All posts by jitu

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশির উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধরা অভিযুক্ত আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ি দু’টি জ্বালিয়ে দেয়।

নিহত বশির চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির এর পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর পাল্টা হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। এ সময় হামলকারীরা বশির এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বশির এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের দুইটি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২১ শে এপ্রিল রাতে বৈদ্দেরখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বশির উদ্দিন ও আবু রশিদ আহত হওয়ার ঘটনায় উভয় পরিবার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে। মঙ্গলবার দিবাগত রাতে বশির এর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। এই সময় বিক্ষুব্ধ জনতা আবু রশিদ এর দুইটি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

নিহত বশির এর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বশির পেশায় নির্মাণ শ্রমিক। ২১ শে এপ্রিল সংঘর্ষের সংবাদ শুনে তিনি উভয়পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু আবু রশিদ এর পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কোপানো ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে বশির এর মাথায় জটিল অপারেশন করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে বশির সেখানে মৃত্যুবরণ করেন। বশির ৩ সন্তানের জনক।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, মাদকের ক্রয়-বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে ২১ এপ্রিল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশ কয়েকটি সিন্ডিকেট এই এলাকাটি ব্যবহার করে মাদক কেনাবেচা সহ সরবরাহ করে আসছে। নাদির ও আবু রশিদ এর পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। নিহত বশিরকে মাদক ব্যবসায়ীদের বলি হতে হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ২১ এপ্রিল বৈদ্দেরখিল এলাকায় ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পরিবারই থানায় পৃথক ২টি মামলা করে। বিভিন্ন মাধ্যমে শুনেছি ওই ঘটনায় আহত হওয়ায় বশির নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা আবু রশিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কচুয়ায় ত্রিমুখী সংঘর্ষে কুমিল্লার ছেলে নিহত

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কে মাইক্রোবাস ও পিকআপের চাপায় ইব্রাহিম হোসেন সাগর (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদাত হোসেন (২৯) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলার ডুমুরিয়া এলাকার ব্রিজসংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন সাগর কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা (আড়াইউরা) গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

এ ছাড়া তার নানার বাড়ি কচুয়া পৌরসভার কড়ইয়া গাজী বাড়ির আব্দুল খলিলের পরিবারে। আহত শাহাদাত হোসেন কচুয়া উপজেলার করইশ গ্রামের কালা গাজী প্রধানীয়া বাড়ির মিজানুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ বেপরোয়া গতিতে কচুয়ার দিকে আসছিল।

ডুমুরিয়া এলাকায় ব্রিজ সংলগ্ন স্থানে এসে গাড়ি দুটি একে অপরকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন সাগরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

জানা যায়, সাগর তার মামার ‘সুরমা’ গাড়িতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাস ও পিকআপ জব্দ করেছে। মরদেহ থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মেঘনায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও একটি সিসি ক্যামেরাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যায়। সোমবার বিকেলে মানিকারচর ইউনিয়নের শিখিরগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রতনপুর গ্রামের শাহ আলমের ছেলে আরিফ হোসেন (৩৪) এবং শিখিরগাঁও গ্রামের সুন্দর আলীর মেয়ে রিনা আক্তার, (৪০)

পুলিশ জানায়, সোমবার সড়কের ওপর মাদক কেনা-বেচা চলছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তল্লাশি করে আরিফ হোসেনের সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নারী এসআই জেসমিন আক্তার ও উপস্থিত সাক্ষীদের সামনে একটি সিসি ক্যামেরাসহ ইয়াবাগুলো জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করে এবং মোহাম্মদ আলী (৩৪) একজন পালিয়ে যান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে এসআই আলী হোসেন বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা করেছেন।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, অপরাধীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

মুরাদনগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারীতে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পান্তি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ওই এলাকার মৃত আব্দুল মালেকের স্ত্রী শাহিদা আক্তার (৪২) ও মৃত শাহ জালালের ছেলে মো. রাশেদ (৩৫)।

পুলিশ জানিয়েছে, ওসির নির্দেশনায় মুরাদনগর থানার এসআই মো. মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পান্তি গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী সাহিদা আক্তার ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। মুরাদনগরকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

কুমিল্লায় বৃষ্টির পানিতে ডুবেছে রাস্তা, দুর্ভোগ নিয়েই চলাচল স্থানীয়দের

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বৃষ্টিতে ডুবে গেছে। এই দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। আজ মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার প্রধান সড়কে, জেলা জজ আদালতের সামনের রাস্তায়, ঝাউতলা সড়কে ও টমছমব্রিজ এলাকার নিউ হোস্টেল সংলগ্ন রাস্তা সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে।

জলমগ্ন সড়কে চরম দুর্ভোগ সয়েই গন্তব্যে ছুটতে দেখা যায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে আমরা ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করেছি। যেখানে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দাউদকান্দিতে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ৪

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকাল তিনটায় উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামে এঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুগুলিয়া গ্রামের হাজী জৈয়নুদ্দিন ওয়াকফ এস্টেটের মারকাজ মসজিদ ও মক্তবের কমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। দুই পক্ষের দ্বন্ধে একমাস যাবৎ মসজিদ তালাবদ্ধ। কয়েকদিন আগে হুগুলিয়া গ্রামের লোকজন মোতয়াল্লী শাখাওয়াত ও মোস্তফার হাত থেকে মসজিদ রক্ষার দাবীতে মানববন্ধন করেছেন। আজ সোমবার শাখাওয়াত ও মোস্তফা তাদের লোকজন নিয়ে মসজিদের দখল নিতে গেলে গ্রামবাসীর সাথে মারামারির ঘটনা ঘটে। এতে হুগুলিয়া গ্রামের হাসান আহমেদ, মুজিবুর রহমান, মিজানুর রহমান ও সেলিনা আক্তার নামে এক নারী আহত হয়েছেন।

হুগুলিয়া গ্রামের মনির হোসেন, হুমায়ুন কবির ও খলিল মিয়া জানান, একশো বছর আগে আমাদের গ্রামের হাজী জৈয়নুদ্দিন তার নিজের নামে ওয়াকফ এস্টেট, মসজিদ এবং মাদ্রাসার জন্য ১২ কানি(তিন একর) জমি দান করে গেছেন। দানকৃত দলিলে উল্লেখ করা আছে সমাজের ১২ জন মাতব্বর এবং তাদের মধ্যে একজন পরহেজগার আলেমকে মোতাওয়াল্লি করে কমিটি হবে। সেই মতে গ্রামের মুফতি ফজলুল হক আমিনীকে মোতাওয়াল্লি করা হয়েছিল। ২০১২ সালে তিনি মারা যান।

এরপর উনার মেয়ের জামাই শাখাওয়াত পরিচালনা শুরু করেন। কিছু দিন আগে গ্রামবাসীকে না জানিয়ে অন্য উপজেলার লোকজনসহ শাখাওয়াত নিজেকে মোতয়াল্লী করে কুমিল্লায় কমিটি জমা দেয়। গ্রামবাসী একমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশও করেছে। শাখাওয়াত অন্য উপজেলার, সে আমাদের গ্রামের জামাই, আজ বহিরাগত লোক নিয়ে মসজিদ দখল করতে আসলে গ্রামবাসী বাধা দিলে আমাদের হামলা চালায়।

এবিষয়ে মুঠোফোনে মুফতি শাখাওয়াত হোসেন বলেন, আমি সকাল থেকেই ঢাকায় আছি। মসজিদের কমিটি নিয়ে মারামারির ঘটনার কিছুই জানি না। আর ওয়াকফ এস্টেটের কমিটি গোপনে করার কোন সুযোগ নেই। মুলতঃ মারকাজ মসজিদটি তাবলীগ জামাতের দুই গ্রুপের পুর্বের দ্বন্দ্বের ধারাবাহিকতায় আজ গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলছে। বিষয়টি খুবই দুঃখজনক।

দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারি বলেন, মারকাজ মসজিদ নিয়ে দ্বন্দ্বে আজ দুইপক্ষের লোকজন উত্তেজিত অবস্থানে ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আর তাদের দ্বন্দে মারকাজ মসজিদটি একমাস যাবৎ বন্ধ। যা শুনেছি দীর্ঘদিন দুইপক্ষের দ্বন্দ্ব চলছে।

গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। জানালেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে জানান।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন এবং মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমেন সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ ২৭ এপ্রিল মন্ত্রণালয়ের অফিস কক্ষে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্ক ও মালয়েশিয়ার সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বৈঠককালে তুরস্কের রাষ্ট্রদূত দু’দেশের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের শিক্ষা, ব্যবসা সহ বিভিন্ন বিষয়ে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ক্ষেত্র আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে। তুরস্ক দুই দেশের বিদ্যমান ব্যবসার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারণ করতে ইচ্ছুক।

এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, সরকার গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে উক্ত দেশ গুলোর সমন্বিত কার্যক্রম এগিয়ে গেলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে বাংলাদেশ,তুরস্ক ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে মন্ত্রীর দ্বিতীয় সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে মালয়েশিয়া সারাবিশ্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তাদের এই অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগানোর সুযোগ রয়েছে।

মালয়েশিয়ার হাইকমিশনার দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

দেবিদ্বারে বৈষম্যবিরোধীর লোক দাবি করে কলেজে হামলা

দেবিদ্বার প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কুমিল্লার দেবিদ্বারের দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজে মব সৃষ্টি করে শিক্ষার্থী ও স্থানীয়দের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত à