All posts by jitu

মুরাদনগরে বিদ্যালয়ে হাজির না থাকায় চার শিক্ষককে বদলীর নির্দেশ

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে অনলাইন পরিদর্শনকালে চার জন শিক্ষককে যথাসময়ে বিদ্যালয়ে হাজির না থাকা এবং দায়িত্ব অবহেলার দায়ে প্রশাসনিক বদলী ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ও উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন এই নির্দেশ প্রদান করেন। শিক্ষকরা হলেন গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার খানম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রেহেনা আক্তার, মোসাম্মৎ ফেরদৌসি বেগম ও আলেকজান্ডার। রবিবার বিকেলে এই অনলাইন পরিদর্শনের কপি উপজেলা শিক্ষা অফিসে পৌছায় বলে নিশ্চিত করেছে কয়েকটি বিশস্তসুত্র।

জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাজিরা যাচাই ও পাঠদান মনিটরিং এবং শিক্ষার্থী উপস্থিতিসহ বিভিন্ন কারিকুলাম যাচাইয়ের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে গত ২৭শে অক্টোবর বৃহস্পতিবার অনলাইন ভিজিট চলাকালে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন মনিটরিং করা হয়। এসময় পরমতলা ও কাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজিরা , পাঠদান ও শিক্ষার্থী উপস্থিতি সন্তোষজনক হলেও গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতির হার ছিলো ৫৪ শতাংশ যা মোটেও সন্তোষজনক ছিলো না। এছাড়াও বিদ্যালয়টির ওয়াশব্লক ব্যবহারের অনুপযোগী ছিলো বলেও উল্লেখ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনুপস্থিত চার শিক্ষককে তাৎক্ষনিক ভাবে প্রশাসনিক বদলী ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন।

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আকতার বলেন, অনলাইন পরিদর্শনের বিষয়টি জানতে পেরেছি তবে এই বিষয়ে অফিসিয়াল কোন আদেশ এখনো পাইনি। অফিসিয়াল আদেশ পেলে জেলা স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

 

সদর দক্ষিণে বিয়ারসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের জগপুর (দক্ষিণপাড়া) এলাকা হতে ৩৩ টি বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৩০ অক্টোবর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জগপুর (দক্ষিণপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৩ টি বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন জগপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত. মমতাজ মিয়া’র ছেলে খোকন মিয়া (৪৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে গ্যাস সরবরাহ, আটক ২

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে হাতে নাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। অভিযানে ৯৬ বোতল গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জানমালের ক্ষয়ক্ষতি সহ ব্যাপক হতাহতের ঘটনা সংঘটিত হয়। এরূপ ভয়াবহ দূর্ঘটনা প্রতিরোধকল্পে গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গত ৩০ অক্টোবর বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীদ্বয় মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও উক্ত আসামীদ্বয় সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে। এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আটক হওযা আসামীদ্বয় হলেন নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত অজি উল্লাহ এর ছেলে মোঃ নুর উদ্দিন সুমন (২৯); এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা গ্রামের মৃত রফিক আহমদ এর ছেলে মোঃ মির আহমদ (২৭)।

উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুবিতে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের নিমিত্তে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১ টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে এই কর্মসূচি আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাহিম ইসলাম লিমন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমার বিরুদ্ধে বিপক্ষ দল অনেক অভিযোগ দিয়েছে যেগুলোর কোন ভিত্তি নাই। যারা চুরি, মাদকাসক্ত, চাঁদাবাজি করে আজকে তারা আদর্শ নেতা হতে চায়। যাদের বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্রত্ব নেই৷ তারা কিভাবে ছাত্রলীগের পদের প্রত্যাশা করে? আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ক্যাম্পাসকে নেতৃত্ব দিচ্ছেন তারা কেন পদের প্রত্যাশা করতে পারবে না। আমি কারও বিরুদ্ধে প্রমাণ ছাড়া কথা বলছি না। যদি টাকা দিয়ে ছাত্রলীগের পদ পাওয়া যেত, তাহলে অনেকে বিদেশ গিয়ে টাকা আয় করে বিশ্ববিদ্যালয়ে পদের জন্য আবেদন করতেন। তাদের নাই কোন নেতা, কর্মী বা কোন গ্রুপ। তারা কিভাবে পদের জন্য আহ্বান করে।

তিনি আরও বলেন, আমি ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী পদ দিবেন। আজকে যারা গরিব শিক্ষার্থী ছাত্রলীগ রাজনীতি করে তারা কি দোষ করল?

তবে বিপক্ষ দল ও বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহিকে বক্তব্যের জন্য একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী যাদের ছাত্রত্ব আছে, অবিবাহিত তারাই আগামীতে নেতৃত্ব দিবে। আর বর্তমান কমিটি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে। যদি এর মধ্যে কোন সিদ্ধান্ত আসে সেটা ছাত্রলীগের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ কমিটি কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জীবনবৃত্তান্ত গ্রহণ করেছি। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী আমরা জীবনবৃত্তান্ত যাচাই বাচাই করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাহিম ইসলাম লিমন বলেন, জীবনবৃত্তান্ত কার্যক্রমে আপনারা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার একটি সুসংগঠিত বৃহৎ সংগঠন। আমরা সুসংগঠিত লাল মাটির ক্যাম্পাসে একটা সুসংগঠিত কমিটি উপহার দিতে চাই।

ব্রাহ্মণপাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগণ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: সেলিম মুন্সি ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

মহিচাইল ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় এমপি প্রাণ গোপালের নেতাকর্মীরা !

বিশেষ প্রতিবেদন:

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এমপি ডা. প্রাণ গোপালের বাড়ি এই ইউনিয়নে। আর এই ইউপিতেই নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদারের ভোটের মাঠের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এমপির লোকজন স্বতন্ত্র প্রার্থী আনারসের পক্ষে কাজ করছেন বলে স্থানীয় একাধিক সূত্র জানায় । সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতেও এমন বার্তা প্রকাশ পেয়েছে। এছাড়াও আরেকটি ভিডিওতে মাইজখারের ইউপি চেয়ারম্যান সেলিম প্রধানকে আনারসের নির্বাচনী প্রচারণায় হাততালি অংশগ্রহণ করতে দেখা গেছে। এই সেলিম প্রধান এমপি ডা. প্রাণ গোপাল দত্তের অন্যতম আস্থাভাজন নেতা বলে সর্ব পরিচিত।

ভোট গ্রহণ হতে যাচ্ছে ২ নভেম্বর। মাঠের লড়াইয়ের আনারস প্রতিকের মাকসুদা আক্তার ও মোটরসাইকেল প্রতিকের কামরুল হাসান ভূইয়ার অবস্থান বেশ ভাল বলে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্রমতে, এমপি প্রাণ গোপাল সমর্থিত নেতাকর্মীরা মুখে মুখে নৌকার কথা বললেও গোপনে সক্রিয়ভাবে আনারস প্রতিকের জন্য কাজ করছেন। সম্প্রতি একটি উঠোন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। যেখানে বলতে শোনা গেছে- দাদার (এমপি প্রাণ গোপাল) সিগন্যাল আনারস প্রতিকের উপর। নৌকা প্রতিকের প্রার্থী আবু মুছা মূলত প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফ সমর্থিত। তাই এমপি গ্রুপ কৌশলে নৌকা প্রতিকের প্রার্থীকে এড়িয়ে চলছেন। বিগত ইউপি নির্বাচনগুলোতে একই অবস্থানে ছিলেন এমপি গ্রুপ। উপজেলা আ’লীগের সভাপতি মোন্তাকিম আশরাফ টিটু সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে। কারণ হিসেবে জানা যায়, এমপি প্রাণ গোপালের নেতৃবৃন্দরা নির্বাচনগুলোতে নৌকার বিপক্ষেই কাজ করেছিল। ফলে দলীয় কোন্দলে নৌকার ভরাডুবি হয়েছে। এবারের মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই পরিণতির দিকে যাচ্ছে নৌকার প্রার্থী, স্থানীয়দের মত এমনই।

নানা কারণে বিলম্বিত হয়ে চলতি বছরের ৬ জুন এই ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠের নামার পর গত ১১ জুলাই দিনগত রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম রুহুল আমিন এর মৃত্যুতে গত ২০ জুলাই ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর পুণঃতফসিল ঘোষনায় আগামী ২ নভেম্বর ওই ইউনিয়নে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার (নৌকা), নির্বাচন চলাকালিন সময়ে মৃত্যুবরণকারী প্রার্থী একেএম রুহুল আমিন এর স্ত্রী মাকসুদা আক্তার (আনারস), কামরুল হাসান ভূইয়া (মটরসাইকেল), ময়নাল হোসেন ভূইয়া (চশমা) মোজাম্মেল হক সরকার (ঘোড়া), লোকমান হোসেন শাহজাহান (অটোরিক্সা)।

এই ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে রয়েছে প্রায় ৭ হাজার ভোট। এখানে মোটরসাইকেল প্রতিকের কামরুল হাসান ভূইয়ার বাড়ি। এখানে তার অবস্থানই বেশ ভাল বলে জানা গেছে। ১ নং ওয়ার্ডে এমপি প্রাণ গোপালের বাড়ি। ৫ নং ওয়ার্ডে এলডিপির ময়নাল হোসেনের (চশমা) বাড়ি। যদিও এলডিপি সমর্থণ দেয়নি বলে জানা গেছে। ৬ নং ওয়ার্ডে নৌকার প্রার্থী আবু মুছা ও অটোরিক্সা প্রতিকের প্রার্থী লোকমান হোসেন শাহজাহানের বাড়ি। এখানে ভোট প্রায় ১৭০০ । ৪,৮ ও ৯ নং ওয়ার্ডে আনারস প্রতিকের মাকসুদা আক্তারের অবস্থান বেশ ভাল। এই তিন ওয়ার্ডে মোট ভোট প্রায় ৬ হাজার। এই ইউনিয়নে প্রায় ১ হাজার হিন্দু ভোটার রয়েছে।

বিভিন্ন সূত্রমতে, নৌকা প্রতিকের প্রার্থী আবু মুছা স্থানীয় এমপি প্রাণ গোপালের কাছে গিয়ে সমর্থণ আদায়ের চেষ্টা করছেন। এমপি গ্রুপের লোকজন মুখে আশ্বাস দিলেও কাজ করছেন আনারস প্রতিকের পক্ষে । এমন তথ্যই রয়েছে চারদিকে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়-

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন জানান, দাদা সব সময় নৌকার পক্ষে । নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। কিছু অপপ্রচারকারি দাদার (এমপি ডা.প্রাণ গোপাল) বিপক্ষে ষড়যন্ত্রে নেমেছে।

বুড়িচংয়ে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত; ছেলে হাসপাতালে

স্টাফ  রিপোর্টার:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোরপাই শাহজাদ জুট মিল এলাকায় অজ্ঞাত গাড়ী চাপায় মোটরবাইক আরোহী বাবা নিহত হয়েছে। এ ঘটনায় ছেলে আহত হয়।

সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম মজুমদার (৬০)। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার চাষাপাড়া। এ ঘটনায় তার ছেলেকে আবদুল আওয়াল জনিকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ধুমরে মুচড়ে যাওয়া মোটর বাইকের পাশে মরদেহ পরে আছে। আমরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

চান্দিনায় চালকের ঘুষিতে অপর চালকের মৃত্যু

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় এক অটোরিক্সা চালকের ঘুষিতে ছফিউল্লাহ (৪৫) নামের অপর এক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে ওই ঘটনা ঘটে।

নিহত অটোরিক্সা চালক ছফিউল্লাহ ছবু ওই ইউনিয়নের মেহার গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। হামলাকারী চালক অলিউল্লাহ একই বাড়ির মৃত সিরাজুল ইসলাম এর ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

নিহতের স্ত্রী তাহমিনা আক্তার জানান, গত কয়েকদিন পূর্বে আমার স্বামী বাড়ির পাশের কাঁচা রাস্তায় অটোরিক্সা রাখায় আমার স্বামীর সাথে ঝগড়া হয় অটোচালক অলি উল্লাহ। ওই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় আমার স্বামী বদরপুর বাজারে আসলে তাকে মারধর করে অলিউল্লাহ। আহতাবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল মাহমুদ পিয়াস জানান, ছফিউল্লাহ নামের ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা থানাকে অবহিত করেছি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দীন খাঁন জানান, মোবাইল ফোনে বিষয়টি জানার সাথে সাথেই হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারী স্ব-পরিবারে আত্মগোপন করায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

বারপাড়া ইউপি নির্বাচন: নৌকার মাঝি হিসেবে সমর্থন পেলেন সেলিম আহমেদ

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দঃ উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ শে নভেম্বর।এ নির্বাচনে আওয়ামীলীগের অনেকে মনোনয়ন নেয়ার কথা থাকলেও দলীয় সিদ্ধান্ত ও কাউন্সিলর ভোটে নৌকার টিকিট পান  বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।

দলীয় ঘোষনা আসার পর নেতা কর্মী ও এলাকাবাসী সেলিম আহমেদকে ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করে।

এ সময় নৌকা সমর্থিত প্রার্থী সেলিম আহমেদ  অর্থ মন্ত্রী আ হ ম লোটাস কামালকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমি গত ৫ বছরে এ এলাকার চেয়ারম্যান ছিলাম। সফলতার সাথে ইউনিয়ন পরিষদের সকল সেবা জনগণকে দিয়েছি। সব সময় জনগনের পাশে থেকে বিপদে আপদে সাথে ছিলাম।করোনা কালীন সময়ে নিজের জীবনের চিন্তা না করে জনগণের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম।জনগণ যখনই ডেকেছে আমাকে কাছে পেয়েছে। আশা করি আগামী ২৮শে নভেম্বর জনগন তাদের মহা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত করবে।