All posts by jitu

দাউদকান্দিসহ চার উপজেলায় ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলা এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর গৌরীপুর আঞ্চলিক কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চার উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সময় ওই এলাকার সব শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে ওই এলাকায় মো. সবুজ মিয়া নামে একজন ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টহল দল নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, যৌথবাহিনির অভিযানে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

৩০ জানুয়ারি কুমিল্লায় আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা সফর করবেন। তার এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। নেতারা আশা প্রকাশ করেছেন, এই সমাবেশে কুমিল্লা মহানগরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে এক লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে।

এ উপলক্ষে ২৮ জানুয়ারি (বুধবার) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেন, জামায়াতে আমিরের আগমনকে ঘিরে জনসভা সফল করতে সাংগঠনিক, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কুমিল্লা সফরের অংশ হিসেবে পরদিন ৩১ জানুয়ারি জামায়াতে আমির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন।

নেতারা জানান, উভয় জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

কুমিল্লায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ও সৌদিআরব বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল এর মাতা মোমেনা বেগম (৯০) গতকাল রাতে ইন্তিকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)। আজ ২৬জানুয়ারী মঙ্গলবার বাদ জোহর মরহুমর নামাজের জানাজা শহরের রাণীর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মোমেনা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬সংসদীয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহম্মদ,কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির,মরহুমার কনিষ্ঠ জামাতা রানীর বাজারের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার খুরশিদ সাঈদী, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন সহ মহানগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম উলামারা।

জানাজার নামাজের ইমামতি করেছেন মাদ্রাসা গুলজারে মদিনার মুহতামিম ও মরহুমার দৌহিত্র মুফতি আশ্রাফ আলী মামুন।।

বুড়িচংয়ের জগতপুর এলাকা হতে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর এলাকা হতে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩ টায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসমূহ বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র উদ্ধার দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

ফ্যাসিস্ট সরকার লুটপাট করে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করে পালিয়ে গেছে: ড. মোশাররফ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বিরাজমান সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ ধানের শীষের দল ছাড়া কেউ জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, কৃষি, শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুতসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে,নিরাপদে থাকে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে মানুষ ঠকেনি, বরং জিতেছে। আগামীতেও জিতবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার উত্তর বাজার বালুর মাঠে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন,ফ্যাসিস্ট সরকার লুটপাট করে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করে পালিয়ে গেছে। এই লন্ডভন্ড ধ্বংযজ্ঞ অবস্থা থেকে দেশকে টেনে তুলতে হলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবে।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশে বসে কলকাঠি নাড়ছে। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।

উঠোন বৈঠকে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। পথে ঘাটে,হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান। বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জাতি ধর্ম নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ড.খন্দকার মারুফ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ প্রমুখ।

এদিকে সকাল থেকে ড.খন্দকার মারুফ হোসেন ধানের শীষের পক্ষে বিটেশ্বর ও মারুকা ইউনিয়নের চিনামুড়া, ওজারখোলা, চক্রতলা,চষই, ধারিবন্দ,কাটারীপাড়া ও মারুকা স্পটে গণসংযোগ করেন এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এইসব পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এম.এ লতিফ ভূইয়া,জসিমউদ্দিন আহমেদ, এনামুল হক সফর তালুকদার, মামুনুর রশীদ ভুইয়া, রোমান খন্দকার,আনোয়ার হোসেন আনন্দ,বোরহানউদ্দিন ভুইয়া প্রমুখ।

দেবিদ্বারে দুইটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালালনা করা হয়। এ সময় পুলিশের টিম নিয়ে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ।

অভিযানে পৌরসভার এইচবিসি ব্রিকস ও একতা ব্রিকস নামক দুটি ব্রিকসকে অনুমতি বিহীন কৃষি জমির মাটি কাটিয়া মাটি দ্বারা ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করলে ভাটা স্থাপন নিয়ন্ত্রণ, আইন ২০১৩ এর ১৫(১) ধারায় দুটি মামলায় প্রতিটিকে ৩ লক্ষ টাকা করে সর্বমোট ছয় লক্ষ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন,‘পরিবেশে কৃষি জমির মাটি কাটিয়া পরিবেশ ও জমির ক্ষতি করে- এমন কোনো অবৈধ কাজ ইটভাটায় করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’

ব্রাহ্মণপাড়ায় আমেরিকা প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই ৯নং (আলী আকবর মুন্সি বাড়িতে) এলাকার শফিকুল ইসলাম গং ও মৃত সুন্দর আলী গং দের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। পৈতৃক সম্পত্তি যাহার খতিয়ান নং:- ৩৪০২, বিএস খতিয়ান নং:-২৫৭৫, দাগ নং:-৭৩১৮,৭৩২৪, ১৫ শতক জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করে আসছে।

এ নিয়ে শফিকুল ইসলাম গং কুমিল্লা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দক্ষিণ আদালতে ০৭/০৭/২০২৫ তারিখ ৫ জনের নাম উল্লেখ করে মৃত শফিকুল ইসলামের ছেলে আমেরিকা প্রবাসী সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের বড় ভাই সোহরাব হোসেন(৩২) একটি মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন শিদলাই ৯নং ওয়ার্ডের মৃত সুন্দর আলীর ছেলে নানু মিয়া(৫৫), অলি উল্লাহ মেন্টু(৫০), বেদন মিয়া(৪৬), মৃত আবদুল মতিনের ছেলে মহসিন(৩৪), মোঃ জুয়েল রানা(৩২)। এখনো মামলা চলমান রয়েছে।

আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তারাসহ কিছু বহিরাগত লোকজন ভাড়া করে জোরপূর্বক ভাবে গত ২১ জানুয়ারি সকালে আমার বাড়ীর দক্ষিণ পাশে পুকুর পাড়ের অনেক গুলো গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাঁধা প্রদান করতে গেলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। কেউ বাঁধা দিতে আসলে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে আমরা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে, থানা পুলিশ পরামর্শ দেন লিখিত অভিযোগ করার জন্য। পরে আমি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ করি।

অভিযুক্তব্যক্তিরা হলেন- মৃত সুন্দর আলীর ছেলে নানু মিয়া(৫৫), অলি উল্লাহ মেন্টু(৫০), বেদন মিয়া(৪৬), মৃত আবদুল মতিনের ছেলে মহসিন(৩৪), নানু মিয়ার ছেলে মোঃ জুয়েল রানা(৩২), অলি উল্লাহ মেন্টুর ছেলে মোঃ হাবিব(২০)সহ অজ্ঞাতনামা ৩/৪ জন।

বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন বিবাদীগণ গাছ কাটছে। পরে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এখন আমি আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এএসআই কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই কিছু লোক গাছ কাটতেছে।৷ দু’পক্ষকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

কুমিল্লা সদরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আদর্শ সদর আর্মি ক্যাম্পে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি রাত পৌনে ২ টায় সদর এলাকার পাথুরিয়া পাড়া একটি বাসভবনের নিকট অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রাখার সন্দেহে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংলগ্ন জঙ্গলের একটি পরিত্যক্ত স্থান থেকে ১× এলজি, ২× রাউন্ড শর্টগান এ্যামুনেশন, ২× রাউন্ড মেশিনগান এ্যামুনেশন এবং একাধিক বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে এবং এলাকায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযান,দেশীয় অস্ত্রসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা হতে ১১টি দেশীয় অস্ত্র এবং ২টি মোবাইলফোনসহ একজনকে করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে চাঁদপুর জেলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া সৈয়দ আহমেদ বেপারী (৪৫) হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের মৃত. নূর মোহাম্মদ বেপারীর ছেলে।

আটক হওয়া ব্যক্তি এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি হাইমচর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।