All posts by jitu

তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ: ড. মোশাররফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমানে তাঁর(তারেক) নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশ গড়তে আগামী ১২ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ড.মোশাররফ আজ শুক্রবার দুপুরে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ বালুর মাঠে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়েছেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বহু আগেই ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সুবিধা বঞ্চিত মানুষদের রাষ্ট্রীয় বিভিন্ন সহায়তা দিতে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেয়া হবে। প্রশিক্ষণের ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অবারিত সুযোগ দেয়া হবে। এটা আজ প্রমাণিত যে, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখ-স্বাচ্ছন্দ্যে থাকে, জান-মাল নিরাপদে থাকে।

বিএনপির প্রবীণ নেতা ড. মোশাররফ বলেন, একটি দল ‘৭১-এ দেশের স্বাধীনতা চায়নি। তারাই এখন ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচারণা চালানো হচ্ছে। যা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক।

তিনি(ড.মোশাররফ) বলেন, আপনারা আগে চারবার সংসদে পাঠিয়েছেন, তিনবার সরকারের অংশ হয়ে বিভিন্ন উন্নয়ন কাজ করেছি, এখনো কিছু উন্নয়ন বাকি আছে । আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আগামী দিনে এই মোহাম্মদপুর ইউনিয়নের পাঠানতলী মাঠে একটি হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যই ২০০৬ সালে এই জায়গা লিজ নিয়েছিলাম।

পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, একাধিক মেয়াদে মন্ত্রী থাকাকালীন ড.মোশাররফ দাউদকান্দি পৌরসভা ও তিতাস উপজেলা প্রতিষ্ঠা এবং মেঘনা উপজেলা বাস্তবায়ন করেছেন। দাউদকান্দি,তিতাস ও মেঘনায় হাইওয়ে থেকে প্রচুরসংখ্যক আভ্যন্তরীণ পাকা সড়ক, সংযোগ ব্রীজ-কালভার্ট নির্মাণ করেছেন। এইসব সড়ক ভেঙে,ধ্বসে গিয়ে এখন বেহাল অবস্থা। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হবে।

মোহাম্মদপুরের পথসভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, মাহবুবুল আলম মোহন,জাহাঙ্গীর আলম মিয়াজী,শাহীনুর আক্তার,রোমান খন্দকার প্রমুখ।

ড.খন্দকার মারুফ হোসেন বিকেলে মোহাম্মদ পুর ও মালিগাঁও ইউনিয়নের কালাসোনা,তালেরছেও,মালিগাঁও, আনুয়াখোলা বাজার, বায়নগর বাজার, হাটখোলা বাজার ও চাপাতলীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এই সময় দাউদকান্দি উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় নামাজে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় ৫ম শ্রেণির শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা–কসবা সড়কের শশীদল বাজার এলাকায় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে চার দিন পর ঢাকার হাসপাতালে মারা যায় তামিম মাহমুদ (১১)। নিহত তামিম মাহমুদ শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল পূর্বপাড়া এলাকার প্রবাসী মো. মহসিনের বড় ছেলে এবং দুই সন্তানের মধ্যে বড় সন্তান।

স্থানীয় ও বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে স্কুলের বিরতিতে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে কুমিল্লা দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি তামিমকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে এবং মাথা ও বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।

প্রাথমিকভাবে স্থানীয় ও বিদ্যালয়ের শিক্ষকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। চিকিৎসকের পরামর্শে বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। চার দিন পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর ঘটনায় বিদ্যালয় প্রাঙ্গণ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার দেবীদ্বারে মাদকসেবী ৪ তরুণের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে ৪ তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ৪ তরুণকে হাতেনাতে আটক করা হয়।

পরে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের আদালতে এবং অপর দুই জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৯) (ক) ও ৩৬(৫) ধারায় ৪ জনকেই ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম (১৮), মো. ওমর ফারুক (১৮), বারেরা গ্রামের রাকিব হাসান (১৮) এবং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মো. রাহিমুল ইসলাম (১৮)।

এ বিষয়ে দেবীদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মঈসুদ্দিন জানায়, যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনের সময় ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ; ইংলিশ ঈগলসের মিডিয়া পার্টনার আল্টিমেট স্পোর্টস

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল ৩১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬। নটর ডেমের নিজস্ব মাঠে প্রতিবছর এই ক্রিকেট লীগ আয়োজিত হয়। যার শুরু ২০১৭ থেকে।

এবার ৪টি দল অংশগ্রহণ করছে লীগে, ইংলিশ, বিজনেস এডমিন্সট্রেশন, সিএসই ও ল৷ ক্রিকেট লীগকে ঘিরে নটরডেম বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে ভিন্ন এক আমেজ। কঠোর অনুশীলনে খেলোয়াড়রা প্রস্তুত সাথে ফ্যানরাও। ৩১ জানুয়ারী থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারী।

ক্রিকেট লীগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, “এই টুর্নামেন্ট নটরডেম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। সুস্থ্য প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।

এদিকে ৫ বারের ফাইনালিস্ট ও ৩ বারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবার মাঠে নামছে চিরচেনা আকাশী-সাদা জার্সিতে। টাইটেল স্পন্সর ফ্যান্টাসি কিংডম ও মিডিয়া পার্টনার লন্ডন ভিত্তিক বাংলাদেশ জনপ্রিয় স্পোর্টস অনলাইন আল্টিমেট স্পোর্টস ছাড়াও দলটির কো-স্পন্সরে আছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ ও সুফিয়ান এগ্রো।

দলটির অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন, ” ফেয়ার প্লে আর স্পোর্টসম্যানশীপের জন্য ইংলিশ সব সময় সমাদৃত। বিগত বছরগুলোতে আমাদের ধারাবাহিক সফলতা আমাদের এবারের অনুপ্রেরণার মূল উৎস।

উল্লেখ্য এই টি-টেন লীগে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় প্রতি আসরে যার মধ্যে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও নটর ডেম কলেজের ছাত্ররা।

চৌদ্দগ্রামে যৌথ অভিযানে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উনকুট পশ্চিমপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে যুবলীগ নেতা অপুর বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

যুবলীগ নেতা রবিউল হোসেন অপু চৌদ্দগ্রাম উপজেলার উনকুট পশ্চিমপাড়ার আবুল বাশার মুহুরির ছেলে। সে শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি মধ্যরাতে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পাইপ গান ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার জন্য চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় যুবলীগ নেতা শাহ ইমরানের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

চল্লিশ লাখ টাকার প্রতারণা মামলায় কুমিল্লায় শাহ ইমরান মজুমদার নামে এক যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন এই রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শাহ ইমরান মজুমদার জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে। তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য।

অ্যাডভোকেট মো. আনোয়ার স্বপন জানান, যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদার ব্যাংক লোনের কথা বলে ২০১৪ সালে সৌদি প্রবাসী শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদারের কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নিয়ে যান। এরপর তিনি ওই চেকে ৪০ লাখ টাকার অঙ্ক বসিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করান।

বিষয়টি জানার পর প্রবাসীর স্ত্রী রোকেয়া মজুমদার ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে মামালা দায়ের করেন।

আদালত মামলাটি অন্তত ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের বিএনপি নেতা নিহত

স্টাফ রিপোর্টার:

ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের বিএনপি নেতা নিজাম উদ্দিন স্বপন মিয়াজী(৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ নাজমুল হুদা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিজাম উদ্দিন স্বপন মিয়াজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত স্বপন মিয়াকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বিএনপি নেতা স্বপন মিয়াজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে অভিযান পরিচালনা করে দেশীয়-বিদেশীয় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছেন সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাত সোয়া ২ টায় তিতাস উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে তিতাস উপজেলার দুধঘাটা এলাকা হতে ১টি রিভলবার, ১ রাউন্ড রিভলবারের গোলাবারুদ, ৩টি এলজি, ৩টি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড.মোশাররফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় কাজ করে। একটি উন্নত দেশ ও জাতি গঠনে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের অনেক গণমুখী পরিকল্পনা রয়েছে। আগামী দিনে তাঁর ডায়নামিক নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বিকালে দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পালের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, এই দেশে বিএনপিই একমাত্র দল, যখনই ক্ষমতায় ছিলো, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছে। অপরদিকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুর্নীতি, চাঁদাবাজি,টেন্ডারবাজি ও লুটপাট করে দেশ ধ্বংস করেছে। তাই দেশের মানুষ যতবার ভোট দেবার সুযোগ পেয়েছে, বিএনপিকে বিপুল ভোটে ক্ষমতায় বসিয়েছে। বিএনপিও জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে দেশকে এগিয়ে নিয়েছে।

ড.মোশাররফ বলেন,ফ্যাসিস্ট হাসিনা জনগণের সমর্থন ছাড়াই গায়ের জোরে ১৬ বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। ভোটের বাক্স ছিনতাই, একদলীয় নির্বাচন, দিনের ভোট রাতে এবং আমি ড্যামি নির্বাচন নাটক মঞ্চস্থ করে ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট হাসিনার নেশা হয়ে গিয়েছিল। অতিলোভী, সীমালঙ্ঘনকারী হাসিনা অবশেষে ক্ষুব্ধ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালাতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, পালিয়ে গিয়েও এই পতিত ফ্যাসিস্ট ও তার দোসররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে তৎপর রয়েছে। এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহবান জানান।

পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। দল হিসাবে বিএনপি এবং নেতা হিসাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অপ্রতিদ্বন্দ্বী। ক্ষমতায় গেলে কৃষকের জন্য কৃষি কার্ড এবং অসহায় মা-বোনেরা পাবেন ফ্যামিলী কার্ড। এছাড়াও প্রচুরসংখ্যক মানুষের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য থাকবে অবারিত সুযোগ সুবিধা।খন্দকার মারুফ ১২ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

লোকেলোকারণ্য পালের বাজারের পথসভাটি বিশাল জনসভায় পরিণত হয়েছে।

পালের বাজারের পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিঞা মো. মিজানুর রহমান, আলহাজ্ব আবুল হাশেম,মিঞা মো.শফিকুল ইসলাম, অধ্যাপক ডা.মো. শাহীদুল হাসান বাবুল, হেলাল ইসহাক,মাহবুবুল আলম মোহন,ইয়াহিয়া খান,মোশাররফ হোসেন হাজারী প্রমুখ।

সকাল থেকে বিকেল পর্যন্ত ড.খন্দকার মারুফ হোসেন পাঁচগাছিয়া ইউনিয়নের শ্রীরায়ের চর, ঠেটালিয়া, হরিণা বাজারখোলা, তুলাতলী, পাঁচগাছিয়া ও নারান্দিয়া, দৌলতপুর ইউনিয়নের বালুচর,পালের বাজার,কেতুন্দি, কাউয়াদী,ভাউরিয়াও দৌলতপুরে ড.খন্দকার মোশাররফ হোসেন ও ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় সমবেত ভোটারদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর উপজেলার মতলব দক্ষিণ ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১৪টি দেশীয় অস্ত্র, ১৫ গ্রাম গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন দ্রব্য সামগ্রীসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১ টায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৮ নং খাদের গাঁও ইউনিয়নের নারায়ণপুর এলাকার নুরুল আমিনের ছেলে মেহরাব আমিন সিহাব (১৯ বছর), নারায়ণপুর হাওলাদার বাড়ির অলিউল্লাহর ছেলে আরিফ হোসেন (৪২ ), বাড়ইগাঁও দক্ষিণ মজুমদার বাড়ির আলী মজুমদারের ছেলে সজিব মজুমদার ( ৩১), নারায়ণপুর ( বাকুরগাঁও) গ্রামের মৃত সুধাংশু চক্রবর্তীর ছেলে আনন্দ চক্রবর্তী (৩০)।

আটক হওয়া ব্যক্তি এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।