All posts by jitu

অপারেশন থিয়েটার থেকে নবজাতক চুরির অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে জমজ শিশু জন্মের পর অপারেশন থিয়েটার থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে।

রোববার (৬ নভেম্বর ) সকাল ৮টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড টমাস সেন্টারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিপুলাসার গ্রামের গৃহবধূ তানিয়া আক্তারের (২২) প্রসব বেদনা নিয়ে সোনাইমুড়ী উপজেলার গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড টমাস সেন্টারে ভর্তি করা হয়। ওই গৃহবধূকে গর্ভবতী হওয়ার পর সাত মাসের সময় আল্টাসনোগ্রাফি করা হয়। এতে তার গর্ভে দুটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে ৮ মাসের সময় পুনরায় আল্টাসনোগ্রাফি করালে একটি ছেলে ও একটি মেয়ে শিশুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দু’জন নবজাতকের জন্য দুই ব্যাগ রক্ত আনতে প্রসূতির স্বামীকে বাহিরে পাঠান। তিনি বাহির থেকে দুজন নবজাতকের জন্য রক্ত ও জামা কাপড় নিয়ে এসে দেখেন তাদের শুধু মেয়ে নবজাতক দেওয়া হয়েছে।

প্রসূতির স্বামী সামছুল আলমের অভিযোগ, অপারেশন থিয়েটার থেকে জমজ ছেলে শিশুটিকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আমি আমার বাচ্চা ফিরত চাই। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান।

গ্রীন লাইফ হসপিটাল অ্যান্ড টমাস সেন্টারে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবীবা,নবজাতক চুরির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আল্টাসনোগ্রাফির রিপোর্ট ভুল হওয়ায় এ ভুল বুঝাবুঝি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন,আল্টাসনোগ্রাফির রিপোর্ট নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখেছে। আসলে নবজাতক চুরির ঘটনা ঘটেনি।

কুমিল্লার নাজিরা বাজার থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় গাঁজাসহ মোঃ সুমন (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ রে সদস্যরা।

সোমবার (৭ নভেম্বর) সকালে নাজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ তাকে আটক করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার টিক্কারচর এলাকার নূর আলমের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সদর দক্ষিণে  ৫  ইউপিতে ৩৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ ২৮৪ জনের মনোনয়নপত্র বৈধ

সালাহউদ্দিন সোহেল:

কুমিল্লা সদর দক্ষিণ  উপজেলার  ৫  ইউপি নির্বাচনে ৩৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ ২৮৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে ৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী পদে ৩৬ জন,সাধারণ সদস্য  পদে ২০৬, সংরক্ষিত(মহিলা) পদে ৪৩ জনসহ মোট ২৮৫ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কুবিতে আবাসিক হলের ডাইনিং বন্ধ: ভোগান্তিতে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের ডাইনিং একমাসের মত বন্ধ হয়ে আছে। ডাইনিং বন্ধ থাকায় চরম ভোগান্তিতে দিনপার করছে দুই হলে অবস্থানরত প্রায় ৪০০ জন শিক্ষার্থী। হলে খাবার না থাকায় বাইরের বিভিন্ন নিম্নমানের হোটেলে চড়া দামে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায় ডাইনিং পরিচালনায় পরিচালকরা দক্ষ না হওয়া ও হলের ডাইনিং পরিচালনায় ভর্তুকি না থাকায় বন্ধ রয়েছে এই দুই হলের ডাইনিং। প্রতিবছর হলগুলো পরিচালনায় বিদ্যুত, পানি, গ্যাস এবং কর্মচারীদের বেতন বিশ্ববিদ্যালয় বহন করলেও দীর্ঘদিন ধরে ডাইনিং বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা।

এই ব্যাপারে নজরুল হলের আবাসিক শিক্ষার্থী মো: হাসিব হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, হলে যে টাকা দিয়ে যে খাবার খাই, সেই খাবার বাইরে খেতে গেলে তার চেয়ে বেশি টাকা লাগে, তার জন্য মাস শেষে অনাকাঙ্খিত একটা বাজেট চলে আসে। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন অতিদ্রুত ডাইনিং গুলো চালু করে দেয়।

দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ইমন শাহরিয়ার বলেন, বাইরে ভালো মানের খাবার পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটার দাম অনেক বেশি। তাছাড়া আমাদের অনেকটুকু পথ হেটে গিয়ে খাবার খেতে হয় এতে আমাদের সময়ের অপচয় হয়। যদি ডাইনিং চালু থাকতো তাহলে আমাদের সময় বাঁচতো।

ডাইনিং বন্ধ থাকার ব্যাপারে জানতে চাইলে দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হলের প্রায় প্রায় বেশিরভাগ ছাত্র ডাইনিং চললেও বাইরে খাওয়া দাওয়া করে। যেহেতু অল্প কয়েকজন ছাত্র ডাইনিংয়ে খাওয়া দাওয়া সেহেতু অল্প কয়েকজন ছাত্রের জন্য ডাইনিং চালু রাখা কঠিন। আগামীকাল এই বিষয়ে আমরা মিটিং করবো। ছাত্রদের কাছে জানতে চাইবো কেন তারা বাইরে খায় এবং এর সমাধান করার চেষ্টা করবো।

একই ব্যাপারে নজরুল হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, হলের ডাইনিংয়ে খুব কম শিক্ষার্থী খাওয়া দাওয়া করে। হলের যে ম্যানেজার তার পক্ষে ডাইনিং চালানো কষ্টকর হয়ে পরে। আমি আবার উদ্যোগ নিয়েছি । আশা করি আগামী সপ্তাহ থেকে আবার চালু হবে।

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা-মেয়ে, ইচ্ছা বিশ্ববিদ্যালয়ে পড়ার

 

ডেস্ক রিপোর্টঃ

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের পর এবার মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নীলফামারীর ডিমলার মারুফা আকতার। মেয়ে শাহী সিদ্দিকা বিজ্ঞান বিভাগ থেকে এবং মারুফা আকতার একই কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় বসেছেন।

মা ও মেয়ে দুজন ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়ে মেয়ের চেয়ে ভালো ফলাফল করেন মারুফা আকতার। তিনি এসএসসিতে জিপিএ-৪.৬০ পেয়ে উত্তীর্ণ হন এবং তার মেয়ে শাহী সিদ্দিকা পেয়েছিলেন জিপিএ-৩।

পরিবার সূত্রে জানা যায়, মারুফা আক্তারের বাবার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা গ্রামে। বিয়ে হয় একই উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পুন্যারঝার গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে। সাইদুল ইসলাম পেশায় একজন মাছ ব্যবসায়ী। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী মেয়ে শাহী সিদ্দিকা বড়। দ্বিতীয় ছেলে দশম শ্রেণিতে, তৃতীয় মেয়ে অষ্টম শ্রেণিতে এবং ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

২০০৩ সালে দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় মারুফা আক্তারের। এরপর থেমে যায় তার লেখাপড়া। পরপর চার ছেলেমেয়েকে মানুষ করতে কেটে যায় ১৫ বছর। তবে লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা তার রয়েই যায়। সেটিরই প্রতিফলন হিসেবে নিজের সুপ্ত ইচ্ছাশক্তির জোরে নিজের মেয়ের সঙ্গে সম্পন্ন করেছেন মাধ্যমিক। এবার বসেছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়।

নতুন করে পড়াশোনা শুরুর বিষয়ে জানতে চাইলে মারুফা আক্তার জানান, নিজের ইচ্ছা ও স্বামী-সন্তানদের অনুপ্রেরণায় নবম শ্রেণি থেকে আবার পড়াশোনা শুরু করেন তিনি। ভর্তি হন ছোটখাতা ফাজিল মাদ্রাসায়। সেই সময় তার মেয়েও নবম শ্রেণির শিক্ষার্থী। এরপর ২০২০ সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন তিনি।

মারুফা আকতার বলেন, সমাজের আর দশটা মানুষের মতো আমিও একজন শিক্ষিত মানুষ হিসেবে যাতে নিজের পরিচয় দিতে পারি, সেজন্য কষ্ট করে পড়াশোনা আবার শুরু করেছি। ইচ্ছা আছে এইচএসসি পাস করে দেশের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।

এ বিষয়ে মারুফা আক্তারের স্বামী সাইদুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীর ইচ্ছার মর্যাদা দিয়েছি। সে যতদূর পড়াশোনা করতে পারে, আমি চালিয়ে যেতে সহযোগিতা করব।

সদর দক্ষিণে ইউপি নির্বাচন: নৌকার বিদ্রোহী প্রার্থীদেরকে কঠোর হুশিয়ারি

সালাহ উদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দঃ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ আগামী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হবে।

সদর দক্ষিণে চেয়ারম্যান পদে  ৫ ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মনোনয়ন দেওয়ার পর মাঠে রয়েছে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী।

এ বিষয়ে সদর দঃ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম সাংবাদিকদের বলেন,  মাননীয় অর্থ মন্ত্রী আ হ ম লোটাস কামাল এর নির্দেশে কাউন্সিলিং এর মাধ্যমে সদর দঃ এর ৫টি ইউনিয়নের মধ্যে বিজয়পুর ইউপিতে তানভির হোসেন পারভেজ,বারপাড়া ইউপিতে সেলিম আহমেদ,চৌয়ারা ইউপিতে হাজী আবুল কালাম আজাদ সোহাগ, পূর্ব জোড়কানন ইউপিতে মমতাজ উদ্দিন এবং পশ্চিম জোড়কানন ইউপিতে হাসমত উল্লা হাসুকে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। দলীয় সকল নেতা কর্মীদেরকে নৌকা সমর্থিত প্রার্থিকে বিজয়ী করার জন্য সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগের অন্যান্য যে সকল নেতা বা কর্মীরা গঠনতন্ত্র ও দলীয় নির্দেশনা লংঘন করে  বিদ্রোহী হয়ে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

কাতারে প্রবাসী সাংবাদিকের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

কাতার প্রবাসী সাংবাদিক ও জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেছে কাতারে বাংলাদেশি গণমাধ্যম কর্মীবৃন্দ।

স্থানীয় সময় শুক্রবার দোহা নিউ জামান রেস্টুরেন্টে এ শোক সভা ও দোয়া মাহফিল হয়।

কাতার প্রবাসী সাংবাদিক এম এ সালাম এর সভাপতিত্বে ও সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর পরিচালনায়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন মাহমুদুল হাসান।

শোক সভায় বক্তব্য রাখেন, এন টিভি কাতার প্রতিনিধি অধ্যাপক আমিনুল হক কাজল, একাত্তর টিভি কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারী, বাংলাভিশন টেলিভিশন কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, সময় টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, ডিবিসি টিভি কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী, যমুনা টিভি কাতার প্রতিনিধি আবু হানিফ রানা, গীতিকার জসীম উদ্দিন আকাশ, কমিউনিটি নেতা কমরেড ইসমাইল হোসেন, শাহ আলম খান, আব্দুল জলিল, বদরুল আলম, কাজী আশরাফ হোসাইন, রহিম পারভেজ প্রমুখ।

শোক সভায় আরও উপস্থিত ছিলেন, এস এ টিভি কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজীব, পল্লী টিভি কাতার প্রতিনিধি মোশারফ হোসেন জনী, দৈনিক লাখো কন্ঠ পত্রিকা কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল, শাহারা টিভি কাতার প্রতিনিধি নুরে আলম জাহাঙ্গীর, নিউজ ফেস বিডি টিভি কাতার প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, কমিউনিটি নেতা আতিকুল মাওলা মিঠু, মিজানুর রহমান মিন্টু, আজাদ চৌধুরী, সেলিম সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ নুর।

উল্লেখ্য ২৯ অক্টোবর বাংলাদেশের সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জয়চন্ডী ইউনিয়নের গিয়াস নগরের নিজ বাড়ীতে কাতার প্রবাসী সাংবাদিক এম এ সালাম এর মমতাময়ী মা ইন্তেকাল করেন।

চৌদ্দগ্রামে মাদকসহ ইউপি মেম্বার খোকন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আরিফুর রহমান খোকনসহ দুইজনকে মোটর সাইকেল বোঝাই মাদকসহ আটক করেছে র‌্যাব।

খোকন ওই ইউনিয়নের গাংরা গ্রামের আবদুল মালেকের পুত্র। মাদক আইনে মামলা শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের ডিএডি কফিল উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মোটর সাইকেল বোঝাই করে দুইজন যুবক মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনের সামনে উপস্থিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরিফুর রহমান খোকন ও তার সহযোগী মোঃ রাসেল মোটর সাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয়। পরে তাদের হেফজাতে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ৮৭ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশী মদ ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে, জগন্নাথদীঘি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সচেতন ব্যক্তিরা বলেন, ইউপি মেম্বার আরিফুর রহমান খোকন জনপ্রতিনিধিত্বের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এমন মেম্বার দিয়ে সাধারণ মানুষের কি উপকার হবে? মাদক ব্যবসার সাথে জড়িত মেম্বার খোকনের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের প্রতি জোরদাবি জানান তারা।

র‌্যাবের ডিএডি কফিল উদ্দিন রোববার বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুর রহমান খোকন ও তার সহযোগী মোঃ রাসেল দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনী ও চট্টগ্রামসহ  পাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে খেলার ছলে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে আদিবা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আদিবা উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজীগ্রামের ডাক্তার বাড়ীর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মাইন উদ্দীনের ছোট মেয়ে।

রোববার বাদ মাগরিব মরহুমার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, রোববার (৬ নভেম্বর) দুপুরে বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলছিলো আদিবা। খেলার ছলে পুকুর পাড়ে গেলে এক পর্যায়ে সে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়৷ পরে আদিবাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু আদিবার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কুমিল্লায় প্রবাসী কর্মীর ৯০ জন প্রতিবন্ধী সন্তানের মাঝে ভাতার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রদেয় কুমিল্লা জেলার প্রবাসী কর্মীর ৯০ জন প্রতিবন্ধী সন্তানদের মধ্যে ভাতার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর ) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান।  সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক  মোহাম্মদ কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে শোয়াইব আহমাদ খান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে গত বছর থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা প্রদান করা হচ্ছে। প্রতি প্রতিবন্ধী সন্তান মাসিক ১০০০ টাকা করে ৫ বছর ধরে মোট ৬০,০০০ টাকা ভাতা পাবেন। তিনি জানান, বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক (গত বছর ৫৮, এ বছর ৪৩) ভাতা কুমিল্লা জেলায় প্রদান করা হচ্ছে। ১২ মাসের ভাতা এক সঙ্গে করে জনপ্রতি ১২ হাজার টাকার চেক প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।