All posts by jitu

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমাতে আহ্বান জানালেন মমতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি বরাবরই টান রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিদের। প্রতি বছর ইলিশের মৌসুমে পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতার বাঙালিরা বাংলাদেশের ইলিশবাহী ট্রাকের প্রবেশের জন্য অপেক্ষা করে থাকেন।

কিন্তু এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্যে ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণাও দিয়েছেন।

বৃহস্পতিবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে দেওয়া বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন থেকে বাংলাদেশের ইলিশের ওপর থেকে আমাদের নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে নদী ও সমুদ্র থেকে খোকা ইলিশ (ইলিশের পোনা বা জাটকা) ধরা বন্ধ করতে হবে।’

সমুদ্রের বাসিন্দা ইলিশ প্রতি বছর বর্ষাকালে ডিম পাড়তে বঙ্গোপসাগরের সংলগ্ন বিভিন্ন নদীতে যায়। ডিমপাড়া শেষে আবার সমুদ্রে ফিরে আসে।

কয়েক বছর আগে বাংলাদেশের সরকার বছরের একটি নির্দিষ্ট ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে। যে সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি মা ইলিশের ডিম ছাড়ার চুড়ান্ত মৌসুম। নিষেধাজ্ঞা ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা— তা তদারকিতেও বাংলাদেশের সরকার ও প্রশাসন বেশ কঠোর।

বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও বঙ্গোপসাগরের উপকূল এবং সংলগ্ন যথেষ্টসংখ্যক নদী রয়েছে; সেসব নদীতে ডিম দিতে সাগর থেকে ইলিশও যায়; কিন্তু লাগামহীনভাবে মা ইলিশ ও জাটকা ধরার কারণে বাংলাদেশের ইলিশ উৎপাদনের ধারেকাছেও নেই পশ্চিমবঙ্গ।

ইতোমধ্যে জাটকা বা ইলিশের পোনা ধরা বন্ধে আইন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কিন্তু সেখানকার বাজারের ছবিতে সেই আইনের ছবি মেলে না। মাঝারি ও বড় ইলিশ বহুমূল্য হওয়ায় পশ্চিমবঙ্গের বাজারে দেদার বিক্রি হয় খোকা ইলিশ। দামে কম, আবার স্বাদেও প্রমাণ আকারের ইলিশের ছিটেফোঁটা পাওয়া যায়।

কিন্তু রাজ্যের বিভিন্ন জলাশয় থেকে যে ইলিশ হারিয়ে যাচ্ছে, তার প্রধান কারণ এই জাটকা আহরণ।

বৃহস্পতিবারের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেবল আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে সচেতন করতে হবে। আমরা চাইছি আমাদের খোকা ইলিশ ধরা বন্ধের অভিযানে মৎস্যজীবীরা এক হোন।’

‘তারা সচেতন হলে রাজ্যে খোকা ইলিশ ধরা বন্ধ হবে। ইলিশের বংশবৃদ্ধি, উৎপাদন বাড়বে এবং সেসঙ্গে কমবে মূল্যও।’

ইতোমধ্যে রাজ্যে ইলিশের উৎপাদন বাড়াতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে একটি গবেষণাগার স্থাপন করা হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে একটি গবেষণাকেন্দ্র তৈরি করেছি। সেখানে এই রাজ্যে আরও বেশি করে ইলিশ উৎপাদন নিয়ে গবেষণা করা হচ্ছে। এই গবেষণাকেন্দ্রে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা হচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এই রাজ্যে প্রচুর ইলিশ উৎপাদিত হয়, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া হচ্ছে।’

ইলিশের পাশপাশি অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে পশ্চিমবঙ্গে মাছ চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু ইলিশ নয়, আমাদের নদী ও জলাশয়ে অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের চাষ বাড়াতে হবে। এতে একদিকে রাজ্যে মাছের উৎপাদন বাড়বে, সেই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানও হবে।’

‘আমরা সবাই যদি সচেতন হই, তাহলে আমাদের আর ওপারের ইলিশের দিকে তাকিয়ে থাকতে হবে না।’

কুমিল্লার বইপোকা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও হুমায়ূন জন্মোৎসব ২০২২ উদযাপন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা অঞ্চলেই শুধু নয়, অনলাইনেও দেশব্যাপী পাঠকপ্রিয় বইপোকাদের সংগঠন কুমিল্লার বইপোকা। বই পড়ার প্রতি উৎসাহ প্রদানে কুমিল্লার বইপোকা বছরজুড়ে নানান আয়োজন বাস্তবায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও হুমায়ূন জন্মোৎসব ২০২২। উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ওবায়েদ হক, সাঈদ আজাদ, সাব্বির জাদিদ ও গল্পকার মেহেদী ধ্রুব।

এ উপলক্ষে অনলাইনে কুমিল্লার ঐতিহাসিক স্থাপনাসমূহ নিয়ে ফটোগ্রাফি, বুক রিভিউ, গল্পলেখা প্রতিযোগিতা এবং স্কুল-কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দূরদূরান্ত থেকে আসা অসংখ্য পাঠকের উপস্থিতিতে গত ১৯ নভেম্বর (শনিবার) দুপুর ২টা থেকে অনুষ্ঠানটি কুমিল্লা নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে উদযাপিত হয়।

কুমিল্লার বইপোকা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগমারা সরকারি উচ্চবিদ্যালয় ও রুপসী বাংলা কলেজে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ী ১০ জনের মাঝে উক্ত অনুষ্ঠানে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পাঠকদের অভিব্যক্তি প্রকাশ, আবৃত্তি, গান, অভিনয় ইত্যাদি মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপস্থিত শ্রোতারা উদযাপন করেন।

আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল বৃহত্তর কুমিল্লার জনপ্রিয় দৈনিক আজকের কুমিল্লা।

হুমায়ূন জন্মোৎসব ও কুমিল্লার বইপোকা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ২০২২ আয়োজনটি সফলভাবে বাস্তবায়নে ছিলেন কুমিল্লার বইপোকার সদস্যবৃন্দ। যাদের আন্তরিক, প্রাণোচ্ছল ভলান্টিয়ারিং কার্যক্রমের মাধ্যমে এবং পাঠকদের স্বতঃস্ফূর্ততায় এগিয়ে যাচ্ছে কুমিল্লার বইপোকা।

ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপ শুরু সুইজারল্যান্ডের

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে সুইজারল্যান্ড।

তবে সুইজারল্যান্ড–ক্যামেরুন ম্যাচটি ব্রিল এমবোলোর জন্য একটু অন্যরকমই ছিল। সুইজারল্যান্ডের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে যে খেলতে হয়েছে তার জন্মভূমির বিপক্ষে।

শুধু যে খেলতেই হয়েছে, তা নয়। আজ ক্যামেরুনের বিপক্ষে সুইজারল্যান্ডের জয়ের নায়কও এমবোলোই। নিজ দেশের খেলোয়াড়ের একমাত্র গোলেই ক্যামেরুন ১–০ গোলে হেরে গেল।

১৯৯৭ সালে ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে জন্ম এমবোলোর। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সেখান থেকে ৫ বছর বয়সি ছেলে এমবোলোকে নিয়ে ফ্রান্সে পাড়ি জমায় তার মা। পৃথিবীর অন্যতম জাঁকজমকপূর্ণ দেশটিতেও থিতু হতে পারেননি এমবোলোর মা। পরের বছরই এমবোলোদের ঠাঁই হয় সুইজারল্যান্ড। বাসেলে বসতি গাড়েন এমবোলোর মা। সেখানেই ফুটবলে হাতে খড়ি এমবোলোর।

২০১৪ সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান এমবোলো। এবার তাকে এবং তার মাকে ঠাঁই দেওয়া সেই দলকে ফুটবল মহাযজ্ঞে জয় এনে দিতে এমবোলো হৃদয় ভাঙলেন নিজের জন্মভূমির লাখ লাখ মানুষের!

কুমিল্লার মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৭

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত হয়েছেন।

এ ঘটনায় বুধবার থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কফিলদ্দিনের ছেলে বিএনপি নেতা কবির মেম্বার ও ধনু মিয়ার ছেলে আব্দুল গফুর গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং হামলা ও পালটা হামলায় নারীসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের আক্রমণের শিকার হয় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় চন্দনপুর বাজার এলাকায় বাড়তি নজরদারির জন্য পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে শিবনগর গ্রাম।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

চাঁদপুরের চরপাথালিয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর

 

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের  মতলব উত্তর উপজেলার  চরপাথালিয়া-২ আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে  নির্মিত ৩৬টি  পাকা ব্যারাক হাউজের  চাবি হস্তান্তর করা হয়েছে। যেখানে ১৮০টি পরিবার বসবাস করতে পারবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলায় চরপাথালিয়া  এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খানের কাছে প্রকল্পের চাবি হস্তান্তর করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্ত  ৩৩ আর্টিলারি ব্রিগেডের ৪১ মিডিয়াম রেজিমেন্টের  মেজর মো. তাহমিনুল হাসান। এ সময় ক্যাপ্টেন এস এম শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন।

এই প্রকল্পে ১৮০টি পরিবারের জন্য ৩৬টি পাকাঘর, ৭২টি শৌচাগার, ৩৬ টি নলকূপ ও ৩৬ টি গোসলখানা রয়েছে। প্রতিটি ব্যারাক হাউজের দৈর্ঘ্য ৪৭ ফুট এবং প্রস্থ ৩০.৮ ফুট।

চলতি বছরের ১০ এপ্রিল এ প্রকল্পের নিমার্ণকাজ শুরু হয়। ২০ নভেম্বর প্রকল্পটি শেষ হয়।

অপু-বুবলী দুজনেই আমার অতীত, তাদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার নয়: শাকিব খান

 

বিনোদন ডেস্কঃ

হিরের নাকফুল আর পুরনো একটি ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বাগযুদ্ধে মেতেছেন ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাকবিতণ্ডা দেখে অনেকে মন্তব্য করছেন ‘দুই সতীনের চুলোচুলি’।

এ বিষয়ে এতোদিন মুখে কুলুব এঁটে বসেছিলেন চিত্রনায়ক শাকিব খান। যিনি এই দুই নায়িকাকেই বিয়ে করেছেন।

শাকিব বলেন, ‘একটা কথা নিশ্চিত করে বলতে চাই- অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থাতেই আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।’

অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে, এ খবর সবাই জানেন। তবে বুবলীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে কেউ নিশ্চিত হতে পারছিলেন না।

শাকিব খান বলেন, ‘চলচ্চিত্রাঙ্গনে আমার অগ্রজ একজন জনপ্রিয় নায়ক, আমার প্রথম সংসারের সময়ই বলেছিলেন— আমাদের দেশে এ অঙ্গনের দুজনের মধ্যে সংসার করাটা বেশ ডিফিকাল্ট। তার পরও একটা কথা বলতে চাই— মানুষ সম্পর্ক করে সম্পর্কটা টিকিয়ে রাখতে। সংসার ভাঙার জন্য কেউ-ই সম্পর্ক করে না। আমিও তেমনটিই ভেবে করেছি। কিন্তু সম্পর্কটা করতে গিয়ে একটা সময় দেখলাম, তা আর হেলদি জায়গায় নেই। চেষ্টা করেছিলাম, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো।’

এদিকে শোনা যাচ্ছে, অপু বিশ্বাসের সঙ্গে আপনার এখন ভালো যোগাযোগ। আপনার বাসায়ও তার নিয়মিত যাতায়াত। তার মানে কি আবার আপনারা এক হচ্ছেন— এমন প্রশ্নে শাকিব খান জানান, এমন সম্ভাবনা একেবারেই নেই।

অপুর সাবেক স্বামী বলেন, ‘আব্রাম খান জয়ের বাবা যেমন আমি শাকিব খান, তেমনি মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়। জয় মাঝেমধ্যে আমার সঙ্গে থাকে। ওর দাদা-দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট, একা আসতে পারে না, তাই জয়কে আনার সুবাদে তার মা আসে। কিন্তু আমাদের মধ্যে সন্তানের বিষয়ের বাইরে আর কোনো কথা হয় না। জয়ের স্কুলেও যাওয়া হয় মাঝেমধ্যে, সেখানেও দেখা হয় আমাদের।’

ছোট ছেলে শেহজাদ খান বীর প্রসঙ্গে শাকিব বলেন, ‘শেহজাদ খান বীরের সঙ্গেও আমার দেখা হবে। সে আমার সঙ্গে থাকবে। এখন সে অনেক ছোট, তাই আলাদা করে আমার কাছে রাখতে পারি না। তবে শিগগিরই তারও আসা-যাওয়া হবে আমার বাড়িতে। দাদা-দাদি, ফুফা-ফুফুর আদর পাবে। শেহজাদ যখন স্কুলে যাওয়া শুরু করবে, তখন তার মায়ের সঙ্গেও আমার দেখা হবে— এটি খুবই স্বাভাবিক।

কুবি সাংবাদিক সমিতির কমিটি গঠন: সভাপতি মাহি, সম্পাদক আকাশ

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহা. মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ ইউসুফ আকাশ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।

এর আগে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

৯ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক আজকালের খবরের মীর শাহাদাত হোসেন (সহ-সভাপতি), দৈনিক ইত্তেফাকের জান্নাতুল ফেরদৌস (যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক যায়যায়দিনের ইকবাল মনোয়ার (অর্থ-সম্পাদক), মানবকন্ঠের জুবায়ের রহমান (দপ্তর সম্পাদক), দৈনিক কুমিল্লার কাগজের সাঈদ হাসান (তথ্য ও পাঠাগার সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্য পদে জাগো নিউজ টুয়েন্টি ফোরের মোহাম্মদ শাহীন আলম ও বায়ান্ন টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩-এর নির্বাচন কমিশনার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমিতির সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নবনির্বাচিত এ কমিটি সমিতির অষ্টম কার্যনির্বাহী পরিষদ। বর্তমান কমিটির দায়িত্ব হস্তান্তরের পর থেকে নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের আয়োজনে নবীনবরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মোঃ ফজলুল হক রাফি ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: শাহজাহান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা: হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংগঠনের সদস্যবৃন্দ।

অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে উত্তরবঙ্গের এতো ছাত্রছাত্রী, ও শিক্ষকদের দেখে ভালো লাগছে। আমি সংশ্লীষ্টদের অনুরোধ করবো এখানে একটা এ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠা করার জন্য। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা যোগ্য হতে পারলে পুরো বিশ্বে নিজেদের পরিচিত করতে পারবেন। যার যেটা ভালো সেটা গ্রহণ করবো এবং যেটা খারাপ সেটা বর্জন করবো। তাহলে আপনার যে চাহিদা তা পূরণ করতে পারবেন। আর দৃষ্টিভঙ্গি রাখতে হবে বড়। এখানে নিজেদের দক্ষ ও যোগ্য করার জন্য দক্ষ ক্যারিয়ার সেন্টার জরুরী। শুরু থেকেই আপনার লক্ষ্য ঠিক করতে হবে। আমরা উত্তরবঙ্গে আছি বলে হতাশ হওয়ার কিছু নেই আমাদের উঠে আসতে হবে।

মোঃ শাহজাহান বলেন, এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। এখানে এমন একটা সংগঠন আছে আমার জানা ছিল না। এই সংগঠনের গুরুত্ব আমরা জানি। সংগঠনের চর্চা লিডারশীপ কোয়লিটি ডেভেলপ করে। পাশাপাশি ভর্তি, হলে সিট পাওয়া এসবের জন্য আঞ্চলিক সংগঠন জরুরী। বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তার জায়গা। সেই মুক্ত পরিবেশটা নিশ্চিত করা জরুরী এবং এখানে ছাত্রদের নেতৃত্ব দিতে হবে।

উল্লেখ্য, এরপর সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।