All posts by jitu

কুমিল্লায় অশ্রু চোখে দেবী দূর্গাকে বিদায়

 

মো: উজ্জ্বল হোসেন বিল্লালঃ

সারাদেশের ন্যায় কুমিল্লাতেও অশ্রু চোখে দেবী দূর্গাকে বিদায় জানালেন ভক্তরা। দেবীর বিদায়ের কষ্ট ভুলে থাকতে এবং হাসিমুখে বিদায় জানাতে ভক্তরা হাজির বিভিন্ন পূজা মন্ডপে।

বুধবার (৫ অক্টোবর) কুমিল্লা নগরীর বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে দেখা যায় বিহিত পূজা এবং পূজা শেষে দর্পণ বিসর্জনের মাধ্যমে দশমীর পূজা শেষ করে ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে গত দুই বছর সংক্ষিপ্ত করা হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান।

দুর্গাপূজায় সবশেষ রীতিটি হচ্ছে ‘দেবী বরণ’। এটি শুরু হয় বিবাহিত নারীদের সিঁদুর খেলার মাধ্যমে। বিবাহিত নারীরা সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে-অপরকে সিঁদুর মাখিয়ে দেন। সিঁদুর মাখানোর মাধ্যমে দুর্গা মাকে বিদায় জানান ভক্তরা। দুর্গাকে নিয়ে যাওয়ার আগে সিঁথিতে সিঁদুর মাখানোর পর আঙুলে লেগে থাকা বাকি সিঁদুরটুকু তারা একে-অপরের মুখে মাখেন। এই সিঁদুর মাখার রীতি অনেক সময় দশমী ঘরে পালন করা হলেও অনেকে আবার নিজেদের ঘরেই খেলে থাকেন। মুখ রঙিন করে হাসিমুখে মাকে বিদায় জানানোর জন্যই এই সিঁদুর খেলা। তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করেন, নাচ-গান করেন, যেন সারাটা বছর এমন আনন্দেই কাটে।

সধবারা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নিজ কপালে সিঁদুর লাগান এবং সেই সিঁদুরের কিছু অংশ দিয়ে দেবীর চরণ স্পর্শ করে থাকেন। তারপর সবাই মিলে একে অপরকে সিঁদুর মাখেন। দুর্গা আগামী বছর আবার সঙ্গে করে শাঁখা-সিঁদুর সঙ্গে নিয়ে আসবেন এবং সেই শাঁখা-সিঁদুর ধারণ করেই স্বামীর মঙ্গল হবে এই বিশ্বাসে ভক্তরা সিঁদুর নিয়ে দশমী উদযাপন করেন। এই উৎসবের নামই সিঁদুর খেলা।

এই সিঁদুর খেলা বিবাহিত নারীর জন্য সীমাবদ্ধ থাকলেও সবাই মন্দিরে ভিড় করেন, নেচে-গেয়ে এতে অংশ নেন। অবিবাহিত নারীরাও গালে আর হাতে মাখেন সিঁদুর।

মায়ের চরণে সিঁদুর দিতে আসা ইভা ভৌমিক জানান, ‘বিয়ে ছাড়া মাথায় সিঁদুর দেওয়া যায় না। আমাদের একদিন বিয়ে হবে, তখন ভালো স্বামী ও সুখের সংসারের কামনায় আমরা সিঁদুর খেলায় আসি। বিয়ে হলে আমরাও সিঁথিতে সিঁদুর পরবো।’

মৃণা রানীা ঘোষ বলেন, ‘স্বামীর মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করি। তার পায়ে সিঁদুর ছুঁয়ে দিয়ে তার কিছুটা সিঁথিতে লাগালে সংসারে মঙ্গল হয়।’

মহালয়া থেকে দেবী দুর্গার মর্ত্যলোকে আসার ঘণ্টা বাজে। ষষ্ঠীতে তিনি ভক্তদের মাঝে অধিষ্ঠিত হন। আর দশমীতে তিনি কৈলাশ চলে যান। আজ বিজয়া দশমী। দুর্গা মায়ের বিদায়ের দিন। নৌকায় বসে দেবী দুর্গা ফিরে যাবেন।

পাখিরা উড়ে যায় নীড়ে

 

-রেজাউল করিম (সাকিব)

সব সৌন্দর্য্যরা যেন নতুন রূপে সাজে,
সূর্য্য লাল রং ধরণ করে,
প্রতিটি বিকেলে।

বাতাস বহে
সৌন্দর্য্যেরা যেন গান গায়, সবুজের মাঠে
পাখিরা গান গাইতে গাইতে
ডানা মেলে আকাশে উড়ে,

বাবুই পাখি
তার বাসা তৈরী করতে করতে
কত গান গায় যে,
ঐ তাল গাছের ডালে,
নারিকেল আর খেজুরের পাতা দিয়ে
তার মিষ্টি মাখা ঠোট দিয়ে
গান গাইতে গাইতে
ধরণীর সব চাইতে বড় শিল্পে
ব্যস্ত নিজের ঘর বানাতে

বিকেলে সোনালী আলাতে
সৌন্দর্য্য এই জগতে
সৌন্দর্য্য প্রেমি ছেলে সব তাকিয়ে দেখে
গ্রাম বাংলার রূপ দেখে
সে একা একা চলে
আকাশের দিকে তাকিয়ে
সোনালী আলোতে সে দেখে
আকাশটা পানিতে,
সে মনে মনে ভাবে
সৌন্দর্য্যকে পানিরাই অনুকরণ করে

সোনালী আলোয় ঘাস ফুলে ফুলে
নাম না জানা বন ফুলেরা হাসে

পুকুর পাড়ে কাশফুলের মাঝে এসে
সে তাদের সাদা রঙ হাত দিয়ে ছুয়ে
হেটে চলে পুকুরের পাড় ছেড়ে

সবুজের মাঠে,
চারদিকে সবুজ আর সবুজ
সবুজের বুকে সে
দুই হাত উপরে তুলে আছে
সে ভাবে
পাখির মতো উড়ছে
তবে আকাশে নয়
চির সবুজের মাঠে,

গ্রাম বাংলার রূপে
তখন সে দেখে পশ্চিম আকাশে
ঐ গ্রামের বড় বড় গাছে মধ্যে
শান্ত লাল সূর্য্যটা নিজেকে লুকিয়ে ফেলেছে
তখন সন্ধ্যা নেমে আসে
গ্রাম বাংলার রূপে
পাখিরা উড়ে যায় নীড়ে
সবুজ মাঠ আর আকাশে লালিমাতে
সুমধুর সুরে মুয়াজ্জিনের আজানে
মুসলিম চলে মসজিদে দিকে
সৌন্দর্য্য মাখা এই রূপে

তিতাসে প্রতারক চক্রের উত্থান, মামলা থেকে রেহাই পেতে ছিনতাইকৃত টাকা ফেরত

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলার নাগেরচর গ্রামের হাসান নামের এক প্রতারক চক্রের উত্থান হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলা থেকে রেহাই পেতে জনপ্রতিনিধির মাধ্যমে ছিনতাইকৃত টাকা ফেরত দিয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে।

অনুসন্ধানে জানা যায়, নাগেরচর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে মো. হাসান(২৮) তার নিজের বাইক বিক্রয় করবে বলে বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেয়। সে বিজ্ঞাপন দেখে বিভিন্ন জেলা থেকে বাইক কিনতে ক্রেতা আসলে প্রতারক হাসান ও তার বাহিনী ক্রেতার উপর হামলা করে সঙ্গে থাকা টাকা, মোবাইল ও মানিব্যাগ রেখে দেয়।

তারই ধারাবাহিকতায় গত ১৬ই সেপ্টম্বর মটর সাইকেলের এমন পোস্ট দেখে চট্রগ্রাম জেলার বন্দর থানার বাসিন্দা মৃত ফেরদৌস মিয়ার ছেলে মো.জুয়েল ও তার বন্ধু মোর্শেদ মটর বাইক কিনতে তিতাসে আসলে প্রতারক হাসান তার সহযোগীদের নিয়ে মটর বাইক ক্রেতা জুয়েল ও তার বন্ধু মোর্শেদকে কুমিল্লা জেলার হোমনা থানার শিবপুরের এক নির্জন এলাকায় নিয়ে মারধর করে পাঁচ লাখ ৬০ হাজার টকা দুটি মোবাইল ও একটি ম্যানিব্যাগ রেখে দেয়।

এঘটনায় জুয়েল বাদী হয়ে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দিলে তদন্ত কর্মকর্তা পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মাসুদ অভিযান চালিয়ে একজন অভিযুক্ত সাইদুল ইসলামের পিতা জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে গেলে টাকা ফেরত দেয়ার কথা বলে মুচলেখা দিয়ে ছুটে আসেন।

এ বিষয়ে ভিকটিম মো.জুয়েল বলেন, আমি ফেসবুক অনলাইনে বিজ্ঞাপন দেখে হাসনের সাথে যোগাযোগ করে কুমিল্লার তিতাসে যাই ১৬ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে। পরে হাসান ও তার ৪ সহযোগী একটি নির্জন যায়গায় নিয়ে ছুরি দেখিয়ে এবং আমাদের মারধর করে আমার সাথে থাকা পাঁচ লাখ ৬০ হাজার টকা, দুটি মোবাইল ও একটি মানিব্যাগ নিয়ে যায়। এঘটনায় আমি হোমনা থানায় লিখিত অভিযোগ করলে আসামীর স্বজনরা আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে যেতে বলে। আমি গত সোমবার ( ৩ অক্টোবর) বিকেলে লোকজন নিয়ে তিতাস উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন এর বাড়িতে গেলে ১নং আসামী হাসানের কাকা আমাকে চার লাখ টাকা ফেরত দেয় এবং বলে পরবর্তীতে দুটি মোবাইল ও মানিব্যাগ ফেরত দিবে। এই সিদ্ধান্তের ওপর আমি হোমনা থানায় গিয়ে আপোষ নামা দিয়ে আসছি। আমার মোবাইল ও মানিব্যাগ ফেরত চাই।

মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি আমি জানিনা। বাদী ও বিবাদীদের লোকজন আমার বাসায় এসে তারাই আলোচনা করে মিমাংসা করে বাদীকে চার লাখ টাকা দিয়েছে এবং হোমনা গিয়ে আপোষ নামা দিয়ে আসছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এ এস আই) মাসুদ বলেন, বাদী-বিবাদী আপোষ হয়ে থানা এসে আপোষনামা দিয়ে গেছে। কতো টাকা পেয়ে আপোষ হয়েছে আমি জানিনা। এর আগেও এই চক্রটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কড়ুয়া পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন এর ছেলে রুবায়েত হোসেন অনিক এর কাছ থেকে বিশ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দিয়েছে। বিষয়টি মৌখিকভাবে তিতাস থানা উপপরিদর্শক (এস আই) মাহমুদকে জানিয়েছেন বলে জানান রুবায়েত হোসেন অনিক।

এবিষয়ে তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, আমাকে মৌখিকভাবে একটি ছেলে আমাকে এমন একটি ঘটনা বলেছে। তখন আমি ওসি স্যারের সাথে কথা বলে লিখিত অভিযোগ দেওয়ার কথা বললে অনিক পরে আসবো বলে চলে যায়।

বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাগেরচর গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন বলেন, ভিকটিম টাকা পেয়েছে এতে আমি খুশি কিন্তু এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে বেলে শুনতেছি। এই চক্রের কারনে আমাদের নাগেরচর গ্রামের মানসম্মান ক্ষুন্ন হয়েছ,পাশাপাশি তিতাস উপজেলার মান ক্ষুন্ন হয়েছ। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার দাবী চক্রের মুল হোতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অপর দিকে প্রতারক হাসানের কাকা আলম মিয়ার নিকট জানতে চাইলে তিনি সঠিকভাবে কিছুই বলতে চান না, বিষয়টি এড়িয়ে যায়।

কুমিল্লার লাকসামে গাঁজা ও বিদেশী মদসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশী মদসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৪ অক্টোবর রাতে উপজেলার বিজরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ছয়ছিলা গ্রামের আবুল কাশেম মিজির ছেলে মোঃ জুয়েল হোসেন (২৪) ও একই গ্রামের মোঃ মনির মিজির ছেলে মোঃ আল আমিন মিজি (২৫)।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত পিকআপ ব্যবহার করে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশের দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর পরই অভিযুক্ত যুবক স্বপরিবারে পলাতক রয়েছে।

অভিযুক্ত যুবকের নাম টিপু (২৫) সে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিকের ছেলে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে দিবাগত রাত ২টার দিকে নির্যাতিত কিশোরী অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পুলিশ ও এবং নির্যাতিত কিশোরীর পরিবার জানায়, অভিযুক্ত যুবক ও নির্যাতিত কিশোরী দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই বোন। গতকাল মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশে আরেক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরের মা-বাবা বিয়ের অনুষ্ঠান থেকে তাদের বাড়িতে চলে যায়। পরে অভিযুক্ত টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে। তারপর কিশোরী অসুস্থ হয়ে পড়লে ওই ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ রাত ২টার দিকে খবর পেয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী কিশোরের পিতা থানায় এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

চৌদ্দগ্রামে খালের পানিতে পড়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সাইমন (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

জানা গেছে, বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে সাইমন তার সঙ্গী রিফাত, নাজিম ও তৌসিরকে নিয়ে কলমি শাক তুলতে নাঙ্গলিয়া খালের পাড়ে যায়। একপর্যায়ে পা পিছলে সে খালের পানিতে পড়ে যায়। সঙ্গীদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খালের পানিতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে খালের পানি থেকে সাইমনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা সাইমনকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, ‘সাইমন নামে এক শিশু নাঙ্গলিয়া খালের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের নাশ স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে’।

বুড়িচংয়ে ডিবি পুলিশের অভিযান: ১৪ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ  মো: সোহাগ মিয়া (২৫) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

৪ অক্টোবর রাত  সাড়ে ৯ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার কালিকাপুর বাজারের খারেরা বিওপি রাস্তার মাথা নামক এলাকায় কুমিল্লা টু শংকুচাইল পাকা রাস্তায় উপর এ অভিযান পরিচালনা করে।  এ সময় চটের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে নীল পলিথিনে মোড়ানো ৮ টি পোটলায় সর্বমোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

আটক হওয়া মোঃ সোহাগ মিয়া  বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছিনাইয়া গ্রামের  বাবুল মিয়ার ছেলে।

আটক হওয়া সোহাগ মিয়া জানায়, উল্লেখিত মাদকদ্রব্য (গাঁজা) সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে কুমিল্লা শহরে বিক্রয়ের লক্ষ্যে গাড়ীর জন্য অপেক্ষা করছিল সে।

কুমিল্লা ডিবির উপ-পরিদর্শক ( এসআই) মোঃ বোরহান উদ্দিন ভূইয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৫ ।

চৌদ্দগ্রাম থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকা হতে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৪ অক্টোবর বিকালে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন বগুড়া জেলার দুঁপচাচিয়া থানাধীন পূর্ব বোড়াই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আজমল হোসেন (৪০)।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে স্ত্রীকে নিজের কিডনি দিয়েও বাঁচাতে ব্যর্থ হতভাগা স্বামী

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
স্ত্রীর দুটি কিডনি অচল হওয়ার পর মৃত্যু যখন অবধারিত তখন নিজের একটি কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন লিটন চন্দ্র নামে এক স্বামী। ভালোবাসা অমর। তা আবারো প্রমাণ করলেন চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গুলিশা গ্রামের যুগেশ চন্দ্রের ছেলে লিটন চন্দ্র। কিন্তু দুজনের আর একসাথে থাকা হয়ে ওঠেনি বেশিদিন। দুই মাসের মাথায় সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে পরপারে।

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের সতিষ চন্দ্র দাসের মেয়ে নিহত সীমা রানী (৩৫) এর পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০-১২ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সীমা রানী ও লিটন চন্দ্র। দুইটি ছেলে সন্তান রয়েছে তাদের সংসার জুড়ে। ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। হঠাৎ করে স্ত্রী সীমা রানী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা নিরিক্ষা করে জানতে পারেন শরীরের দুইটি কিডনিই অচল। মৃত্যু যখন অবধারিত তখনি গত আড়াই মাস আগে স্ত্রীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়েছেন স্বামী লিটন চন্দ্র।

কিছুদিন অনেকটা সুস্থতা বোধ করলেও গত এক সপ্তাহ আগে ঠান্ডা জনিত সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে আইসিওতে থাকার পর সোমবার (৩ অক্টোবর) সকালে মৃত্যুবরন করেন সীমা রানী। এ ঘটনায় উভয় এলাকায়ই নেমে আসে এক শোকের ছায়া। এদিকে স্বামী লিটন চন্দ্রের কিডনি দেয়ার ঘটনায় প্রশংসায় ভাসছিলেন তিনি। পেশায় একজন সেলুন শ্রমিক হলেও স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি রাখেন নি কখনো। কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়েও প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে পারলেন না হতভাগা স্বামী লিটন চন্দ্র।

মুরাদনগরে ৪ দিনেও মেলেনি অজ্ঞাত লা’শের পরিচয়

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অজ্ঞাত লা’শ উদ্ধারের ৪ দিন গত হতে চলেছে। কিন্তু তার পরিচয় উদ্ধার করা যায়নি আজও! ৪ দিন আগে লা’শটির পোস্টমর্টেম শেষে পরদিন রবিবার (২ অক্টোবর) লা’শটি অজ্ঞাত হিসাবে আঞ্জুমান মফিদুল ইসলাম কুমিল্লা শাখার গোরস্থানে দাফন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সকালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর এলাকার জাকিরের বাড়ির সামনে রাস্তার উপর থেকে অজ্ঞাত লা’শটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, অজ্ঞাত লা’শটির পরিচয় শনাক্তে দেশের সকল থানায় লাশের ছবিসহ ম্যাসেজ পাঠানোর পাশাপাশি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।