All posts by jitu

কুমিল্লা মিডিয়া ক্রিকেটের ফাইনালে ফটো সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মিডিয়া ক্রিকেটের ফাইনালে উঠেছে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি।

শনিবার (৪ মার্চ) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্ণামেন্টটির উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আফজাল হোসেন।

এ সময় কুমিল্লার সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টার, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র প্রতিবেদক সহিদ উল্লাহ, ভোরের কাগজের প্রতিনিধি এম ফিরোজ মিয়া ও দেশরূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির। এ সময় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মুন্সি, জার্নালিস্ট ফোরামের সভাপতি সাদিক মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফ উদ্দিন রণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নক আউট পর্বের প্রথম ম্যাচে ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন প্রথমে ব্যাট করে ১৫৯ রান করেন। পরে ফটো সাংবাদিক ফোরাম ব্যাট করে জয় তুলে নেন। আমাদের কুমিল্লার মোস্তাফিজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

দিনের  অপর ম্যাচে প্রথমে ব্যাট করে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ১৯২ রান করেন। পরে কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ১৮২ রান করেন। আগামীকাল ফাইনালে রিপোর্টার্স ইউনিটি ফটো সাংবাদিক ফোরামের মুখোমুখি হবে।

খেলার উদ্বোধন শেষে কুমিল্লার সংবাদকর্মীদের সন্তানদের  চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ঘুরে দেখেন অতিথিরা।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে এই টুর্ণামেন্টটির আয়োজন করা হয়।

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন, নিহত ৫, দগ্ধ ৩০

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শনিবার বিকালে উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন।

সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণ ও আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন তারা।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে।

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরের বাবার মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বরের বাবা নিহত হয়েছেন। শুক্রবার রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ (৫০) রংপুর সদরের হাজীরহাট উত্তম বাওয়াইপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কনের বাবা আনারুল ইসলাম ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে জোনাব আলীর বিয়ে হয়। এরপর কনে নিয়ে চলে যান বর জোনাব আলী। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ থেকে আড়াই শর বেশি অতিথি আসে। তবে আসার কথা ছিল ১০০ জন অতিথি। এতে খাবারে কিছুটা টান পড়ে।

হাসান বিন হাসিব নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বিয়ের পর কনে নিয়ে আগেই চলে যান বর জোনাব আলী। তাঁর বাবা পরের গাড়িতে যাওয়ার সময় কনের বাবাকে মাংস কম দেওয়া হয়েছে ও আপ্যায়ন কম হয়েছে বলেন। এ নিয়ে কনের পক্ষের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বরের বাবাকে মারধর করে কনেপক্ষের লোকেরা। পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।’

এ নিয়ে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, ‘কনের বাবাসহ দুজনকে আটক করা হয়েছে। বরের বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে বরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

রাতের আধারে ২৫০০ করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে রাতের আধাঁরে এক ক্ষেতের ২ হাজার ৫০০ করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার চরজব্বার গ্রামের কৃষক মো.ফারুকের ক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রাজু জানান, রমজানে বাজারে বিক্রির উদ্দেশে এক একর জমিতে করলা চাষ করেন কৃষক ফারুক । সেই জমিতে মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলা গাছ রোপণ করা হয়। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। সন্ধ্যায় বাজার প্রথম তোলায় ৪২ কেজি করলা বিক্রি করেন। কিন্তু কে বা কাহারা রাতের সব গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। শনিবার সকালে চাষি ফারুক জানতে পারেন, তার ক্ষেতের সব করলার গাছ নুয়ে পড়েছে, তিনি ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে। আমার যা পুঁজি ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। এতে প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল।

সুবর্ণচর উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কাহারা কৃষকের করলা গাছ কেটে ও উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরিজ বাঁচানোর ম্যাচে ১৩২ রানে হারলো টাইগাররা

 

স্পোর্টস ডেস্কঃ

প্রথম ম্যাচে ২০৯ রানের পুঁজি নিয়েও লড়েছিল বাংলাদেশ। তবে এবার আর লড়াই হলো না। টাইগারদের হেসেখেলেই হারালো ইংল্যান্ড।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের পর ব্যাটাররাও দিয়েছেন ব্যর্থতার পরিচয়। বাংলাদেশ হেরেছে ১৩২ রানের বিশাল ব্যবধানে। এতে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

লক্ষ্য ছিল ৩২৭ রানের। বাংলাদেশের দরকার ছিল দারুণ শুরু। কিন্তু হলো তার উল্টোটা। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরলেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত।

স্যাম কারানের ওভারের চতুর্থ বলে লিটন (১ বলে ০) ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন। এর পরের বলে শান্তও মারেন গোল্ডেন ডাক (১ বলে ০), উইকেটরক্ষক জস বাটলারকে দেন ক্যাচ।

অভিজ্ঞ মুশফিকুর রহিম হাল ধরবেন কি, ৫ বলে ৪ করে স্যাম কারানকে তৃতীয় উইকেট উপহার দেন, তিনিও উইকেটরক্ষক বাটলারের ক্যাচ।

একে একে সাজঘরের পথ ধরেছেন টপ অর্ডারের তিন ব্যাটার। ইংলিশ পেসার স্যাম কারানের তোপে ২.২ ওভার হতেই ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। দায়িত্ব পড়ে অভিজ্ঞ তামিম ইকবাল আর সাকিব আল হাসানের কাঁধে।

দলের চরম বিপদের মুহূর্তে হাল ধরেছিলেন সাকিব আর তামিম। তাদের ১১১ বলে গড়া ৭৯ রানের লড়াকু জুটিটি ভেঙে যায় তামিম আউট হলে। ৬৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ করে তামিম হন মঈনের শিকার।

তামিম ইকবালের পর ফিফটি করে আউট সাকিবও। ৫৯ বলে ৫ বাউন্ডারিতে ৫৮ রান করে সাকিব হন আদিল রশিদের শিকার। ১২২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। টাইগারদের সিরিজ বাঁচানোর স্বপ্ন বলতে গেলে শেষ তখনই। কেননা তখন ওভারপ্রতি দরকার বেড়ে দাঁড়িয়েছে দশের কাছাকাছি।

হারের ব্যবধান কমানোর মিশনে দাঁড়িয়ে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি আফিফ হোসেন আর মাহমুদউল্লাহ রিয়াদ। আফিফ ২৩ আর মাহমুদউল্লাহ ৩২ করে হন আদিল রশিদের শিকার। রশিদের চতুর্থ উইকেট মেহেদি হাসান মিরাজ (৭)। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে ১৯৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জেসন রয়ের সেঞ্চুরি আর জস বাটলারের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩২৬ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসভাগ্য সহায় ছিল বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।

ইংলিশদের ব্যাটিংয়ে পাঠিয়ে দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন তামিম। তবে সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম প্রথম চার ওভারে তেমন বিপদে ফেলতে পারেনি ইংল্যান্ডকে।

সপ্তম ওভারে এসে বাংলাদেশ সাফল্য পায় তাসকিন আহমেদের হাত ধরে। তাসকিনের বলে স্লিপে ক্যাচ দেন ফিল সল্ট (৭)। প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্ত নেন মাটিতে ঘেষা দুর্দান্ত এক ক্যাচ। ২৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর ডেভিড মালানকে নিয়ে ৫৪ বলে ৫৮ রানের ঝোড়ো জুটি গড়েন জেসন রয়। আগের ওয়ানডেতে বিপদের মুখে হার না মানা সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন মালান। এবার অবশ্য ইংলিশ এই ব্যাটারকে ভয়ংকর হতে দেননি মেহেদি হাসান মিরাজ।

মিরাজের ঘুর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মালান, ফেরেন ১১ করে। এরপর জেমস ভিন্সকে দ্রুতই সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। ভিন্স ৫ করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ হন।

টপঅর্ডারের চার ব্যাটারের মধ্যে তিনজনকেই ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ। কিন্তু ওপেনার জেসন রয় এরই ঠিকই দাঁড়িয়ে যান। দারুণ ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের ডানহাতি এই ব্যাটার।

৯৬ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। জস বাটলারের সঙ্গে চতুর্থ উইকেটে রয় গড়েন ৯৩ বলে ১০৯ রানের জুটি।

বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকালেন। জেসন রয় যতক্ষণ উইকেটে থাকবেন, রানের ফোয়ারা ছুটবেই। ক্রমেই ভয়ংকর হচ্ছিলেন। অবশেষে মারকুটে এই ব্যাটারকে ফেরান সাকিব আল হাসান।

সাকিবের ঘূর্ণি মিস করে এলবিডব্লিউ হন রয়। ১২৪ বলে ১৩২ রানের ঝোড়ো ইনিংসে ১৮টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান ইংলিশ ওপেনার।

রয় ফেরার ঠিক পরের ওভারেই তাসকিন আউট করেন উইল জ্যাকসকে (১)। শর্ট মিডউইকেটে সাকিব ধরেন ক্যাচ। ২০৮ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

কিন্তু জস বাটলার ঝড় তুলে সেখান থেকে অনেকটা এগিয়ে দেন দলকে। অবশেষে বাটলার ঝড় থামে মেহেদি হাসান মিরাজের দারুণ এক ফিরতি ক্যাচে। ৬৪ বলে ৫ চার আর ২ ছক্কায় ৭৬ রান করে ফেরেন বাটলার।

এরপর মঈন আলির ৩৫ বলে ৪২ রান আর শেষদিকে স্যাম কারানের ১৯ বলে ৩৩ রানের ক্যামিওতে ৭ উইকেটে ৩২৬ রানের পাহাড় গড়ে ইংলিশরা।

বাংলাদেশের বোলারদের সবাই খরুচে ছিলেন। তাসকিন আহমেদ ৬৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। মেহেদি মিরাজ ৭৩ রানে নেন দুটি।

স্বামীর ওপর রাগে ৩ মাসের শিশুকে ভিক্ষুকের কাছে ফেলে গিয়েছিলেন মা

 

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরে মানসিক দুশ্চিন্তা থেকে ভুলে বৃদ্ধ ভিক্ষুক সালমা বেগমের (৭০) কাছে ৩ মাসের শিশু মাহিন হোসেনকে রেখে চলে যান বলে জানান তার মা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর মডেল থানায় এমনটিই বলেছেন শিশুটির মা সুরমা বেগম (৩২)।

এ সময় জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, পুলিশ নারী কল্যাণ সমিতির জেলা সভানেত্রী সেলিনা মাহফুজ, সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন ও জেলা কমিউনিটিং পুলিশের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার শিশুটির মা ও দাদা হাফিজ উল্যার সঙ্গে কথা বলেছেন।

এসপি মাহফুজ্জামান আশরাফ বলেন, এখনই আমরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করছি না। আদালতের মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে। শিশুটি বেলাল হোসেন ও নিশি আক্তার দম্পতির হেফাজতে রয়েছেন।

শিশু মাহিন রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের সৌদি প্রবাসী মিরন হোসেনের ছেলে। মিরন-সুরমা দম্পতির সংসারে আরও ৩ মেয়ে রয়েছে। তারা লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় বাসা ভাড়া থাকেন।

স্বজনরা জানান, শিশুটির বাবা মিরন দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করেন। চার বছর আগে তিনি এসে ধারদেনা নিয়ে ঘর নির্মাণ করেন। প্রায় ৭-৮ মাস আগে ফের তিনি সৌদি চলে যান। কিন্তু ঠিকমতো ঋণের টাকা দিচ্ছিলেন না তিনি। এতে তার স্ত্রী সুরমা ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েন। এ নিয়ে প্রায়ই মোবাইল ফোনে স্বামীর সঙ্গে তার ঝগড়া হতো।

সুরমা বেগম জানান, তার বাবার বাড়ি সদর উপজেলার ভবানীগঞ্জ চরমনসা গ্রামের মিয়ারবেড়ি এলাকায়। বুধবার দুপুর ২টার দিকে বাবার বাড়ি থেকে বাসযোগে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার ভাড়া বাসায় আসছিলেন। বাস থেকে তিনি শিশুটিকে নিয়ে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে নামেন।

এর আগে বাসে তার স্বামীর সঙ্গে ঋণের টাকা পরিশোধ নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এতে দুশ্চিন্তা থেকে শিশুটিকে তিনি ভিক্ষুকের কাছে রেখে চলে যান। ভুলে শিশুটিকে নেননি তিনি।

পরে ভিক্ষুক সালমার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে জেলা পুলিশ লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদের ভাই বেলালের পরিবারের হেফাজতে রাখেন। বাসায় যাওয়ার পর সন্ধ্যায় শিশুটির কথা মনে পড়ে তার মায়ের। পরে ফেসবুকের মাধ্যমে শিশুটির অবস্থান নিশ্চিত হয়ে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের লোকজন।

আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালক মো. আব্দুল হাকিমকে (৩৫) জবাই করে হত্যার ঘটনায় সন্দিগ্ধ এক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের সিরাজের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো.কামাল ওরফে কামাল ডাকাত (৩৮) উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চালক হাকিম হত্যা মামলার সন্দিগ্ধ আসামি কামাল ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার তথ্য মতে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া সিএনজি চালক হাকিম হত্যার ঘটনায় প্রাপ্ত তথ্যমতে কামাল ডাকাত ওই মামলার সন্দিগ্ধ আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিএনজি চালক মো. আব্দুল হাকিম কে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। এরপর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেতে লাশ মাটি চাপা দিয়ে যায়। পরে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেওয়া গর্তের সন্ধান পায়। এরপর তারা ওই গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টার দিকে ওই সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত হাকিম উপজেলার আন্ডারচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো. ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে।

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বুশরা আক্তার (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুশরা নাগদা এলাকার শাহজাহান ঢালীর মেয়ে। সে স্থানীয় নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মতলব-পেন্নাই সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন থেকে বুশরাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মোটরসাইকেল চালককে পিটিয়ে আহত করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। পরে নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।