All posts by jitu

কুমিল্লায় নাশকতা মামলায় গ্রেফতার ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি

 

স্টাফ রিপোর্টারঃ

নাশকতা মামলায় মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি কুমিল্লা জামায়াতের রোকন পদস্থ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি এবং কুমিল্লা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে লড়ার আভাস বাইডেনের

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেবেন, তবে তা এখনি নয়।খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের (৮০) দ্বিতীয় দফায় নির্বাচন করা নিয়ে জল্পনা কল্পনা তুমুলভাবে চলছে। যদিও তিনি একাধিকবার বলেছেন, নির্বাচন করার ইচ্ছে তার রয়েছে। এ বিষয়ে তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ।

এবিসি নিউজের ডেভিড মুইরের সঙ্গে সাক্ষাতকারে বাইডেন বলেছেন, প্রথম থেকেই আমার ইচ্ছা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।তবে সবকিছু জানানোর জন্যে তাড়াহুড়া করবেন না তিনি।

বাইডেন বলেছেন, পরবর্তী নির্বাচনের প্রচারণা শুরুর আগে শেষ করার অনেক কাজ বাকী আছে তার।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বয়সের হিসেব নিকেশ করা হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, আমার বয়সের বিষয়টি উত্থাপনের বৈধতা জনগণের রয়েছে।

দ্বিতীয় মেয়াদ শেষে বাইডেনের বয়স দাঁড়াবে ৮৬ বছর। চলতি মাসের প্রথম দিকে ব্যাপকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বলা হয়েছে। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যে স্বাস্থ্যবান, সবল ও ফিট রয়েছেন।

আগামী রমজানে কোনোভাবেই বাড়বে না মাছ-মাংসের দাম: প্রাণিসম্পদ মন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী রমজানে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করব। সে ক্ষেত্রে বেসরকারি খামারিদের আমরা সহায়তা নেব। আশা করি রমজানে মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না।’

আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১ মার্চ পর্যন্ত।

মাছ-মাংসের দাম বাড়ার বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞায় সবকিছুর দাম বেড়েছে। পোলট্রি ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম অনেক বেড়েছে।’

রমজানে মাছ-মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘মাছ-মাংসের দাম যেভাবে সহনশীলতার মধ্যে রাখা যায়, সেই প্রক্রিয়ায় আমরা রয়েছি। রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের পাশাপাশি দাম নির্ধারণ করে দেব। বাজারব্যবস্থাকে আরও সংহত পর্যবেক্ষণ করা হলে দাম অনেকটা কমে আসবে।’

রেজাউল করিম আরও বলেন, ‘মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে উৎপাদন অনেক বেড়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার প্রমুখ।

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনা: বাবা-ছেলেসহ ৫ বাংলাদেশির মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে লরিচাপায় একই পরিবারের বাবা-ছেলেসহ পাঁচ বাংলাদেশি নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত পাঁচ প্রবাসীরই বাড়ি ফেনী বলে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্যাহর ছেলে ইসমাইল হোসেন (৩৫), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মিলনের নতুন বাড়ির আবদুল মান্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (৩৩), একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর তমিজ উদ্দিন ভূঞা বাড়ির মৃত সিরাজ উল্যার ছেলে মোস্তফা কামাল পোপেল (৩৫) এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের বাসিন্দা আবুল হোসেন (৪৫) ও নাজিম হোসেন (১০)। এদের মাঝে আবুল হোসেন ও নাজিম সম্পর্কে বাবা-ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘এরা সবাই ভিসা-সংক্রান্ত প্রয়োজনে কেপটাউন যাচ্ছিলেন। পথে মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেটকারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।’

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন বলেন, ‘খবর শুনে আমরা বিরলীতে ইসমাইলের বাড়িতে ছুটে যাই এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। ওই বাড়িতে শোকের মাতম চলছে।’

মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলেও জানান তিনি।

নিহত ইসমাইল হোসেনের ভাই মিজানুর রহমান বলেন, ‘দক্ষিণ আফ্রিকার আবদিন থেকে কেপটাউনের ফ্রান্স অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসমাইলসহ সাত প্রবাসী। পথে একটি লরিচাপায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।’

ইসমাইল হোসেনের বাবা শরিয়ত উল্লাহ বলেন, ‘আমার ইসমাইল অবিবাহিত। দুইমাস পর তার দেশে আসার কথা ছিল। বিয়ের প্রস্তুতি চলছে। ১১ বছর ধরে সে সাউথ আফ্রিকায় থাকে। আমি ছেলেকে হারিয়েছি তবে লাশটি দ্রুত ফেরত চাই।’

নিহত মোস্তফা কামাল পোপেলের ভাই আইনজীবী মোস্তফা জামাল নওফেল বলেন, ২০১০ সালে জীবিকার তাগিদে আফ্রিকা পাড়ি দেন মোস্তফ। তার দুই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। কেপটাউন শহর থেকে এয়ারপোর্টে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় ২টার দিকে তিনি খবর পান।

নিহত ও আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের তথ্যমতে, প্রবাসী আনিসুল হক মিলনের দেশে ফেরত আসার কথা ছিল। তাকে কেপটাউন এয়ারপোর্টে বিদায় জানাতে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিলনও আহত হন।

দক্ষিন আফ্রিকার প্রবাসীরা বলছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে এরআগে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এত সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়নি। এ ঘটনায় দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় তার উপজেলার দুই প্রবাসী নিহত ও একজন আহত হয়েছেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন তার উপজেলায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি করে নিজের ভাগ্য বদলাতে আসিনি, জনগণের ভাগ্য বদলাতে এসেছি

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে নিজের ভাগ্য বদলাতে আসিনি, জনগণের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। কেউ যখন মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদ নিতে আমি রাজি না।

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। নিজেদের সন্তান যেন মাদক, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয়।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কথা তুলে শেখ হাসিনা বলেন, মহামারির কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। শত সমস্যার মধ্যেও আমরা দেশের উন্নয়ন অব্যাহত রেখে যাচ্ছি।

তিনি আরও বলেন, কোটালীপাড়াবাসিকে আগে শুধু পানি, খাল-বিল, বাঁশের সাঁকো পার হতে হতো। আজকে শুধু এখানে রাস্তাঘাট, পুল, ব্রিজ করে এ অঞ্চলের মানুষের আর্থিক সুবিধা করে দিয়েছি। ঢাকা থেকে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আসতে ২২ ঘণ্টা সময় লাগতো লঞ্চ বা স্টিমারে। মাত্র আড়াই ঘণ্টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এই অপবাদ দিতে চেষ্টা করেছিল। তারা সফল হয়নি, তারা সেটা পারেনি। আমরা নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করেছি বলে আজ এতো দ্রুত কোটালীপাড়ায় আসতে পারছি। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে চলে, আমাদের কেউ অপবাদ দিলে আমরা তা মানব না।

ট্রাক চাপায় সেনাসদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক চাপায় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সেনাসদস্য নিহতের ঘটনায় লাইসেন্স বিহীন চালক আবুল কালামকে(৬২) কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) রাতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকা হতে ঘাতক ট্রাকচালক আবুল কালামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আবুল কালাম দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

২১ ফেব্রুয়ারী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক তুষার। আহত হন মোটরসাইকেলের পিছনের সীটে বসে থাকা আরোহী রিয়াজ (২৭) নামে এক ব্যক্তি। সম্পর্কে তিনি নিহত তুষার এর দুলাভাই। পরবর্তীতে ঘাতক ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত ঐ স্থান থেকে পালিয়ে যায়।

দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক মেহেদী হাসান তুষার (২৫) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নয়াকান্দি গ্রামের জসিম উদ্দিন এর ছেলে। তার পিতা জসিম উদ্দিনও একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

মেহেদী হাসান তুষার ২০১৮ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে ৫ বছর ১ মাস চাকুরী সম্পন্ন করে এবং ২০২২ সালের ১৭ জুন বিবাহ করে। সর্বশেষ সে কুমিল্লা ক্যান্টনমেন্ট এ কর্মরত ছিল। ঘটনার দিন গত ২১ ফেব্রুয়ারী নিহত তুষার তার দুলাভাইকে নিয়ে মোটরসাইকেলে করে গাজীপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলেন। পথিমধ্যে সন্ধ্যার দিকে তারা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় পৌছালে পেছন দিক আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় হেলমেট পরিহিত অবস্থায় থাকা সত্ত্বেও মোটরসাইকেল চালক তুষার ঘটনাস্থলেই মারা যায় ও তার সাথে থাকা আরোহী রিয়াজ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহত রিয়াজকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

উক্ত দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক তুষারের বাবা বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি গজারিয়া থানায় সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা চালক ও অজ্ঞাতনামা গাড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব-১১, সিপিসি-২ এর বেশ কয়েকটি গোয়েন্দা টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। গোয়েন্দা টিম হতে প্রাপ্ত তথ্য ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাস্থলের আগে ও পরে একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক ট্রাকচালককে শনাক্ত করা হয়। ২৪ ফেব্রুয়ারী রাতে ঘাতক ট্রাকচালক আবুল কালামকে গ্রেফতার করা হয়।

ঘাতক ট্রাকচালককে ড্রাইভিং লাইসেন্স এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে তার ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে গিয়েছে মর্মে তথ্য প্রদান করেন। এছাড়াও তিনি আরো উল্লেখ করেন, ১৯৮২ সালে সে নিজের নামে একটি ড্রাইভিং লাইসেন্স তৈরী করে। ১৯৯৪ সালে তার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও অদ্যাবধি সে লাইসেন্সের মেয়াদ নবায়ন করেন নাই। পরবর্তীতে ২০১৪ সালে সে নিজে একটি ট্রাক ক্রয় করে এবং ২০২০ সাল থেকে পেশাদারভাবে হেল্পার ব্যতীত নিজেই ট্রাকটি চালনা করছিল।

গ্রেফতারকৃত আসামীকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

টিএমজিবির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তৌহিদ

নোয়াখালী প্রতিনিধি:
তথ্যপ্রযুক্তি সাংবাদিক সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কৃতি সন্তান গোলাম দাস্তগীর তৌহিদ (টেকভিশন২৪ ডটকম)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সম্মেলন কক্ষে ২০২৩ মেয়াদের এ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে এক বছর মেয়াদী ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্যরা হলেন,পুনরায় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মুরসালিন হক জুনায়েদ। সহ-সভাপতি (সদস্য কল্যাণ) রিশাদ হাসান (এটিএন নিউজ), সহ-সভাপতি (গভ. অ্যান্ড করপোরেট রিলেশন) কুমার বিশ্বজিত রায় (বাংলাদেশ টেলিভিশন), সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মইদুল ইসলাম (এনটিভি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান শিমুল (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী। ক্রিয়া বিষয়ক সম্পাদক এস এম ফয়েজ। এছাড়া কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন (নয়া দিগন্ত) ও মো. রহিম শেখ (জনকণ্ঠ)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিচালক প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আজকের পত্রিকার ডেপুটি এডিটর ফারুক মেহেদী এবং কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি।

নির্বাচনের আগে বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ পুরো বছরের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। এ ছাড়া সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ গত বছরের কার্যকলাপ তুলে ধরেন। পরে এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন টিএমজিবি সভাপতি কাওছার উদ্দীন। এছাড়া নির্বাচনের নিয়মকানুন তুলে ধরেন টিএমজিবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহম্মদ খান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক আরোহী।

উপজেলার বালুয়াকান্দিতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সেনা সদস্য মেহেদী হাসান তুষার (২৫) কুমিল্লা ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।

আহত মোসলে উদ্দিন (৩৫) একটি ওষুধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। তিনি নিহত তুষারের ভগ্নিপতি। তাকে গজারিয়ার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাশেদুল ইসলাম জানান, তুষার গাজীপুর থেকে ভগ্নিপতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে বালুয়াকান্দি এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তুষার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দার নিলেরচর গ্রামের ছামসুল হকের ছেলে। ছয় মাস আগে বিয়ে করেছেন তিনি। তুষারের বাবাও সেনাসদস্য।