All posts by jitu

দেখা হলোনা দাদার বাড়ি, পদুয়ার বাজারে ট্রাক চাপায় প্রাণ গেল প্রবাসী কিশোরীর

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরব থেকে দেশে ফিরে দাদাবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জাহানারা আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা তার পরিবারের সঙ্গে সৌদি আরবে বসবাস করতো। সে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদের মেয়ে।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সপরিবারে সৌদি আরবে বসবাস করেন জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে। তাই রোববার রাতে বাড়ির উদ্দেশ্যে বিমান যোগে বাংলাদেশে আসেন। রাতেই বাড়ি ফেরার পথে ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লার পদুয়ায় বাজার ইউটার্নে এলে একটি ট্রাক তাদের বহনকারী প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।

এসআই নজরুল আরও বলেন, এতে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আলাউদ্দিন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রীয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইয়াবাসহ মাদক কারবারি বাংলালিংক রাশেদ আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবাসহ মাদক কারবারি রাশেদুল ইসলাম ওরফে বাংলালিংক রাশেদকে (৩৫) আটক করেছে কোস্টগার্ড। এ সময় আটক মাদক কারবারির কাছ থেকে ৭৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে, সোমবার বেলা ৩টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হরেন্য মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাংলালিংক রাশেদ উপজেলার গুল্লাখালী গ্রামের মো. আলী আজমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে. এম শাফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার হরন্যে মার্কেট এলাকা থেকে ৭৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাংলালিংক রাশেদ কে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

কুমিল্লা ১৫ নং ওয়ার্ডের নবগঠিত গাউসিয়া কমিটির উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার:

গত ২৪শে ফেব্রুয়ারি কুমিল্লার মৌলভীপাড়ায় কুমিল্লা মহানগর ১৫ নং ওয়ার্ডের নবগঠিত গাউসিয়া কমিটির উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবদুল হাদী, মহানগর ০৪ নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি জনাব রাকিবুল ইসলাম, মহানগর ১৮ নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি জনাব তানভীর আহমেদ, মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আনোয়ার হোসেন বেলাল, সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন, পুরাতন মৌলভীপাড়া জামে মসজিদের অর্থ সচিব জনাব ফুয়াদ ওয়াসেফ সিজার, ১৫ নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সদস্য সচিব অধ্যক্ষ গোলাম মোহাম্মদ শাহ জালাল।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন মহানগর ১৫নং ওয়ার্ড ১১ শরীফ উদযাপন কমিটির সদস্যবৃন্দ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাশেদ আহমেদ রিমন।

কুবিতে র‌্যাগিং ও যৌন নিপীড়ন বিরোধী সমাবেশ

 

চাঁদনী আক্তার ,কুবি প্রতিনিধি

ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‌্যাগিং, বুলিং, টিজিং ও যৌন হয়রানির বিরুদ্ধে পদযাত্রা ও সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করে ছাত্রলীগ। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা।

এসময় কুবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

এসময় ইলিয়াস হোসেন সবুজ বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নতুন আগত শিক্ষার্থীদের মানসিকভাবে র্যাগিং করা হয়। এছাড়া আবাসিক হল ও বিভিন্ন অনুষদে শিক্ষক থেকে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে সেক্সুয়াল হয়রানির স্বীকার হতেরহয় এগুলোর বিরুদ্ধে ছাত্রলীগ কর্মসূচি গ্রহণ করেছে। আমরা প্রচার-প্রচারণা ও লিফলেটের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, যদি বাংলাদেশ র্যাগিং বিরোধী কঠোর অবস্থানের র্যাংকিং করা হয় সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করবে।
উপাচার্য ড. আবদুল মঈন ছাত্রলীগের উদ্দেশ্য বলেন, ক্যাম্পাসে র্যাকিং বিরোধী কর্মসূচি, ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের সেবা দেওয়া, ক্যাম্পাস ক্লিন এবং গ্রীন রাখা এই ধরনের কাজকে মানুষ বাহবা দেই। তোমরা এই কাজেগুলো চালিয়ে যাও। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ যেমন উজ্জল হয় তেমনি আমাদের মুখও উজ্জ্বল হয়।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা নূরে মদিনা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

 

স্টাফ রিপোর্টার:

গত ২১শে ফেব্রুয়ারি কুমিল্লা মৌলভীপাড়া নূরে মদিনা মাদ্রাসার ছাত্রদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পায়েল, মহানগর ১৫ নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি রাসেল রানা, ১৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নাসিম রেজভী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও অর্থ সম্পাদক রাশেদ আহমেদ রিমন ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোহাম্মদ শাহ জালাল।

স্যামসাংয়ের আয়োজনে কে-পপ কনসার্ট

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে অনুকরণীয় সম্পর্কের উদাহরণ হিসেবে কোরিয়া সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে, কোরিয়া সপ্তাহের ‘শোকেস কোরিয়া ২০২৩’ মেলায় স্যামসাংয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রথম কে-পপ কনসার্ট আয়োজিত হয়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় কে-পপ ব্যান্ড ও তায়কোয়ান্দো দলের এ মনোমুগ্ধকর পারফরমেন্স।

দু’দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর সভাপতি মো. জসিম উদ্দিন; এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি জাং কিউন।

অতিথিদের নিবন্ধন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়। পরে প্রধান অতিথি বেলা দেড়টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই দিনব্যাপী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ আয়োজনে কোরীয় পণ্য ও সেবা প্রদর্শন করতে প্রদর্শনীতে অংশগ্রহণ করে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। অতিথি ও দর্শনার্থীদের সামনে কোরিয়ার সঙ্গীত ও সংস্কৃতি প্রদর্শনের অংশ হিসেবে কে-পপ কনসার্টের আয়োজন করা হয় স্যামসাংয়ের পক্ষ থেকে। বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজিত এই কে-পপ কনসার্টে ছেলেদের গ্রুপ ‘ট্যান’ ও মেয়েদের গ্রুপ ‘আইসিইউ’ অংশ নেয়। পাশাপাশি, কোরীয় মার্শাল আর্ট তায়কোয়ান্দো প্রদর্শন করে ‘নলজা’। আয়োজনটি স্যামসাংয়ের টাইটেল স্পন্সরে অনুষ্ঠিত হয়। এছাড়া, অনুষ্ঠানে কনজ্যুমার ইলেকট্রনিকস ও গ্যালাক্সি স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ প্রদর্শন করে স্যামসাং।

অনুষ্ঠানে স্যামসাংয়ের সদ্য উন্মোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৩ আলট্রা (২০০ মেগাপিক্সেল ক্যামেরা) প্রদর্শন করা হয়। এছাড়া, সেখানে স্যামসাংয়ের ফ্রেম ও সেরিফ টিভির মতো লাইফস্টাইল টিভির পাশাপাশি সর্বাধুনিক মডেলের টিভি, সদ্য উন্মোচিত বিস্পোক রেফ্রিজারেটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত ওয়াশিং মেশিন প্রদর্শন করা হয়।

ক্রেতাদের আস্থা ও পছন্দের জায়গা থেকে স্যামসাং মোবাইল ও স্যামসাং টিভি ইন্টারব্র্যান্ড কর্তৃক সেরা ৫ গ্লোবাল ব্র্যান্ডের একটি এবং বাংলাদেশে সুপারব্র্যান্ডস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বের নিদর্শন সমুন্নত রাখতে ভূমিকা রাখছে স্যামসাং। পাশাপাশি, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে গর্বিত অংশীদার হিসেবে পাশে রয়েছে স্যামসাং।

ইসলাম গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ধর্মযাজক

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ফাদার হিলারিয়ন হেগি নামে যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট ধর্মযাজক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম রেখেছেন সাইদ আব্দুল লতিফ।

মিডেল ইস্ট মনিটর সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ব্লগপোস্টে ইসলাম গ্রহণের বিষয়টি নিজেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এই ক্যাথলিক ধর্মযাজক। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই পুরোহিত পূর্বে একজন রাশিয়ান অর্থোডক্স ছিলেন। ২০০৩ সালের দিকে তিনি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পরের অনুভূতির বর্ণনাও দিয়েছেন তিনি। নিজের এ সিদ্ধান্তকে তিনি ‘ইসলামে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। এটি যেন তার কাছে ‘নিজের বাড়িতে আসার’ মতো ঘটনা। অর্থাৎ আবদুল লতিফের মাধ্যমে মানুষের রুহের জগতের কথা বোঝাতে চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের সুরা আরাফের ১৭২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন।

আয়াতটিতে বলা হয়েছে- ‘হে নবী! লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করিয়েছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন: আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল- নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি৷ এটা আমি এ জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, আমরা তো এ কথা জানতাম না।’

নিজের ব্লগ পোস্টে হিলারিয়ন হেগি আরও বলেছেন, অনেক আগে থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

শব্দদূষণে পড়াশোনায় ব্যাঘাত কুবি শিক্ষার্থীদের

 

চাঁদনী আক্তার, কুবিঃ

শালবন বৌদ্ধ বিহারের কোল ঘেঁসে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একে ঘিরে তৈরি হয়েছে ব্যক্তিমালিকানাধীন অসংখ্য রিসোর্ট ও বিনোদন পার্ক। এতে গাড়ির হর্ন, মাইকের উচ্চ শব্দ, পার্কের ডিজে গানে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এতে পড়াশোনা ও বিশ্রামে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এদিকে বিভিন্ন সময়ে এ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আলোর মুখ দেখেনি শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কাছেই তৈরি হয়েছে স্বপ্নচূড়া রিসোর্ট। বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তা পার হয়ে যেতে হয় বিনোদন কেন্দ্র ম্যাজিক প্যারাডাইস। এছাড়াও রয়েছে ডাইনোসর পার্ক ও ব্লু ওয়াটার পার্ক। ফলে প্রতিদিনই উচ্চ শব্দে গান বাজিয়ে কয়েক হাজার ট্যুর বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি এ পথে যাতায়াত করে। এতে যানজটের সমস্যায়ও পড়তে হয় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের কোল ঘেঁসে তৈরি হওয়া এসব বিনোদন কেন্দ্র ও গাড়ির উচ্চ শব্দ আমাদের চূড়ান্ত পরীক্ষায়ও প্রভাব ফেলছে।

বাংলাদেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় বলা হয়েছে, রাত নটা থেকে ভোর ছটা পর্যন্ত শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল এবং দিনের অন্য সময়ে ৫৫ ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে ৬০ ও ৭০ ডেসিবেল। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতের আশপাশে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে। সেখানে রাতে ৪০ ও দিনে ৫০ ডেসিবেল শব্দ মাত্রা নির্ধারণ করে দেয়া আছে।

তবে সেসব নিয়মের কোনোটির তোয়াক্কা করছেন না রিসোর্ট-পার্ক মালিক ও পর্যটক বাসগুলো।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, আমরা হল থেকে বের হলেই আতঙ্কে থাকি। কখন যে গাড়ির নিচে চাপা পড়ি তার ভয়ে থাকতে হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয় বন্ধের দিনগুলোতে রাস্তায় প্রচুর যান চলাচল বেড়ে যায়। এই দিনগুলো বিশ্রামের যেমন ব্যাঘাত ঘটে, তেমনি পড়াশোনা থেকে শুরু করে ক্লাসেও সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ থেকেছে যা আমাদের বোধগম্য নয়।

আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময় এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোনো সুরাহা পাচ্ছি না। প্রশাসনের এমন অবহেলা আমার বোধগম্য নয়।

ম্যাজিক প্যারাডাইসের স্বত্বাধিকারী মোদাব্বের হোসেন নাসির বলেন, আমরা ত গাড়িগুলোকে প্রতিনিয়ত বলার পরো কথা শুনতেছে না। যতদ্রুত সম্ভব সাইনবোর্ড লাগিয়ে তাদেরকে সতর্ক করে দিব।

এ বিষয়ে স্বপ্ন-চূড়ার স্বত্বাধিকারী এনামুল হক চৌধুরী বলেন, আমাদের বিশেষ করে সপ্তাহে একদিন প্রোগ্রাম থাকে। তবে শিক্ষার্থীদের বিষয়টি সবসময় আমাদের কাছে অগ্রাধিকার পাবে। তাই আমরা গানবাজনার ক্ষেত্রে যত সম্ভব সাউন্ড নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, এ বিষয়ে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা আছে। তারপরও আমি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক এস এম আতিকুউল্লাহ বলেন, আমরা যতদূর সম্ভব পার্কে যাওয়ার সময় গাড়িগুলো মাইকবাজনা না করার জন্য বলে দিয়েছি। কিন্তু আসার সময় বলা ত আর সম্ভব হয়ে উঠে না। বিষয়টি নিয়ে পার্ক মালিকদের সাথেও কথা হয়েছে।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আইসিসির দলে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্কঃ

সোমবার শেষ হয়েছে অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে খেলেও শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় প্রোটিয়া দলটি।

কেপটাউনের নিউল্যান্ডসে সোমবার দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।

বিশ্বকাপ শেষ হতেই টুর্নামেন্টের সেরা পারফর্মারদের নিয়ে একাদশ সাজিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই দলে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।

আইসিসি ঘোষিত এই দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকার ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইংল্যান্ডের ন্যাট স্কাইভার ব্রান্টকে।

আইসিসির বিশ্বকাপ দল: তাজমিন ব্রিটজ (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), ন্যাট স্কাইভার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া), রিচা ঘোষ (ভারত), সোফি এক্লেস্টন (ইংল্যান্ড), ক্যারিশমা রামহারাক (ওয়েস্ট ইন্ডিজ), শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া), মেগান শুট (অস্ট্রেলিয়া), দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ওর্লা প্রেন্ডারগার্স্ট (আয়ারল্যান্ড)।