All posts by jitu

কুমিল্লায় এনডিএম’র কমিটি গঠন: আজাদ সভাপতি, বেলাল সাধারন সম্পাদক

 

ষ্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, যুগোপৎভাবে আগামীর রাজপথ দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনডিএম’র নেতাকর্মীরা। এদেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সমমনা রাজনৈতিক দল, ইসলামী মতাদর্শের শক্তি, গণতন্ত্রকামী সুশীল সমাজ, প্রতিবাদী ছাত্র, শ্রমিকসহ সাধারন জনগণকে সাথে নিয়ে ইতোমধ্যেই আমরা শান্তিপূর্ণভাবে রাজপথ দখলের কাজ শুরু করেছি। তবে আমাদের এই কার্যক্রমে থাকবে না সহিংস কোন কার্যক্রম, থাকবেনা জ্বালাও পোড়াও কর্মসূচী।

১২ই আগষ্ট বিকেলে কুমিল্লা শহরের রোটারি ক্লাব মিলনায়তনে এনডিএম কুমিল্লা জেলা’র ১ম ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ আরও বলেন, এনডিএম কারো বিরুদ্ধে কাজ করে না, সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও নিরাপদ জীবন বাস্তবায়নসহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিবে এনডিএম।

এনডিএম’র জেলা আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মোঃ জহির, যুব আন্দোলনের আহবায়ক হোসাইন শাহাদাত, ছাত্র আন্দোলনের সেক্রেটারি মাসুদ রানা জুয়েল প্রমুখ।

পরে সম্মেলনে উপস্থিত ডেলিকেটদের প্রত্যক্ষ ভোটে আবুল কালাম আজাদকে সভাপতি, বেলাল হোসাইনকে সাধারন সম্পাদক করে কুমিল্লা জেলা এনডিএম’র আংশিক কমিটি ঘোষনা করেন সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা।

৩ বছর পর দলে ফিরলেন সাব্বির রহমান

 

স্পোর্টস ডেস্কঃ

তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান রুম্মন। এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ জনের দলে রাখা হয়েছে মারকুটে এ ব্যাটারকে।

জাতীয় দলে সাব্বির সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। ২১শে সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর বাদ পড়েন জাতীয় দল থেকে।

এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টি ম্যাচে ২৪.৮৯ গড় আর ১২০.৮১ স্ট্রাইকরেটে ৯৪৬ রান সংগ্রহ করেছেন সাব্বির। রয়েছে চারটি অর্ধশত।

দলে ফিরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সাব্বির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (ফিটনেস সাপেক্ষে) ও তাসকিন আহমেদ।

এবার যুক্তরাষ্ট্রকে হুমকি দিল রাশিয়া

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে তাহলে মস্কো ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান আলেকজান্ডার দারচিভ রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, আমরা মার্কিনিদের তাদের বা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন কর্মকাণ্ডের ক্ষতিকর পরিণতি সম্পর্কে সতর্ক করছি। এসব কর্মকাণ্ড স্থায়ীভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করবে বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবি আল জাজিরা ও রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেননি।

সপ্তাহ খানেক আগেও রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।

কুমিল্লার তিতাসে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মীভূত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিকন্দি গ্রামে অগ্নিকান্ডে ২টি বসতঘর সম্পুর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং ৪টি গরু আহতসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থতরা দাবি করেছেন।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় হালিম মিয়ার চৌচালা ঘরে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে আগুনের লেলীহান শিখা বসতঘরের চার দিকে ছড়িয়ে পরে এবং পাশের ইব্রাহিম মিয়ার ঘরেও আগুন লাগে। এসময় ঘরে থাকা লোকজন ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ততক্ষনে ২টি বসত ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা চাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ৪টি গরু অগ্নিদগ্ধ হয়।

ক্ষতিগ্রস্থ হালিমের স্ত্রী বলেন, আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের সারাজীবনের সব ইনকাম শেষ। আমরা এখন কি করবো, কোথায় যাবো?

অন্যদিকে পাশের ঘরে আগুন লাগা ইব্রাহিম মিয়া জানান, আমি ঢাকা থাকি, আগুনের কথা শুনে রাতেই ঢাকা থেকে এসেছি। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হইয়া গেছে।

ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ জানান, আমি বিষয়টি রাতেই জানতে পেরেছি এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবগত করেছি। আমি চিকিৎসার জন্য ঢাকাতে এসেছি ইনশাআল্লাহ আগামীকাল সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আমি পরিদর্শনে যাবো এবং পরিষদ থেকে যথাযথ সহায়তা প্রদানের সর্বাত্মক চেষ্টা করবো।

দেশে খালি পায়ের মানুষ, কুঁড়েঘর আর দেখা যায় না- তথ্যমন্ত্রী

 

ডেস্ক রিপোর্ট:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের ভাগ্য বদলে গেছে। খালি পায়ের মানুষ আর দেখা যায় না। আকাশ থেকে কুঁড়েঘর আর দেখা যায় না। দেশের রাস্তা-ঘাট বদলে গেছে। আজকের এই বদলে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে।”

শুক্রবার (১২ আগস্ট) রাজশাহীর মোহনপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করেছেন। সবক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছে। এখন ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, সংসদ সদস্য হচ্ছেন নারীরা। আমাদের বিরোধী দলীয় নেত্রী, স্পীকার, প্রধানমন্ত্রী নারী। ১০ বছর আগে কেউ ভাবেনি যে, একজন নারী এসপি, ডিসি ও বিচারপতি হবে। শেখ হাসিনা মা-বোনদের হাতে ক্ষমতা দিয়েছেন।

হাছান মাহমুদ বলেন, “এখন প্রতিটি ইউনিয়নে ১ থেকে ২ হাজারের বেশি নারীকে নানা ধরনের ভাতা দেওয়া হয়। শেখ হাসিনা ভাতা দিচ্ছেন। নারীরা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে, এটা কিন্তু মা-বোনেরা দাবি করে নাই, এ ধরনের ভাতা ইউরোপে দেওয়া হয়, আমাদের নেত্রী সেই ভাতা আমাদের দেশে প্রচলন করেছেন। ইউরোপে স্বামী পরিত্যাক্তা নারী ভাতা নাই, আমাদের নেত্রী স্বামী পরিত্যাক্তা নারী ভাতাও চালু করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ভাতা দেন নাই।”

বঙ্গবন্ধুর রক্ত পরাভব মানে না উল্লেখ করে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু আপসের রাজনীতি করেন নাই। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের মানুষের অধিকার চাই। তার কন্যাও আপসের রাজনীতি করে না। দেশ যেভাবে এগিয়ে গেছে, আজ তা প্রমাণিত।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে সংকট চলছে মন্তব্য করে মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে তেলের দাম ১০০% বেড়েছে। ৪ ডলারের এলএনজি এখন ৪২ ডলার। ভারতে ৬ মাস আগে তেলের দাম বেড়েছে। সেখানে বাংলাদেশি টাকায় প্রতিলিটার ডিজেল ১১৬ টাকা, পেট্রোল ১৩০ থেকে ১৩২ টাকা, অকটেন ১৩৫ টাকা। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করা হবে।”

কুমিল্লায় খাবারের মূল্য চাওয়ায় রেস্টুরেন্টে হামলা চালালো কিশোর গ্যাং

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় খাবারের মূল্য চাওয়ায় একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার নগরীর ধর্মসাগর গেট সংলগ্ন পিজা কালজুন রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় উল্টো হোটেল মালিকের কাছে চাঁদা দাবি করা হয়। এতে ঘটনাস্থল থেকে পুলিশ রাব্বি নামের এক গ্যাং সদস্যকে আটক করেছে।

ভুক্তভোগী রেস্টুরেন্ট মালিক মো. শাহিদুজ্জামান বলেন, শুক্রবার সকালে তিন-চারজন কিশোর নাস্তা করে চলে যাওয়ার সময় খাবারের মূল্য চাইলে হুমকি দিয়ে উলটো আমার কাছে চাঁদা দাবি এবং গালমন্দ করে। একপর্যায়ে আরও কয়েকজন এসে তাদের সঙ্গে যুক্ত হয়ে দোকানের আসবাবপত্র ভাংচুর করে। তারা ক্যাশ কাউন্টারে ঢুকে আমাকে মারধর করে ৩ হাজার টাকা হাতিয়ে নেয় এবং আমাকে হত্যার হুমকি দেয়। এ সময় দোকানে থাকা কাস্টমাররা এগিয়ে আসলে রাব্বি নামের কিশোর ছুরি দেখিয়ে কাস্টমারদের গালাগাল করতে থাকে।

এ সময় পুলিশ এসে ঘটনাস্থল থেকে রাব্বিকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান শাহিদুজ্জামান।

নগরীর বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, ধর্মসাগরপাড় এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সবচেয়ে বেশি। দিনভর উঠতি বয়সের কিশোর-তরুণরা এখানে ইভটিজিং, মাদক, ছিনতাইয়ের মতো নানা অপকর্মে জড়িত থাকে। তাদের উৎপাতে এই এলাকায় চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, এসব গ্যাংয়ের সদস্যরা প্রায়ই দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, হোটেলে হামলার বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

কাদের বলেন, আন্তরিকভাবে এই সংকট উত্তরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। করোনাকালেও তিনি রাতে ঘুমাতে পারেননি। এখনো তার ঘুম হারাম হয়ে গেছে

দলের নেতা-কর্মীদের ঠান্ডা মাথায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “প্রত্যেককে কথা-বার্তা, আচার-আচরণে দায়িত্বশীল হতে হবে। এ সময় দায়িত্বজ্ঞানহীন কোনো কথা বলা সমীচীন নয়। ক্ষমতার দাপট দেখানো সমীচীন নয়। ঠান্ডা মাথায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।”

শনিবার (১৩ আগস্ট) দুপুরে মহিলা শ্রমিক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পঁচাত্তরের ১৫ আগস্টের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে বিশ্বাসঘাতক যে রাজনৈতিক শক্তি, ওই শক্তির সবার নাম আমরা জানি না। সবার ভূমিকা এখনো পরিষ্কার নয়। জুলিয়ার সিজার থেকে মহাত্মা গান্ধী; কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারীকে হত্যা করা হয়নি। অবুঝ শিশুকে হত্যা করা হয়নি। অন্তঃস্বত্বা নারীকে হত্যা করা হয়নি। পঁচাত্তরে অবলা নারী, অবুঝ শিশু, অন্তঃস্বত্বা নারী রেহাই পায়নি।”

তিনি বলেন, “বঙ্গবন্ধু খুনিরা থাইল্যান্ডে পালিয়ে গেছে। কে পাঠিয়েছে? জেনারেল জিয়াউর রহমান। থাইল্যান্ড থেকে আরও কয়েকটি দেশে বাংলাদেশ দূতাবাসে চাকরি দেন জিয়াউর রহমান। পুনর্বাসন করেন, পুরস্কৃত করেন। সবচেয়ে জঘন্য কাজটি জিয়াউর রহমান করেন।”

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি আমাদের শত্রু ভাবে। অথচ ইতিহাস বলে আমাদের সঙ্গে শত্রুতা তারাই করেছে বারবার। আমরা শত্রুতা করিনি। ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে টার্গেট করে গ্রেনেড হামলা করার পরও প্রধানমন্ত্রী কোকোর মৃত্যুর পর বেগম জিয়ার বাড়িতে ছুটে গিয়েছিলেন শোকাহত মাকে সান্ত্বনা দিতে। ঘরের দরজা বন্ধ, বাইরের গেট বন্ধ শেখ হাসিনার মুখের ওপর। প্রতিপক্ষের মতো আচরণ আমরা করতে চেয়েছি, গণভবনে সংলাপ করেছি কিন্তু তারা আমাদের শত্রুই ভেবে এসেছে, শত্রুতাই করছে।”

মন্ত্রী বলেন, “সারা বিশ্বের নেতিবাচক প্রভাব আজ বাংলাদেশ মোকাবিলা করছে। আমরা জানি অনেক মানুষের কষ্ট হচ্ছে। কস্ট অব লিভিং যেভাবে বেড়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে এটা ঠিক। গরিব মানুষ, প্রান্তিক মানুষ। কিন্তু আমাদের সামনে কোনো উপায় ছিল না।”

পশ্চিমা দেশগুলোর পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “কেউই তো আজকে আরামে নেই। বাংলাদেশের জনগণ যাদের কষ্ট হচ্ছে, আপনাদের শুধু এটুকু বলবো, চেষ্টার কোনো ত্রুটি নেই। শেখ হাসিনা; আজকে তার ঘুম নেই। আন্তরিকভাবে আপনাদের এই সংকট উত্তরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন। করোনাকালেও তিনি রাতে ঘুমাতে পারেননি। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে গেছে। কীভাবে মানুষকে একটু আরাম দেওয়া যায়, স্বস্তি দেওয়া যায় সেটাই আমাদের নেত্রী করে যাচ্ছেন। তিনি মানুষকে স্বস্তি দিতে চান।”

তিনি আরও বলেন, পৃথিবীর বহু দেশ আজকে সমস্যায় জর্জরিত। এটাকে কেন্দ্র করে ফ্রান্স, আমেরিকার বিরোধী দল সরকার উৎখাতে নামেনি। যুক্তরাজ্য, জার্মানি, জাপানের বিরোধী দল সরকার উৎখাতে প্রোটেস্ট করেনি। আমাদের প্রশ্ন সেখানে, সহযোগিতা চেয়েছিলাম আমরা। এই সংকটে সারা দুনিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর বাংলাদেশে তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। নিজেরা ইচ্ছামতো মিছিল করছে পল্টন-প্রেসক্লাবের সামনে। এতদিন বলতো, আওয়ামী লীগ আমাদের মিছিল-মিটিং করতে দেয় না। এখন যখন নেত্রী বলেছেন, ওরা করুক। যখন মিছিল মিটিং করতে পারছে তখন তাদের সাহসের ডানা বিস্তারিত হয়ে গেছে। এখন তারা বলে বিদেশি শক্তির চাপে বাধা দিচ্ছে না। তাহলে এখন স্বীকার করলেন পুলিশ বাধা দিচ্ছে না।

তিনি বলেন, “বিদেশি শক্তির চাপে মাথানত করার মতো লোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নয়। মনে রাখবেন কোনো শক্তির কাছে মাথানত করি না আমরা। শেখ হাসিনা আপন শক্তিতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যান। আমাদের সমস্যা, আমাদের সংকট, আমাদেরকেই সমাধান করতে হবে।”

কুমিল্লার মেঘনায় দাবীকৃত চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে স্বপরিবারে হত্যার হুমকি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় দাবীকৃত চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।

মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তফা কামাল ও তার পরিবারের লোকজনদের স্থানীয় প্রভাবশালী কাউছার ও তার বাহিনী প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী শুক্রবার বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধা ভবনে এ প্রতিবাদ সভা করেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গাফফার হাউদ,আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন ফারুক প্রমুখ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান বক্তারা।

এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বাদী হয়ে উপজেলার হরিপুর এলাকার শাহজাহানের ছেলে কাউছার আহম্মেদ এবং একই এলাকার আমানউল্লাহ, মোখলেছুর রহমান, মাঝহারুল জয়নাল, ওয়াসিম, রাকিব,সুমন, আমিন, মমিন, হযরত আলী, রানা,দুলাল ও রিপনসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পিএসজি ছাড়তে ৭ ফুটবলারকে হুমকি!

স্পোর্টস ডেস্কঃ

সাত তারকাকে দল ছাড়ার হুমকি দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

মাউরো ইকার্দি, আন্দের হেরেরা, লেভিন কুরজাওয়া, ইউলিয়ান ড্রাক্সলার, রাফিনহা, থিলো কের, ইদ্রিজা গেয়েকে প্যারিসের দলটিতে রাখতে আগ্রহী নন তিনি।

দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই এই সাত ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চায় পিএসজি। তাদের নতুন ক্লাব খুঁজতে বলেও দিয়েছে পিএসজি।

সাত ফুটবলারের রিপ্লেসমেন্ট হিসেবে নতুন ফুটবলারদের দলে ভেড়ানো শুরু করেছে ক্লাবটি।

ইতোমধ্যে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া, ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে দলে ভেড়ানো হয়েছে। রক্ষণভাগকে শক্তিশালী করতে লাইপজিগ থেকে ফরাসি রাইটব্যাক নর্দি মুকিয়েলেকে কিনেছে তারা।

জানা গেছে, দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই আরও কিছু নতুন ফুটবলারকে দলে নিতে চায় ক্লাবটি। নতুন খেলোয়াড় কিনতে হলে আগে খেলোয়াড় বিক্রি করতে হবে তাদের। তাই ওই সাত ফুটবলারকে নতুন ক্লাব খুঁজে নিতে চাপ দেওয়া হচ্ছে।

সরাসরি পিএসজি ছাড়ার কথা না বললেও অন্যরকম এক কৌশল অবলম্বন করেছেন পিএসজি কোচ গালতিয়ের ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, এই সাত ফুটবলারকে পিএসজির দ্বিতীয় দলের হয়ে ফ্রান্সের পঞ্চম বিভাগের ফুটবল লিগে খেলানোর হুমকি দেওয়া হয়েছে। কারণ পিএসজির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি।

তবে এমনটি ঘটলে ক্যারিয়ারের দিকে তাকিয়ে পিএসজি ছাড়তে বাধ্য হবেন তারা।

কিছুদিন আগে অবশ্য কোচ গালতিয়ের সরাসরি জানিয়েছিলেন, ২৫ জন ফুটবলারের সঙ্গে কাজ করতে চান না তিনি। স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে আনতে চান।

আর সেই কারণে ওই সাত ফুটবলার ছাটাই হতে পারেন।

তথ্যসূত্র: স্পোর্টস ব্রিফ

কাভার্ড ভ্যানে সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে গ্যাস সরবরাহ, আটক এক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় একজনকে হাতে নাতে আটক করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। অভিযানে ১৫০ বোতল গ্যাস সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃত আসামী হলেন পাবনা জেলার আটঘরিয়া থানার চান্দাই গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৪)। অভিযানে ১৫০ বোতল গ্যাস সিলিন্ডারসহ ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গত ১২ আগস্ট দুপুরে সদরের জাগুরজুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।