All posts by jitu

চীনের বিআরআই ঋণ নেয়ার বিষয়ে উন্নয়নশীল দেশগুলিকে দুবার ভাবতে হবে : অর্থমন্ত্রী কামাল

 

ডেস্ক রিপোর্টার:

বাংলাদেশের অর্থমন্ত্রী এএইচএম মুস্তফা কামাল সতর্ক করেছেন উন্নয়নশীল দেশগুলিকে। বলেছেন, চীনের বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) ইনিশিয়েটিভের মাধ্যমে আরো ঋণ নেয়ার বিষয়ে দুবার ভাবতে হবে। কারণ বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধি ঋণগ্রস্ত উদীয়মান বাজারগুলিতে চাপ বাড়ায়। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কামাল আরো বলেন, যে চীনকে তার ঋণের মূল্যায়নে আরও কঠোর হতে হবে। কারণ দুর্বল ঋণের সিদ্ধান্ত দেশগুলিকে সঙ্কটে ঠেলে দেয়ার ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশের অর্থমন্ত্রী শ্রীলঙ্কার দিকে ইঙ্গিত করে বলেন, ‘সেখানে চীনা-সমর্থিত অবকাঠামো প্রকল্পগুলি রিটার্ন জেনারেট করতে ব্যর্থ হয়েছিল এবং দ্বীপরাষ্ট্রকে একটি গুরুতর অর্থনৈতিক সঙ্কটের দিকে ঠেলে দিয়েছিল। কামালের সতর্কবাণী বিশ্বব্যাপী পরিস্থিতি যাই হোক না কেন, সবাইকে বিআরআই প্রকল্পে সম্মত হওয়ার আগে দুবার ভাবতে হবে।’

সেইসঙ্গে তিনি যোগ করেন, ‘সবাই চীনকে দোষারোপ করছে। কিন্তু চীনের থেকে ঋণ নেবার পর তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।’ কামালের মতে, শ্রীলঙ্কার সংকট থেকে একটি বিষয় স্পষ্ট যে কোন প্রকল্পগুলির ক্ষেত্রে ঋণ দেয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে চীন যথেষ্ট কঠোর ছিল না।

একটি প্রকল্পে ঋণ দেয়ার আগে সেটিকে ‘পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন’ করতে হবে। শ্রীলঙ্কার পর আমরা অনুভব করেছি যে চীনা কর্তৃপক্ষ এই বিশেষ দিকটির দিকে নজর দিচ্ছে না, যা খুবই গুরুত্বপূর্ণ। ‘গত মাসে, রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের ফলে তার বৈদেশিক রিজার্ভের উপর চাপের পর পণ্যের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশ আইএমএফের কাছে সাহায্য চেয়েছে। চীনের বিআরআই-তে অংশগ্রহণকারী দেশটির বেইজিংয়ের কাছে প্রায় ৪ বিলিয়ন ডলার পাওনা রয়েছে যা তার মোট বৈদেশিক ঋণের ৬ শতাংশ। অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি সহ অন্যান্য বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে বাংলাদেশ আরও ৪ বিলিয়ন ডলার চেয়েছে। তিনি আশাবাদী যে দেশ তাদের কাছ থেকে ঋণ পাবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সপ্তাহান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ সফরে আসার আগে দেশের অর্থমন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। শ্রীলঙ্কা, মে মাসে ঋণ খেলাপির মুখে পড়ে একটি জরুরি বেলআউটের জন্য আইএমএফের সাথে আলোচনা করছে।পাকিস্তানের বৈদেশিক রিজার্ভও যথেষ্ট কমে গেছে।

গত মাসে ৭ বিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ১.৩ বিলিয়ন ডলার মুক্তির জন্য আন্তর্জাতিক তহবিলের সাথে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান। জ্বালানি ঘাটতির কারণে দৈনিক বহু-ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বৈদেশিক রিজার্ভও এক বছর আগের ৪৫ বিলিয়ন ডলার থেকে ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। বিশ্লেষকরা বলছেন যে দেশের শক্তিশালী রপ্তানি খাত, বিশেষ করে এর পোশাক বাণিজ্য, সাম্প্রতিক অর্থনৈতিক ধাক্কা থেকে রক্ষা করতে সাহায্য করেছে এবং এর রিজার্ভ এখনও প্রায় পাঁচ মাসের মূল্যের আমদানির জন্য যথেষ্ট। তবে কামাল একটি বিষয়ে আশ্বস্ত করেছেন, ‘বাংলাদেশ চাপের মধ্যে থাকলেও শ্রীলঙ্কার মতো খেলাপি হওয়ার ঝুঁকিতে ছিল না।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

কুমিল্লার তিতাসে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যাচেষ্টার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার আনুমানিক রাত ৯টায় উপজেলার মাছিমপুর গ্রামের লিল মিয়া মেম্বারের বাড়িতে এ হত্যাচেষ্টা চালানো হয় বলে জানা গেছে।

আহত যুবক আবুল কালাম মাছিমপুর গ্রামের মনির হোসেন মাস্টারের ছেলে আবুল কালাম (৩২)।

আহত যুবক আবুল কালাম বলেন, ‘মঙ্গলবার রাতে আমি লিল মিয়া মেম্বারের বাড়ির সামনে বালু ভরাটের কাজ দেখাশোনা করছিলাম। এমন সময় হঠাৎ করে জয়, টুটুল, ফারুক ও আবদুল্লাহ এসে আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে হত্যার চেষ্টা করে এবং হাত ও মাজায় রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে।’

কী কারণে হামলা করছে জানতে চাইলে, আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সেই জের ধরে গতকাল আমাকে হত্যার চেষ্টা করেছে তারা।’

এ বিষয়ে অভিযুক্ত যুবক জয়ের মা চম্পা বেগম বলেন, ‘আমার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত না। শুধু শুধু আমার ছেলের নাম বলছে।’

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জালাল উদ্দিন বলেন, রাতে আবুল কালাম নামের একজন মারামারির রোগী আসছিল। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নিয়েছি।’

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মাছিমপুরে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুবর্ণচরে অর্ধশতাধিক দোকান ঘর উচ্ছেদ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচরে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর স্থাপন করায় প্রায় অর্ধশতাধিক দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দুই জন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী ও দেবব্রত দাশ। অভিযানে সহযোগীতা করে চরজব্বর থানা পুলিশ।

জানা যায়, ভূঁইয়ার হাট বাজারের উত্তর মাথায় রাস্তার পূর্বপাশে নবনির্মিত টিনের চাউনি দোকান ঘর, বাজারের বাঁধন কাউন্টার সংলগ্ন বিএডিসি সড়কের দু’পাশে নির্মিত দোকান ঘর, পাবলিক টয়লেট সংলগ্ন দোকান ঘর, এবং মেইন সড়কের পাশে মাছ বাজারের দোকন ঘর সহ প্রায় অর্ধশতাধিক দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দোকানীরা অশ্রু ঝরিয়ে স্বল্প সময়ের মধ্যে দোকানের মালামাল সরিয়ে নেন।

ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী জানান, নিদিষ্ট একটি সময়ের মধ্যে এগুলো সরিয়ে নেয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশকে উপেক্ষা করে তারা দখলে রাখায় জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এবং এখানে প্রায় ৫০ টি দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ জায়গা উদ্ধার করা হয়েছে।

আইসক্রিমে ক্ষতিকর রঙের ব্যবহার,কারখানা সিলগালা ও অর্থ জরিমানা

স্টাফ রিপোর্টার:
ক্ষতিকর রঙ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের নামে পণ্য তৈরির অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে  মেসার্স নিউ কোয়ালিটি আইসবার নামের একটি কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মিয়ারবাজার এলাকায় অভিযান চালান অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি জানান, ওই এলাকায় মেসার্স নিউ কোয়ালিটি আইসবার নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিকর রঙ মিশিয়ে দেশের নামিদামি ব্র্যান্ডের নামে আইসক্রিম বাজারজাত করে আসছে।  গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়।এসময় রঙ মিশ্রিত বিভিন্ন ব্রান্ডের ১০ হাজার নকল আইসক্রিম, ৩০ হাজার মোড়ক, ২৬ কৌটা অনুমোদনহীন রঙ ও ২০ কেজি চকলেট পাউডার জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। অভিযানে কারখানার মালিক মো. মানিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

চৌদ্দগ্রামে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারের উত্তর পাশে মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের বসতভিটার পূর্বদিকের বাগানবাড়ীর ভিতর থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে তথ্য পেয়ে নালঘর বাজার এলাকায় মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের বাগানবাড়ীতে অভিযানে চালাই। এ সময় এলাকার লোকজনের উপস্থিতিতে বেশ কয়েকটি চটের বস্তার ভিতরে থাকা অন্তত ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নালঘর এলাকার গোলাম মোস্তফার ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নেপাল-শ্রীলঙ্কা ছাড়া কোথাও তেলের দাম বাড়তি নেই

 

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছরে তেল বিক্রি করে ১ হাজার ২৬৪ কোটি টাকা লাভ করলেও ৮ হাজার ১৫ কোটি টাকা লোকসানের কথা বলছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি)। এ ছাড়া ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা লাভ করেছে বিপিসি। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে অথচ আমাদের দেশে বৃদ্ধি করা হলো। কেউ বলছে আমাদের দেশ থেকে নাকি অন্যদেশে কম। কিন্তু নেপাল ও শ্রীলঙ্কা ছাড়া কোথাও তেলের দাম বাড়তি নেই।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেছেন।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার পলিসি ডায়লগের (সিপিডি) কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন এড়ানো যেত কি?’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. ফাহমিদা অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন। তবে এই লাভ কীভাবে হয়েছে তার কোনো ব্যাখ্যা তিনি দেননি।

ড. ফাহমিদা খাতুন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক মাসগুলোতে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে অথচ আমাদের দেশে বৃদ্ধি করা হলো। কেউ বলছে আমাদের দেশ থেকে নাকি অন্যদেশে কম। আপনারা দেখতে পারেন নেপাল ও শ্রীলঙ্কা ছাড়া কোথাও তেলের দাম বাড়তি নেই।

ভিয়েতনাম উদীয়মান অর্থনীতির একটা দেশ অথচ দেখেন ভিয়েতনামে ডিজেলের লিটার প্রতি দাম ৯৭.৯ টাকা। আমরা কার সঙ্গে কী তুলনা করছি? আমরা বলছি হংকং এ নাকি জ্বালানি তেলের দাম আরও বেশি।

এটা ঠিক আছে। কিন্তু হংকং এ মাথাপিছু আয় ৪৯ হাজার ৬৬০ ডলার। আমাদের ২ হাজার ৫০৩ মার্কিন ডলার। সুতরাং কোনো দেশের সঙ্গে তুলনা করতে হলে মাথাপিছু আয়ও দেখতে হবে। জ্বালানি তেলের মূল্য মূল্যস্ফীতিকে উসকে দেবে। যাতায়াত ব্যবস্থার খরচ বেড়ে যাবে। বাসভাড়া, ট্রাক ও লঞ্চভাড়া বেড়ে যাবে। এরই মধ্যে ভাড়া বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ডিজেলের দাম বৃদ্ধির ফলে কৃষি খাতের উৎপাদন খরচ বেড়ে যাবে। অনেক কৃষক ডিজেলচালিত পাম্প ব্যবহার করেন। কৃষি উৎপাদন খরচ বেড়ে যাবে। কৃষি উৎপাদন কমে যাবে। ফলে আমাদের আমদানি খরচ বেড়ে যাবে। এই মূল্যবৃদ্ধি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা। এটা এমন একটা সময় আসলো যখন কি না আমাদের অর্থনীতি বিভিন্ন ভাবে চাপে রয়েছে।

ফাহমিদা বলেন, বিপিসি এককভাবে তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। অনেকে কোভিড থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। তার উপরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সবাই চাপে পড়ছে। সাধারণ মানুষ ধাপে ধাপে নানাভাবে বিপদে পড়েছে। সাধারণ মানুষ কীভাবে বাঁচবে? যারা দিন আনে দিন খায় তারা কীভাবে পোষাবে। এসব বিবেচনায় কিন্তু নেওয়া হয়নি।

ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, বিজিএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ২০১৫ সালে ৪ হাজার ১২৬ কোটি, ২০১৬ সালে ৯ হাজার ৪০, ২০১৭ সালে ৮ হাজার ৬৫৩, ২০১৮ সালে ৫ হাজার ৬৪৪ কোটি টাকা লাভ করেছে বিপিসি। এছাড়া ২০১৯ সালে ৪ হাজার ৭৬৮, ২০২০ সালে ৫ হাজার ৬৭ এবং ২০২১ সালে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে ৯ হাজার ৫৫৯ কোটি টাকা লাভ করেছ। বিপিসি সব সময় জ্বালানি তেল বিক্রি করে লাভ করেছে তাহলে এখন কেন ভর্তুকি তুলে নেয়া হলো?

তিনি বলেন, ১০ হাজার কোটি টাকা সরকার নিয়েছে। বাকি ৩৬ হাজার কোটি টাকা কোথায় গেল? শুনেছি প্রকল্প বাস্তবায়নে কিছু টাকা খরচ করছে। আমরা দেখছি বিপিসি নাকি সব থেকে ধনী গ্রাহক। বিপিসির ২৫ হাজার কোটি টাকা অ্যাকাউন্টে রাখা হয়েছে। তাহলে এসব টাকা কার? বিপিসি চাইলে এই সংকট সময়ে জ্বালানি তেলের ভর্তুকি অব্যাহত রাখতে পারতো।

বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, আমরা অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ সময়ে আছি। এই সময়ে সরকার কিভাবে কোন কিছু না বিবেচনা করে জ্বালানি তেলের দাম এত বাড়ালো সেটা আমার বুঝে আসে না। জ্বালানি তেলে কর কমিয়েও সরকার দাম স্বাভাবিক রাখতে পারতো।

তিনি বলেন, সাবসিডি কেউই পছন্দ করে না। কিন্তু সরকার হঠাৎ করে জনগণের ওপর এত চাপ দেওয়ার চিন্তা কিভাবে করলো। আমরা যখন অর্থনৈতিক বিভিন্ন সমস্যায় জর্জরিত তখন এই দাম বাড়ানো হলো।

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত ও ফেন্সিডিলসহ আটক ২

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামী ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

আটক হওয়া দুইজন হলেন সাজাপ্রাপ্ত আসামী উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের হাজী আলী আশ্রাফ এর ছেলে একরামুল হক মজুমদার ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ বরিশাল জেলার মুলাদি পৌরসভার তেরচর উত্তর অংশ গ্রামের হাজী আবুল কাশেম শরীফের ছেলে মিজানুর রহমান প্রকাশ মিজান শরীফ।

বুধবার (১০ আগস্ট) দুপুরে তথ্যটি নিশ্চিত করে থানার এসআই মেহেদী হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ রোডে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ শরীফকে আটক করা হয়।

এছাড়া থানার এএসআই কামরুজ্জান পৃথক অভিযানে একরাম মজুমদার নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে।

বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়ছে’।

দাউদকান্দিতে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক চাপায় মোঃ কবির হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

বুধবার (১০ আগষ্ট) বেলা  সোয়া ১১ টায় গৌরীপুর-হোমনা সড়কের পেন্নাই হাসেম মর্ডান হসপিটালের সামনে একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৭৬১৫) ভ্যানকে চাপা ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

নিহত মোঃ কবির হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রকিবুল ইসলাম জানান, ট্রাক আটক করা হয়েছে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

বুড়িচংয়ে সেইভ দ্যা চাইল্ড এন্ড উইমেন সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেইভ দ্যা চাইল্ড এন্ড উইমেন সংগঠন এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠন এর চেয়ারম্যান সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, খাড়াতাইয়া হাই স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার, প্রাইমারি স্কুল কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন।

বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শাহ মো. তাইমুর রেজা,ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুম মেধা খানম, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মুস্তফা, গাজীপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন,শিকারপুর প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, আলোকিত বুড়িচং বিপাড়া সংগঠনের আহবায়ক কবি রানা হাসান, ভরাসার ইন্জিঃ এরশাদ গার্লস হাই স্কুল এর প্রধান শিক্ষক এনামুল হক সোহেল।

ফেসবুকে সরকার বিরোধী কটূক্তির দায়ে যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়াতে ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে এক যুবককে  আটক  করেছে পুলিশ।

আটক হওয়া মো.তাজুল ইসলাম তপন (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লক্ষিদীয়া এলাকার মৃত. আব্দুল হকের ছেলে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়,গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাকে আটক করে। সংবাদ পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন,এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার বিকেলে জিডি মূলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও জানায়,তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হবে।