All posts by jitu

কম্বলের স্লিপ নিয়ে আ.লীগ সভাপতি তুলে নিয়ে পেটালেন সাবেক ছাত্রলীগ নেতা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা (৫৮) কে তুলে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া বাজারে অভিযুক্ত সালাউদ্দিন সুমনের ব্যক্তিগত অফিসে এই ঘটনা ঘটে।

খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মীর হোসাইন জানান, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান মো.জাহাঙ্গীর আলম কম্বল বিতরণের জন্য খিলপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক কে তথ্য সংগ্রহ করে স্লীপ করতে বলে। আগামী সোমবার (২ জানয়ারি) এই সব কম্বল বিতরণ করা হবে। তিনি দলীয় নেতাকর্মির মাঝে এই সব কম্বল বিতরণের জন্য তথ্য সংগ্রহ করে স্লীপ তৈরী করছিলেন। এই নিয়ে খিলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমন ক্ষুদ্ধ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফাকে প্রশ্ন করে তাকে না জানিয়ে কেন কম্বলের স্লীপ তৈরী করা হচ্ছে। তখন তিনি বলেন তুমি বর্তমানে দলের কোন দায়িত্বে নেই। তোমাকে কেন জিজ্ঞেস করব। কম্বলের স্লীপ নিয়ে বাকবিতন্ডার জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার খিলপাড়া বাজার থেকে সুমন তার দুই অনুসারী দিয়ে আওয়ামী লীগ নেতা মোস্তফাকে বাজার থেকে তুলে নিয়ে যায় তার ব্যক্তিগত অফিসে। সেখানে সুমন আওয়ামী লীগ নেতা মোস্তফাকে তার পদ থেকে পদত্যাগ করতে গালমন্দ করে। একপর্যায়ে সুমন আওয়ামী লীগ নেতা মোস্তফাকে চড়,থাপ্পড় দিয়ে বুকে লাথি মারে এবং বেধড়ক মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে শুক্রবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।

খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মীর হোসাইন আরও বলেন,আমি স্থানীয় এমপি সহ বিষয়টি সবাইকে জানিয়েছি। এই ঘটনার উপযুক্ত আইনগত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগেও অভিযুক্ত এই যুবক বেশ কয়েকজন ওপর হামলা চালিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার খিলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান মো.জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমাকে বিষয়টি জানিয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা সুমন সহ কয়েকজন অন্যায় ভাবে আওয়ামী লীগ নেতাকে মারধর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুমন বর্তমানে কোন দলীয় দায়িত্বে নেই। ১০-১২ বছর আগে খিলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। এমপি সাহেব তাকে গাইড করে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজ-পরীমনি একঘরে আর থাকছেন না

ডেস্ক রিপোর্ট:

বছরের একবারে অন্তিম সময়ে এসে বিনোদন জগতে আবারও করুণ সুর। এবার চিত্রনায়ক রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন ঢালিউড তারকা পরীমনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ইঙ্গিত দেন তিনি।

পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

গেল বছর ১৭ অক্টোবরে চিত্রনায়িকা পরীমনি ও শরীফুল রাজ বিয়ে করেছেন। অনেকটা চুপিসারেই বিয়ে করেছেন তারা। ঘনিষ্ঠজন ছাড়া তেমন কেউ টের পায়নি বিষয়টি। তবে শরীফুল রাজের সঙ্গে প্রেম করছিলেন পরীমনি। এ খবরটি অনেক আগেই ছড়িয়ে পড়েছিল শোবিজে।

চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা৷ সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরীমনি-রাজ। কাজের সুবাদেই তাদের পরিচয়। সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত। শরীফুল রাজের সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘প্রথম বা শেষ বলে কিছু নেই। দুজন একসঙ্গে কাজ করেছি এবং ভালো কাজ করেছি। বলতে পারেন পর্দায় দুজনের রসায়ন জমে গেছে। এটাই বড় কথা।’

বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি বেশ প্রশংসা কুড়ায়। তবে বছর না ঘুরতেই বছরের শেষ দিন সম্পর্ক ছিন্নের ইঙ্গিত দিলেন পরীমনি।

 বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের ইংরেজী বর্ষবরণ উদযাপন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীতে  বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের উদ্যোগে ২০২২ সালকে বিদায় এবং ২০২৩ সালকে বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০  ডিসেম্বর ) এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের সভাপতি নাজমা বেগম, সহ-সভাপতি নাহার নাজমা, যোগাযোগ ব্যবস্থাপক শামীমা আক্তার ও শারমীন আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন এ সংগঠনের কো-অর্ডিনেটর শুভ।

ইউপি নির্বাচন: কুমিল্লার ১১ ইউনিয়নে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়নের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১১টিতে নৌকার ও বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফলফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ১৭ ইউনিয়নের ১৫টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। বাকি দুটিতে ইউপি সদস্য পদে নির্বাচন হয়েছে।

নির্বাচিতরা হলেন- লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নে মো. আব্দুল আউয়াল (নৌকা), লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, পেরুল উত্তর ইউনিয়নে আবু ছালেহ মো. কামাল হোসেন (নৌকা)। বরুড়ার ভাউকসার ইউনিয়নে আহমেদ জামান মাসুদ (নৌকা), শাকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক মুন্সী।

নাঙ্গলকোটের আটটি ইউনিয়নের সাতটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন, রায়কোট উত্তর ইউনিয়নে মাস্টার রফিকুল ইসলাম, রায়কোট দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়নে তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউনিয়নে আবু ইউছুফ কোম্পানী, জোড্ডা পূর্ব ইউনিয়নে নুরুল আফসার, দৌলখাড় ইউনিয়নে সৈয়দ সাইফুর রহমান বাবলু ও বটতলী ইউনিয়নে আব্দুল জলিল।

জোড্ডা পশ্চিম ইউনিয়নে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন মজুমদার।

দাউদকা‌ন্দি উপজেলার দৌলতপুর ইউ‌নিয়‌নে স্বতন্ত্রপ্রার্থী মইনউদ্দিন চৌধুরী ও ইলিয়টগঞ্জ দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নে স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন জয়ী হয়েছেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, শান্তিপূর্ণভাবে কুমিল্লা নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথায়ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। ১৫ ইউপির ১১টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা কুমিল্লা সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর বিকালে কুমিল্লা সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় কাঠের বাক্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৬ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের মৃত. আক্তার হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২০)।

অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর বিকালে সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন (বড় ভাংগাইন্না) গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩০)।

এ ঘটনায় সদর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে আমার বিজয়ের গল্প শীর্ষক আয়োজন

ষ্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীর কাছে বিজয় মানে কী? এমন ভাবনা থেকে “স্বাধীনতার ৫১ বছরে আমার বিজয়ের গল্প” শীর্ষক উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন কুমিল্লার বিলকিছ আলম পাঠাগার।

বিলকিছ আলম পাঠাগার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার সফিউল আহমেদ বাবুল। বিশেষ অতিথি ছিলন ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক এবিএম মুসা ভুইয়া, কবি ও গবেষক মাহবুবুল মাওলা রিপন, বিশিষ্ট সমাজ সেবক কাজী এনামুল হক। সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা মাওলা নুরুল আলম।

প্রধান অতিথি বলেন, চৌদ্দগ্রামেই আমি ১৯৭১ সালে প্লাটুন কমান্ডার ছিলাম। আর এখন জেলা কমান্ডার। আমরা সেদিন একাত্তরে যুদ্ধ করেছি দেশের জন্য। আর এখন যুদ্ধ করে চলছি সামাজিক মুক্তির জন্য। এই পাঠাগার যা করে যাচ্ছে এটা আমাদেরই কাজের অংশ।

বিশেষ অতিথি মাহবুবুল মাওলা বলেন, সাহিত্য সংস্কৃতি বিষয় সব সময় মানুষের জীবনকে উন্নত করেছে। আমাদের যুদ্ধ ও সামাজিক মুক্তি পরস্পরের এপিঠ ওপিঠ। দুটি বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে কাজ পাঠাগার। আমি বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগেকে স্বাগত জানাই।

আলোচনা শেষে উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চৌদ্দগ্রামের কীর্তিমানদের পরিচিতি দিয়ে করা নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ইমরান মাহফুজ।

উল্লেখ্য ‘বই পড়ি নিজেকে জানি’ স্লোগানে সমাজের সব বয়সীদের জন্য বিলকিছ আলম পাঠাগার কাজ করে যাচ্ছে ২০১৭ সাল থেকে। বই বিনিময়, পাঠচক্র, লেখকের মুখোমুখি পাঠক, বাড়ি বাড়ি পাঠকের খোঁজে- এমন নতুন নতুন চিন্তায় গতানুগতিক পাঠাগারের ধারণাকেই পাল্টে দিচ্ছে।

না ফেরার দেশে ফুটবলের রাজা পেলে, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা  

স্পোর্টস ডেস্ক:

কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। এই মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার দেশটি। কিংবদন্তির প্রয়াণে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা।

শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।

গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের বরাতে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নোয়াখালীর ২টি ইউপিতে নৌকার জয়

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার ৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২ টিতে আওয়ামী লীগ মনোনীত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিলদার ৫০০৪ ভোট পেয়ে, ৭নং ধর্মপুর ইউনিয়নে ছিদ্দিকুর রহমান ৭৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আরাফাত ৪৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩টি ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণ ভাবে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্যপদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৬০ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ধর্মপুর ইউনিয়নে ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করছেন ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।

নোয়াখালীতে পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়খালীল সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে এক নারী পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তাকে এই সাজা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ওই বিদ্যালয়ে দায়িত্বে থাকা পোলিং এজেন্ট সুমি আক্তার (২৬) কে কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাকে এই সাজা দেন। রায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার মো. আলী হোসেন (৪৮) কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে নির্বাচন চলাকালীন সময় পযন্ত প্রিসাইডিং অফিসারের নিজ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত সুমি আক্তার (২৬) উপজেলার শিবপুর গ্রামের মনির চেয়ারম্যান বাড়ির রিয়াজ আহম্মেদের স্ত্রী।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম বলেন, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এই সাজা দেন।

দেবিদ্বারে বাসের চাপাঁয় পথচারি নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে বারেরা বাসস্টান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী মিনিবাস এমএইচ ট্রান্সপোর্টের ধাক্কায় একজন নিহত।

নিহত ব্যক্তি উপজেলার শালঘর এলাকার অনন্তপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়া(৭০)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।