All posts by jitu

এবার দর্শকদের নতুন খবর দিলেন পূর্ণিমা

বিনোদন ডেস্কঃ

বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নায়িকা। বিয়েপরবর্তী সামাজিক অনুষ্ঠান, মধুচন্দ্রিমা সব মিলিয়ে দারুণ সময় কাটছে।

এবার দর্শকদের নতুন খবর দিলেন পূর্ণিমা। সিনেমায় নিয়মিত হচ্ছেন তিনি।

‘আহারে জীবন’ নামের সিনেমার মাধ্যমেই সরকারি অনুদানের সিনেমায় অভিষেক হচ্ছে পূর্ণিমার। পরিচালনা করবেন ছটকু আহমেদ। বুধবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ বিষয়ে পূর্ণিমা জানান, গল্পটা চমৎকার। আর সর্বোপরি এটি সরকারি অনুদানের সিনেমা। আর ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীণ পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সব মিলিয়েই ভেবেচিন্তে সিনেমাটি কাজ করতে যাচ্ছি। যেহেতু ছটকু ভাই গুণী একজন নির্মাতা, তাই আমার বিশ্বাস কাজটি বেশ ভালো হবে।

১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’।

২৭ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে তুষার খাঁ (৩৫) নামের বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহিমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানান, ভোরে ভারতীয় এক নাগরিক ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে সীমান্তে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে পড়ে থাকতে দেখে মসজিদের ইমামকে জানান। পরে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে অবগত করেন।

খবর পেয়ে বিজিবির শশীদল বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভারত অংশে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিএসএফও ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিজিবি-বিএসএফের মধ্যে অজ্ঞাত যুবক কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে দফায় দফায় আলোচনা হয়। বিজিবি ও বিএসএফ দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় যুবককে বাংলাদেশে যথা সময়ে নিয়ে আসা সম্ভব হয়নি।

পরে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের ফুফু আসমা বেগম জানান, আমার স্বামী কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তুষার আমার স্বামীকে দেখতে বুধবার সকালে হাসপাতালে আসে। সেখান থেকে সকাল ১০টায় তুষার শশীদল এলাকায় আমাদের বাড়িতে আসে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা শশীদল রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাঁকে পাইনি। পরে ফেসবুকে তার ছবি দেখে নিশ্চিত হই এটি আমার ভাইয়ের ছেলে। বিষয়টি বিজিবিকে জানানো হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কাজী তানভীর আবসাল বলেন, বিকেল পৌনে ৪টায় ঘটনাস্থলে এসে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত পাই। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক জানান, সকাল ৬টায় খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসময় গুরুতর আহত অবস্থায় এক যুবককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে বানানো হচ্ছিল নকল ডিটারজেন্ট ও শিশুদের জুস

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার জল্লা গ্রামে চৈত্রি কান্তা আইসক্রিম ফ্যাক্টরির আড়ালে নকল ডিটারজেন্ট পাউডার ও শিশুদের খাবারের জুস বানানোর অভিযোগে ওই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ফ্যাক্টরিতে ব্যবহৃত মেশিনসহ মালামাল জব্দ, ফ্যাক্টরির মালিক জল্লা গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন ফজলুকে গ্রেফতার করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোশারফ হোসাইন।

জানা যায়, শাহাদাত হোসেন ফজলু মিয়া পল্লী বিদ্যুতের একজন গ্রাহক, তার মিটার বকেয়ার জন্য সংযোগ বিছিন্ন করা হলে তিনি নবীনগর পল্লী বিদ্যুত জোনাল অফিসে এসে স্টাফদের সঙ্গে খারাপ আচরন করেন। পরবর্তীতে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা পুলিশ ফোর্স নিয়ে তার আবাসিকসহ শিল্প সংযোগ বিছিন্ন করার সময়, পুলিশ দেখতে পায় তার মালিকানায় চৈত্রি কান্তা আইসক্রিম ফ্যাক্টরির আড়ালে অবৈধভাবে নকল ডিটারজেন্ট পাউডার ও শিশুদের খাবারের জুস তৈরি হচ্ছে।তাৎক্ষনিক খবর চলে যায় ভ্রাম্যমাণ আদালতের কাছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে ওই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। পচা ও দুর্গন্ধ পরিবেশে এসব তৈরি করা হচ্ছিল, বিএসটিআই এর কোন অনুমোদন না থাকায় ফ্যাক্টরি সীলগালা ও ব্যবহৃত মেশিনসহ সকল মালামাল জব্দ করে ফ্যাক্টরির মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কুমিল্লার আমতলী থেকে ১৬৭ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমতলী থেকে ১৬৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ আব্দুস সামাদ (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোরে আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

আটককৃত যুবক নোয়াখালীর চরজব্বর উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের আবুল কালামের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে স’মিলের আড়ালে মাদক ব্যবসা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় স’মিল থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

এ সময় মোবারক হোসেনের (৩৫) বিসমিল্লাহ নামে স’মিলের গোপনকক্ষে কাঠের বাক্স থেকে ১০ বোতল ফেনসিডিল, ১৩ বোতল স্কার্ফ সিরাপ, ২ বিয়ার বোতল, ৩ বোতল হুইস্কি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান, পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ মালামাল পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশ ও শংকুচাইল বিজিবি টিম।

শীর্ষ আইএস নেতা তুরস্ক থেকে আটক

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বাশার খাত্তাব গজল আল সুমাইদাই নামে শীর্ষ এক আইএস নেতাকে তুরস্কে আটক করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার ওই আইএস নেতাকে গ্রেফতারের ঘোষণা দেন। খবর আনাদোলুর।

আবু জায়েদ বা মাস্টার জায়েদ ছদ্ম নামে তিনি তুরস্কে অবস্থান করছিলেন। ইস্তানবুলে বিমানে বসে সাংবাদিকদের এ তথ্য জানান এরদোগান।

তিনি বলকান অঞ্চলের তিন দেশ সফর শেষে বৃহস্পতিবার তিনি তুরস্কে এসে পৌঁছান।

এরদোগান বলেন, সিরিয়া ও ইস্তানবুলে যাতায়াত করা ওই আইএস নেতার ওপর বহু দিন ধরে নজর রাখছিলেন তুরস্কের গোয়েন্দারা।

বর্তমানে পুলিশ হেফাজতে ওই আইএস নেতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুমিল্লায় ফার্মাসিউটিক্যালসের পিকআপ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় একটি ফার্মাসিউটিক্যালসের পিকআপভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল এবং গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ভ্যানের চালক আল আমিন হোসেন সুমনকে (৩২) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে মাদকভর্তি পিকআপভ্যানসহ তাকে আটক করা হয়।

আটককৃত আল আমিন হোসেন সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে।

র‌্যাব ১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ফার্মাসিউটিক্যালসের কাভার্ডভ্যান থেকে ৮ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ বোতল ফেনসিডিল ও ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত  ফার্মাসিউটিক্যালসের মিনি পিকআপভ্যানটিও জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত জব্দকৃত কাভার্ডভ্যান ব্যবহার করে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও মাদকদ্রব্য পরিবহণের জন্য বিশেষ প্রক্রিয়ায় ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান ব্যবহার করে তার ভিতরে ওষুধের আড়ালে মাদক পরিবহণ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খেলার মাঠে বাজে আচরণ: শাস্তি পেল পাকিস্তান-আফগানিস্তানের সেই দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্কঃ

ব্যাটার আসিফ আলিকে আউট করার পর বোলার ফরিদ আহমেদ যে আচরণ দেখিয়েছেন এবং এর প্রতিক্রিয়ায় যে আচরণ প্রদর্শন করেছেন আসিফ- তাতে দু’জনেরই দোষ খুঁজে পেয়েছে আইসিসি। যার ফলে আইসিসি পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রিকেটার আসিফ আলি ও ফরিদ আহমেদ- দু’জনকেই শাস্তি দিয়েছে।

শাস্তি হিসেবে দুই ক্রিকেটারেরই ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেয়া হবে এবং একই সঙ্গে দু’জনের আচরণবিধিতে ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হলো। গত ২৪ মাসের মধ্যে এই দু’জনের নামে যদিও এ ধরনের আচরণের কোনো রেকর্ড তথা কোনো ডিমেরিট পয়েন্ট যোগ করা নেই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।

আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তির কথা ঘোষণা করেন। দুই অভিযুক্ত ক্রিকেটারই শাস্তির বিষয়টা মেনে নেয়ায় পরবর্তী কোনো শুনানির আর প্রয়োজন হয়নি।

ঘটনা ঘটেছিল, মঙ্গলবার রাতে শারজায়, পাকিস্তান এবং আফগানিস্তান সুপার ফোরের ম্যাচ চলাকালীন। ম্যাচের ১৯তম ওভারে ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান আসিফ আলি। এ সময় আনন্দের আতিশয্যে বোলার ফরিদ খুব বাজে আচরণ করেন এবং আসিফ আলিকে ধাক্কা দেন। এমন আচরণে ক্ষেপে যান আসিফ আলিও। তিনি ব্যাট দিয়ে ফরিদকে মারতে যান।

আইসিসি বলছে, ব্যাট দিয়ে মারতে উদ্ধ্যত হওয়াটা আইসিসির খেলোয়াড় আচরণ বিধির ২.৬ আর্টিকেলের লঙ্ঘণ। আর ফরিদ আহমেদের আচরণটা হয়েছে আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.১.১২ এর লঙ্ঘণ। শাস্তির সঙ্গে দুই ক্রিকেটারকে সতর্কও করে দেয়া হয়েছে।

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার থেকে ৩ দিন (৯, ১০ ও ১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে ৩ দিনের শোক ঘোষণা করেছে সরকার। শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১১ সেপ্টেম্বর রোববার পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ উপলক্ষে আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। জীবনের ৭০ বছর তিনি ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন। এ বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে।

গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এরমধ্যে গত মঙ্গলবার বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সদ্য নির্বাচিত লিজ ট্রাস।

এদিকে ব্রিটিশি রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে এক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান।

এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা বাদ: মমতা 

ডেস্ক রিপোর্টঃ

ভারতে সফরে থাকা অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ার ক্ষমতাসীন বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় একটি রাজনৈতিক সভায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকও হয়েছে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন ডাকা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।

তিনি বলেন, ‘‘পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলতে চাই না। শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা বাদ।’’

শেখ হাসিনার সঙ্গে তার পুজো বা ঈদের উৎসবে উপহার দেওয়ার সম্পর্কে তা উল্লেখ করে মমতা বলেন, ‘‘এত রাগটা কিসের? এত গুস্‌সা কিঁউ? বড়া বড়া বাবু লোগো কো ইতনা গুস্‌সা কিউ হ্যায়!’’

এর পরে অতীতের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে মমতা অভিযোগ করেন, ‘শিকাগো থেকে আমন্ত্রণ পেলেও তাঁকে আটকে দেয় কেন্দ্র। চীনে যেতে দেয়নি’। এ নিয়ে তাঁর যে কোনও আক্ষেপ নেই তা বুঝিয়ে মমতা বলেন, ‘‘বাংলায় ঘুরলেই সারা বিশ্বে ঘোরা হয়ে যাবে।’’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এ প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসেছেন এবং আমার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্যে আসেননি। আমি জানি না কেন তারা (বিজেপি) আমার ওপর এত ক্ষুব্ধ।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ৫ সেপ্টেম্বর প্রতিবেশী দেশটি সফরে যান প্রধানমন্ত্রী। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক হয়। প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সুত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দ বাজার।