All posts by jitu

কুমিল্লায় গাঁজা ও বিদেশী মদসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গাঁজা ও বিদেশী মদসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ রাতে কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সাড়ে ২৮ কেজি গাঁজা ও ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাজমঙ্গলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ মোহন মিয়া (২৩) এবং একই গ্রামের মৃত আব্দুল কাসেমের ছেলে মোঃ ইয়াছিন মিয়া (২৪ )।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালীতে ড্রেনে মিলল বৃদ্ধের লাশ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে পুলিশ ড্রেনের ভিতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানায়, গতকাল এশার নামাজের পর জেঠা বাড়ির পাশের দোকানে চা খেতে যায়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে করলে রিং হয় কিন্ত রিসিভ হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান। এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করলো কুবি প্রশাসন

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান চৌধুরী হৃদয়কে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার(০৬মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ জানুয়ারি
আনুমানিক রাত ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্থা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সালমান চৌধুরী হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আরও বলা হয়, পরে তাদের প্রদত্ত কারণ গ্রহণযোগ্য না হওয়ায় প্রশাসনের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সাময়িক বহিষ্কার করা হল।

এ বিষয়ে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মো. আমিরুল বলেন, এটা বহিষ্কারাদেশ সাময়িকের জন্য। তবে এটা কতদিন অব্যাহত থাকবে তা উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ০১ ফেব্রুয়ারি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এনায়েত ও সালমানের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্তা, অছাত্রসুলভ আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করার অভিযোগ আনা হয়। এসব কারণে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে ২ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সদর দক্ষিণের বিজয়পুরে সীসা তৈরির কারখানায় অভিযান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের জন্য হুমকি অবৈধ সীসা তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে।

সোমবার (৬ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন দক্ষিণ বিজয়পুর ইউনিয়নের জামমুড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আবদুর রহমান উপস্থিত থেকে কারখানার যাবতীয় সরঞ্জাম জব্দ ও কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা ধার্যকরে নগদে আদায় করেন।

জানা যায়, অবৈধ উপায়ে কারখানা বানিয়ে নষ্ট ব্যাটারি পুরিয়ে কারখানাটিতে অনেকদিন যাবত সীসা তৈরি করে আসছিলেন জেলার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের রুহুল আমিনের ছেলে মো: তোফায়েল হোসেন তুহিন। কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের পক্ষে অভিযানে রিসার্স অফিসার রুণায়েত আমিন, পরিদর্শক নূর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে।

ভিসি বরাবর হেনস্তার বিচার চেয়ে অভিযোগ দিলেন ছাত্রলীগ নেত্রী

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো: সাহেদুর রহমানের বিরুদ্ধে হেনস্তা ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে উপাচার্য বরাবর লিখিত দিয়েছেন হল ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিন।

সোমবার হেনস্তার বিচার চেয়ে উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছেন ফাইজা।

অভিযোগ পত্রে তিনি বলেন, বিগত তিন মাসে তিনি (প্রাধ্যক্ষ) নানা ভাবে আমাকে হেনস্তা করেছেন। কখনো তিনি বিনা অনুমতিতে ঠুনকো অজুহাতে আমার কক্ষে প্রবেশ করে আমাকে বিব্রত করেছেন, কখনো পূর্ব নোটিশ ব্যতীত কক্ষের ব্যক্তিগত লকার চেক করেছেন। একজন পুরুষ শিক্ষকের হুটহাট আমার কক্ষে প্রবেশের বিষয়টি আমাকে প্রায় সময় বিব্রত করে। এসব ঘটনাকে আমি ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করি। এছাড়া অন্যান্য নারী শিক্ষার্থীদের কক্ষেও তিনি প্রায়ই অবাধে প্রবেশ করেন।

এসকল বিষয় এবং হলের নানা সমস্যা নিয়ে কথা বলতে গেলে প্রাধ্যক্ষ স্যার আমাকে নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য এবং অপমানজনক আচরণ করেছেন। তাঁর এহেন কর্মকাণ্ডের বিরোধিতা করায় তিনি আমার ওপর প্রায়ই ক্ষোভ ঝাড়তেন।

আমি সামাজিক এবং পারিবারিকভাবে হেয় প্রতিপন্নের শিকার ও অপমানিত হচ্ছি এবং মানসিকভাবে ভেঙে পড়ছি।

তবে অভিযোগুলোকে ভিত্তিহীন দাবি করে সাহেদুর রহমান বলেন, সত্য ঘটনাকে ঢাকার জন্য আমার বিরুদ্ধে এই অভিযোগ দেয়া হয়েছে। আমি মেয়েদের কক্ষে যাওয়ার আগে কোনো মহিলা আবাসিক শিক্ষক বা আমাদের হলের একজন মহিলা কর্মচারী আছে তাকে অনুমতির জন্য পাঠায়। তারা অনুমতি নিয়ে আসলে তারপর আমি কক্ষে যায়। বিভিন্ন কক্ষের নষ্ট লকার ঠিক করতে দেওয়া হয়েছিল, সেগুলো ঠিক করা হয়েছে কি না- তা চেক করার জন্য আমি লকার দেখেছি।

তবে ফাইজা বলেন, উনি যে রুমে ঢুকে মেয়েদের হেনস্তা করেন এটা অনেকে মেয়েই জানে। আমাকে হেনস্তা করেছে আমি এর বিচার চাই।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি দুইটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য অতি শীঘ্রই তদন্ত কমিটি গঠন করবো এবং ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিব।

এর আগে গত শনিবার সিট বরাদ্দকে কেন্দ্র করে হল প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমানকে শাসানোর অভিযোগ উঠেছিল ফাইজা মেহজাবিনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ফাইজা দাবি করেন, প্রাধ্যক্ষকে তিনি শাসাননি। পূর্ব ক্ষোভের কারণে প্রাধ্যক্ষ তার বিষয়ে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন।

চান্দিনায় হাইব্রিড টমেটো হীরা-৪৭ এর মাঠ দিবস

চান্দিনা প্রতিনিধি:

হীরা-৪৭, উচ্চ ফলনশীল টমেটো। এবার এই জাতের টমেটোর বাম্বার ফলন হয়েছে চান্দিনায়। সুপ্রীম সীড কোম্পানীর এই জাতের টমেটোর মেগা মাঠ দিবস হয় সোমবার (৬ মার্চ) বিকেলে। কুমিল্লার চান্দিনা উপজেলার দক্ষিণ হারং নুরে মদিনা জামে মসজিদ মাঠে ওই মাঠ দিবস হয়।

এতে বক্তৃতা করেন- সুপ্রীম সীড কোম্পানীর কুমিল্লা রিজিওনাল ম্যানেজার মো. আবদুর রাজ্জাক। চাষী মো. বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন-সুপ্রীম সীড কোম্পানীর ডিলার মো. মাসুদ আলম ভূইয়া, পরিবেশক মো. শাহ আলম, মো.ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সুপ্রীম সীড কোম্পানীর জুনিয়র সেলস অফিসার গৌর সরকার। এর আগে হীরা-৪৭ জাতের টমেটো আবাদি জমি ঘুরে দেখেন কোম্পানীর কর্মকর্তা, চাষী ও এলাকাবাসী।

চাষী সোলাইমান হোসেন জানান, ১৮ শতক জমিতে হীরা ৪৭ জাতের টমেটো চাষ করেছি খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আশা করছি খরচের তুলনায় ৩ গুণ লাভবান হবো।

মেগা মাঠ দিবসে হীরা-৪৭ টমেটো চাষে সাফল্য অর্জন করায় চাষী সোলাইমানকে সেরা চাষী ঘোষণা দিয়ে কৃষি উপকরণ উপহার দেওয়া হয়।

নোয়াখালী জেলা আ’লীগ সভাপতির গাড়িতে ডিম নিক্ষেপের ছবি ফেসবুকে ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের গাড়িতে ডিম নিক্ষেপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

রোববার রাত থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়ির সামনের অংশে দুটি ডিম নিক্ষেপের পর ডিমের ভাঙ্গা অংশসহ তোলা ছবি ভাইরাল হয়ে পড়ে।

মো. আবুল খায়ের নামের একজন তার ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করে লেখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়ার গাড়িতে পঁচা ডিম নিক্ষেপ করেন সদর উপজেলার আন্ডারচরের সাধারণ জনগণ।

মো. এরশাদ নামের আরেকজন তার ফেসবুক আইডিতে লেখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িতে গু এবং ডিম মেরে বয়কট করলো নোয়াখালীর জনগণ।

এভাবে অসংখ্য ফেসবুক আইডিতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সুবর্ণচর উপজেলা পরিষদের ব্যবহৃত সরকারি গাড়িটির সামনের গ্লাসে দুটি ডিমের ভাঙ্গা অংশসহ তোলা ছবি পোস্ট করে নানা ধরনের মন্তব্য করা হয়।

খবর নিয়ে জানা গেছে, রোববার দুপুরে সদর উপজেলার পশ্চিম মাইজচরা হাজী আবদুল ওহাব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুল হাকিমকে জবাই করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক শহিদ উল্যা খান সোহেল।

প্রতিবাদ সমাবেশ শেষে তাঁরা দুপুর আড়াইটার দিকে ওই ইউনিয়নের একরামুল করিম চৌধুরী বাজার সংলগ্ন আওয়ামী লীগ নেতা খুরশিদ আলমের ছেলের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় একরামুল করিম চৌধুরী বাজারে রাখা জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে ডিম নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। পরে ওই ডিম নিক্ষেপের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। এরপরই তা ভাইরাল হয়ে পড়ে।
আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফেরদৌস মিয়া বলেন, জনগণ এই ধরনের কোন ঘটনা ঘটাননি। আমরা যখন খুরশিদের বাড়ি থেকে খেয়ে আসলাম, তখন দেখি জেলা আওয়ামী লীগ সভাপতি সেলিম সাহেবের গাড়ির সামনের গ্লাসে ডিমের ভিতরের অংশ লেপটে আছে এবং গাড়ির মধ্যে ডিমের খোলস পড়ে আছে। পরে গাড়ির ড্রাইভারসহ আমরা গাড়ির গ্লাস পরিস্কার করে দিই।

তিনি বলেন, আমরা আমাদের নেতাদের সম্মান করি, তাই রাতে খোঁজখবর নিয়ে জানতে পারি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল ও ফরহাদ নামের দুটি ছেলে ছোট দুজন বাচ্চাকে দিয়ে ডিম কিনে এনে এই ঘটনা ঘটিয়েছে। আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব বলেন, বিষয়টি আমরা দেখার পরপরই ঘটনা কারা করেছে, তা চিহিৃত করেছি। একজন হলো ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী রুবেল ও আরেকজন এক সময়ে শিবির করতো ফরহাদ। রুবেল ডিম মেরেছে আর ফরহাদ ছবি তুলে ফেসবুকে ভাইরাল করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

তিনি বলেন, তারা জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়ির পাশাপাশি সাধারণ সম্পাদক মেয়র শহিদুল্যাহ খান সোহেলের গাড়িতেও ডিম মেরেছে। আমরা এটা মেনে নিতে পারছি। তাই রাতেই আমাদের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। আমরা চাই আইনিভাবে এটার বিচার হোক।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত রুবেল ও ফরহাদের মুঠোফোনে কল করা হলেও ফোন ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল বলেন, এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার গাড়িতে কোনো ডিম নিক্ষেপ করা হয়নি।

এসবিষয়ে জানতে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের মুঠোফোনে কল করা হলে অন্য একজন ফোন রিসিভ করে বলেন, স্যার রেস্টে আছেন, কথা বলা যাবে না।

কুমিল্লা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সেশনের নতুন কমিটি গঠন হয়েছে।

রবিবার বিকাল ৫ঘটিকায় কুমিল্লা রাজগঞ্জ বাজার সংলগ্ন মক্কা টাওয়ার ৩য় তালায় কুমিল্লা জেলার কর্মরত টিভি ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সকল সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় ক্যামেরাপার্সনদের সম্মতিক্রমে সভাপতি পদে (এখন টিভির ) আবদুল মমিন সাধারন সম্পাদক একুশে টিভির রাজিব বনিক সাংগঠনিক সম্পাদক যমুনা টিভির মো: কামরুল হাসান বিজয়কে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘঠন করা হয়।

কমিটির অন্যান্য ক্যামেরাপার্সনরা হলেন-সহ-সভাপতি পদে একাত্তর টিভির ক্যামেরাপার্সন সাইদুর রহমান সোহাগ, সহ- সাধারণ সম্পাদক পদে বিটিভির ক্যামেরাপার্সন মো:ফয়সাল আহম্মেদসহ অনান্য সদস্য বৃন্দরা।

এই সময় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি,খোকন চৌধুরী, আরিফ মজুমদার , শাকিল মোল্লা, জাহিদুর রহমানসহ সকল টেলিভিশনের প্রতিনিধিগণের সম্মতিক্রমে উক্ত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন ।

অবশেষে কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুবি প্রতিনিধি:

মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ মার্চ)  বিকাল সোয়া ৫ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।

জানা যায়, ২০১৭ সালের ২৭ মে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সোহাগ-জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে একই বছরের ২৩ নভেম্বর ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় সোহাগ-জাকির কমিটি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব একাধিকবার পরিবর্তন হলেও সাড়ে ৫ বছরেও পরিবর্তন হয়নি ছাত্রলীগের কুবি ইউনিটের নেতৃত্ব।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, কমিটি বিলুপ্তের বিষয়টি সত্য। আমরা বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলার কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে।

ইউনিটি অফ কুমিল্লার উদ্যোগে মিলনমেলায় অংশগ্রহণ করবে সহস্রাধিক বন্ধু

নাছরিন আক্তার হীরা:

আগামী  ১০ ই মার্চ  ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে কুমিল্লার কোটবাড়ির  ম্যাজিক প্যারাডাইজ বিনোদন কেন্দ্রে  মহা মিলন মেলার আয়োজন করা হয়েছে। হাজারের অধিক বন্ধু এ মিলনমেলার স্বাক্ষী হতে যাচ্ছেন।

এ মহামিলনমেলা প্রোগ্রাম উপলক্ষে গ্রুপের পক্ষ থেকে উচ্ছাসে ইউনিটি নামে “ম্যাগাজিন” প্রকাশ হবে।

মিলনমেলার আয়োজকরা জানান,  আগামী ১০ই মার্চ আমাদের মহামিলনমেলা প্রোগ্রাম ।সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেয়ার জন্য ইনশাআল্লাহ্ আমরা সবাই বদ্ধ পরিকর। এই জন্য  সবার ও আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা আরো বেশি প্রয়োজন।

মিলনমেলাটি প্রাণবন্ত করার জন্য বিভিন্ন বন্ধুদের প্রতিষ্ঠানে-কর্মস্থলে গিয়ে মিটিং করছেন ওমর ফারুক, কাজী সাইফুল, মো: ফরহাদ উদ্দিন, উজ্জ্বল চন্দ্র, জাকির হোসেন, মিতা বিশ্বজিৎ ভৌমিক, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, মেহেদী হাছান, শুকুরুল্লাহ ইমরান হোসেন, মোশাররফ রাসেল, সানী প্রমুখ।