নালস। ফলে দুই লেগে ৩-১ ব্যাবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বিরোধী দলের কোনো কর্মসূচিই সহ্য করতে পারছে না সরকার : ফখরুল

অনলাইন ডেস্ক:

বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে, গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে সন্ত্রাসকেই রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে গ্রহণ করেছে। সে কারণে বিরোধী দলীয় কোনো কর্মসূচিকেই সহ্য করতে পারছে না সরকার। মানুষের আওয়াজ শুনলেই ক্ষমতাসীন গোষ্ঠী আতঙ্কিত বোধ করছে।

শুক্রবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, অনাচার আড়াল করতে অবৈধ গণবিচ্ছিন্ন সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিচ্ছে।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের ওপর এই নিপীড়ন-নির্যাতন করেও বিএনপির কর্মসূচিকে বানচাল করতে পারবে না। গণতন্ত্র অর্জনের জন্য গণতন্ত্রকামী মানুষের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের টার্গেট করে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তবে তাদের নীলনকশা বাস্তবায়ন হবে না। জনগণ জেগে উঠেছে। তাদের হারানো অধিকার ফিরে পেতে, তারা এখন দুঃশাসনের অবসান ঘটাতে অঙ্গীকারবদ্ধ।

হঠাৎ সৌদি আরব সফরে জেলেনস্কি

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরব গেছেন। সেখানে আরব লীগের সামিট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ‘প্রথমবারের মতো সৌদি সফর শুরু করছি।’

সৌদি আরবসহ আরব বিশ্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতেই এই সফর বলেও উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেছেন, আরব নেতাদের সঙ্গে ক্রিমিয়া এবং সাময়িক দখলকৃত অঞ্চলসমূহে থাকা রাজনৈতিক বন্দীদের নিয়ে তিনি আলোচনা করবেন। একইসঙ্গে তিনি শান্তি ফর্মুলা এবং জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা করবেন। জেলেনস্কি বলেন, সৌদি আরব একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। আমরা আমাদের সহযোগিতা একটি নতুন লেভেলে নিতে প্রস্তুত।

কুমিল্লার আলেখাচরে আওয়ামী লীগ কর্মীকে জবাই করে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচরে আওয়ামী লীগ কর্মী এনামুল হককে জবাই করে হত্যা করেছে জামায়াত শিবির কর্মীরা।

শুক্রবার (১৮ মে) দুপুরে জুম্মার নামাজ থেকে এনামূল বের হলে এই ঘটনা ঘটে।

নিহত এনামুল হক আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানায় , জুম্মার নামাজ থেকে এনামূল বের হলে জামায়াত শিবির কর্মী কাজী জহিরুল ইসলামের নেতৃত্ব তার ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদ মিলে এনামুলকে টেনেহিঁচড়ে মসজিদের সামনে গলায় চুরিকাঘাত করে।মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ নিয়ে যায়। বিকাল ৩ টার দিকে হাসপাতালে এনামুল মারা যায়।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল জানান, আওয়ামী লীগ কর্মী এনামুলের সাথে জামাত নেতা কাজী জহির গংদের রাজনৈতিক বিরোধের পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণ পাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ মাদ্রাসার সেক্রেটারি ছিল এনামুল। কাজী জহির গং দীর্ঘ দিন ধরে এ মাদ্রাসা দখলের চেষ্টা করতেছিল। এছাড়া বৃহস্পতিবার কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটা ভিডিও ভাইরাল হয়। এর জন্য এনামুল কে দায়ী করে। এতে কাজী জহির গং এনামুলের উপর ক্ষুব্ধ হয়ে শুক্রবার জুম্মা পরে বের হলে কাজী জহিরের উপস্থিতিতে তার ভাই আমানুল সহ জামাত শিবির কর্মীরা এনামুল এর গলা কেটে হত্যাচেষ্টা করে। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে হাসপাতালে সে মারা যায়।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

উখিয়া থেকে নোয়াখালী এসে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

আটক মো.আব্দুল হাফেজ (৩৫) কক্সবাজারের উখিয়া ক্যাম্পের ১৫নং ক্লাস্টারের আমির হোসেনর ছেলে।

শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ারর্ডের রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এক রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর হাতিয়ার রহমত বাজারে আসে। শুক্রবার সকালের দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রোহিঙ্গা যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক একই দিন বিকেলের দিকে পুনরায় তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কাতারে আলোচনা সভা 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকে:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ আওয়ামীলীগ কাতার সাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাতার সালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের কান্ট্রি ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিয়ার আনোয়ার হোসেন আকন।

কাতার আওয়ামীলীগের প্রবীণ ব্যক্তিত্ব বোরহান উদ্দিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি শাহ আলম খান, বদরুল আলম ও মোস্তাফিজুর রহমান রিপন।

বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শফিকুল কাদের, শফিকুল ইসলাম তালুকদার বাবু, মোহাম্মদ কপিল উদ্দিন, ইজিনিয়ার আবু রায়হান, মোঃ মোসলেহ উদ্দিন, শাহদাত হোসেন নাছের, জালাল আহমেদ, মালেক আহমেদ, মশিউর রহমান মিঠু, বাবু হারাধান শীল প্রমুখ।

রাষ্ট্রদূত মোহাম্মদ নজরু ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে দেশে না ফিরলে খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদৃতির দেশ হতো না, ডিজিটাল বাংলাদেশ হতো না।

তিনি বলেন,‘শেখ হাসিনা দেশে না ফিরলে আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারতামনা, উন্নত দেশের স্বপ্ন দেখতে পারতাম না।’

পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, পায়রা বন্দর নির্মাণের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরেছেন বলেই বিস্ময়কর এসব উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। সারাবিশ্ব বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা: ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সেনানিবাসে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১৩ই মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৭ পদাতিক ডিভিশন ও ৫৫ পদাতিক ডিভিশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ১৭ পদাতিক ডিভিশন ৯ পয়েন্ট বেশি নিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের সাথে জয় লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই সময় প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক রুহুল আমিন এবং নবীন খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ডিভিশনের খেলোয়াড় মনিরুজ্জামান। এইছাড়াও অনুষ্ঠানে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া
মেজর জেনারেল মোঃ মাইনুর রহমানসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; কুমিল্লা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরির অভিযোগে ৩ জন গ্রেফতার

 

জাকির হোসেন হাজারী

কুমিল্লার দাউদকান্দিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(১৭ মে) রাতে গৌরীপুর এলাকার ঈশাখা সিএনজি পাম্প এলাকার সততা আয়রন নামে ভাঙ্গারী ব্যবসায়ীর দোকান থেকে মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মুরানগর উপজেলার শুসন্ডা গ্রামের অহিদ মিয়ার ছেলে নুর মোহাম্মদ(২০), তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জলিল সরকারের ছেলে জাহিদ সরকার(২৫) এবং সততা আয়রন দাউদকান্দি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল জলিল মাওলানার ছেলে সেলিম মিয়া(৩৪)। এদের বিরুদ্ধে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর তালিকাভূক্ত ঠিকাদার মনির হোসেন সরকার দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু করেছেন।
মামলার বাদি মনির হোসেন সরকার জানান, আমি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর তালিকাভূক্ত একজন ঠিকাদার। গৌরীপুর বালিকা বিদ্যালয় সংলগ্ন আমার গোডাউনে প্রহরীর চাকরী করতো নুর মোহাম্মদ।

কয়েকমাস আগে সন্দেহমূলক আচরনের দায়ে তাকে চাকরীচ্যুত করা হয়। এরপরও প্রায় সময় গোডাউনের আশপাশে তাকে ঘুরাফেরা করতে দেখা যেত। গত ১২ মে আমার গোডাউনে থাকা ৯টি ট্রান্সমিটারের মধ্যে ২টি ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পাই এবং ভিতরের মালামাল নেই। পরে বিষয়টি গৌরীপুর ফাড়ির পুলিশকে জানাই।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় বুধবার দুপুরে ইলিয়টগঞ্জ বাজার থেকে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সততা আয়রন নামের ভাঙ্গারী দোকান থেকে মালামাল উদ্ধার এবং আরো দুইজনকে আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

গুচ্ছ পদ্ধতিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুবি

চাঁদনী আক্তার, কুবি:

দেশের মোট ২২টি সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটের পরীক্ষা আগামী ২০ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করবে ৬ হাজার ৯৬২ জন।

জানা যায় এরইমধ্যে পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি। বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে খ’ ইউনিটের সদস্য সচিব ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সব প্রক্রিয়া ঠিক আছে কিনা দেখা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নাম, রেজিষ্ট্রেশন নাম্বার ও ছবি ঠিকমতো লাগানো হয়েছে। কেন্দ্র পরিদর্শনের তালিকাও হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে ঢুকা যাবে ও কি কি নিষেধাজ্ঞা আছে সে বিষয়ে প্রতিটি কেন্দ্রে নীতিমালা দিয়েছি। সার্বিক সহযোগিতায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আমাদের।
‘খ’ ইউনিটের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, সবকিছু একটু চাপাচাপির মধ্যে ছিল। তারপরেও আমরা এসব কিছু ওভারকাম করে চালিয়ে নিচ্ছি। আশাকরি পূর্বের ন্যায় সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃংখলা কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনসহ আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। কিভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। সকলে মিলেমিশে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা নিতে পারবো।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২০ মে মানবিক বিভাগের, ২৭ মে বিজ্ঞান বিভাগের এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শ্রেণী প্রতিনিধিদের সাথে কুবি উপাচার্যের দুইদিনব্যাপী মতবিনিময়

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৯ টি বিভাগের শ্রেণী প্রতিনিধিদের সাথে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের দুইদিন ব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ ও ১৭ মে প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে ছয়টি অনুষদে মোট ১৯ টি বিভাগের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন আগামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং একটি জব ফেয়ার আয়োজনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় শিক্ষার্থীরা জব ফেয়ার আয়োজন আগ্রহ প্রকাশ করলে ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহাঃ হাবিবুর রহমানকে নিয়ে জব ফেয়ার আয়োজন কমিটি গঠন করা হয়।

এসময় উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সবার কাজ করা উচিত। এছাড়া, শিক্ষার্থীদেরকে মুখস্থ বিদ্যায় জোর না দিয়ে বাস্তবিক ও প্রায়োগিক জ্ঞান অর্জন করতে হবে।