All posts by jitu

কুমিল্লা সদরে অস্বাস্থ্যকর ও বাসি খাবার বিক্রির অভিযোগে জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বিভিন্ন এলাকায় ভোক্তা‌ অ‌ধিদপ্ত‌র কর্তৃপক্ষ তদার‌কি অ‌ভিযা‌ন করে  দুই প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করেছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত  ছিলেন।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার দিদার মা‌র্কেট, কোটবা‌ড়ি বিশ্ব‌রোড ও চাঙ্গী‌নি মোড় এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও বা‌সি খাবার বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে সংরক্ষ‌ণের অ‌ভিযো‌গে চা‌ঙ্গিনী মোড় এলাকার ভাই ভাই হো‌টেল এন্ড রেস্টু‌রেন্ট‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ২০ কে‌জি বা‌সি খাবার ধ্বংস করা হয়। এছাড়াও বে‌শি দা‌মে পণ‌্য বি‌ক্রি করায় শাহীন ট্রেডার্স ৫ হাজার টাকা জ‌রিমানাসহ দুই প্রতিষ্ঠান‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৫ দোকানী‌কে সতর্ক করার পাশাপা‌শি সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব‌্যবসা প‌রিচা‌লনার নি‌র্দেশনা দেওয়া হয়।

আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানালেন “সম্প্রীতি বাংলাদেশ”

প্রেস বিজ্ঞপ্তি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সব বাঙালির কাছে এই উৎসব চিরায়ত ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির মেলবন্ধনে এক অনুপম প্রীতিময় আনন্দ উৎসব। অতীত থেকেই দুর্গাপূজা উৎসবাকারে পালিত হয়ে আসছে সবার সম্মিলিত প্রয়াসে। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। যাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই ভূমিতে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে বাঙালি জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বুকের রক্ত ঢেলে দেয়। স্বাধীনতার পর জাতির পিতা পবিত্র সংবিধানে ‘ধর্ম নিরপেক্ষতাকে অতীব গুরুত্বসহ সন্নিবেশিত করেন। বঙ্গবন্ধু কন্যা,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’।

যুগ যুগ ধরে বাংলাদেশ বিশ্বের কাছে অসাম্প্রদায়ীক চেতনার সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। আসন্ন দুর্গাপূজায় কোনো অঘটন যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবার  দৃষ্টি আকর্ষণ করছে বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রাণিত সম্প্রীতি বাংলাদেশ। কেবল সরকার, প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, এগিয়ে আসতে হবে শুভবোধ সম্পন্ন বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নাগরিককে। নিজ নিজ এলাকায় গড়ে তুলতে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শানিত সাধারণ জনগনের সবল ঐক্য। ধর্মান্ধ, উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্রিয় ভূমিকা রাখতে হবে আধুনিক মনস্ক সংস্কারমুক্ত তরুন যুবকের। মনে রাখতে হবে অসাম্প্রায়িক ভাবমূর্তি বিনষ্ট হলে বিশ্বমাঝে সকল অর্জন ধূলিসাৎ হবে। আসন্ন দুর্গোৎসবে যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সম্প্রীতি বাংলাদেশ।

সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ বিবৃতিদাতাদের ভেতর রয়েছেন  সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ডাকসুর প্রথম মহিলা ভি.পি মাহফুজা খানম, ইউজিসির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামূল হক ভুইয়া, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, সাবেক রাষ্ট্রদূত ও সচিব এ কে এম আতিকুর রহমান, সাবেক সচিব নাসির উদ্দিন আহম্মেদ, উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহম্মেদ, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সাবেক উপাচার্য ড. রশিদ আশকারী,অধ্যাপক মাহবুবুর রহমান বাবু, মেজর জেনারেল জন গোমেজ, ড. রতন সিদ্দিকী,রেভারেন্ড মার্টিন অধিকারী, সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, জেষ্ঠ সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, জেষ্ঠ্য সাংবাদিক শোয়েব চৌধুরী, জেষ্ঠ্য সাংবাদিক আলি হাবিব,উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, ডা. উত্তম বড়ূয়া, উপাচার্য ড. মো. নাসিম আখতার, উপাচার্য ড. মাহমুদ হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, নিরঞ্জন রায়(কানাডা), বদিউজ্জামান খান নাসিম (যুক্তরাষ্ট্র), হাসানুজ্জামান খান, মোস্তফা ফরিদ (যুক্তরাষ্ট্র), লোকমান হোসেন(যুক্তরাজ্য), আজিজ আহম্মেদ (যুক্তরাজ্য), দেলোয়ার হোসেন(সুইডেন), নজরুল ইসলাম (অস্ট্রিয়া), জেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত, অধ্যাপক বিধান চন্দ্র দাস (রাজশাহী), অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ(জা.বি), অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী, অধ্যাপক ড. ফরিদুল আলম, অধ্যাপক নূজহাত চৌধুরী, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক অসীম সরকার, অধ্যাপক বিমান চন্দ্র বড়ূয়া, অধ্যাপক আব্দুল খালেক(সাতক্ষীরা), অধ্যাপক রুহুল আমিন প্রামানিক (রা.বি), অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল, বিশিষ্ট অভিনয় শিল্পী জয়শ্রী কর জয়া, একুশে পদকপ্রাপ্ত আইনজীবী ও রাজনীতিবিদ এস এম আব্রাহাম লিংকন, অধ্যাপক আ.ব.ম ফারুক, সাবেক যুবনেতা ও আইটি বিশেষজ্ঞ মাহবুব জামান, সাবেক যুবনেতা মো. হিলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ (সাতক্ষীরা), অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা(সাতক্ষীরা), মিলন ব্যানার্জী (বাগেরহাট), লিয়াকত হোসেন (বাগেরহাট) এডভোকেট নরেশ মুখার্জী(বগুড়া), আব্দুস সালাম (নাটোর), এম সাইফুল মাবুদ (ঝিনাইদহ), কবি সাজ্জাদ আনসারী (জামালপুর), হরিপদ (শ্রীমঙ্গল) অধ্যাপক ননী গোপাল সরকার (নেত্রকোনা) সৈয়দা সায়েরা মহসিন (মৌলভিবাজার), হরিপদ রায়(শ্রীমঙ্গল) অধ্যক্ষ গোলাম সারওয়ার (ময়মনসিংহ), বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ (সাতক্ষীরা), মবিনুল হক মবিন (যশোর), অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন (কক্সবাজার) প্রমুখ।

করতোয়া নদীতে নৌকাডুবি, ২৪ জনের ম’রদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৪ জনের ম’রদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মৃ’তদের নাম-পরিচয় জানা যায়নি।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানায়, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ম’রদেহর মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং ঘটনাস্থলে ১৭ জনের ম’রদেহ রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে ৭ জনের ম’রদেহ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ১৭ জনের ম’রদেহ রয়েছে, বাকিদের ম’রদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’

কুবিতে দ্বিতীয় বারের মতো মঞ্চস্থ হবে ‘ইনডেমিনিটি’

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন ‘থিয়েটার কুবি’র ৯ম প্রযোজনায় মঞ্চস্থ হবে মান্নান হীরা রচিত ‘ইনডেমনিটি’ নাটকটি। বিশ্ববিদ্যালয়ে এটি নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।

আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহন চক্রবর্তীর পুননির্দেশনায় নাটকটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে মঞ্চস্থ করা হবে।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংঘটিত হয়। সে হত্যাকান্ডের যাতে বিচার না হয় তাই খন্দকার মোশতাক আহমেদ ২৬ শে সেপ্টেম্বর, ১৯৭৫ সালে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। এটি ১৯৭৫ সালের অধ্যাদেশ নং ৫০ নামে অভিহিত ছিল। পরে ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংসদ কর্তৃক এটি অনুমোদন করা হয়। যার ফলে এটি একটি আনুষ্ঠানিক আইন হিসেবে অনুমোদন পায়। ১৯৭৯ সালের ৯ জুলাই বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীর পর সংশোধিত আইনে এ আইনটি বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।

এ ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়েই ‘ইনডেমনিটি’ নাটকটি থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবেশনা করবে।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ‘ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে যে অন্যায়টি হয়েছে তা নাটকের মাধ্যমে আমরা প্রতিফলিত করবো এবং সত্য ঘটনাটি আমরা মানুষের সামনে আমরা তুলে ধরবো। এই নাটকের মাধ্যমে মানুষ সত্য ঘটনাটি জানতে পারবে এবং সে সময়কার প্রেক্ষাপট সম্পর্কে তারা উপলব্ধি করতে পারবে ।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ২৬শে সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছিল তাই আমাদেরও পরিকল্পনা ছিল ঐদিনেই নাটকটি করবো কিন্তু মুক্তমঞ্চ খালি না থাকায় আমরা একদিন পর করবো।’

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে রানারআপ কুবির ডিবেটিং সোসাইটি

 

কুবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হল আয়োজিত ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে ঢাবির মুহসিন হলের সাথে ফাইনালে লড়ে রানারআপ হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দল।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই আন্ত:বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হয়। এই বিতর্ক উৎসবের মূল প্রতিপাদ্য ছিল- জলবায়ু পরিবর্তনের যুগে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ।

কুবি থেকে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দলে ছিলেন আহমদ উল্ল্যাহ রাফি, ফাতিমা তুজ জোহরা মিম ও সামিউল ইসলাম জিসান।

এই বিতর্ক উৎসবের ফাইনালে লড়ার পূর্বে মোট ৬টি বিতর্কের ৫টিতেই বিজয়ী ছিল কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি দল। ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈম বলেন, প্রথমবারের মতো জাতীয় পর্বে রানার আপ হওয়ার আনন্দের পাশাপাশি চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ আছে। তবে এটা মাত্র শুরু। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিতর্কের মাধ্যমে গৌরব বয়ে আনতে সবসময় কাজ করে যাবে। সকল সীমাবদ্ধতা ছাপিয়ে আমরা ভবিষ্যৎ চ্যাম্পিয়ন হতে চাই।

উল্লেখ্য, “নোনা জলের সন্তাপে ভাসে এক পৃথিবীর স্নেহকোল, দূর প্রান্তরে জানি জাগবেই আবার জীবনের কল্লোল”- এই স্লোগানকে সামনে রেখে গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর ঢাবির ফজলুল হক হল ডিবেটিং ক্লাব আয়োজন করে দেশের বিজ্ঞান বিতর্কের সবচেয়ে বড় আয়োজন “ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২২”। যেখানে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৪ দিনব্যাপী সংসদীয় পদ্ধতির এই বিতর্ক উৎসবটি অনুষ্ঠিত হয়।

ধর্ষণের ভিডিও ধারণ করে অর্থ আদায়, নগরীর টমছম ব্রীজ থেকে যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ। পরবর্তীতে গোপনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে হয়রানি করার অভিযোগে জাহেদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৪ সেপ্টেম্বর রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়।

আটককৃত ধর্ষক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া (নতুনগ্রাম) গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভিকটিম রুনা (২৬) (ছদ্মনাম) কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কুমিল্লা নগরীর বিভিন্ন হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে সে তাল-বাহানা শুরু করতে থাকে ও গোপনে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের নিকট হতে মোটা অংকের অর্থ আদায় করে।

উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

স্কুলছাত্রী অদিতার হত্যাকারীর ফাঁসির দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নিজ বাসায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) হত্যার ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে ফের ক্ষোভে ফেটে পড়েছেন তার সহপাঠী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর টাউনহল মোড় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ঘন্পাব্যাপী সড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা জড়ো হয়ে খুনি ও ধর্ষকের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘আমার বোন কবরে? খুনি কেনো বাহিরে। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই।

উল্ল্যে, বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) গলাকেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহ শিক্ষক আবদুর রহিম রনিকে (২০), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) গ্রেফতার করে। শুক্রবার আদালত রনির ৩ দিনের মঞ্জুর করে। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি রনি হত্যার কথা স্বীকার করে। পরে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ এর আদালত আসামি রনি ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।

কুমিল্লা নগরী ও সদর দক্ষিণে ডিবির অভিযান: মাদকসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল এবং ৪ কেজি গাঁজাসহ  ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার ( ২৪ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখার একটি টিম দুই উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্র জানায়, সদর দক্ষিণ উপজেলার মধ্যম রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কনেশতলা-টু-চৌয়ারাগামী পাকা রাস্তার উপর হতে (কুমিল্লা-থ-১১-৬২৮৩) একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে সিএনজি  চালকের সীটের নীচ থেকে এবং যাত্রী বেশে বসা ২ জন মহিলা যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থা হতে ১২০ পিস ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় চালক ও ২ মহিলাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজারের উলুরচর গ্রামের জাহাঙ্গীর আলমের  ছেলে সিএসজি চালক আব্দুল মান্নান (৩৩),  দেবিদ্বার উপজেলার দারিয়াপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে  হাসিনা আফরিন(২৫) এবং একই উপজেলার একই গ্রামের  শামীম উদ্দিনের স্ত্রী  নার্গিস বেগম (৩৫)। তাছাড়া আটককৃত মহিলা আসামীগন দীর্ঘদিন যাবৎ আটককৃত সিএনজির মাধ্যমে ড্রাইভারের সহযোগীতায় শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে ফেন্সিডিল এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করে থাকে। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।  আসামীদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মামলা রয়েছে।

অপর একটি অভিযানে নগরীর রাজগঞ্জ বাজারের পদ্মা ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ হাতে পালানোর চেষ্টাকালে ব্যাগ তল্লাশী করলে উক্ত বাজারের ব্যাগ হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মোঃ ফরহাদ মিয়াকে (১৯) আটক করা হয়।  আটক হওয়া মো: ফরহাদ মিয়া সদরের আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের  কামরুল হোসেনের ছেলে।  এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাস্তবত ইউনিয়ন পরিষদের সদস্যরাই অবহেলিত- এমপি হাশেম খান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান বলেছেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা তৃনমুল সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন। সমাজের অবহেলিত মানুষগুলো তাদের কাছে গিয়ে দুঃখ কষ্টের কথা বলেন। কিন্তু বাস্তবত ইউনিয়ন পরিষদের সদস্যরাই অবহেলিত। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তাই ইউনিয়ন পরিষদ সদস্যদের সকল দাবী সংসদে উত্থাপন করা হবে।

শনিবার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাকশীমূল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ লিটন রেজা, সিনিয়র সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ষোলনল ইউনিয়ন পরিষদের মেম্বার বাদল খাঁ ও সাংগঠনিক সম্পাদক মোকাম ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসেন।

উক্ত সম্মেলনে কুমিল্লা জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও বুড়িচং উপজেলা শাখার সদস্যদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডল, সর্দার নাজমুল সাকিব সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া ও কুমিল্লা জেলার সদস্য সচিব মোতাহাব হোসেনসহ অন্যান্য অতিথি ও সদস্যগণ।