All posts by jitu

মেসি কি পারবেন ম্যারাডোনা হতে ?

ইমতিয়াজ আহমেদ জিতু:

আজ কি হতে যাচ্ছে ? আজ হেরে বিদায় নিবে নাকি জয় পেয়ে সরাসরি রাউন্ড সিক্সটিনে উঠবে ? মেসি কি পারবে ম্যারাডোনা হতে নাকি অতীতের মত পরাজয়ের গ্লানি নিয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়বে ? অনেক প্রশ্নের উত্তর মিলবে একটি খেলায়। রাত ১ টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে খাদেঁর কিনারায় থাকা আর্জেন্টিনা। ৩ বছর ধরে অপরাজিত থাকার তকমাটি সৌদি আরবের কাছে এসে থামল। তাতেই ফুটবল বিশ্বে শুরু হয় সমালোচনার ঝড়। দ্বিতীয় ম্যাচে মেসি ম্যাজিকে মেক্সিকোকে হারিয়ে কিছুটা টেনশনমুক্ত হলেও আজ জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে মেসিদের। জয় পেলে সরাসরি দ্বিতীয় রাউন্ডে আর ড্র হলে সৌদি বনাম মেক্সিকো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রার্থণা করতে হবে যাতে তাদের ম্যাচটি ড্র হয়। আর আজ যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে বিশ্বকাপ মিশনটা এখানেই শেষ হবে মেসিদের।

প্রথম ম্যাচে মেসি ঠিক মেসিময় হয়ে উঠতে পারেনি। সৌদির হাই ডিফেন্স লাইন উড়তে থাকা মেসিদের একেবারে মাটিতে নামিয়ে দিল। শুধু কি মাটিতে নামানো ? না, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথের শেষ প্রান্তে পৌছে দিয়েছে মেসিদের। এমন ব্যালান্সড একটি দল কিভাবে দুর্বল একটি দলের কাছে একেবারে নাকানিচুবানি হল, তা মেনে নিতে পারেনি কেউ। মেসির নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠে। মেসি কি তাহলে দলকে উজ্জীবিত করতে পারছে না ? মেসি কি ম্যারাডোনা হতে পারবে না ? অনেক প্রশ্ন ঘুরপাক খায় সংবাদ মিডিয়ায়। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মেসি স্বমহিমায় ফিরে আসেন। দলও জয় পায়।

অনেক ফুটবল বোদ্ধারাই মেসিকে ম্যারাদোনার সাথে তুলনা করেন আবার অনেকে মেসিকে ম্যারাদোনার চাইতেও এগিয়ে রাখেন। আসলেই মেসি ম্যারাদোনার চাইতে এগিয়ে? উত্তর হবে – না। বিশ্বকাপের আসরের কথা যদি চিন্তে করেন তাহলে ম্যারাডোনা যোজন যোজন এগিয়ে মেসি থেকে। ১৯৮৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ৫ মিনিটের ঝড়েই ইংল্যান্ড নাস্তানাবুদ হয়েছিল। হ্যান্ড অব গড ও শতাব্দির সেরা গোলেই একাই ইংলিশদের বিদায় করেছিল ম্যারাদোনা। ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আসরের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল পেয়েছিলেন ম্যারাডোনা। ফুটবল বিশ্বে অমরত্বের স্বাদ পেয়েছিলেন এই ফুটবল জাদুকর।পরের বার ১৯৯০ সালেও ম্যারাডোনার জাদুতে ফাইনালে পৌছে আর্জেন্টিনারা। বির্তকিত পেনাল্টিতে শিরোপা জার্মানির ঘরে গেলেও ম্যারাডোনা চিরভাস্বর হয়ে উঠেন মানুষের মনে।অপরদিকে ২০১৪ সালে মেসির নেতৃত্বে ফাইনালে উঠে আর্জেন্টিনা। জার্মানির কাছেই স্বপ্নভঙ্গ হয় মেসির। ফাইনালে মেসিকে দেখা যায়নি মেসির স্বকীয়রুপে। পরেরবার তো হতাশা নিয়েই ফিরেছে মেসিরা ।আর এই জায়গায় মেসি থেকে ম্যারাডোনা এগিয়ে অনেকটাই।

বড় ম্যাচে ম্যারাডোনা একাই চুড়মাড় করে দিতে পারতেন বিপক্ষ দলকে। প্রতিকুল পরিবেশে ম্যারাডোনা আক্রমণাত্মক ভূমিকায় অবর্তীণ হতেন। কিন্তু বড় ম্যাচে মেসি অনেকটাই খেই হারিয়ে ফেলেন।মেসিসুলভ হয়ে উঠা সম্ভব হয় না। আজ গ্রুপের শেষ ম্যাচে মেসির সামনে সেই সুযোগ এসে দাড়িয়েছে, হয়তো আর্ন্তজাতিক পর্যায়ে বড় আসরে নিজের নেতৃত্বগুণ দেখানোর শেষ সুযোগ।দল এখন মেসি নির্ভর না হলেও মেসিকেই আজ সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। কারণ আজই মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের দিন অথবা বিশ্বকাপ রেসে টিকে থাকার শেষ সুযোগ। পারবে কি গ্রহের সেরা ফুটবলার মেসি আজ ম্যারাডোনা হতে ? ফাইনাল সমতুল্য ম্যাচে একটি জয় উপহার দিতে ? অনেক দামি এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আজ বিশ্বফুটবল । ফুটবল ঈশ্বর নিশ্চয়ই স্বর্গ থেকে দলের জয়ের প্রত্যাশায় প্রহর গুণছেন ।

সাংবাদিক নাজমুল সবুজ আর নেই

স্টাফ রিপোর্টার:

তরুণ উদীয়মান সাংবাদিক নাজমুল সবুজ আর নেই (ইন্না নিল্লাহে……রাজিউন) ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

নাজমুল সবুজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য  ছিলেন। এছাড়া খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে বণিকবার্তা ও মানবকণ্ঠ  পত্রিকায় কাজ করেছেন।

কুমিল্লার বরুড়া উপজেলার  আড্ডা ইউনিয়নের ছোট দুলালপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ্য হয়ে গেলেও তার শরীরে হৃদপিন্ড ক্ষতিগ্রস্ত হয়। যা কয়েক মাস আগে পরিলক্ষিত হয়।

তিতাসে দুই নারীর চুলাচুলিতে নারী ইউপি সদস্যসহ ৩ জন আহত

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে চুলাচুলির ঘটনা ঘটে। এতে ইউপি নারী সদস্যসহ তিন নারী আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ৮টায় উপজেলার বন্দরামপুর গ্রামের মোহর সরকার ধন মিয়ার বাড়িতে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক, আহত শামীমা আক্তার শেফালিকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন এবং জোসনা আক্তারকে (৪৫) তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দিয়েছেন। অপর আহত ফারজানা আক্তার (৩৩) প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি চলে যান।

এদিকে আহত শেফালির ভাসুর হালিম মিয়া বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী শামীমা আক্তার শেফালি তার ছেলে শাহাদত (৮) কে গ্রামের মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে আসার পথে প্রতিপক্ষ ধন মিয়ার বাড়ির সামনে এসে পৌছলে পূর্ব শত্রুতার জেরে আগে থেকে ওতপেতে থাকা ধন মিয়া, তার স্ত্রী জোসনা বেগম, ছেলে ফয়সাল ও মেয়ে ফারজানা মিলে আমার ছোট ভাইয়ের স্ত্রী শামীমা আক্তার শেফালিকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এখন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

অপরদিকে মোহর সরকার ধন মিয়া বলেন, আমার স্ত্রী জোসনা বেগম (৪৫) কড়িকান্দি ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের দুইবারের সংরক্ষিত সদস্য। আমার নাতি সাইফ (৮) ও শেফালির ছেলে শাহাদত (৮) একই মাদ্রাসায় পড়ে। তাদের দুজনের মধ্যে নাকি ঝগড়া হয়েছে, এই নিয়ে আমার স্ত্রী ও মেয়েকে শেফালি টর্চলাইট দিয়ে মাথায় আগাত করে রক্তাক্ত জখম করেছে। এসময় আমি ও আমার ছেলে বাড়িতে ছিলাম না।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মাসুদ করিম বলেন, সোমবার রাত আনুমানিক আটটায় মারামারি করে আহত তিন নারী চিকিৎসা নিতে আসলে শামীমা আক্তার নামের একজন উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে ও জোসনা বেগম নামের একজনকে এখানে ভর্তি দিয়েছি এবং ফারজানা নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুধীন চন্দ্র দাস বলেন, মারামারির ঘটনায় দু’পক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো।

চৌদ্দগ্রামে নির্মাণাধীন শিল্প প্রতিষ্ঠানে হামলা, দ্রুত বিচারে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে এ প্লাস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাসটেইনেবল অ্যাপারেলস লি: এর ভবনের নিমাণ কাজ বন্ধ করে তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইচা-পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। রাতেও আরেক দফা হামলা করে অফিসের ক্যামেরার ডিভিডি, নির্মানকাজের ২টি ভেকু মেশিন এবং অফিস কক্ষ ভাংচুর করে কোম্পানির কর্মরত লোকজনের মোবাইল ছিনতাই করে আবারো প্রতিষ্ঠানের দুইপাশের মুল ফটকে বড় ২টি তালা মারার ঘটেছে বলে জানিয়েছে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ৯৯৯এ কল পেয়ে এবং পরে অভিযোগের প্রেক্ষিতে একাধিকবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জ আবদুল জলিল বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরদিন মঙ্গলবার (২৭ নভেম্বর) ইনচার্জ আবদুল জলিল বাদী হয়ে দ্রুত বিচার আইনে আদালতে ছয়জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতানামা আরও ১০/১২জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

মামলায় আসামীরা হলো; উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের ছবুর মিয়ার ছেলে মামুন (৩৭), একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রাজু (৩৮), আশফালিয়া গ্রামের টুটুল (৩৫), কুলাসার গ্রামের নয়ন (৪০), সোনাইছা গ্রামের আবুল হাসেমের ছেলে কামাল (২৮), শিলরী গ্রামের তাহের পাটোয়ারীর ছেলে শুভ (২৭)।

লিখিত অভিযোগে এবং আদালতের মামলায় সিকিউরিটি ইনচার্জ উল্লেখ করেন, নির্মাণকাজ চলমান অবস্থায় উল্লেখিত আসামিরা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীদের নিকটে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল বেশ কয়েকদিন ধরে। বিবাদীগণ বিভিন্ন সময় কোম্পানির লোকজনকে হুমকি দিয়ে বলে, উল্লেখিত চাঁদা না দিলে যে কোন সময় নির্মাণকাজ বন্ধ করে দিবে। চাঁদা না দেয়ায় গত (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৩ টায় বিবাদীগণ আকস্মিকভাবে ঘটনাস্থলে এসে কোম্পানির দায়িত্বপালনরত লোকজনের অতর্কিত আক্রমণ করে। চাঁদাবাজরা কোম্পানির অফিস কক্ষে জোর পূর্বক প্রবেশ করে কোম্পানির একটি ডিভিডি নিয়ে যায়। বের হওয়ার সময় মুল ফটকে তালা মেরে দেয়। এঘটনায় আমরা ৯৯৯এ কল দিলে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করলে আমরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি।

কোম্পানির কর্মকর্তারা জানান, বিবাদীগণ গত সোমবার রাতে আবারো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় নির্মাণকাজে ব্যবহৃত ২টি ভেকু মেশিন, অফিস কক্ষ, কর্মচারীদের থাকার ঘর ভাংচুর করে। যাওয়ার সময় কোম্পানির দুই পাশের দুই ফটকে বড় দুইটি তালা মেরে দেয় এবং চাঁদা না দিয়ে তালা খুললে উপস্থিত কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, এ ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত ব্যবস্থা নেয়া হবে।

সদরের বড়জ্বালা এলাকায় দু:স্থ মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার;

বিজিবির উপ-শাখা সীপকস (সেক্টর), কুমিল্লার পক্ষ হতে তৃতীয় দফায় ত্রাণ হিসেবে  অসহায় -দু:স্থদের মাঝে আরো ২০০ টি কম্বল বিতরণ করা হয়।

২৯ নভেম্বর সকালে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ বড়জ্বালা এলাকার সীমান্তবর্তী দুঃস্থ মানুষের মাঝে ২০০ টি কম্বল বিতরণ করা হয়। এছাড়া গত ২৬ নভেম্বর কুমিল্লা সেক্টরের পশ্চিম পার্শ্বে অবস্থিত কালিবাজারে ২৫০টি ও গত ২৭ নভেম্বর  কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিবিরবাজার এলাকার সীমান্তবর্তী দুঃস্থ মানুষের মাঝে ২৫০টিসহ সর্বমোট ৭০০ টি কম্বল বিতরণ করা হয়।

এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ তানিয়া ইসলাম এবং ভারপ্রাপ্ত সমন্বয়কারী অফিসার।

জেলা তথ্য অফিসের উদ্যোগে লাকসামে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে লাকসাম উপজেলার নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৯ নভেম্বর অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।

সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, লাকসাম পৌরসভার ০১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

নতুন সড়কে তিন গ্রামের ৪ হাজার মানুষের মধ্যে বন্ধন

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের জরুন্ডা গ্রাম। প্রায় দেড় হাজার মানুষের বসবাসের ছোট ওই গ্রামের বাসিন্দাদের সাথে অন্যান্য গ্রামের বাসিন্দাদের যোগাযোগ নেই বললেই চলে। যাতায়াতের জন্য মাত্র একটি সড়ক থাকায় প্রতিবেশি গ্রামের বাসিন্দারা খুব বেশি প্রয়োজন না হলে যাওয়া হতো না জরুন্ডা গ্রামে।

ওই গ্রামটির পূর্ব, উত্তর ও পশ্চিম সীমানা ঘেঁসা কংগাই ও কেশেরা গ্রাম। কিন্তু যোগাযোগ সড়ক না থাকায় পাশের ওই দুই গ্রামের বাসিন্দাদের সাথে তাদের সম্পর্কের দূরত্ব অনেক বেশি।

সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের অনুরোধে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্দেশে সরকারি অর্থায়নে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নতুন সড়ক নির্মাণে তেমন কোন বরাদ্দ না থাকায় অতি দরিদ্রের কর্মসংস্থান প্রকল্পে ৪০ দিনের কর্মসূচীই এখন মূল ভরসা। শুরু হয়েছে কংগাই থেকে জরুন্ডা সড়ক নির্মাণ কাজ। প্রতিদিন ৩৮ জন শ্রমিক কাজ করছে ওই সড়ক নির্মাণে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চান্দিনা উপজেলার কুটুম্বপুর-কালিয়ারচর সড়কের কংগাই ফোটকাতলী বাজার সংলগ্ন এলাকা থেকে মাটি দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। এতে হাসি ফুটেছে জরুন্ডা ও কেশেরা গ্রামের অন্তত ৪ হাজার মানুষের।

ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম জানান, জরুন্ডা গ্রামের দক্ষিণ পাশে একটি মাত্র সড়ক। যে কারণে ওই গ্রামের শিক্ষার্থীরা কংগাই উচ্চ বিদ্যালয়সহ প্রধান সড়ক আসতে অন্তত ৩ কিলোমিটার ঘুরে আসতো হতো। এখন নতুন সড়ক নির্মাণ করা হলে জরুন্ডা ও কেশেরা গ্রামের শিক্ষার্থীরা খুব অল্প সময়ে যাতায়াত করতে পারবে। এছাড়া তিন গ্রামের মানুষ যে কোন সামাজিক কর্মকান্ডে খুব সহজেই যাতায়াত করতে পারবেন।

সোমবার (২৮ নভেম্বর) নির্মাণাধীন সড়কটি পরিদর্শণে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, ওয়ার্ড মেম্বার সহ তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস জানান, জনগণের দাবী বাস্তবায়ন করতে এমপি মহোদয়ের নির্দেশে ওই সড়কটি নির্মাণ হচ্ছে। এতে তিন গ্রামের মানুষের মাঝে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। চান্দিনা উপজেলায় ৪০ দিনের কর্মসূচীতে ৩১টি প্রকল্প রয়েছে। এর মধ্যে এই প্রকল্পটি অন্যতম। এখানে ৩৮জন শ্রমিক ৪০ দিনে নির্মাণ করবে ১ হাজার ৮শ ফুট নতুন সড়ক। এছাড়া পুরো উপজেলায় উন্নয়ন কাজে প্রতিদিন ১ হাজার ৯৯ শ্রমিক ৪শ টাকা পারিশ্রমিকে কর্মসূচীর কাজ চালিয়ে যাচ্ছে।

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দিকে উপজেলার জয়াগ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কসমেটিকস, ফার্নিচার, চা দোকান,মুদি দোকান,রড সিমেন্ট দোকনসহ ২০টি দোকান পুড়ে যায়।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু।

তবে সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন, ২নম্বর ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩নম্বর ওয়ার্ডে মো.সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মো.জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে এইচ এম শওকত রেজা চৌধুরী আরমান, ৬নম্বর ওয়ার্ডে মনজুরুল ইসলাম চৌধুরী মোহন ৭নম্বর ওয়ার্ডে মো.মনিরুজ্জামান মনির, ৮নম্বর ওয়ার্ডে মো.আতিক উল্যাহ সুজন। সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে ইসরাত জাহান, ২ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ইয়াসমিন আরা বেগম।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন ।

এ কারণে আজ শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার ১৩০৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হন। এছাড়া ১নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন সাধারণ সদস্য পদে বিনা প্রতিন্ধন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।