All posts by jitu

যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ, আহত ২০

ডেস্ক রিপোর্ট:

বরিশালের উজিরপুরে বিএনপির সমাবেশ উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় ২০ জন আহত হয়েছে। এরমধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। জ্বালানি তেলের মূল্য ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উজিরপুর উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মাঠে পৌর বিএনপি’র ব্যানারে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। উজিরপুর পৌর শাখা বিএনপি’র টিম প্রধান ও জেলা বিএনপি’র সদস্য নাসির উদ্দিন জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আক্তার হোসেন মেবুল। বক্তব্য দেন উজিরপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান এবং পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকনসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল উপজেলা সদরের সমাবেশে গিয়ে যোগ দেয়। সমাবেশে যাওয়ার পথে পৌর শহরের চৌরাস্তা, ডাকবাংলো মোড়, টেম্পু স্ট্যান্ড ও ডাবেরকুল এলাকায় শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের মিছিলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফম শামসুদ্দোহা আজাদ। হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়। তাদের মধ্য ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

এদিকে বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় উজিরপুর উপজেলা সদরে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

জেলা বিএনপি’র সদস্য মুশফিকুল হাসান মাসুম জানান, উপজেলা পর্যায়ে সাংগঠনিক শক্তির বৃদ্ধির লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পর্যায়ক্রমে সকল উপজেলা সদরে ধারাবাহিকভাবে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

কুমিল্লা বিশ্বরোড এলাকায় টাকা ধার না দেওয়ায় যুবককে গুলি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণে টাকা ধার না দেওয়ায় আব্দুল আলিম (৩০) নামে এক যুবককে গুলি করা হয়েছে। বুধবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড নুরজাহান এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ আব্দুল আলিম বরুড়া উপজেলার অলীতলা গ্রামের আবু তাহেরের ছেলে।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি দুই মাস আগে গুলিবিদ্ধ আব্দুল আলিম প্রবাস থেকে এসেছেন। অভিযুক্ত রুবেল তার কাছে টাকা ধার চান। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে আলিমকে গুলি করে পালিয়ে যান রুবেল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অভিযুক্ত রুবেলকে আটক করতে এবং অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিখোঁজের ৪দিন পর সমুদ্র থেকে যেভাবে বেঁচে ফিরলেন আফছার উদ্দিন

 

ডেস্ক রিপোর্টঃ

‘রাত ঠিক তখন দেড়টা। হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি। অথচ এর কিছুক্ষণ আগে জেলেরা সাগরে জাল ফেলে যে যার মতো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ঘুম আসার আগে মাঝির ডাকে অনেকে আবার ট্রলারের ওপরে উঠে আসে। কিন্তু ততক্ষণে একটা ঢেউয়ের আঘাতে উল্টে যায় আমাদের ট্রলারটি। ট্রলারে থাকা ১৫ জনের মধ্যে সাতজন সাগরে পড়ে যান। তখন অনেকটা ডুবে যাওয়া ট্রলারের ওপরের অংশ ধরে ভাসতে থাকেন চারজন। আমিসহ অপর তিনজন তখনো সাগরে ছিলাম। প্রথম দিকে ট্রলারের পাশ ধরে কিছুক্ষণ ঝুলে থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরপর একাধিক ঢেউয়ের আঘাতে ট্রলারের পাশ থেকে আমরা অনেক দূরে চলে যাই। এতে নিশ্চিত মৃত্যু ভেবে ট্রলারের সঙ্গে থাকা চারজনের কাছ থেকে চিৎকার দিয়ে চিরবিদায়ও নিয়েছিলাম।’

কান্নাজড়িত কণ্ঠে বিভীষিকাময় ওই দিনের কথাগুলো বলছিলেন ট্রলারডুবির চার দিন পর জীবিত উদ্ধার হওয়া নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফছার উদ্দিন।

আফছার উদ্দিন বলেন, ‘চিরবিদায় নেওয়ার পর আমি আর সোহেল সাগরে থাকা বাঁশের সঙ্গে বাঁধা একটি তেলের ড্রামের দুপাশ ধরে ঝুলে থাকলেও আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জাফর উদ্দিন। সকালের সূর্য ওঠার পর আমি আর সোহেল ড্রামটি ধরে থাকলেও আশপাশে কোথাও জাফরকে দেখা যায়নি। এরপর শুরু হয় ঝড়, বৃষ্টি আর ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকার লড়াই। একে একে চার দিন পার হওয়ার পরও যখন আশপাশে কোনো ট্রলার বা জাহাজ দেখা যাচ্ছিল না, তখন বাঁচার শেষ আশাটুকু ছেড়ে দিয়েছিলাম। অন্যদিকে শরীরের অনেক অংশ ঠুকরে খেয়েছে সামুদ্রিক মাছ।’

আফছার উদ্দিন আরও বলেন, ‘সাগরে পড়ে যাওয়ার প্রথম দিন থেকে সোহেল বারবার অচেতন হয়ে পড়েন। রাতে-দিনে একাধিকবার ডাকাডাকি করলেও সোহেলের কাছ থেকে সব সময় সাড়া পাওয়া যেত না। মাঝেমধ্যে তিনি কথা বলতেন। আবার মাঝে মাঝে আমার মনে হতো সোহেল বুঝি আর নেই, আমি একা কীভাবে বেঁচে থাকব! তিন দিন শেষ হওয়ার পর চতুর্থ দিন ভোরে যখন সূর্য ওঠে তখন আল্লাহকে ডেকে বলেছিলাম, হে আল্লাহ, হয় আমাদের কোনো ট্রলারের মাধ্যমে বাঁচিয়ে নাও, না হয় মৃত্যু দাও। এভাবে ভাসা আর ডোবায় শরীর ক্লান্ত হয়ে পড়ছে। সেই সময়টুকুতে ঘুম বা ক্ষুধা কিছুই মনে ছিল না। যখন সকাল হতো, বিসমিল্লাহ বলে সাগর থেকে এক মুঠো পানি নিয়ে পান করতাম। আবহাওয়া খারাপ থাকায় ওই কয় দিন আশপাশে কোনো মাছ ধরার ট্রলার বা জাহাজ কিছুই দেখা যায়নি। চতুর্থ দিন দুপুরের দিকে জোয়ারে ঢেউয়ের সঙ্গে যখন ওপরের দিকে উঠি, তখন দূরে মাছ ধরার একটি ট্রলার দেখতে পাই। কিন্তু ঢেউয়ে নিচে নেমে যাওয়ার পর যখন পুনরায় ওপরে উঠি, তখন আর তা দেখতে পাইনি। কোনদিকে দেখেছি, সেটাও ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আবারও ট্রলারটি দেখতে পেয়ে ড্রামের সঙ্গে থাকা একটি ছোট বাঁশের ভাঙা অংশে পতাকার ছেঁড়া অংশ লাগিয়ে এক হাত দিয়ে ড্রাম ধরে অন্য হাত দিয়ে পতাকাটি ওপরের দিকে তুলে নাড়তে থাকি। যেন ট্রলারটির নজরে পড়ে। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর পতাকাটি ওই ট্রলারে থাকা মাঝির নজরে পড়ে। তাৎক্ষণিক তিনি ট্রলার নিয়ে দ্রুত আমাদের দিকে এগিয়ে আসেন। ট্রলার থেকে আমাদের লক্ষ্য করে একটি দড়ি ছুড়ে মারলে ওটা ধরে আমরা দুজন ট্রলারের কাছে আসি। পরে তাঁরা আমাদের ট্রলারে তুলে নেন। ততক্ষণে শরীর আর কোনো কাজ করছিল না, আমরা দুজন অচেতন হয়ে পড়ি। পরে ওই ট্রলারের মাঝি আমাদের সুন্দরবনের পাথরঘাটা ঘাটে নিয়ে যান। এখনো নিখোঁজ আটজন ট্রলারের ইঞ্জিনরুমের মধ্যে আটকা পড়েছিল। দুর্ঘটনার সময় বৃষ্টি ছিল বলে তারা কেবিনের মধ্যে অবস্থান করেছিল। আমরা যখন সাগরে পড়ে যাই, তখন ইঞ্জিনরুম থেকে অনেক সময় ধরে তাঁদের চিৎকার শুনতে পেয়েছিলাম। আমার ধারণা, ট্রলারের ইঞ্জিনরুমে ব্যাটারির অ্যাসিড ও ডিজেলের গ্যাসে তাদের সেখানে মৃত্যু হয়েছে। ট্রলারটির সন্ধান পাওয়া গেলে তাদের মরদেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

ডুবে যাওয়া ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা আমতলী গ্রামের বাসিন্দা লুৎফুল্লাহিল মজিব নিশান সরকারের কাছে দাবি করে বলেন, ‘দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সাগরে মাছ শিকার করা জেলেরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কিন্তু এই আর্থিক সেক্টরটির দিকে সরকারের তেমন সুদৃষ্টি নেই। সাগরে মাছ ধরতে যাওয়া প্রতিটি ট্রলারে যদি জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালু থাকে, তাহলে অন্তত এসব দুর্ঘটনা ও প্রাণহানি ঘটত না। সাগরের যেকোনো সীমান্তে আটকা পড়লে দুর্ঘটনাকবলিত ট্রলারটি পার্শ্ববর্তী ট্রলারের অবস্থান যেনে সহযোগিতা পেত। তাই ট্রলারমালিকদের কাছ থেকে নির্দিষ্ট মূল্য নিয়ে হলেও জিপিএস সিস্টেম চালু করার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে বঙ্গোপসাগরের মইডুবি এলাকার সাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৫ জেলে নিয়ে ডুবে যায় এফবি নিশাত নামের ট্রলারটি। ওই দিন পার্শ্ববর্তী একটি ট্রলারের সাহায্যে চার জেলেকে উদ্ধার করা হয়। এর চার দিন পর আরও তিনজনকে জীবিত উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো আট জেলে নিখোঁজ রয়েছেন।
সূত্র:আজকের পত্রিকা

বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে মারধর

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে (২২) মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ২৪ আগস্ট রাতে ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত রমজান ঈদের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনার ১ মাস পর বিষয়টি সে তার মাকে জানায়। এতে ধর্ষকের পরিবারের সদস্য উল্টো ক্ষিপ্ত হয়ে উঠে। বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী। এর জের ধরে গত বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিল ওই তরুণী। এসময় রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিবলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

চৌদ্দগ্রামে ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম কালিকাপুরের কোয়ালিটি ব্রিক্সের মালিক  আব্দুল মালেককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গ্রেফতার হওয়া  আব্দুল মালেক  চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি  ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বুধবার (২৪ আগস্ট) রাতে  কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের নেতৃত্বে  উপ-পরিদর্শক (এসআই) মো:  বোরহান উদ্দিন ভূইয়া ও  উপ-পরিদর্শক (এসআই) হারুন মিয়াসহ সংগীয় ফোর্স অভিযানে অংশগ্রহণ করেন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারটি  মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। ১৬টি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

নোয়াখালীতে পৃথক স্থান থেকে ব্যবসায়ী ও বৃদ্ধের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে এক ব্যবসায়ী ও সেনবাগ উপজেলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হচ্ছেন, চাটখিল উপজেলার হীরাপুর গ্রামের মিদ্দা বাড়ির আবুল কাশেমের ছেলে মহসিন হোসেন ওরফে কালা মিয়া (৩৬)। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। অপর ব্যক্তি সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো.মহিন উদ্দিন (৭৫)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালের দিকে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে দুইজনের মৃত্যুই রহস্যজনক।

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার ফার্নিচার দোকানদার মহসিন গতকাল সন্ধ্যায় তার ফার্নিচার দোকান থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে চাটখিল উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর সাতবাড়িয়া সড়কের পাশে মহসিনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ব্যবসায়ী মহসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কে বা কাহারা তাকে হত্যা করে এখানে লাশ ফেলে যায়।

পরিদর্শক তদন্ত আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট পশ্চিম বাজার সংলগ্ন মজু মিয়ার বাড়ির সামনের পুকুর থেকে বৃদ্ধ মো. মহিন উদ্দিনের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানায়, বৃদ্ধ মহসিন ভারসাম্যহীন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজ পড়তে গিয়ে তিনি পানিতে পড়ে ডুবে মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বরুড়ায় কৃষক না হয়েও কৃষি উপকরণ সহায়তা কার্ড পেলেন সরকার দলীয় ইউপি চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বরুড়ায় কৃষি উপকরণ সহায়তা কার্ড পেয়েছেন খলিলুর রহমান নামের সরকার দলীয় এক ইউপি চেয়ারম্যান। তিনি উপজেলার ২নং ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। দরিদ্র কৃষকের তালিকায় ওই বিত্তশালী চেয়ারম্যানের নাম দেখে অনেকটাই হতবাক এলাকাবাসী।

বুধবার চেয়ারম্যান খলিলুর রহমানের কৃষি উপকরণ সহায়তা কার্ডের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করেছেন।

জানা গেছে, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের জন্য সহায়তা কার্ড প্রদান করা হয়। কিন্তু ওই তালিকায় পরিষদের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান নিজ নাম অন্তর্ভুক্ত করেন। সম্প্রতি একটি সূত্রের মাধ্যমে ওই ইউপি চেয়ারম্যানের সহায়তা কার্ডের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সরকার দলীয় ওই ইউপি চেয়ারম্যান। একজন বিত্তশালী ব্যক্তি হয়েও কিভাবে তিনি কৃষকের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে উপকরণ সহায়তা কার্ড নিলেন এমন সমালোচনা চলছে ইউনিয়ন জুড়ে।

স্থানীয়রা জানায়, গত বছরের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন খলিলুর রহমান। এর আগে তিনি দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় বিপুল সম্পদের মালিক হয়েছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে তার রয়েছে ডুপ্লেক্স আলিশান বাড়ি। কৃষক না হয়েও তার কৃষক সহায়তা কার্ড প্রাপ্তিতে প্রকৃত কৃষকদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি অনেকের।

দেলোয়ার হোসেন নামের এক নেটিজেন তার মন্তব্যে বলেন, এই কার্ডটা উনার কি দরকার ছিল? উনি সজ্জন ব্যক্তি শুনেছি টাকার অভাব নাই, তাই এই কার্ডটা কোনো গরিব কৃষকের নামে ইস্যু করলে ভালো হইতো।

এ বিষয়ে ভবানীপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, আমি চেয়ারম্যান হলেও আমার অনেক কৃষি জমি রয়েছে, নিয়মিত ফসল উৎপাদন করে আসছি, তারপরও কিভাবে কৃষক প্রণোদনা তালিকায় আমার নাম এসেছে সেটা আমি নিজেও জানি না, বিষয়টি আমি খতিয়ে দেখব এবং প্রকৃত কৃষকরা যাতে প্রণোদনা পায় সে বিষয়টি নিশ্চিত করবো।

বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এই কার্ড পেতে হলে প্রথমে কৃষক হতে হয়। তিনি চেয়ারম্যান কিংবা এমপি সেটা পরের বিষয়। কৃষক হলেই যে কেউই এই কার্ড নিতে পারেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, এই কার্ড বিতরণ বর্তমানে বন্ধ রয়েছে। তবুও কীভাবে কার্ড পেলেন বিষয়টি খতিয়ে দেখব। আর এই কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের তেমন উপকার করতে পারছি না ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছাড়া। একজন চেয়ারম্যানও কৃষি উপকরণ সহায়তা কার্ড পেতে পারেন, যদি তিনি কৃষক হন।

সূত্র: যুগান্তর।

বাগমারা বাজারে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেন নির্মাণ

লালমাই সংবাদদাতা:

কুমিল্লার লালমাইয়ের বাগমারা নতুন তোহা (সবজি) বাজারে বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে ক্র‍েতা ও বিক্রেতাদের প্রতিবন্ধকতা দূর করতে তাৎক্ষণিক ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বাজার কমিটি।

নতুন তোহা বাজারের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগমারা বাজার ব‍্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হানিফ মজুমদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর হোসেন, ব‍্যবসায়ী হুমায়ুন কবির, মোঃমিজানুর রহমান প্রমুখ।

বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূর হোসেন সাহেব গভীর রাত পর্যন্ত নির্মাণাধীন ড্রেনের কাজ তদারকি করেন।

চাঁদপুরের হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ আগস্ট) মূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া ও এম আর পি বিহীন পণ্য পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে ওয়েলকাম সুপার শপকে ২০ হাজার টাকা, প্রিন্স স্টোরকে ১৫ হাজার টাকা ও সরকার ফার্মেসীকে ২০ হাজার টাকা সহ সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

কুবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিরুল হক চৌধুরী।

বুধবার (২৪ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্তৃপক্ষের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরীকে রেজিস্ট্রারের ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হলো।

প্রসঙ্গত, গত ২২ মার্চ উপà