All posts by jitu

১৫ তারিখ পর্যন্ত বাখরাবাদে সকল ঠিকাদার ও গ্রাহকদের জন্য রেড-অ্যালার্ট-জারি

স্টাফ রিপোর্টার:

কোন নোটিশ ছাড়াই আজ বৃহস্পতিবার থেকে ১৫ তারিখ পর্যন্ত কুমিল্লার  চাপাপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অফিসে সকল ঠিকাদার ও গ্রাহকদের জন্য রেড-অ্যালার্ট-জারি করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী।

নাশকতা ঘটতে পারে এ জন্য সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

নিমসার কলেজে অধ্যক্ষ কর্তৃক যৌন নির্যাতনের শিকার ছাত্রী, বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজের  অধ্যক্ষ  মামুন মিয়া মজুমদার কর্তৃক কলেজ ছাত্রী যৌন নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে কলেজের শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার (১১ আগষ্ট)  সকালে অধ্যক্ষের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশের ওসি  এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান।

জানা যায়, কলেজ ছাত্রীকে  এসএমএসসহ বিভিন্ন উপায়ে কলেজ অধ্যক্ষ যৌন হয়রানি করে আসছিল।

ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক সেমিনার

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগস্ট ) বেলা ১১ টায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের “ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার” আইসিটি বিভাগে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পর্কে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলার আইটি প্রশিক্ষক ও সেইলর ইনফু টেক লিমিটেড এর প্রধান পরিচালক নাজমুল হাসান নাহিদ, ফ্রিল্যান্সার সাদ্দাম মির্জা, ফ্রিল্যান্সার ইব্রাহিম খলিল ও নাজমুল আলম সরকার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম,আরবী প্রভাষক মোঃ জালাল উদ্দিন, ডিজিটাল মার্কেটার সৈয়দ আহমেদ জিহাদ, রাইহান মাহমুদ ও কন্টেন্ট ক্রিয়েটর ইসহাক হাসান প্রমুখ।

এ সময় বক্তারা জানান, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে দেশে হাজারো শিক্ষার্থীরা স্বাবলম্বী হয়েছেন।
ফ্রিল্যান্সিং ও আইসিটি নিয়ে কাজ করতে গেলে দক্ষতার কোন বিকল্পও নাই। তার জন্য একটি সঠিক গাইডলাইনই পারে সঠিকভাবে নিজেকে দক্ষ করে গড়ে তোলতে ফ্রিল্যান্সিং ও আইসিটি নিয়ে কাজ করে নিজেকে স্বাবলম্বী করার লক্ষে সেমিনারে শিক্ষার্থীদের অনলাইন প্রফেশন সম্পর্কে বেসিক ধারনা ও আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে।

অক্টোবর থেকে লাইভে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক

 

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরের অক্টোবর থেকে লাইভে আর পণ্য বিক্রির সুবিধা রাখছে না ফেসবুক। অক্টোবরের ১ তারিখ থেকে লাইভ ভিডিও ও শিডিউল লাইভ ভিডিওতে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক।

তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেওয়া যাবে না।

ফেসবুক তাদের ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে। প্রযুক্তি সাইট এনগেজেট জানিয়েছে, মেটা সম্প্রতি তাদের এ পণ্যের শোকেসিংটা ‘রিল’-এর মাধ্যমে অনুরোধ করেছে। রিল অ্যাড এবং ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে প্রোডাক্ট ট্যাগিং করতে বলেছে।

এক পোস্টে মেটার পক্ষ থেকে জানানো হয়, যেহেতু ব্যবহারকারীদের আচরণ ক্ষুদ্র দৈর্ঘ্য ভিডিও ফর্মের দিকে এগোচ্ছে, তাই আমরাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিলকে প্রাধান্য দিচ্ছি। এতদিন এ লাইভ শপিং ইভেন্ট ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবসায়ীরা ফলোয়ারদের জন্য পণ্যের ভিডিও তৈরি করত। ব্যাপারটা অনেকটাই পারসোনাল হোম শপিং নেটওয়ার্ক। এখানে একজন মার্চেন্ট তার ফলোয়ারদের আসন্ন লাইভ শপিং সেশনের নোটিফিকেশন দিতে পারত এবং মেসেঞ্জারের মাধ্যমে পেমেন্ট নিতে পারত।

সম্প্রতি টিকটকের এ স্ট্যাটাস পুরো সোশ্যাল মিডিয়ার জগতে রাজত্ব করছে। তাদের কিছু কৌশলগত অগ্রগতির কারণে তারা তরুণ সম্প্রদায়কে বেশ আকৃষ্ট করেছে। এ কারণে মেটা তার রাজস্বও হারিয়েছে।

ফলে জাকারবার্গ ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিলকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। কেননা এটাকে তারা তাদের ক্ষতি থেকে উঠে আসার একটি হাতিয়ার হিসাবে মনে করছেন। বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ২০ শতাংশ সময় পার করছেন রিল দেখে। এ জন্য মেটা ধারাবাহিকভাবেই তার ক্রিয়েটরদের চাপ দিচ্ছেন আসল কনটেন্ট বানানোর জন্য।

এখন থেকে রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেওয়া যাবে।

প্রসঙ্গত, দুই বছর আগে ফেসবুক লাইভ শপিং ফিচারটি চালু করে। এ ফিচারের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত। এ ছাড়া সম্ভাব্য ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এ ফিচারটি।

কুমিল্লায় প্রেমিকার বোনকে অপহরণ করে প্রেমের স্বীকৃতি আদায় করল প্রেমিক যুগল

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাসে প্রেমিকার ছোট বোনকে অপহরণ করে প্রেমের স্বীকৃতি আদায় করেছেন রকিবুল ইসলাম আপন (২২) এবং মাশরাফি আক্তার মুন্নী (১৮) নামের প্রেমিক যুগল। উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কেশবপুর গ্রামের মো. মাঈন উদ্দিনের মেয়ে মাশরাফি আক্তার মুন্নীর সঙ্গে খালাতো ভাই আপন হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক আপন একই এলাকার আনিসুর রহমানের ছেলে।

তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবার মেনে নেয়নি। পরে প্রেমিক যুগল কোর্টের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আপনের পরিবার মেনে নিলেও বেকার হওয়ায় সে বিয়ে মেনে নেয়নি মুন্নীর পরিবার।

পরে মুন্নীর পরিবারের স্বীকৃতি আদায়ে ছোট বোন মুনিরাকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ফন্দি আঁটেন প্রেমিক যুগল। পরিকল্পনা ছিল মুক্তিপণের টাকা দিয়ে ইউরোপ চলে যাবেন তারা।

পরিকল্পনা অনুযায়ী, গত ১ আগস্ট আপন তার বন্ধু ভাসানীর সহযোগিতায় মুন্নীর ছোট বোন মুনিরাকে প্রাইভেটে যাওয়ার পথ থেকে অপহরণ করে কুমিল্লার দাউদকান্দির একটি ভাড়া বাসায় নিয়ে যান। পরে মুন্নী-মুনিরার চাচা নাসির উদ্দিনের মোবাইলে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

পর দিন ২ আগস্ট মুন্নী-মুনিরার বাবা মাঈন উদ্দিন তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের ৬ দিন পর গত রোববার ২৪ লাখ টাকা দিতে রাজি হওয়ার ভান করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃত মুনিরার কাছে পৌঁছায় পুলিশ।

দাউদকান্দির ওই বাসা থেকে অপহৃত মুনিরাকে উদ্ধার এবং অপহরণকারী আপন এবং তার বন্ধু মো. ভাসানীকে আটক করা হয়। মামলা করতে রাজি না হওয়ায় পরে উভয় পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয় ভিকটিম এবং অভিযুক্তকে।

এর একদিন পর মঙ্গলবার উভয় পরিবার বসে সিদ্ধান্ত নেয় মুন্নী এবং আপনের সম্পর্ক মেনে নেওয়ার। আগামী শুক্রবার পারিবারিকভাবে তাদের আনুষ্ঠানিক বিয়ের স্বীকৃতি দেওয়া হবে।

এ ঘটনায় প্রেমিকা মুন্নীর বাবা মো. মাঈন উদ্দিন বলেন, আপন-মুন্নী খালাতো ভাইবোন। আর সে বেকার। তারা যখন তাদের মধ্যকার সম্পর্কের কথা জানায় আমি বলেছিলাম ছেলে যদি কর্ম করে প্রতিষ্ঠিত হতে পারে তা হলে আমার মেয়েকে বিয়ে দেব। কিন্তু তারা সেটি না শুনে আমার ছোট মেয়েকে অপহরণের নাটক সাজায়। তাদের পাগলামি দেখে আমি এবং আমার ভায়রা (আপনের বাবা আনিস) সিদ্ধান্ত নিয়েছি তাদের নতুন করে পারিবারিকভাবে বিয়ে দেব। তারা সুখে থাকলেই আমাদের সুখ।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, অপহরণের ঘটনা প্রকাশ্যে আসায় এবং মুনিরা উদ্ধার হওয়ার পর তারা উভয় পরিবার আপস-মীমাংসা করেছে। পুলিশের কাজ ছিল তাদের উদ্ধার করা। আমরা ভিকটিমকে উদ্ধার করেছি। মেয়ের পরিবার মামলা না করায় উভয়কে উভয় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকিটা তাদের পারিবারিক বিষয়।

বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৮ জেলে

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ‘এফবি নিশান’ ডুবির ঘটনায় নিখোঁজ ১১ জেলের মধ্যে তিনজনকে খুলনার সুন্দরবন এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও আটজন।

বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ডুবে যাওয়া ট্রলারের মালিক লুৎফুল্লাহিল মজিব নিশান সুন্দরবন এলাকা থেকে জেলেদের জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ছেলে, স্বামী ও বাবার ফিরে আসার অপেক্ষায় আছেন নিখোঁজ পরিবারের সদস্যরা।

জীবিত উদ্ধারকৃতরা হলেন, সোহেল, আফসার ও জাফর।

ট্রলারের মালিক লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, বুধবার সন্ধ্যায় জীবিত উদ্ধারকৃত জেলে জাফর ও আফসারের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে যাওয়ার সময় প্রথমে জীবিত উদ্ধারকৃত চার জেলের মতো সোহেল, আফসার ও জাফরও পার্শ্ববর্তী দুটি মাছ ধরার ট্রলারে উঠে যায়।

তিনি আরও জানান, বুধবার দুপুরে সুন্দরবনের মামুন মাঝির ট্রলারে একজন ও কালাম মাঝির ট্রলারে দুজন ঘাটে পৌঁছায়। বর্তমানে তারা ওই ট্রলার মালিকের হেফাজতে রয়েছে। শুক্রবার (১২ আগস্ট) তারা হাতিয়া এসে পৌঁছাবেন। তবে এখনও ট্রলারে থাকা শরিফ, ইয়াসিন, সোহেল, আলতাফ, লিটন, খায়ের, হেলাল ও ফরহাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের মইডুবি এলাকার সাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ‘এফবি নিশান’ নামের ট্রলারটি। পার্শ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় একই দিন বিকেলে ঘাটে ফিরে আসে চার জেলে।

কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি

 

ডেস্ক রিপোর্টঃ

মানিকগঞ্জের শিবালয়ে একটি করবস্থান থেকে কবর খুঁড়ে ৫ টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ আগস্ট) রাতের কোনো এক সময় উপজেলার উথলী ইউনিয়নের কাতরাশিন দক্ষিণ পাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে ছুটে যান তিনি। গিয়ে দেখেন ৬টি কবর খুঁড়া। এর মধ্যে ৫টি কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি নিয়ে যায়।

আগামী মাসে লোডশেডিং আর থাকবে না বলে জানালেন পরিকল্পনামন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিশ্বজুড়ে গণ্ডগোলের কারণে লোডশেডিং অপ্রত্যাশিত ভাবে বেড়ে গেছে। আমাদের নিজস্ব তেল-গ্যাস নেই। তেল-গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। তাই হঠাৎ টান পড়ে গেছে। এজন্য আমাদের কয়েকটা দিন একটু সমন্বয় করতে হবে। যে ঘরে দুইটি বাতি প্রয়োজন সেই ঘরে অহেতুক বিদ্যুৎ থাকলেও ৫টি বাতি জ্বালানো উচিৎ নয়।

তিনি বলেন, অর্ধেক প্লেট ভাত খেয়ে অর্ধেক ফেলে দেয়া ফুটানি কোনো লোকেই করা ভালো না। আমরা স্বীকার করছি আমাদের কিছু ঘাটতি রয়েছে। আমার বিশ্বাস এই আগস্ট মাসের শেষের দিকে ধীরে ধীরে বিদ্যুতের উন্নতি হবে। আগামী মাসে লোডশেডিং আর থাকবে না। তাই একটু দেশবাসীকে সহ্য করতে হবে।

বুধবার (১০ জুলাই) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উস্কানিমূলক মন্তব্য, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে দাও, ভেঙ্গে দাও এমন কর্মকাণ্ড স্বাধীন দেশে মানায় না। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবার সহযোগিতায় এই অসুবিধা সময় পার করতে হবে। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে নির্দেশনা প্রদান করেন তিনি।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে খেলায় ট্রাইবেকারে বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, উপজেলা ভূমি কর্মকর্তা সকিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হেকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম খান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান নুরুল হক, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন প্রমুখ।

সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা জেলা সদর হাসপাতাল, সরাইল ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, একই গোষ্ঠীর আল আমিন ও বোরহান। আল আমিন প্রবাসে আছেন। প্রবাসে যাওয়ার আগে বোরহানকে বিদেশ নেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেন আল আমিন। বুধবার সকালে বোরহান তার টাকা ফেরত চান আল আমিনের বাবার কাছে৷ এনিয়ে বাগবিতণ্ডা থেকে দুইপক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জান্নাতুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে কোর্স করছিলেন তিনি।

পুলিশ জানায়, মৃত্যুর আগে ওই নারীর সঙ্গে হোটেলে অবস্থান করছিলেন তার বন্ধু রেজাউল। তিনি বর্তমানে পলাতক আছেন।

কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দুজন হোটেলে রুম বুকিং করেন। বুধবার রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হোটেলটির ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। রেজাউলের নামে মামলা করেছেন জান্নাতুলের বাবা শফিকুল আলম।রেজাউলকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।