All posts by jitu

নোয়াখালীতে বিএনপির প্রতিবাদ সভার মঞ্চে ছাত্রলীগ, যুবলীগের হামলায় আহত ৩০

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে বিএনপির ডাকা প্রতিবাদ সভার জন্য বানানো মঞ্চ, চেয়ার ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হানিফ ও সদস্য সচিব শাহজাহান রানাসহ ৩০ জন নেতাকর্মি আহত হয় বলে দাবি করছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে চাটখিল পৌরসভার চাটখিল আলিয়া মাদরাসা প্রাঙ্গণে মঞ্চ ভাংচুরের এ ঘটনা ঘটে। এতে বিএনপির জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডাকা প্রতিবাদ সভা পন্ড হয়ে যায়। তবে সরকারি দলের নেতাকর্মিদের তান্ডব উপেক্ষা করে বিএনপির কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে চাটখিল বাজারের পূর্ব পাশে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করা হয়।

চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জুমআর নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসম্মিক উপজেলা ছাত্রলীগ,যুবলীগের নেতাকর্মিরা উপজেলা আওয়ামীলীগের নেতাদের মদদে আমাদের প্রতিবাদ সভার মঞ্চ ভেঙ্গে তছনছ করে দেয়। তখন আমরা নামাজে ছিলাম। বিএনপির কোনো নেতা-কর্মী সেখানে ছিলেন না।

তিনি অভিযোগ করে আরও বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা আগ্নেয়াস্ত্র হাতে মঞ্চ ভাংচুর ও বিএনপির নেতাকর্মির ওপর হামলা চালায়। বিভিন্ন ইউনিয়নের সরকারি দলের নেতাকর্মিরা আমাদের এ প্রতিবাদ সমাবেশকে বানচাল করতে ওপেন অস্ত্র হাতে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবিরের সামনে আমাদের নেতাকর্মিদের ওপর হামলা চালানো হয়। ওই সময় পুলিশ কোন ভূমিকা রাখেনি।

কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাটখিল পৌরসভার এলাকার আলিয়া মাদরাসার সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিকেলের এ সভার জন্য সকাল থেকে প্যান্ডেল ও মঞ্চ বানানো হয়। জুম্মার নামাজের শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ অস্ত্রধারী উপজেলা ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মি এসে হামলা চালিয়ে মঞ্চ, চেয়ার ও ভাঙচুর করেন। এ সময় পুলিশ নিরব ভূমিকায় অবতীর্ণ হয়। প্রতিবাদ সভায় আসার পথে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আমাদের ৩০জন নেতাকর্মিকে আহত করা হয়। ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা প্রতিবাদ সভাস্থল ঘিরে রাখায় আমরা প্রতিবাদ সভা করতে পারিনি।

নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, গত তিন দিন ধরে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিএনপি প্রতিবাদ সভা করেছে। আওয়ামীলীগের পক্ষ থেকে বিএনপির প্রতিবাদ সভা পন্ড করার কোন নির্দেশনা নেই। তবে চাটখিল উপজেলা বিএনপির মধ্যে দুটি গ্রুপ রয়েছছে। তারা নিজেদের মধ্যে কোন্দলের কারণে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিবাদ সভাস্থলে ছাত্রলীগ-যুবলীগের কোনো নেতা-কর্মি হামলা করেনি বলে তিনি দাবি করেন।

বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিনের খোকনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,এ রকম কোন ঘটনা ঘটেনি।

বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহ’ত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।

মৃত জান্নাতুল ফেরদাউস (১৪) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আহছান উল্যাহ মাসুদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

শুক্রবার (২৬ আগস্ট) সকালের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে,গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চরএলাহী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জান্নাতুল কে তার রুমের সামনে ছটপট করতে দেখে তার মা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম বিষ পান করেছে বলে জানায়। এরপর ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এরপর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে সে রাত ৩টা ১৫মিনিটের দিকে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবা বিয়ে দিতে চাওয়ায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩৭, গৃহহীন লাখ লাখ মানুষ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩৭-এ দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় ৩৪৩ শিশুসহ ৯৩৭ জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিন্ধু প্রদেশে, ৩০৬ জনের। আর বেলুচিস্তানে ২৩৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। সরকারি-বেসরকারি আশ্রয়শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থাও অচল হয়ে পড়েছে। অনেক এলাকায় সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। পানিতে ভেসে গেছে সেতু।

চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ লাখ ঘরবাড়ি। আশ্রয়হীন ৩ কোটি মানুষ। দুর্গতদের সর্বোচ্চ সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ক্ষয়ক্ষতি সামাল দিতে পাকিস্তানের বড় অঙ্কের অর্থের প্রয়োজন। প্রধানমন্ত্রী শাহবাজ বন্যা ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনার জন্য একটি বৈঠক করেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করতে নাগরিকদের অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।

ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৫ বছর ধরে ধর্ষণ, আ’লীগ নেতা কারাগারে

 

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণের অভিযোগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে ধর্ষণের ভিডিও ধারণ করে পাঁচ বছর ধরে এক তরুণীকে ধর্ষণ করে আসছেন তিনি।

এ ঘটনায় মামুনকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার আদালত মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অপরদিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাতের আদালতে ভুক্তভোগির জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয় উপজেলার অরণখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন নকরেককে। এরপর ওই দিন রাতেই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মামুন নকরেকের সঙ্গে ওই তরুণীর সঙ্গে পাঁচ বছর আগে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই তরুণীর। এ সময় অজান্তে সেই দৃশ্য ধারণ করেন মামুন। এরপর থেকে ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ বছর থেকে ধর্ষণ করে আসছেন মামুন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ছাড়া বিষয়টি প্রকাশ করলে ওই তরুণীকে হত্যার এবং ভিডিও প্রকাশ করার হুমকি দেন তিনি। সম্প্রতি মেয়ের শরীরের গড়ন দেখে সন্দেহ হয় ভুক্তভোগীর মায়ের। এরপর বিষয়টি জানার জন্য মেয়ের ওপর চাপ সৃষ্টি করেন মা। মায়ের চাপে বাধ্য হয়ে হত্যার হুমকি উপেক্ষা করে মুখ খোলেন মেয়েটি।

ভুক্তভোগীর মা জানান, অনেক কষ্টে দিনমজুরি করে টাকা উপার্জন করে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি। বর্তমানে মেয়েটি অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর শরীরের গড়নে পরিবর্তন দেখে মেয়েকে নানাভাবে চাপ সৃষ্টি করলে মেয়েটি মুখ খোলে। তাঁর কাছ থেকে জানতে পারি ২০১৭ সালে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। পরবর্তীতে তাঁর মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে মেয়েকে জিম্মি করে। এরপর থেকে বিভিন্ন সময়ে মেয়েকে ধর্ষণ করেন তিনি। বর্তমানে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে অনেকেই মীমাংসার চেষ্টা করেছে। এরপর আইনের দ্বারস্থ হন তিনি।

ভুক্তভোগি ওই তরুণী বলেন, ‘মামুন পাঁচ বছর আগে আমাকে বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না। ওই দিন সে এসে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং গোপনে ভিডিও ধারণ করেছে। পরে ওই ভিডিও দেখিয়ে আমাকে ব্লাক মেইল করে। ভিডিও ফেইসবুকে দেওয়ার হুমকি দেয়। এইভাবে জিম্মি করে আমাকে মাঝে মধ্যেই ধর্ষণ করত। কাউকে জানালে আমাকে হত্যা করবে বলেও হুমকি দিত মামুন।’

সত্যজিৎ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, মামুন নকরেক বিবাহিত। এক ছেলে ও এক মেয়ের আছে তার। তিনি আগে ছিলেন দিনমজুর। রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে দিনমজুরি ছেড়ে দেন। সারা দিন সামাজিক-রাজনৈতিক সভা সমাবেশ, সালিসি বৈঠকসহ নানা কাজে ব্যস্ত সময় কাটান। তার মতো ব্যক্তির ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যুক্ত থেকে মামুন নকরেক স্থানীয়দের বিভিন্নভাবে নির্যাতন করে থাকেন। এর আগেও অন্য নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক সৃষ্টি অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে। যার সালিসি বৈঠকও হয়েছে।

এ ব্যাপারে অরণখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিলিপ মৃ বলেন, মামুন নকরেক অরণখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি আগে দিনমজুর থাকলেও বর্তমানে তিনি নানা সামাজিক কর্মকাণ্ডের যুক্ত থাকেন। তাঁর বিরুদ্ধে একজন নারীকে ধর্ষণের অভিযোগ শুনেছি। সত্যতা জানি না।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা মামুন নকরেককে আদালতে সোপর্দ করা হয়েছে। মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার মোবাইলটি জব্দ করা হয়েছে। তদন্তের জন্য সংশ্লিষ্টদের নিকট মোবাইল পাঠানো হবে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মেসিকে আঘাত করলে তোমাকে মেরেই ফেলবো: সার্জিও আগুয়েরো

 

স্পোর্টস ডেস্কঃ

বৃহস্পতিবার রাতে হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের গ্রুপপর্বের ড্র। যেখানে সি গ্রুপে মৃত্যুকূপে পড়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন। এছাড়া এইচ গ্রুপে রয়েছে পিএসজি, জুভেন্টাস, বেনফিকা ও ম্যাকাবি খাইফা।

গ্রুপপর্বের ড্রয়ের পর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা। যেখানে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। তার চিন্তা প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে যেনো ইনজুরিতে না পড়েন মেসি, সে বিষয়ে তৎপর আগুয়েরো।

চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের গ্রুপে রয়েছে বেনফিকা। যে ক্লাবে খেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ক্লাব ফুটবলে প্রতিপক্ষ হলেও আসন্ন বিশ্বকাপে একসঙ্গে একই দলের হয়ে নামতে দেখা যাবে মেসি ও ওটামেন্ডিকে। তার আগে ওটামেন্ডিকে সতর্ক করে দিয়েছেন তার সাবেক সতীর্থ আগুয়েরো।

ম্যানচেস্টার সিটিতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আগুয়েরো ও ওটামেন্ডি। তাই ডিফেন্ডার হিসেবে ওটামেন্ডির আগ্রাসী মনোভাব বেশ ভালোভাবেই জানা রয়েছে আগুয়েরোর। এজন্যই তিনি ওটামেন্ডিকে সতর্ক করে দিয়েছেন, পিএসজির বিপক্ষে ম্যাচে যেনো মেসিকে ফাউল না করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইচে এই লাইভস্ট্রিমে আগুয়েরো বলেছেন, ‘পিএসজি বেনফিকাকে পেলো… ওটামেন্ডি, ভুলেও লিওকে ইনজুরিতে ফেলো না। আমি তোমাকে খুন করে ফেলবো। বিশ্বকাপ সামনেই আছে।’

শুধু মেসি নয়, জুভেন্টাসের হয়ে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়েও চিন্তিত আগুয়েরো। তিনি বলেছেন, ‘এবং হ্যাঁ তুমি (ওটামেন্ডি) কিন্তু ডি মারিয়ার জুভেন্টাসের বিপক্ষেও খেলবে।’

সৌদি আরবে প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার দুই ভাইসহ ৩ যুবক নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে একটি প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের সহোদরসহ তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরণ।

নিহতরা হলেন- ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফাবাড়ির আবুল কাশেমের দুই ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

আহতরা হলেন- কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদের সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে মনোহরগঞ্জের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদি আরব যান।

বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার রাজগঞ্জে ওজনে কারচুপি, ২০ হাজার টাকা জরিমানা

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লায় ওজনে কারচূপি করার অপরাধে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) নগরীর রাজগঞ্জ বাজারে মুরগীর দোকা‌নে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম বলেন, মুরগী বি‌ক্রি ক‌রে‌ছেন ২‌ কে‌জি ১০০ গ্রাম ওজন ক‌রে, পুনরায় পরিমাপের মাধ্যমে যাচাই ক‌রে দেখা গেল ১ কেজি ৭২০ গ্রাম। ২ কে‌জি‌ মুরগীতে ৪০০ গ্রাম কম। দামের হিসেবে ১১৬ টাকা কম। তদার‌কির মাধ্যমে রাজগ‌ঞ্জের রু‌বেল ব্রয়লার হাউজ‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা হয়েছে। এ সময় তার দোকানে থাকা প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম। উ‌ল্লেখ্য, এসময় বিভিন্ন দোকান পর্যবেক্ষন করা হয়।

চান্দিনা বাজারে ৩ ব্যবসায় প্রতিষ্ঠানে চুরি

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় উপজেলা সদরের পশ্চিম বাজারে ৩ ব্যবসায় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে চান্দিনা পশ্চিম বাজারে অবস্থিত মেসার্স ঢাকা স্টোর, ঢাকা এলমুনিয়াম স্টোর ও নোমান ইলেক্ট্রিক এন্ড হার্ডওয়্যারে ওই চুরির ঘটনা ঘটে। ৩ টি দোকান থেকে নগদ ৫৫ হাজার টাকা ও ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল।

মেসার্স ঢাকা স্টোরের স্বতাধীকারী এম. এইচ. মাসুম জানান, বুধবার রাতের কোন এক সময় দোতলার জানালা ভেঙে ভেতরে ঢুকে এর পর কলাপসিবল গেইট কেটে চোর দোকানে প্রবেশ করে। এসময় আমার দোকান থেকে নগদ ৩৫ হাজার টাকা ও দুই লাখ টাকার মালামাল লুটে নেয়।

ঢাকা এলমুনিয়াম স্টোর এর স্বতাধীকারী মো. জয়নাল আবেদিন জানান, তালা ভেঙে দোকানে প্রবেশ করে আমার ক্যাশে থাকা নগদ ২০ হাজার টাকা ও ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা।

নোমান ইলেক্ট্রিক এন্ড হার্ডওয়্যার এর মালিক মো. নোমান জানান, দোতলায় জানালার রড ভেঙে প্রথমে গোডাউনে প্রবেশ করে পরে তালা ভেঙে নিচতলায় দোকানে আসে এসময় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জেনে নিন ঘাড় ও কোমর ব্যথায় করণীয়

অনলাইন সংস্করণ:

ব্যথা কোমর থেকে উরু, হাঁটু অথবা পায়ে চলে গেলে তাকে সায়াটিকা বলে। অনেক রোগী পা ঝিঁ ঝিঁ ধরা, পা চিবানোর কথাও বলে থাকেন। পিএলআইডি ও লাম্বার স্পন্ডাইলোলিসথেসিস থেকেই সায়াটিকা হয়ে থাকে। এই রোগীরা কোমরের চেয়ে পায়ে বেশি ব্যথা অনুভব করেন। দাঁড়িয়ে থাকলে, সামনে ঝুঁকে কাজ করলে বা হাঁটাহাঁটি করলে ব্যথা বেড়ে যায়।

বেশির ভাগ ঘাড় ও কোমর ব্যথা খুব সাধারণ কারণে হয়। কিন্তু এই সাধারণ ব্যথাই মানুষকে ভীষণ বিপদে ফেলে দেয়- অনেকে শয্যাশায়ী হয়ে পড়েন বা স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। তাই ঘাড় ও কোমর ব্যথা অবহেলার বিষয় নয়। প্রথমিক পর্যায়ে এই ব্যথা নির্মূল করতে না পারলে রোগীকে অনেক ভুগতে হতে পারে এমনকি অপারেশনের টেবিলে পর্যন্ত যেতে হতে পারে।
কোমরের গঠনতন্ত্র থেকে দেখা যায় মেরুদণ্ডের পাঁচটি হাড় নিয়ে কোমর গঠিত। প্রতি দুটি হাড়ের মধ্যবর্তী স্থানে থাকে তালের শাঁসের মতো ডিস্ক। স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু থেকে যে স্নায়ু বের হয় তা হাড় ও ডিস্ক সমন্বয়ে গঠিত ছিদ্র দিয়ে বের হয়ে কোমর নিতম্ব ও পায়ের দিকে ছড়িয়ে পড়ে। এই হাড় ও ডিস্ক ছাড়াও কোমরে অনেক মাংসপেশি ও লিগামেন্ট রয়েছে। তাই এগুলোর কোনো একটিতে অসামঞ্জস্য তৈরি হলেই কোমর ব্যথা হয়।

কোমর ব্যথার কারণগুলোর মধ্যে অন্যতম হলো লাম্বার স্পন্ডাইলোসিস ও পিএলআইডি। কোমরের হাড়ের ক্ষয় হলে তাকে লাম্বার স্পন্ডাইলোসিস বলে। এই ব্যাপারটিকে বোঝাতে বিভিন্নজন ক্ষয় হওয়া, বেড়ে যাওয়া বা ফাঁকা হয়ে যাওয়া বলে থাকেন। তিনটি ব্যাপারই এক।

হাড় ক্ষয়জনিত কোমর ব্যথা সাধারণত চল্লিশের কাছাকাছি বয়সে বেশি হয়। তবে পিএলআইডি বা মাংসপেশিতে টানজনিত কোমর ব্যথা যে কোনো বয়সে হতে পারে। এটি রোগীর কাজের ধরন, খাদ্যাভ্যাস, শরীরের গঠন ও ওজন এমনকি বংশগত কারণের ওপরও অনেকাংশে নির্ভর করে। যারা ভারী কাজ করেন বা সারাদিন বসে কাজ করেন এবং যাদের ওজন অনেক বেশি তাদের কোমর ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি।

ঘাড় বা কোমর ব্যথায় ব্যথানাশক সাময়িক মুক্তি দিতে পারে। কিন্তু দীর্ঘদিন ব্যথানাশক সেবন মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আর ব্যথানাশক ঘাড় বা কোমর ব্যথার কারণ নির্মূল করতে পারে না। ফিজিওথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না এবং ব্যথার কারণকে নির্মূল করে।

গরম হিট সামান্য ট্রাকশান এমনকি সেরাজেম নামক অবৈজ্ঞানিক অপচিকিৎসাকেও অনেকে ফিজিওথেরাপি বলে চালিয়ে দিচ্ছে। তাই রোগীদের খুব সচেতন হতে হবে। ফিজিওথেরাপির প্রধান অংশ হলো রোগ নির্ণয়। শরীরের ঠিক কোন অংশে সমস্যার সৃষ্টি হয়েছে তা নির্ণয় করতে না পারলে ফিজিওথেরাপি চিকিৎসা কাজে আসবে না। ফিজিওথেরাপি চিকিৎসককে অবশ্যই সঠিক ডায়াগনোসিস করতে হবে এবং সে মতো চিকিৎসা দিতে হবে, তবেই এই চিকিৎসা কাজে দেবে।