All posts by jitu

চৌদ্দগ্রামে জামায়াতের ২০ নেতা-কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে জামায়াতের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়ন এর কালিকাপুর এলাকার সাবেক ইউনিয়ন আমির আব্দুল জলিল এর বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেন।

এব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার আমীর,ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক জেলা সভাপতি বেলাল হোসাইনসহ মোট ২০ জন ।

চৌদ্দগ্রাম সাকের্লের সহকারি পুলিশ মোঃ জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেবারিট স্পেনকে বিদায় করে মরক্কোর নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক:
প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো! তাও আবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে। মরক্কোর ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত এর চেয়ে বড় দিন আর আসেনি।

আল রাইয়ানে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু পুরোটা সময় গোল নষ্ট করার মহড়া দিয়ে গেছে দুই দল।

স্পেন তো ১০১৮ টা পাস খেলেছে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে। কিন্তু আসল কাজটিই করতে পারেনি। মরক্কোও প্রায় নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছে গোটাতিনেক। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই পরীক্ষায় স্পেনকে ৩–০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো।

তিতাসে দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা খুন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায়  দুই গ্রুপের সংঘর্ষে সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লার পুত্র ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম নিহত হয়েছে। ভিটিকান্দির ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের ১০ জন আহত।

মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) দুপুরে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, একটি মাছের প্রজেক্ট দখল করতে যায় সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও তার লোকজন। বিষয়টিতে বাঁধা দেয় সাবেক চেয়ারম্যানের ছেলে জহির। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ ও বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদ এর সামনে থেকে জহিরকে টেনে ধরে নিয়ে গেইটে তালা লাগিয়ে কুপিয়ে হত্যা করে সাইফুল মেম্বারের লোকজন। তার হাত ও পায়ের রগ কেঁটে দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে বিক্ষুব্ধ জনতা সাইফুল মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ আসামী ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস।

নির্বাচন বানচালে কুবি শিক্ষক সমিতির নিন্দা

কুবি প্রতিনিধি:

গত ১ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবার কথা থাকলেও আওয়ামীপন্থী শিক্ষকদের একটি পক্ষ কেন্দ্র দখল করায় নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে পারেনি কমিশন। পরে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় তাঁরা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি।

সোমবার (০৫ ডিসেম্বর) সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের একটি চিহ্নিত অংশ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পরিকল্পিতভাবে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। শিক্ষকদের এই অংশটি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জেহাদুল করিম থেকে শুরু করে প্রত্যেক উপাচার্য মহোদয়ের প্রথমদিকে নানা সুবিধা নিয়ে শেষের দিকে বিপরীতমুখী ভূমিকায় অবতীর্ণ হয়।

এতে আরও বলা হয়, শিক্ষকদের একটি অংশ ঘোষিত নির্বাচনে অংশগ্রহণ না করেও কেন্দ্র পরিবর্তনের অজুহাতে অবৈধভাবে সদলবলে ভোটকেন্দ্রে ঢুকে ভোটগ্রহণ বানচাল করেছে। তাঁরা অতি সূক্ষ্মভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চরিত্রহনন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ইমেজ ধ্বংস করা এমনকি শিক্ষক সমিতির মতো পেশাজীবী সংগঠনের সাংগঠনিক কাঠামোকে ন্যাক্কারজনক ভাবে বাধা প্রদান করে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সমিতিকে প্রশ্নবিদ্ধ ও অকেজো করে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

শিক্ষকদের এমন অসদাচরণের ফলে শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ বিব্রত ও অপমানিত হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গঠন ও তারিখ নির্ধারণ নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছিলেন নির্বাচনে অংশ না নেওয়া পক্ষটি। নির্বাচন কমিশন ভোটকেন্দ্র হিসেবে শিক্ষক লাউঞ্জ বেছে নিলে একইদিনে তাদের কর্মসূচি লাউঞ্জে দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকেই লাউঞ্জ দেয়নি।

ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির ছেলে পদ পেলেন দেবিদ্বার ছাত্রলীগের কমিটিতে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে  সদস্য হিসেবে স্থান পেয়েছেন সুলতানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদ করিমের ছেলে  মো: সাব্বির আহমেদ । এ নিয়ে তীব্র সমালোচনা চলছে উপজেলাজুড়ে।

শুক্রবার (২ ডিসেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  দেবিদ্বার পেওল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

যখন আ’লীগের ঘরে শুদ্ধি অভিযান চলছে, তখন বিএনপি নেতার ছেলে উপজেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া নিয়ে চলছে নানা সমালোচনা।

এছাড়া দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফরহাদ হোসেন হিমেল (২২)। সে দেবিদ্বারের কিশোর গ্যাং বদর বাহিনীর সক্রিয় সদস্য। সে চলতি বছরের ১০ এপ্রিল ভোরে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। হিমেল বানিয়াপাড়া এলাকার মীর হোসেনের ছেলে । চলতি বছরের ১৬ জানুয়ারি ছোট আলমপুর এলাকার লিমন নামের এক কিশোরকে রড, রাম দা ও হাতুড়ি দিয়ে আঘাত ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সন্ত্রাসী হামলার মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে জামিনে সে বের হয়ে আসে।

এদিকে  সবাইকে অবাক করে দিয়ে প্রবাস ফেরত নুর মোহাম্মদ রনি হলেন কুমিল্লার দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহ্বায়ক। এত বছর পর দেশে ফিরে কিভাবে পৌর ছাত্রলীগের আহ্বায়ক পদ পেয়ে গেলেন রনি, এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে চারদিকে।

অছাত্র, বিবাহিত, কিশোর গ্যাং সদস্য, সন্ত্রাসী মামলায় গ্রেফতার হয়ে সাজা ভোগ করা আসামি, নিস্ক্রিয়, প্রবাস ফেরত, অচেনা লোক দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাইফুল ইসলাম রুবেল জানান, যারা ত্যাগি, তাদেরকেই মূল্যায়ণ করা হয়েছে। এখানে আর্থিক লেনদেনের কোন ঘটনা ঘটেনি। আর কমিটিতে স্থান পাওয়া কারোর বিরুদ্ধে কোন নিদির্ষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে তাদের বাদ দেওয়া হবে।

উল্লেখ্য যে, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে আসাদুর রহমান রনিকে, পৌর ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে নুর মোহাম্মদ রনিকে। চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে মাহফুজুর রহমান (টিপু)কে এবং পৌর ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে কাজী ইমদাদুল ইসলাম জয়কে। আহ্বায়ক কমিটিগুলো ৩ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

 

চাঁদাবাজির মামলা করায় শিল্প কারখানায় আগুন, ৩ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা এলাকায় চাঁদাবাজির দাবিতে আ’লীগ নেতা তমিজ উদ্দিন সেলিমের মালিকানাধীন শিল্প কারখানায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করায় ক্ষীপ্ত হয়ে অভিযুক্তরা ওই শিল্প-কারখানায় আগুন দিয়েছে। আগুনে দামি মেশিনপত্র পুড়িয়ে ফের ভাংচুর-লুটপাট চালিয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ সোমবার রাতে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

মামলার এজাহারে সিকিউরিটি ইনচার্জ আবদুল জলিল উল্লেখ করেন, সোনাইছা-পদুয়া রাস্তার মাথায় সাসটেইনেবল অ্যাপারেলস লি. নামের শিল্প-কারখানায় প্রভাবশালীদের ছত্রছায়ায় সংঘবদ্ধ একটি চাঁদাবাজ চক্র মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে গত ২৮ নভেম্বর সন্ত্রাসীরা হামলা চালিয়ে কারখানাটিতে ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় কুমিল্লার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে সন্ত্রাসীরা সোমবার রাতে নিমার্ণাধীন ওই শিল্প-কারখানায় প্রবেশ করে প্রহরীদের অস্রের মুখে জিম্মি করে। সন্ত্রাসীরা নিমার্ণ কাজে ব্যবহৃত এসকেভেটর, অটোমেটিক মিকচার মেশিন, জেনারেটর, ফাইল ড্রাইভ হেমার মেশিন ও মটরসহ মূল্যবান যন্ত্রপাতিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া ক্যামেরা ও কম্পিউটারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাতেই কোম্পানীটির সিকিউরিটি ইনচার্জ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সোনাইচা গ্রামের বারেকের ছেলে শেখ ফরিদ(৩০), দুলালের ছেলে রায়হান(২০) ও রিয়াদ (১৮) কে গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কোম্পানীটির সিকিউরিটি ইনচার্জ আমাদেরকে জানায় বহিরাগত সন্ত্রাসীরা পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, আগুনের সংবাদ শুনে আমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাতেই কোম্পানীর সিকিউরিটি ইনচার্জ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

মুরাদনগরে ৪ কেজি গাঁজাসহ আটক ২

মাহবুব আলম আরিফ ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার গকুলনগর এলাকা থেকে ৪(চার) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

সোমবার বিকালে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ভোলা জেলার ভোলা সদর থানার পূর্ব চর ইলিশা গ্রামের মৃত জামাল মাল এর ছেলে নুর ইসলাম মাল(৪৬) ও ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ভেড়াখালী গ্রামের মোকলেছ মিয়ার ছেলে মেহেদী হাসান রাব্বী (২৮)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া মহাসড়ক সংলগ্ন এলাকায় ফরিদ মিয়ার চা দোকানের সামনে রাস্তার উপর থেকে থেকে তাদেরকে ৪(চার) কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় অটোচালকসহ নিহত ৪

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলার গ্রামের মৃত সিদ্দকুর রহমানের ছেলে মাকছুদুর রহমান (৬০), একই এলাকার আবু তাহের হাবিবুর রহমান (২১), তোফাজ্জল হোসেনের ছেলে অটোরিকশারচালক শহিদুল ইসলাম (৪০) এবং উপজেলার ভরণীখন্ড গ্রামের আফজালুর রহমানের স্ত্রী মইফুল বেগম (৪২)।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে যাত্রীসহ রেল ক্রসিং করছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।

নোয়াখালীতে  ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এখন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহাতকে (২৩) সদ্য ঘোষিত চরপাবর্তী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এ ঘটনায় ত্যাগী ইউনিয়ন ছাত্রদল কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

ছাত্রদল ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ৮ দিন আগে গত ২৯ নভেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর ও সদস্য সচিব নুর উদ্দিন রুবেল ১১ সদস্য বিশিষ্ট চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। গতকাল সোমবার ৫ ডিসেম্বর) উপজেলা ছাত্রদল এই কমিটি প্রকাশ করে। ওই কমিটির একজন আহ্বায়ক, চারজন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব এবং বাকি সবাই সদস্য। ঘোষিত ওই কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে দেলোয়ার হোসেন রাহাদের নাম।

অপর দিকে ২০১৭ সালে চরপাবর্তী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। ঘোষিত ওই কমিটির সভাপতি করা হয় দেলোয়ার হোসেন রাহাদকে সাধারণ সম্পাদক করা হয় খায়রুল ইসলাম পিয়াসকে। দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে এ কমিটি অনুমোদন দিয়েছেন তৎকালীন চরপাবর্তী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোতাহের হোসেন বাদল ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পিয়াস।

এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন রাহাদ বলেন, ২০১৮ সালে তিনি এসএসসি পাস করে সরকারি মুজিব কলেজে ভর্তি হই। তখন আমাদের এলাকার আওয়ামী লীগের নেতারা আমাকে ছাত্রলীগ করতে বাধ্য করে। আমাকে বলা হয় কলেজে পড়ালেখা করতে হলে এলাকায় ছাত্রলীগ করতে হবে। একপর্যায়ে আমাকে চরপাবর্তী ৫নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি করা হয়। এজন্য আমি চট্রগ্রামে আমার এক আত্মীয়ের বাসায় থাকতাম বেশি। অপর এক প্রশ্নের জবাবে রাহাদ বলেন, আমি মনে প্রাণে ছাত্রদল করি। এখনও আওয়ামী লীগ ক্ষমতায় আছে আমি জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদলের কমিটিতে এসেছি। পদ বঞ্চিত নেতারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহের হোসেন বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৭ সালে রাহাদকে চরপার্বতী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপর আর কোন ওয়ার্ডে কমিটি হয়নি। সে হাইস্কুল থেকেই ছাত্রলীগ করত। দীর্ঘ দিন আমি দায়িত্বে নেই। পরিচর্যার অভাবে অনেক লোক নষ্ট হয়ে গেছে। আমি দায়িত্ব থেকে চলে আসার পর যারা দায়িত্বে আসে তারা ধরে রাখতে পারে নাই। আমি গাছ রোপন করেছি এটাতো আমার অপরাধ নয়।

এ বিষয়ে জানতে সদ্য ঘোষিত চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন হৃদয়ের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন,ছাত্রদল করার যে কারো অধিকার আছে। সে হয়তো এক সময় ছাত্রলীগ করেছে। ছাত্রদলের সঙ্গে হেঁটে সে হয়েতো দেখেছে ছাত্রদলের আদর্শ, উদ্দেশ তার কাছে ভালো লাগায় সে ছাত্রদলে এসেছে। সে যেহেতু মনে প্রাণে ছাত্রদল করে, পদ সে পেতেই পারে স্বাভাবিক। তারপরও অভিযোগ ওঠায় বিষয়টি আমি খতিয়ে দেখব।

ব্রাজিল এখন আর কেবল নেইমার নির্ভর নয় : কাফু

 

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপে বরাবরের মতো এবারও ফেবারিট ব্রাজিল। তবে গত একযুগে যেমন ব্রাজিল এক নেইমারের ওপর নির্ভর ছিল, এবারের বিশ্বকাপে আর এমনটা নয় বলে মনে করেন সাবেক ব্রাজিলিয়ান ফুলব্যাক কাফু।

গত দুই বিশ্বকাপে নেইমারকে ঘিরেই ব্রাজিলের খেলা পরিকল্পিত হতো। নেইমার দলের সবচেয়ে বড় খেলোয়াড় বলেই এমনটা করতো ব্রাজিল। তবে এবার শুধু নেইমারের ওপরই নির্ভর করে বিশ্বকাপে খেলবে না ব্রাজিল, এমনটাই মনে করেন ব্রাজিলকে ২০০২ সালের বিশ্বকাপ এনে দেয়া কাফু।

বর্তমানে ভারতে অবস্থান করছেন কাফু। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ব্রাজিল এখন আর শুধু নেইমারের ওপর নির্ভরশীল নয়, বিশেষ করে এই বছর। ভিনিসিয়ুস, রদ্রিগো, রিচার্লিসন ও লুকাস পাকেতার মতো খেলোয়াড় আছে দলে। তারাও ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সক্ষম। আর তাই চার বছর আগে শুধু নেইমারের ওপর নির্ভর করার পরিস্থিতিটা বদলে গেছে। চার বছর আগে এই প্রশ্ন করা হলে বলতাম, ব্রাজিল শুধু নেইমারের দিকেই তাকিয়ে আছে।’

এদিকে এবারের বিশ্বকাপ কিছুটা ভিন্ন। ইউরোপিয়ান মৌসুমের মাঝেই শুরু হচ্ছে কাতারে বিশ্বকাপ। তবে তাতে খেলোয়াড়দের সুবিধা হবে বলে জানিয়েছেন কাফু। ব্রাজিলের সাবেক এই রাইট ব্যাক বলেন, ‘নভেম্বরে বিশ্বকাপটা আকর্ষণীয় হবে। কারণ, জুনে খেলোয়াড়েরা বেশি ক্লান্ত থাকে। এবার লিগ শুরু হওয়ায় খেলোয়াড়েরা সতেজ থেকেই বিশ্বকাপে অংশ নিতে পারবে।’

২০ নভেম্বর কাতারে বিশ্বকাপের পর্দা উঠলেও ব্রাজিল তাদের মিশন শুরু করবে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। ‘জি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।