All posts by jitu

“কুবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন”

আতিকুর রহমান তনয়, কুবি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে আনন্দ র‍্যালী, বৃক্ষরোপন ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্র সংগঠনটি।

পঞ্চগড়ে মহালয়ার যাত্রাপথে নিহতদের পরিবারকে সহায়তা, ফেসবুকে হিন্দুদের প্রশংসায় ভাসছে জামায়াত

 

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় চতুর্থদিন শেষে ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৬জন নিখোঁজ রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় নিহত বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন। যারা আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিতে মহালয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন।

কিন্তু মাঝ নদীতে নৌকাডুবির ঘটনায় উৎসবের যাত্রা রূপ নেয় বিষাদে। টানা চারদিন ধরে চলে উদ্ধার অভিযান। এসবের মধ্যে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করেই শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানাতে হাজির হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। এ সময় নিহতদের পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে তুলে দেন।

এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় জামায়াত বন্দনা। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী অ্যাক্টিভিস্টরা টানা পোস্ট দিতে থাকেন জামায়াতের প্রশংসা করে। সেই সব পোস্ট রিয়্যাক্ট, শেয়ার ও কমেন্টে ভরে গেছে। তবে কেউ কেউ বলছেন, মানবতার ছদ্মবেশে ভোটের রাজনীতি করতেই জামায়াত এই পথ বেছে নিয়েছে।

সামাজিক মাধ্যম ঘুরে দেখা যায়, সাংবাদিক রিপন দে, নিলয় চক্রবর্তী, বিমল, নেহার হালদার, বাদল কান্তি দেবসহ আরও অনেক সনাতন ধর্মাবলম্বীরা জামায়াতের আর্থিক সহায়তা নিয়ে বড় বড় পোস্ট করেছেন। সেখানে তারা জামায়াতের প্রশংসার পাশাপাশি অন্যান্য দল কেন সহায়তা করছে না এমন প্রশ্ন রেখেছেন।

শুধু তাই নয়, হিন্দু সংগঠনগুলোও কেন এখনো মানবতার সেবায় এগিয়ে আসেনি সে প্রশ্নও তুলেছেন অনেকে। নিহতদের পরিবারে যেন পুজার আনন্দ মাটি না হয়ে যায় সে ব্যাপারে কাজ করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ জানিয়েছেন অনেকে।

জানা যায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিহত ৭১ জনের পরিবারে গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা করেছেন জামায়াতের আমির নিজের। ৩০ হাজার করে মোট ২১ লাখ টাকারও বেশি আর্থিক সহায়তা তুলে দিয়েছেন নিহতদের পরিবারগুলোকে।

সূত্র: বাংলা ভিশন।

২৬ নভেম্বর কুমিল্লা শহরে গণ-সমাবেশ করবে বিএনপি

স্টাফ রিপোর্টার:

আগামী ৮ই অক্টোবর থেকে দেশের ১০ বিভাগীয় শহরে গণ-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ২৬শে সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মহাসচিব বলেন, সভায় গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক চাল, ডাল, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলার নুরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম মোট ৫ জন হত্যার প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ই অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণ-সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে ।

ফখরুল বলেন, জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্কে শেখ হাসিনার দেশের আইন-শৃংখলা পরিস্থিতি বিশেষ করে গুম, বিনা বিচারে হত্যাকাণ্ড এবং সরকারী দমন নীতি সম্পর্কে মিথ্যাচারের বিরুদ্ধে সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নির্বাচন সম্পর্কে শেখ হাসিনার নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। তিনি বলেন, পরিকল্পিতভাবে শেখ হাসিনার সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। ২০১৪ ও ২০১৮ এর জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন গুলিই তার প্রমাণ। এই নির্বাচনগুলিতে ভোটাররা ভোট নিতে পারেনি। বিএনপি মহাসচিব বলেন, নির্লজ্জ মিথ্যাচার থেকে বিরত থেকে দেশে এসে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই তার উচিত।

নোয়াখালীতে কিশোর গ্যাং সদস্যসহ ৭ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে চার কিশোর গ্যাংয়ের সদস্য ও দুই মাদক কারবারি এবং একজন সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, কিশোর গ্যাং সদস্য মো.সাকিব(১৯) আব্দুল মারুফ (১৮) শাখাওয়াত হোসেন ওরফে রকি (২৪) সাইফুল ইসলাম ওরফে শাকিব(২৪), মাদক কারবারি মো.জাকের হোসেন (২৬) দেলোয়ার হোসেন (৪২) ও সাজাপ্রাপ্ত জাহেদ হাসান (৩৭)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার সদর, বেগমগঞ্জ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সন্ধ্যার সময় অন্ধকার নির্জন স্থানে অস্বাভাবিক ঘোরাফেরারত অবস্থায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে গ্রেফতার করে। বেগমগঞ্জ উপজেলায় রাত্রীকালীন স্কুল কমপাউন্ডের ভিতর অস্বাভাবিক আড্ডারত অবস্থায় ২জন কিশোর গ্যাং দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বাজার থেকে ৪৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে,  মঙ্গলবার রাত ৯টার দিকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ ৫৩ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি জাহেদ হাসান কে ঢাকা থেকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

এসপি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের বুধবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

শেখ হাসিনার জন্মদিনে যুবলীগ নেতা সারওয়ারের উদ্যোগে বর্ণাঢ্য নানা আয়োজন

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি, কোরআন খতম, এতিমদের মাঝে পাঞ্জাবী-পায়জামা ও খাবার বিতরন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি কুমিল্লার তিতাসসহ বিভিন্ন এলাকায় এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

সারওয়ার হোসেন বাবু জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ  সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্মদিন উপলক্ষে  বর্নাঢ্য র‍্যালি, কোরআন খতম, এতিমদের মাঝে পাঞ্জাবী-পায়জামা ও খাবার বিতরন করা হয়েছে।

মেসির জোড়া গোল, জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়

 

স্পোর্টস ডেস্ক:

গত বৃহস্পতিবার হন্ডুরাসের পর আজ জ্যামাইকার বিপক্ষে ম্যাচেও দুইবার বল জালে জড়ালেন সাতবারের ব্যালন ডি অর জয়ী  তারকা ফুটবলার লিওনেল মেসি।

মেসির জোড়া গোলে জ্যামাইকার বিপক্ষেও ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০-এ। দলের হয়ে অন্য গোলটি করেছেন মেসির জায়গায় ম্যাচের শুরু থেকে খেলতে নামা হুলিয়ান আলভারেজ।

এ নিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকলো লিওনেল স্কালোনির দল। আগামী নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটি জিতলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপ শুরু করতে পারবেন মেসিরা।

ফ্লু-তে আক্রান্ত হয়ে খানিক অসুস্থতা থাকায় জ্যামাইকার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে মেসিকে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার জায়গায় শুরু থেকে নামেন হুলিয়ান আলভারেজ। যিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে সময়ে নিয়েছেন মাত্র ১৩ মিনিট।

আরেক ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন আলভারেজ। তবে শুরুতে এগিয়ে যাওয়ার পর আর গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে হয়নি আর কোনো গোল। দ্বিতীয়ার্ধেও ৮৫ মিনিট পর্যন্ত স্কোরলাইনে আসেনি কোনো পরিবর্তন।

যুক্তরাষ্ট্রের মিয়ামির দর্শকদের আনন্দে ভাসিয়ে ৫৬ মিনিটের সময় মেসিকে নামান আর্জেন্টাইন কোচ। বাকি ৩৫ মিনিটে কখনও ঢিমেতালে, কখনও আবার জাদুকরী কারিশমায় সবাইকে উদ্বেলিত করেন মেসি। তবে তার শুরুটা ছিল রয়েসয়ে, ধীরভাবে। প্রথম কয়েক মিনিট তেমন বলের ছোঁয়াও পাননি।

ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট বাকি থাকতে জিওভানি লো সেলসোর পাস ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। এসময় তাকে জড়িয়ে ধরতে, গায়ে অটোগ্রাফ নিতে গ্যালারি থেকে ছুটে আসেন এক দর্শক।

দলকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পরেও থামেননি মেসি। এবার ৮৯ মিনিটে প্রায় একই জায়গায় ফ্রি-কিক পেয়ে যায় আর্জেন্টিনা। বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে মাটি কামড়ানো শটে ডানদিক দিয়ে বল জালে জড়ান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

কুবিতে দ্বিতীয় বারের মতো মঞ্চস্থ হলো ‘ইনডেমিনিটি’

মোঃ আতিকুর রহমান, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন ‘থিয়েটার কুবি’র ৯ম প্রযোজনায় মঞ্চস্থ হলো মান্নান হীরা রচিত ‘ইনডেমনিটি’ নাটকটি। বিশ্ববিদ্যালয়ে এটি নাটকটির দ্বিতীয় প্রদর্শনী ছিলো।

২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহন চক্রবর্তীর পুনঃনির্দেশনায় নাটকটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে মঞ্চস্থ করা হয়েছে।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আজকে আয়োজিত ইনডেমনিটি নাটকে অভিনয়ে ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্যাকর্মীরা। তারা হচ্ছেন ইশতিয়াক আহমেদ, মোহন চক্রবর্তী, মোঃ হান্নান রহিম, মোহাম্মদ ইমতিয়াজ, রবীন্দ্র নাথ বার্মা তপু, শাহ সামিন সাদী, দীপ চৌধুরী দীপ, ওয়াহিদ জামান, ইমতিয়াজ আহমেদ চিন্ময়, তারিন সুমাইয়া হক, নুপুর দাস সহ আরও অনেকে। তাছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সাফায়েত সিফাত, আতিকুর রহমান তনয়, জাওয়াদ উর রাকিন খান, রকিব আহমেদ সহ আরও কয়েকজন থিয়েটার সদস্য।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ‘ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে যে অন্যায়টি হয়েছে তা নাটকের মাধ্যমে আমরা প্রতিফলিত করেছি এবং সত্য ঘটনাটি আমরা মানুষের সামনে আবার তুলে ধরতে চেয়েছি। এই নাটকের মাধ্যমে মানুষ সত্য ঘটনাটি জানতে পারবে এবং সে সময়কার প্রেক্ষাপট সম্পর্কে তারা উপলব্ধি করতে পারে যেনো সেজন্যই আমাদের এই প্রদর্শনী।’

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহন চক্রবর্তী বলেন, ‘১৯৭৫ সালের ২৬শে সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছিল তাই আমাদেরও পরিকল্পনা ছিল ঐদিনেই নাটকটি করবো কিন্তু মুক্তমঞ্চ খালি না থাকায় আমরা একদিন পর করেছি কিন্তু আমাদের এই প্রদর্শনীর পেছনে মূল লক্ষ্য হচ্ছে মানুষ যেনো সেসময়ের প্রেক্ষাপট এবং জাতির পিতার হত্যার সকল পরিকল্পনা এবং এর পরবর্তী অবস্থা সম্পর্কে জানতে পারে।’

অনুষ্ঠানের শেষে উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন প্রদর্শনী হওয়াটা যেনো অব্যাহত থাকে কারণ এর থেকে অনেককিছু জানা যায়, আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন ধারার কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি।

উল্লেখ্য যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংঘটিত হয়। সে হত্যাকান্ডের যাতে বিচার না হয় তাই খন্দকার মোশতাক আহমেদ ২৬ শে সেপ্টেম্বর, ১৯৭৫ সালে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। এটি ১৯৭৫ সালের অধ্যাদেশ নং ৫০ নামে অভিহিত ছিল। পরে ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংসদ কর্তৃক এটি অনুমোদন করা হয়। যার ফলে এটি একটি আনুষ্ঠানিক আইন হিসেবে অনুমোদন পায়। ১৯৭৯ সালের ৯ জুলাই বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীর পর সংশোধিত আইনে এ আইনটি বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এ ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়েই ‘ইনডেমনিটি’ নাটকটি থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবেশনা করেছে।

মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণ: গণপিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

মাহবুব আলম আরিফ :
কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে গুপিটুনি দিয়ে ওবায়দুল হক (২১) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ওবায়দুল হক পালাসুতা গ্রামের মোতাহার হোসেনের ছেলে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, ওবায়দুল হক গ্রামে একটি মুদি দোকান পরিচালনা করেন। সেই সুবাদে তার সাথে সু-সম্পর্ক গড়ে উঠে ওই গৃহবধূর। সোমবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গিয়ে ১০ মিনিট পর ফিরে দেখেন ওবায়দুল হক তার রুমের খাটের উপর বসে আছে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে গুণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে অভিযুক্ত ওবায়দুলকে।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার এস আই মোঃ হাক্কানী বিল্লাহ বলেন, থানা থেকে খবর পেয়ে ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে দেখি অভিযুক্ত ওবায়দুল আহত অবস্থায় একটি খাটের উপর শুয়ে আছে। পরে তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তার যুবক ওবায়দুলের বিরুদ্ধে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে একটি মামলা করেছেন। আগামীকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কসবায় মসজিদের ইমামদের নিয়ে কর্মশালা

 

স্টাফ রিপোর্টার:

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরনের লক্ষ্যে  মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের ও ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে কসবার বিভিন্ন ইউনিয়নের ৮০ জন ইমামদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মূল আলোচক কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ তার উপস্থাপনায় নিরাপদ নিরাপদ অভিবাসনের ধাপ, পদ্ধতি, করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন । প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উইং এবং বায়রার কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

দেবব্রত ঘোষ তাঁর বক্তব্যে নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, নারী অভিবাসী কর্মীর অধিকার, সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, জেনে বুঝে, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুটোই পাওয়া যাবে। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বা অন্যের প্রলোভনে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ এবং মধ্যপ্রাচের বিভিন্ন দেশে নারী অভিবাসনের বিভিন্ন দিক উল্লেখ করেন বিশেষ করে হংকং, ওমান, সৌদি আরব, ইউএই, লেবানন এবং জর্দানে নারী অভিবাসনের বিষয়টি উল্লেখ করেন।

দেবব্রত ঘোষ অভিবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর বিভিন্ন সেবা কার্যক্রম যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক, মৃত প্রবাসী কর্মী ও তার পরিবারের জন্য আর্থিক অনুদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মৃতদেহ দেশে আনয়ন, মৃতদেহ পরিবহন ও দাফন খরচ, অসুস্থ প্রবাসী কর্মীদের জন্য আহত বা অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য, এ্যাম্বুলেন্স সাহায্য, দেশে প্রবাসী কর্মী ও তাঁর পরিবারের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিমিত্ত প্রত্যয়ন পত্র, প্রতিবন্ধী ভাতা বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা ও প্রবাসী কল্যাণ শাখা (জেলা প্রশাসকের কার্যালয়) ইত্যাদি তুলে ধরেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা, জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে এবং প্রান্তিক পর্যায়ে জনগণের মাঝে নিরাপদ অভিবাসনের তথ্য পৌঁছে দিতে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রচারণা অব্যাহত রেখেছে। বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করতে তিনি শিক্ষার্থীদের আহবান জানান।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন আইসিএমপিডি এর “পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ফর রিইন্টিগ্রেশন- ফেইস ২” এর বিভিন্ন কার্যক্রম ও সাংবাদিকের করনীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক ফেইজ এবং হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন।