All posts by jitu

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য চিত্রনায়ক ফারুকের মরদেহ শহীদ মিনারে

 

ডেস্ক রিপোর্ট:

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাবেন। মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। শ্রদ্ধা জানানো শেষে সেখান থেকে মরদেহ নেওয়া হবে এফডিসিতে।

পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে নায়ক ফারুককে সমাহিত করা হবে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে। পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এর আগে, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ফারুকের মরদেহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ সময় সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। বীর মুক্তিযোদ্ধা ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান শরৎ এ তথ্য নিশ্চিত করেন।

সিঙ্গাপুরে প্রায় চার মাস ধরে আইসিইউতে ছিলেন চিত্রনায়ক ফারুক। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাস ছয়েক আগে তাকে কেবিনে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই স্থগিত হওয়া পরীক্ষা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

 

ডেস্ক রিপোর্ট:

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, চলমান এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখা’র কারণে স্থগিত হওয়া পরীক্ষা নেয়া হবে।

আজ সোমবার রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে কেরানি নয়, দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাকে এখন রূপান্তর ঘটিয়ে যে জায়গায় যাওয়ার চেষ্টা হচ্ছে, সেই রূপান্তর ঘটবার জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছি।

তিনি আরো বলেন, সারাবিশ্ব এখন শিক্ষায় রূপান্তর ঘটিয়ে নতুন শিক্ষাক্রম তৈরির চেষ্টা করছে, বাংলাদেশ সেখানে অগ্রগামী অবস্থানে রয়েছে।

তিনি জানান, চলতি বছর মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এবং প্রাথমিকে প্রথম শ্রেণিতে এর বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাক-প্রাথমিক থেকে পুরো শিক্ষাক্রমটি বাস্তবায়ন করা হবে । নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতার চর্চা করতে শিখবে। এর মধ্যদিয়ে দক্ষ ও স্মার্ট নাগরিক তৈরি করতে পারবো। ’
শিক্ষামন্ত্রী বলেন, আগের সেই ব্যবস্থায় একটি কারখানা থেকে যেনো একই রকম মানুষ তৈরি হচ্ছিল। যে শিক্ষার্থীর যেদিকে মেধা আছে, সৃজনশীলতা আছে সেই শিক্ষার্থীকে সেদিকে আরেকটু যত্ন নিয়ে পুরোপুরি বিকশিত করবার সুযোগ আছে নতুন এই শিক্ষাক্রমে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো, এ দেশটিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ এ সারাদেশের আটটি বিভাগ এবং ঢাকা মহানগরী থেকে ১৩৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এসব শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকটিতে তিন জন করে ১৫ জন সেরা মেধাবী নির্বাতিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী উপস্থিত ছিলেন।

ঘুর্ণঝড় ‘মোখা’ উদ্ভূত পরিস্থিতিতে গত রোববারের (১৪ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৫ মে অনুষ্ঠেয় দেশের সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ২৩ মে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি’র তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ মে ।

কুবিতে ‘মুক্ত আলোচনা’ সভা অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার ,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞানের বিভাগের আয়োজনে ‘আমার ব্র্যাক জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা’ শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে নৃবিজ্ঞানের সভাপতি মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সাবেক ভাইস-চেয়ারপারসন ও আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ মোশতাক রাজা চৌধুরী। তিনি তার লিখিত বই ”আমার ব্র্যাক জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা’ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্র্যাকও শিক্ষা, কৃষি, চিকিৎসা, খাদ্য, গবেষণাসহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছি। সেখানে একজন উন্নয়নকর্মী কিভাবে বেড়ে উঠে সে বিষয়ে বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু জ্ঞান বিতরণ করা হয় নয় বিতরণের পাশাপাশি জ্ঞান তৈরি করতে হবে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে জ্ঞান শুধু বিতরণ করা হয় কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে দু’টি করা হয় একসাথে। এজন্য বেশী বেশী গবেষণা করা প্রয়োজন। ব্র্যাকও গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, ব্র্যাক বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রেখে চলছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নের ধারণায় পরিবর্তন আনতে এবং দেশের উন্নয়নে কাজ করেছে ব্র্যাক। বর্তমানে এটি বিশ্বের একটি বৃহৎ অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এটি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে যেভাবে কাজ করছে তা বিশ্বের কাছে ব্র্যাককে রোল মডেল হিসেবে তৈরি করেছে।
আলোচনা সভায় নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সামাজিক অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহা. আমিনুল ইসলাম আকন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম এবং বিশ্বব্যাংকের সাবেক প্রকৌশলী লুৎফুর কবির।

এসময় বিভাগের ছাত্র উপদেষ্টা ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি শামিমা নাসরিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেবিদ্বারের শান্ত হত্যা মামলার পলাতক আসামী সাজিবের মালামাল জব্দের আদেশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত মেহেদী হাসান শান্ত হত্যা মামলার প্রধান আসামী আমেরিকা পলাতক সাজিবের মালামাল জব্দের আদেশ জারি করেছে আদালত। সোমবার (১৫মে) দুপুরে ৪নং আমললী আদালতের সিনি.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড ওমর ফারুক এই আদেশ দেন। এর আগে

বাদী পক্ষের আইনজীবী এড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, ‘শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিব পলাতক রয়েছেন। এর আগে বিজ্ঞ আদালত সাজিবসহ চার আসামীর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেন৷ আজ দুপুরে পলাতক প্রধান আসামী সাজিবের মালামাল জব্দের আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সাজিবের ছুঁড়ির আঘাতে শান্ত হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরো চারজন।

নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে।

মারা গেছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফারুক

ডেস্ক রিপোর্ট:

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ওরফে ফারুক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তিনি মারা গেছেন।

প্রায় দুই বছর সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক ফারুক। তিনি শুধু অভিনেতায় নন, তিনি বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নির্মাতা আনজাম মাসুদ জানান, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা গেছেন নায়ক ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

দীর্ঘ অভিনয় জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল ইত্যাদি।

এবার বুবলীর ‘অবৈধ সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন শাকিব খান

 

বিনোদন ডেস্কঃ

গত মঙ্গলবার (৯ মে) ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। সেই সঙ্গে বলেছিলেন, বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

শাকিব খানের এমন বক্তব্য প্রসঙ্গে পরদিন বুধবার (১০ মে) বুবলী ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগ ছুঁড়ে জানান, তাদের এখনও ডিভোর্স হয়নি এবং এখনও দুজনের সুসম্পর্ক রয়েছে। সেই সঙ্গে এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন বুবলী।

এবার সেসব নিয়ে সংবাদমাধ্যমকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শাকিব খান জানালেন, বুবলী মিথ্যাচার করছেন। শুধু তাই নয়, নানা জনের সঙ্গে বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্ক’ গড়ে তোলার অভিযোগও শাকিবের।

আপনি বলছেন বুবলী অধ্যায় শেষ, কিন্তু বুবলী বলছেন আপনাদের এখনো সম্পর্ক রয়েছে? এমন এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি কিছু বলতে চাই না। সে যখন বলছে আমাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে তাহলে সে-ই প্রমাণ দিক। কারণ সে তো একজন শিক্ষিত মেয়ে। তাই তার মতো একজন শিক্ষিত মেয়ের কাছে তো কোনো মিথ্যা বলার মতো বোকামি কেউ আশা করবে না।’

দুজনের সম্পর্কের অবনতি এই চিত্রনায়ক বলেন, ‘দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব।’

সেই সঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন।’

শাকিব আরও যোগ করেন, ‘আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই।

সন্তান জন্মের কথা বুবলীই প্রথম প্রকাশ করেছেন, এর আগে আপনারা বিষয়টি গোপন রেখেছিলেন কেন? এমন এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘দেখুন, পার্সোনাল বিষয়কে আমি কখনো ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে চাই না। তাই কাউকে কিছু বলিনি। কিন্তু বুবলীকে তো কাউকে বলতে বারণ করিনি। সে কেন তখন এ নিয়ে কিছু বলল না। সে এতটাই ক্রিটিক্যাল মাইন্ডের যে, গত বছর ২৭ সেপ্টেম্বর আমার ছেলে জয়ের জন্মদিনে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে আমাকে বিব্রত ও ব্ল্যাকমেল করার চেষ্টা করল।

‘একই সঙ্গে নানাজনের সঙ্গে তার অবৈধ সম্পর্কের স্ক্যান্ডাল চাপা দিতেই সে তখন হুট করে তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে বসল। তার মনে যদি কোনো দুষ্ট বুদ্ধি না থাকত তাহলে সে তো আগেই এই ছবি প্রকাশ্যে আনতে পারত। এখন আবার কোন স্বার্থ হাসিল করতে আমার সঙ্গে সম্পর্কের কথা তুলে সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে।’

অপুর বিশ্বাসের সঙ্গে বিয়ের কথা গোপন করে রেখে তার সঙ্গে সম্পর্ক করেছিলেন এমন অভিযোগও তুলেছিলেন বুবলী; এমন এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘তার এই অভিযোগ একদম মিথ্যা। সবাই জানে আমার ও অপুর বিয়ের কথা, অথচ সে জানে না, এটি চরম মিথ্যা ছাড়া আর কি হতে পারে। এ নিয়ে তখন তো অপু তাকে গালাগালও করেছে। একজন লোকের বিয়ে করা বউ থাকার পর কী সে আরেকটি বিয়ে করতে পারে।

‘বুবলী তো নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে শুধু সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। এখনো সে নিজেকে আমার স্ত্রী পরিচয় দিয়ে নিজের স্বার্থ উদ্ধারের অপচেষ্টাই চালিয়ে যাচ্ছে। আবারও বলছি সে প্রমাণ করে দিক সে আমার স্ত্রী। বুবলী এখন আমার স্ত্রী নয়, এ কথা আমি আর কতবার বলব।’

ডিভোর্স আসলে হয়েছে কিনা জানতে চাইলে শাকিব বলেন, ‘সেটা সে-ই বলুক। সে যখন এখনো নিজেকে আমার স্ত্রী দাবি করছে, তাহলে সে-ই প্রমাণ করে দিক বিষয়টি।’

বুবলী দাবি গেল ঈদে আপনার বাসায় গিয়েছিলেন, আপনাকে খাইয়ে দিয়েছেন, একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন, সময় কাটিয়েছেন কথাটি সত্য কিনা? জবাবে শাকিব বলেন, ‘দেখুন, আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল। তার সঙ্গে সম্পর্কের পর এক দিনের জন্যও সে আমাদের বাসায় থাকেনি। আমার বাসার কারও সঙ্গে তার কথাও হয়নি। আগে পরিচয়ও ছিল না। সে জোর করে আমার বাসায় এসে সিন ক্রিয়েট করার চেষ্টা করে। শেহজাদের জন্মদিনেও সে জোর করে আমার বাসায় এসেছে। শেহজাদকে তার ন্যানিই আমার বাসায় নিয়ে আসে। অথচ ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় এসেছে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেয়া যায় না।

‘অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেয়া হয়েছিল। যাক, ঈদের দিন সে এসেছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে বাসার সবাই বসে খেয়েছি। তারপর শেহজাদকে নিয়ে গাড়িতে করে যখন বেড়াতে বের হচ্ছিলাম তখন বুবলীও গাড়িতে উঠে পড়ে এবং পেছনের সিটে বসে থাকে। তার রান্না করা বা তার হাতে কোনো খাবারই আমি খাইনি। আসলে সেদিন ঈদের সুযোগ নিয়ে সে আমার বাসায় এসেছিল। মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে তাই করার চেষ্টা করেছে।’

সবশেষ বুবলীর উদ্দেশ্যে শাকিব বলেন, ‘আমি তাকে বলব সে যেন এই নতুন স্ট্যাটাসের নাটক বন্ধ করে। সে বলেছে আমার বিরুদ্ধে সে নাকি মুখ খুলবে, আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, সে যেন মুখ খুলে। আমি তো সন্তানের স্বার্থে মুখ বন্ধ করে তার দেয়া সব মানসিক যন্ত্রণা সহ্য করে আসছি। বেশি বাড়াবাড়ি করলে আর মুখ বুঝে থাকব না।

‘সে ও তার পরিবার আমার ওপর যা ঘটিয়েছে সব খুলে বলতে সে যেন আমাকে বাধ্য না করে। আমি আবারও তাকে বলছি সন্তানের ভালোর দিকে তাকিয়ে সে যেন এসব নোংরামি বন্ধ করে। আমার জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না। আমার ধারেকাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না।’

মেয়র জাহাঙ্গীরকে আ’লীগ থেকে আজীবন বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সুপারিশ করা হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এই সুপারিশ পাঠানো হবে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বহিষ্কারের বিষয়টি উত্থাপন করেন।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জাহাঙ্গীর আলম দলীয় ক্ষমার সুযোগ নিয়ে দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। তাকে আজীবনের জন্য বহিষ্কার করা উচিত।’

লাকসামে মানবপাচারকারী চক্রের দুই সদস্য আটক, ৬ কিশোর উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের জিম্মায় থাকায় ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া মোবারক হোসেন (৫০) নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নামুরপাড় গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে এবং ইমন খান রায়হান (২৭) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাছিমপুর গ্রামের ইব্রাহীমের ছেলে।

আর উদ্ধার কিশোররা হলেন, চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের শাহীন খানের ছেলে আবু সাঈদ (১৩) সোনাইমুড়ি উপজেলার এলাকার আমল নগর গ্রামের আবুল খায়েরের ছেলে মেহেরাজ হোসেন (১৪), নাঙ্গলকোট উপজেলার বাসুদাই গ্রামের আ. করিম মোল্লার ইমাম হাসান (১৫), চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের রবিউল ইসলামের ছেলে তামিম (১৫), হাটহাজারী উপজেলার আজাদের ছেলে ফাহিম (১৫) এবং দেবীগঞ্জ উপজেলার দিনাজপুর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শরীফুল ইসলাম (১২)।

ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম পৌর এলাকার আজমিরী হোটেলের সামনে থেকে মোবারক হোসেন ও ইমন খান রায়হানকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ছয় কিশোরকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ওই কিশোরদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজেদের কবলে নেয় আটকরা। পরে তাদের বিভিন্নস্থানে স্থানান্তর করে শারীরিক, মানসিক নিপীড়নসহ ভয়ভীতি দেখিয়ে নিজেদের কার্যসিদ্ধি করা হয়।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে রোববার দুপুরে লাকসাম থানায় মামলা দেওয়া হয়। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

তালগাছ থেকে পড়ে আহত কুবির দীনেশ

 

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাছ থেকে তাল পাড়তে গিয়ে দীনেশ বসু চাকমা নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দিনেশ চাকমা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। আহত দীনেশ বর্তমানে কুমিল্লা নগরীর একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খোজঁ নিয়ে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে তাল পাড়তে যায় দীনেশ চাকমাসহ একদল শিক্ষার্থী। এসময় তাল পাড়তে দীনেশ গাছে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার সহপাঠিরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা ট্রমা হসপিটালে পাঠায়। সেখানে পরীক্ষা-নিরক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ভর্তি দিয়েছেন।

এদিকে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আবদুল হক জানান, তেমন কিছুই হয়নি। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক। বিশ্রামের জন্য কেবিনে পাঠানো হয়েছে দীনেশকে। পুরোপুরি সুস্থ হলে বাসায় নিয়ে যেতে পারবেন।