All posts by jitu

মাংস নিয়ে বাবার সঙ্গে রাগ করে ৭ বছরের শিশুর আ’ত্মহ’ত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

যশোরের মনিরামপুরে মাংস খেয়ে ফেলায় বাবার ওপর অভিমান করে আ’ত্মহ’ত্যা করেছে বাপ্পি হোসেন (৭) নামে এক শিশু। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বাপ্পি উপজেলার হরিহরনগর ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

এ বিষয়ে বাপ্পির বাবা আব্দুল মালেক বলেন, ‘আজ সকালে ছেলেকে নিয়ে আমি খেতে বসি। ওরে দুই টুকরা মাংস দিয়ে আমি একটি হাড়সহ মাংস নিই। এতে ছেলে রাগ করে। তখন আমি ওরে বলেছি, ফ্রিজে মাংস আছে। তোমাকে রান্না করে দেবে। এরপর খাওয়া শেষে আমি শৌচাগারে যাই। ফিরে এসে ছেলেকে ডাকাডাকি করি। পরে দেখি ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে দেখি মশারির দড়ি গলায় জড়িয়ে আমার ছেলে দাঁড়িয়ে আছে। ছেলের এ অবস্থা দেখে আমি চিৎকার দিলে পাশের বাড়ির নূরনবী নামে এক কিশোর এসে ভেন্টিলেটর দিয়ে উঠে ঘরের দরজা খুলে দেয়। ততক্ষণে আমার ছেলে না ফেরার দেশে চলে যায়।’

বাপ্পির মা মঞ্জুয়ারা বেগম জানান, তার ছেলে খুব রাগী ছিল। আজ সকালে মাংস খাওয়া নিয়ে বাপ্পি তার বাবার সঙ্গে রাগ করে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, বাপ্পি বাবা-মার একমাত্র ছেলে এবং খুবই অভিমানী ছিল। আজ সকালে খাবার খাওয়ার সময় মাংস কম হয়ে যাওয়ায় বাবার সঙ্গে রাগ করে সে। পরে ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দেয়।

ওসি আরও বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের যৌথ পরিচালনায় চৌদ্দগ্রাম বাজার অংশের ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সরকার পৌরসভা আইন ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮২ ধারায় ১৯টি মামলায় মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় চৌদ্দগ্রাম থানার এএসআই ইসমাইল হোসেনসহ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল জানান, ‘চৌদ্দগ্রাম বাজার এলাকার ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এবং যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। অবৈধ দখল ও যানজট নিরসনে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে’।

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলো মা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত হোসেন নামের ১ বছর বয়সী এক শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করেছেন মা রুকসানা আক্তার (২৪)। রুকসানা মানসিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের বারইয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন।

ঘাতক রোকসানা একই গ্রামের আমান উল্লাহ আমানের মেয়ে। ২ বছর পূর্বে বরিশালের ইব্রাহীমের সাথে তার বিয়ে হয়।

রুকসানার পিতা আমান উল্লাহ আমান বলেন, আমার মেয়ে মানসিক সমস্যায় ভুগছে। বিয়ে দেয়ার পর সে স্বামীর বাড়ি থেকে চলে এসেছে। এর আগেও বিভিন্ন দূর্ঘটনা ঘটিয়েছে সে। মানসিক চিকিৎসার জন্য বেশ কয়েকবার ডাক্তার এবং হাসপাতালে নিয়েও লাভ হয়নি। আজ তার নিজের ছেলেকে পুকুরে ফেলে মেরে ফেলেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মা রুকসানাকে আটক করা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মুরাদনগরে প্রেমিকার অন্তরঙ্গ দৃশ্য মোবাইলে ধারণ করে অর্থ আদায়, প্রেমিকসহ আটক ৩

 

মুরাদনগর সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রেমিকার (১৮) সাথে অন্তরঙ্গ মূহর্তের দৃশ্য মোবাইলে ধারন করে তা ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে সজিব কুমার দাস (১৯) নামে এক প্রেমিকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভিকটিম কলেজ ছাত্রীর দুলাভাই বাদী হয়ে মুরাদনগর থানায় ৩ জনের নামা উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোমবার বিকেলে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রেমিকসহ তিন জনকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, প্রেমিক সজিব কুমার দাস (১৯), সহযোগী রুহুল আমিন (১৭) ও হোসেন অয়ন (১৫)।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নগড়পার গ্রামে ভিকটিম কলেজ ছাত্রীর বাসার সাথে সজিব কুমার দাস ভাড়া বাসায় থাকতো। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে দুই বছর যাবত প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ২৩ জুন দুপুরে কৌশলে ভিকটিম ওই কলেজ ছাত্রীকে উপজেলার উত্তর ত্রিশ গ্রামের হুমায়ন কবিরের বাড়িতে নিয়ে যায় সজিব কুমার দাস। সেখানে সজিব কুমার দাস ওই কলেজ ছাত্রীকে বাড়ির ছাদে যাওয়ার সিড়িতে নিয়ে কাপর খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কিছু সময় সেখানে অতিবাহিত করে। সে সময় পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সজিব কুমার দাসের বন্ধু রুহুল আমিন ও ইস্রাফিল হোসেন অয়নসহ অজ্ঞাতরা সে অন্তরঙ্গ মূহর্তের দৃশ্য মোবাইল ফোনে ধারন করে টাকা দাবী করে।

এসময় ভিকটিম কলেজ ছাত্রীকে সজিব কুমার দাস জানায়, যদি তার বন্ধুদের টাকা না দেওয়া হয় তাহলে এ অন্তরঙ্গ মূহর্তের দৃশ্য ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে তার বন্ধুরা। সে সময় ভিকটিমের কাছে থাকা নগদ ৭ হাজার টাকা সজিব কুমার দাসের বন্ধুদের হাতে তুলে দিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসে ওই কলেজ ছাত্রী।

পরবর্তীতে ভিকটিম কলেজছাত্রী ২৯ জুন নগড়পার বাসা থেকে উত্তর ত্রিশ গ্রামে প্রাইভেটে যাওয়ার সময় প্রেমিক সজিব কুমার দাসসহ তার বন্ধুরা রাস্তায় আবার টাকা দাবী করে এবং টাকা না দিলে সে ভিডিও ছড়িয়ে দেবার হুমকি দেয়। পরে ওই কলেজছাত্রী গলায় থাকা একটি স্বর্নের চেইন তাদের হাতে তুলে দেয়। এ ঘটনার রেশ না কাটতেই ১৩ জুলাই প্রেমিক সজিব কুমার দাস তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে ভিকটিমের মায়ের কাছে ফোন দিয়ে ৩৫ হাজার টাকা দাবী করে।

পরে এ ঘটনাটি ভিকটিম কলেজছাত্রী তার পরিবারের কাছে জানালে ১৭ জুলাই বিকেলে পরিবারের লোকজন প্রেমিক সজিব কুমার দাসকে দাবীকৃত টাকা নেওয়ার জন্য নগড়পার চিলআউট নামে একটি রেস্টুরেন্টে আসতে বলে। তখন সজিব কুমার দাসসহ তার সহযোগী বন্ধুদের নিয়ে টাকা নেওয়ার জন্য সে রেস্টুরেন্টে আসে। এসময় ভিকটিমের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার এসআই হামিদুল ইসলাম বিপিএম তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবেনে জলিল এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ৩ আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফী আইনে মামলা দায়েরের পর সোমবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কুমিল্লার হোমনায় হাজতখানার গ্রিল ভেঙে পালানো ছবির অবশেষে গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় থানার হাজতখানার গ্রিল ভেঙে পালানো আলোচিত ছবির হোসেনকে (৩৩) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ছবির হোসেন দুলালপুর ইউনিয়নের ভিটিকালামিনা গ্রামের মৃত এনা মিয়ার ছেলে।

ওসি সাইফুল ইসলাম জানান, ৪টি ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছবির হোসেন। একটি মামলায় ২০১৪ সালে তাকে গ্রেফতার করে থানার হাজতখানায় রাখা হয়। কিন্তু সে হাজতখানার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

ওই ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও ছবিরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

কুমিল্লার চাঁপাপুর থেকে গাঁজাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চাঁপাপুর থেকে ৭ কেজি ৯শত গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৮ জুলাই বিকালে চাঁপাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, কুমিল্লার গিলাতলী গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (৩৬) এবং একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ ছবির হোসেন (৩২)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

দেবিদ্বারে ভাইকে বাঁচাতে গিয়ে একইসাথে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে জুনায়েদ (৮) ও রিহান (৮) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুনায়েদ ও রিহান স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় জুনায়েদ পানিতে ডুবে যাচ্ছিলো। এ দৃশ্য দেখে রিহান তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। পরে স্বজনরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এরপরও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়েছি যে, তারা বেঁচে নেই।

নিহত জুনায়েদ একই গ্রামের আবু কালামের ছেলে এবং রিহান মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। নিহত দুজনই স্থানীয় নূরমানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ৬৪৬ পরিবার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যদিয়েই আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে নোয়াখালীর ৮টি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাড়িতে পাকা ঘরে এবার মাথা গোঁজাবার ঠিকানা হবে ৬৪৬ পরিবারের। এই ঘরে জীবনের গল্প পরির্বতনের পাশাপাশি ভাসমান জীবনের লজ্জা মুচে যাওয়ার স্বপ্ন দেখছেন সুবিধাভোগী পরিবারগুলো।

জেলা প্রশাসন কার্যালয়ের এস.এ শাখার তথ্য অনুযায়ী, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে নোয়াখালীতে মোট ঘর বরাদ্ধ হয় ২৩৬২টি। এরমধ্যে প্রথম ধাপে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয় ৩৬৭টি ঘর। দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই সদর উপজেলায় ৩১২, বেগমগঞ্জে ৬০, কোম্পানীগঞ্জে ৪২, চাটখিলে ১০, সেনবাগে ৪২, সুবর্ণচরে ১৩৮, সোনাইমুড়িতে ২৭ ও কবিরহাটে ১৫টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে বরাদ্ধ পাওয়া ৪৩৫টি ঘরের মধ্যে দ্বিতীয় ধাপে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে ৩১২টি ঘর। এরমধ্যে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ১৪টি, অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুরে ১৭টি, দক্ষিণ নাজিরপুরে ৮টি, এওজবালিয়ার দক্ষিণ চর শুল্লকিয়ায় ৪২টি, চর শুল্লুকিয়ায় ৬টি, পশ্চিম এওজবালিয়ায় ২৩টি, চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ৩৯টি, পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্য নারায়ণ বহর গ্রামে ৪৬টি, আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামে ৫৭টি, কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামে ১৩টি ও উত্তর চর শুল্লুকিয়া গ্রামে ৪৭টি নির্মাণাধীন ঘরে আগামী বৃহস্পতিবার থেকে নতুন জীবনের যাত্রা শুরু করবে উপকারভোগীরা।

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সারথী হিসেবে কাজ করে যাচ্ছি।

ইউক্রেনে ৩ হাজার মিসাইল ছুঁড়েছে রাশিয়া

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের বিমান বাহিনী সোমবার দাবি করেছে, গত ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ অভিযান শুরু হওয়ার পর রাশিয়া ইউক্রেনে তিন হাজার মিসাইল ছুঁড়েছে।

এ ব্যাপারে ফেসবুকে বিমান বাহিনী বলেছে, আজ পর্যন্ত, শত্রুরা ইউক্রেনে বিভিন্ন ধরনের তিন হাজার মিসাইল ছুঁড়েছে। এগুলো হলো ক্রুস মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, অপারেশনাল ট্যাকটিক্যাল মিসাইল। তাছাড়া তারা ছুঁড়েছে ওনেক্স মিসাইল।

অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইউক্রেনের বিমান বাহিনীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া সোভিয়েত আমলের পুরনো মিসাইল হামলার কাজে ব্যবহার করা শুরু করেছে।

এ ব্যাপারে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, শত্রুরা (রুশ সেনারা) ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনার ওপর সোভিয়েত আমলের এক্স-৫৯, এক্স-২২, এক্স-৩১ সহ অন্যন্য মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে শত্রুরা এস-৩০০ থেকে শুরু করে বিমান বিধ্বংসী মিসাইল দিয়ে স্থলে হামলা করা শুরু করেছে। এ মিসাইলগুলোর মূল কাজ হলো আকাশে অবস্থানরত লক্ষ্যবস্তুতে হামলা করা, যোগ করে ইউক্রেনীয় বিমান বাহিনী।

সূত্র: সিএনএন

জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা দখল করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।

সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘বর্তমান নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা নেই’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সব সংসদ সদস্য, সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়। আসলে সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোনও বিশ্বাস নেই।’

বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোনও নির্বাচন হবে না- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সরকার পরিবর্তন চায় অথচ নির্বাচনে আসে না। সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়াতো সরকার পরিবর্তনের কোনও সুযোগ নেই।’

বিএনপি নেতাদের নিরপেক্ষ সরকারের দাবি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নেত্রী (খালেদা জিয়া) এক সময়ে বলেছিলেন শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। কাজেই নিরপেক্ষ নির্বাচনের কথায় দ্বিচারিতার যে রাজনীতি বিএনপি করে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মীমাসিংত। এনিয়ে নতুন করে আলোচনার কোনও সুযোগ নেই।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে। তিনি (শেখ হাসিনা) নির্বাচনে কোনও প্রকার হস্তক্ষেপ হোক এটা চান না। সরকার অন্য গণতান্ত্রিক দেশের মত নির্বাচন কমিশনকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দিয়ে যাবে। সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষতা হলো- নির্বাচন কমিশন তখনই নিরপেক্ষ যখন বিএনপি নির্বাচনে জয়ী হবার শতভাগ গ্যারান্টি পাবে।

এর আগে ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী ও বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় যানজট ও দুর্ঘটনা রোধে শতভাগ মনযোগ দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতা গড়তে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে।