All posts by jitu

নোয়াখালীতে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বেগমগঞ্জে বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চট্রগ্রাম সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, দুপুর ১টার দিকে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের সেনের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত রাব্বুল ওরফে সম্রাট (৩০) উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার জানু মোহাম্মদ মিয়াজী বাড়ির কেয়ায়েত উল্যার ছেলে এবং সন্তানের জনক ছিলেন।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহাদাত নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ছিল। সে বর্তমানে বরিশাল কোস্টগার্ডে কর্মরত আছে।

ওসি তদন্ত আরও বলেন, অসুস্থ বাচ্চাকে দেখতে তিন দিন আগে ছুটিতে নোয়াখালীর দুর্গাপুর ইউনিয়নের নিজ বাড়িতে আসে। শনিবার দুপুরে পারিবারিক কাজে নিজের মোটরসাইকেল চালিয়ে উপজেলার চৌমুহনী বাজারে যাচ্ছিলো। যাত্রা পথে উপজেলার সেনের পোল এলাকায় পৌঁছলে বাঁধন বাসের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্রগ্রামের সিএমএইচ হাসাপাতালে নেওয়ার পথে বিকেল ৩টার দিকে সে মারা যায়। মহাসড়কে এই দুর্ঘটনা ঘটনায় এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত প্রদক্ষেপ নিচ্ছে।

বরুড়ায় কিশোরীকে তুলে নিয়ে বন্ধুদের নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ৫

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভনে তুলে নিয়ে বন্ধুদের নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) পুলিশ দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে গত বুধবার দিনগত রাতে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেফতারের বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। তবে গ্রেফতারদের নাম জানাননি তিনি।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হোসেনপুর গ্রামের আবুল কালামের ছেলে মিনার হোসেনের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। মিনার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার (৩০ নভেম্বর) রাতে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে গ্রামের উন্মুক্ত মাঠে নিয়ে যায়। সেখানে মিনারের সহপাঠী ওই গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে নাসির হোসেন, আমিনুল ইসলামের ছেলে নোমান হোসেন, গফুর ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া, একই গ্রামের মোয়াজ্জেম হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুজন ওই কিশোরীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগী কিশোরী জানিয়েছেন, ধর্ষকেরা পাশবিক নির্যাতন চালিয়েই ক্ষান্ত হয়নি, সিএনজি অটোরিকশায় তুলে দেওয়ার সময় কাউকে কিছু না বলতে হুমকিও দেয়।

এ বিষয়ে ওসি ইকবাল বাহার মজুমদার জানান, শুক্রবার দুপুরে ওই কিশোরী বরুড়া থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। শনিবার (৩ ডিসেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা এবং অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে আ’লীগ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চর শিবপুরে এই ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী থেমে থেমে এই সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে চরশিবপুর গ্রামের বাসিন্দা ও পুলিশের গুলিতে নিহত নয়ন মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারকে আর্থিক সহায়তা করতে সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামের উদ্দেশে বিএনপির নেতাকর্মীরা রওনা হন। বিএনপির নেতা সায়দুজ্জামান কামালের সঙ্গে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে অধ্যাপক খন্দকার আকবর হোসেনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুপুর ১টার দিকে উপজেলার দশানি ঘাট অতিক্রম করে চরশিবপুর ঘাটে পৌঁছালে সেখানে আগে থেকে বসে থাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহিন ও তার লোকজন বিএনপির নেতাকর্মীদের বাধা দেন। বিএনপির নেতাকর্মীরা বাধা অতিক্রম করে চরশিবপুর গ্রামে পৌঁছে নয়নের কবর জিয়ারত করেন।

সে সময় বাধা দেওয়ার বিষয়টি গ্রামবাসী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা চরশিবপুর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একত্রে জড়ো হন। পরে স্থানীয় চেয়ারম্যান শাহিন ও তার লোকজনের সঙ্গে চরশিবপুর গ্রামের বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ২০ জন আহত হন।

আহতরা হলেন- সোনারামপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনির হোসেন ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান, সোনারামপুর ইউনিয়নের যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আইনউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আয়নাল (৪৫), যুবলীগকর্মী জয়নাল মিয়া (৪৫), স্থানীয় আমির উদ্দিন (১৮), ফয়জন আলী (২৩), জাহিদুল হাসান (২২), রাসেল মিয়া (৩২)। তারা বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মনির, জয়নাল ও আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলার পৌর যুববদলের আহ্বায়ক ইমান হোসেন দাবি করেন, পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের কবর জিয়ারত ও তার পরিবারকে আর্থিক সহযোগিতার উদ্দেশে চরশিবপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হই। সেখানে সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন তার লোকজন নিয়ে সকাল থেকে বসা ছিলেন। আমরা নৌকায় করে ঘাট পার হতেই চেয়ারম্যান আমাদের বাধা দেন। বাধা অতিক্রম করেও করব জিয়ারত করতে পেরেছি। কিন্তু গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চেয়ারম্যান ও তার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চেয়ারম্যান শাহিন বলেন, লোকজন নিয়ে ঘাটে বসে সভা করেছিলাম যাতে করে শিবপুর গ্রামে বিএনপি নেতাকর্মীরা সেখানে গেলে কোনও ধরনের সমস্যা না হয়। এরই মধ্যে গ্রামের বিএনপির লোকজন ভেতর থেকে আমাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বিএনপির নেতাকর্মীদের বাধা দেইনি।

বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বলেন, আহত দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জেনেছি। গ্রামের লোকজনের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে। এখনও এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিকালে বাঞ্ছারামপুর উপজেলা সদরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন (২৬)। এ ঘটনার পর থেকে পুরো উপজেলাজুড়ে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।

এবার বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন কোচ

 

স্পোর্টস ডেস্কঃ

আর্জেন্টিনা দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ধন্যবাদ-কৃতজ্ঞতা জানানোর পর এবার অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন মেসি-ডি মারিয়াদের কোচ লিওনেল স্কালোনিও।

শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগের সংবাদ সম্মেলনে স্কালোনির দিকে ছুটে যায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাতাল সমর্থন বিষয়ক প্রশ্ন। জবাবে আলবিসেলেস্তে কোচের কণ্ঠে ঝরে স্তুতি বাক্য।

স্কালোনি বলেন, ‘বছরের পর বছর ধরে সারাবিশ্বে এই উন্মাদনা ছড়িয়ে গেছে। কারণ আমাদের ডিয়েগো (ম্যারাডোনা) ছিলেন, এখন আমাদের লিও (মেসি) আছে। এটা আমাদের জন্য দারুণ আনন্দের যে বাংলাদেশে এবং আরও অনেক জায়গার মানুষ আমাদের সমর্থন করছে। বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি।’

কাতার বিশ্বকাপ গড়ানোর কদিন পর থেকেই বিষয়টি বিশ্বমিডিয়ায় আলোচিত। নিজেরা বিশ্ব আসরে না থাকলেও বাংলাদেশের নাম ঠিকই উচ্চারিত হচ্ছে বিশ্বের নানা প্রান্তে, সেটা আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসমাখা সমর্থন ঘিরে। যেটা নজরে এসেছে লিওনেল মেসির দেশ ও দলের কোচের।

বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের ছবি-ভিডিও দিয়ে শুরুতে টুইট করেছিল ফিফা। পরে পোল্যান্ডের বিপক্ষে জিতে নকআউটের টিকিট কাটার পর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে টুইট করে আর্জেন্টিনা ফেডারেশন, কৃতজ্ঞতা জানিয়ে মেসিদের জাতীয় দলের অফিসিয়াল টুইটার থেকে ছবি পোস্ট করে লেখে, ‘তারা আমাদের মতোই পাগল।’

কাতারে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হারের পর মেক্সিকো ও পোল্যান্ডকে পরাজিত করে টানা দুই জয়ে শেষ ষোলো নিশ্চিত করে মেসির দল। ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে স্কালোনির আর্জেন্টিনা।

১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না চঞ্চলের ‘কারাগার পার্ট-২’

 

বিনোদন ডেস্কঃ

বহুল প্রতিক্ষিত ‘কারাগার’ ওয়েব সিরিজের পার্ট ২’ মুক্তির কথা ছিলো আগামী ১৫ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত এই তারিখে আসছে না ওয়েব সিরিজটি। পিছিয়েছে এক সপ্তাহ। সিরিজটির অভিনেতা চঞ্চল চৌধুরী জানিয়েছেন, হইচইয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর নয়, ২২ ডিসেম্বর পার্ট ২ আসবে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চলতি বছরের আগস্টে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।

‘কারাগার–পার্ট ওয়ান’ এর গল্প জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে নিয়ে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মিরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। সেই জট খুলবে দ্বিতীয় পর্বে। তাই এই পর্ব দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। তাই কবে আসবে দ্বিতীয় কিস্তি? তার অপেক্ষায় ছিলেন দর্শকরা।

সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজে রহস্যময় কয়েদির চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি একটি পোস্টার শেয়ার করে কারাগার পার্ট ২ মুক্তির নতুন তারিখের কথা জানিয়েছেন চঞ্চল চৌধুরী । তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে।

এক সপ্তাহ পেছানোটা স্বস্তি দিচ্ছে না চঞ্চল চৌধুরীকে। ফেসবুকে তিনি লেখেন, এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।

নতুন মুক্তির তারিখ নিয়ে হইচয়েরর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, বিশ্বকাপ উন্মাদনা চলছে। যদিও হইচই কর্তৃপক্ষ এই বিশ্বকাপ উন্মাদনায় মুক্তি পেছানোর পক্ষে ছিলো না । কারণ হইচইয়ের তার কণ্টেন্টের উপর আস্থা ছিলো। বিশ্বকাপের মধ্যেও কারাগার পার্ট টু দর্শক দেখতেন। তবে কারাগারের আর্টিস্ট ও কলাকুশলীদের আগ্রহে মুক্তি এক সপ্তাহ পেছানো হয়েছে।

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকেই।

পেলের অবস্থার অবনতি, চিকিৎসায় আর সাড়া দিচ্ছে না শরীর

 

স্পোর্টস ডেস্কঃ

কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন পেলে। এরমধ্যে হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়। গত মঙ্গলবার তাকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার মিলল আরও বড় দুঃসংবাদ। পেলের শরীরে কেমোথেরাপিও আর কাজ করছে না। চিকিৎসকরা কেমো বন্ধ করে দিয়েছেন। কিংবদন্তি ফুটবলারকে সুস্থ করে তোলার জন্য আর কোনো চিকিৎসাও অবশিষ্ট নেই।

ব্রাজিলের গণমাধ্যমে খবর, ৮২ বর্ষী পেলেকে বর্তমানে প্যালিয়েটিভ কেয়ার (palliative care) ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেসব রোগীর শরীর দরকারি চিকিৎসায় আর সাড়া দেয় না, তাদের জীবনের শেষ প্রান্তের কষ্ট কমানোর চূড়ান্ত চেষ্টা এই প্যালিয়েটিভ কেয়ার থেরাপি।

হৃদরোগ ও শরীর ফুলে যাওয়ায় পেলেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রাম পোস্টে আশ্বস্ত করে লিখেছিলেন, আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্যাপক হৈচৈ চলছে। কোনো জরুরি অবস্থা কিংবা নতুন করে ভয়ানক কিছু ঘটেনি। কিছু ছবি পোস্ট করার প্রতিশ্রুতি দিচ্ছি।

পরে ইনস্টাগ্রাম পোস্টে পেলে লিখেছিলেন, ‘বন্ধুরা, আমি হাসপাতালে মাসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এসেছি। আপনাদের কাছ থেকে পাওয়া অসংখ্য ইতিবাচক বার্তা সবসময়ই দারুণ। সেজন্য ধন্যবাদ। আমাকে এভাবে শ্রদ্ধা জানানোর জন্য কাতারকেও ধন্যবাদ।’

২০২১ সালের সেপ্টেম্বরে ৮২ বর্ষী পেলের শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছিল। এরপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসা-যাওয়ার মাঝেই ছিলেন। সেসময় থেকে তার কেমোথেরাপিও চলেছে।

পেলে ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী দলের সদস্য। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি অফিসিয়াল ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল তার।

আবারও বেড়েছে সোনার দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালোমানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম রোববার (৪ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।

শনিবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে ২১ দিনের মধ্যে দেশের বাজারে তিন দফা বাড়লো সোনার দাম। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এ ধাতুটি।

এর আগে চলতি বছরের ১১ সেপ্টেম্বর সব থেকে ভালোমানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ৮৪ হাজার ৫৬৪ টাকা। দেশের বাজারে এতদিন এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল।

এখন সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালো সোনার দাম। ভালোমানের সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের সোনার দাম। মান অনুযায়ী প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৪৫০ টাকা থেকে ৩ হাজার ৩৩ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোন অপরিবর্তিত আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী— সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৩৮৪ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা করা হয়েছে।

সোনার দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শীতল মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় হামলাকারীরা একাধিক বাড়িঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ধরাভাঙ্গা রোডে শুক্রবার সন্ধ্যায় পিকআপ থেকে জিপি উত্তোলনকে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের সলিমগঞ্জ বাজারের লাইন ম্যান রহিম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে শনিবার সকালে ধরাভাঙ্গা গ্রামের চেয়ারম্যানের ছেলে মানিক ও খোকনকে মারধর করে। মারধরের খবর ধরাভাঙ্গা গ্রামের ছড়িয়ে পড়লে ধরাভাঙ্গা গ্রামের লোকজন চেয়ারম্যানের ছেলে মানিক মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে হামলা চালায়। এ সময় মুক্তারামপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত কানু মিয়ার ছেলে শীতল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা মুক্তারামপুর গ্রামের ছয়টি ঘরে আগুন লাগিয়ে দেয়। এর জেরে সংঘর্ষে মুক্তিযোদ্ধা মালিক মিয়া, দুলাল মিয়া মেহেদী হাসান, আমির মিয়া, সুমন, রয়েল মিয়া, মোহাম্মদ আলীসহ দুই গ্রামের ১৫-২০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

হোটেলে বসে ইয়াবা বেচাকেনা: ১৩শ ইয়াবাসহ মাদক কারবারি আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়।

আটক শাহাদাত হোসেন (৩৬ ) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মো.বাবুলের ছেলে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার সুলতানপুর গ্রামের রমনিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে রমনিরহাট বাজারের একটি হোটেলে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়া হয়। পরে মাদক বিক্রি কালে বাজারের মোহাম্মদিয়া হোটেল থেকে মাদক কারবারি শাহাদাত হোসেনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা মাদকের প্রাইকারি বিক্রেতা মাঈন উদ্দিন পালিয়ে যায়। কারবারি শাহাদাতের কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারি ও পলতাক মাদক কারবারি উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।