All posts by jitu

মুরাদনগরে ৬ কেজি গাঁজাসহ বরিশালের যুবক আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে ৬ কেজি গাঁজাসহ রুবেল মৃধা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গকুলনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রুবেল মৃধা (৩০) বরিশাল জেলার বারেকগঞ্জ থানার নিয়ামতি গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে মুরাদনগর থানার এসআই শফিকুল ইসলামের নের্তৃত্বে এক দল পুলিশ উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গকুলনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুবেল মৃধাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

তুরস্কে দুই বাড়ি পুতিনের ‘প্রেমিকা’ কাবায়েভার!

 

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার বিরোধী একটি সূত্র দাবি করেছেন যে, ন্যাটোর সদস্য তুরস্কে নতুন দুটি বিলাসবহুল বাড়ির মালিক এখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত ‘মিসট্রেস’ ও প্রেমিকা এলিনা কাবায়েভা (৩৯)। দীর্ঘদিন ধরে তার সঙ্গে পুতিনের সম্পর্ক নিয়ে নানা গুজব, জল্পনা, কল্পনা ডালপালা মেলেছে। বলাবলি আছে যে, পুতিনের চারটি সন্তান জন্ম দিয়েছেন এলিনা। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে কখনোই স্বীকৃতি দেননি পুতিন। সর্বশেষ রাশিয়ায় জন্মগ্রহণকারী ইসরাইলি ব্যবসায়ী লিওনিদ নেভজলিন (৬২) দাবি করেছেন, তুরস্কে এলিনা কাবায়েভার জন্য ওই দুটি বাড়ির ব্যবস্থা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের এক ঘনিষ্ঠ সহযোগী। এর মধ্যে একটি বাড়ি তুরস্কের দক্ষিণে। এই বাড়িটি গ্রীষ্মকালে ব্যবহারের জন্য। অন্য বাড়িটি ইস্তাম্বুলে। এসব তথ্য দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।

লিওনিদ নেভজলিন তেল বিষয়ক জায়ান্ট ইউকোসের সাবেক মালিকদের অন্যতম এবং পুতিনের শীর্ষ স্থানীয় শত্রু। তিনি একজন জনহিতৈষীও।

মস্কোর প্রথম সারির লোকজনের সঙ্গে তার যোগাযোগ আছে বলে দাবি করেন। গ্রুপ মেনাটেপে উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি। ফলে তার দাবি কতটা সত্য তা যাচাই করা সম্ভব হয়নি। নিভজলিন বলেন, এরদোগানের একটি ঘনিষ্ঠ সহযোগীর মধ্যস্থতা করে এলিনা কাবায়েভার জন্য ওই দুটি বাড়ি কিনেছেন। তিনি আরও বলেন, বিলাসবহুল এই বাড়িগুলোতে নিজের প্রেসিডেন্সিয়াল গার্ড মোতায়েন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তবে ওই সম্পত্তি সম্পর্কে সুনির্দিষ্টভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণও দিতে পারেননি।
নিভজলিন এই দাবি করেছেন এমন এক সময়ে যখন বলা হচ্ছে ৩ কোটি ২৬ লাখ পাউন্ডের ফলকন ৭এক্স ব্যবহার করছেন এলিনা কাবায়েভা। এর আকাশযানের টেইল নাম্বার আরএ-০৯০০৯। এই আকাশযানটি লিজ দেয়া হয় রাশিয়ার উচ্চ পদস্থ যাত্রীদের জন্য, যাদেরকে ফেডারেল সিকিউরিটি সার্ভিস সুরক্ষা দিয়ে থাকে।

এপ্রিলে তিনি অভিযোগ করেন যে, বড় রকমের হার্ট এটাকে ভোগার পর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। কিন্তু পরে ৯ই মে মস্কোতে বিজয় দিবসের প্যারেডে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যায় তাকে।

ইউক্রেন যুদ্ধের কারণে এলিনা কাবায়েভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বৃটেন, ইউরোপিয়ান ইউনিয়ন ও কানাডা। তিনি বর্তমানে কোন দেশে অবস্থান করছেন তা নিশ্চিত করে বলা যায় না।

আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে, সহ্যের সীমা লঙ্ঘন করলে ‘হাটে হাঁড়ি’ ভেঙে দেবো: সাক্কু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। সহ্যের সীমা লঙ্ঘন করলে আমিও ‘হাটে হাঁড়ি’ ভেঙে দেবো।

শনিবার (২৫ জুন) বিকেলে নগরীর নানুয়ার দিঘিরপাড় নিজস্ব বাসভবনে সাবেক মন্ত্রী লে. কর্নেল আকবর হোসেনের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির সাবেক নেতা এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

সাক্কু বলেন, যদি ২০২৩ সালে দেশে স্বাভাবিক পরিস্থিতি থাকে। আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। এছাড়াও আগামী কোরবানির ঈদের পরে আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রমে অংশগ্রহণ করবো।

কুমিল্লা নগরীর ২৭ টি ওয়ার্ড ও সদর আসনের ছয়টি ইউনিয়নের সাক্কুর অনুসারীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাক্কুর ছোট ভাই আইনজীবী কাইমুল হক রিংকু, বিএনপি নেতা নজরুল হক ভুইয়া স্বপনসহ দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে সাক্কু ৩৪৩ ভোটে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের নিকট পরাজিত হন।

কুমিল্লায় মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

ইসতিয়াক আহমেদঃ

মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে নিয়ে কুমিল্লায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

রোববার (২৬ জুন) সকাল ১১টার দিকে এ উপলক্ষে
নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিউলী রহমান তিন্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সোহান আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ অন্যান্যরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা স্কুল শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

সাক্কু চোর, তিনি কালো টাকা দিয়ে নির্বাচনী তরী পার হতে চেয়েছিলেন : বাহার

স্টাফ রিপোর্টার:

একটি কুচক্রী মহল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বিতর্ক করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, সাক্কু একজন চোর মেয়র ছিলেন । আমি সিটি কর্পোরেশনের জন্য টাকা এনে দিয়েছি। সে লুট করে খেয়ে ফেলেছে। সে কালো টাকা দিয়ে নির্বাচনী তরী পার হতে চেয়েছিলেন ।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা বিজয়ী হওয়ায় কুমিল্লা শিক্ষক সমাজ আয়োজিত আনন্দ সমাবেশে তিনি এসব একথা বলেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন বাহার বলেন, কিছু নেতার কুকর্মের কারণে কুমিল্লাকে এগিয়ে নিতে পারছি না। কুমিল্লায় এত বেঈমান-মুনাফেক আছে এ সিটি নির্বাচনের আগে আমিও জানতাম না। প্রশাসনের পাশাপাশি দলের কিছু নেতাও সাক্কুর টাকার কাছে বিক্রি হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লাকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। কারণ জাতির পরিবর্তন করতে পারেন একজন আদর্শবান শিক্ষক।

জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নবনির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিকুল্লাহ খোকন, আরফানুল হক রিফাতের সহধর্মিণী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আলেকজান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, রাচিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুর রহমান পাটোয়ারী, ফরিদা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ প্রমুখ।

চান্দিনায় এক রাতে দুই বাড়ি ও সড়কে ডাকাতি; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় দুটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল রশি দিয়ে হাত বেঁধে ও গলায় রাম-দা ঠেকিয়ে বসতঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে। মঙ্গলবার (২১ জুন) গভীর রাতে উপজেলার হারং ও এতবারপুর গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে। এদিকে একই রাতে চান্দিনা-রামমোহন সড়কে পৌরসভার উদালিয়া ব্রিজ এলাকায় ডাকাতি হয়।

হারং গ্রামের ডা. মো. নুরুজ্জামান সরকার ও তার স্ত্রী জানান, তাদের বাড়িতে মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ১ টার দিকে ১০-১৫ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রীকে গলায় রামদা ঠেকিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে। পরে ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩১ হাজার টাকা ও ৬ টি মোবাইল সেট লুটে নেয়। এরপর তাদের ভাড়াটিয়া লাভলী আক্তার এর ঘরে একই কায়দায় প্রবেশ করে নগদ ১০ হাজার টাকা ও ২টি স্বর্ণের আংটি নিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

একই রাতে উপজেলার এতবারপুর গ্রামে মো. খোকন এর বাড়ীতে ডাকাতি হয়। রাত পৌনে ২টায় ঘরের দরজা ভেঙে মুখোশধারী দুইজন ডাকাত প্রবেশ করে। প্রথমে স্ত্রীকে গলায় ছুরি ধরে নগদ ১১ হাজার টাকা ও ১ টি স্বর্ণের চেইন লুটে নেয়।

এদিকে একই রাতে চান্দিনা-রামমোহন সড়কে পৌরসভার উদালিয়া ব্রিজ এলাকায় মঙ্গলবার (২১ জুন) রাত ৩টায় ডাকাতি হয়। ক্ষতিগ্রস্থ গরু ব্যবসায়ী মো. রুহুল আমিন জানান, সিরাজগঞ্জ চান্দিগোনা বাজার থেকে চান্দিনার খিরাসার ও বানিয়াচং গ্রামে ফেরার পথে তাদের বহনকারী বড় ট্রাক এর গতিরোধ করে সশস্ত্র ডাকাতদল। এসময় ডাকাতরা ব্যবসায়ী মো. রুহুল আমিন এর কাছ থেকে নগদ ৬৮ হাজার টাকা, মোস্তফার কাছ থেকে নগদ ৫৫ হাজার ৬৬টাকা, মো. শাহজাহান এর নিকট থেকে ৫হাজার ৩শত টাকা, গাড়ি চালকের কাছ থেকে ১৩ হাজার ৩শত টাকা, ১টি মোবাইল সেট নিয়ে লুটে নেয়।

এ ব্যপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

কুমিল্লা স্টেডিয়ামে মোহামেডানকে ৪-২ গোলে হারাল আবাহনী

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বুধবার (২২ জুন) বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৯৩ তম ম্যাচে  আবাহনী ৪-২ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে।

বুধবার বিকেল চারটায় খেলা শুরুর ৭ মিনিটের মাথায় ঢাকা আবাহনীর হয়ে একটি গোল করেন ড্যানিয়েল কলিনদ্রেস, ডরিয়েল্টন দুটি এবং চতুর্থ গোলটি করেন ইমন বাবু।

মোহামেডানের হয়ে গোল করেন সুলেমান দিয়াবেতে ১৮-তম মিনিটে। ২য় গোলটি করেন শাহরিয়ার ইমন ৪৫+২তম মিনিটে। খেলার দ্বিতীয়ার্ধে গোল না হওয়ায় ঢাকা আবাহনী লিমিটেড ৪-২ গোলে বিজয়ী হয়ে মাঠ ছাড়েন।

উত্তেজনাপূর্ণ ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় মাঠে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও নব নির্বাচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, সহ-সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, সদস্য দেলোয়ার হোসেন জাকির ও আল আমিন ভূইয়া। এছাড়াও আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা, বাফুফের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কোম্পানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইয়াবাসহ গ্রেপ্তার

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো.আহছান উল্যাহকে (৬৫) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আহছান উল্যাহ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, আহছান উল্যাহ উপজেলার চর হাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল। গত নির্বাচনে সে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে। বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আহছান উল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশি করে পুলিশ ২০পিস ইয়াবা উদ্ধার করে ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

চাঁদপুরে ৩য় ধাপের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে তৃতীয় ধাপের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। জেলায় ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পণ্য বিক্রি করা হবে।

তারই ধারাবাহিকতায় বুধবার (২২ জুন) চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ১ হাজার ৬৬ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষের কষ্টের কথা ভাবেন। তাই সারা দেশের ন্যায় চাঁদপুরেও ২৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামিলি কার্ডধারী এই সুবিধা পাবেন। এ কার্যক্রম চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত। দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তারা যেন সূলভ মূল্যে এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের তৃতীয় ধাপে ৪০৫ টাকা প্যাকেজে ১১০ টাকা করে ২ লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা করে ২ কেজি মসুর ডাল ও ৫৫ টাকা করে ১ কেজি চিনি বিক্রি করা হবে। এই কার্যক্রম যাতে সুন্দরভাবে বিতরণ করতে পারি সেজন্য তদারকি কমিটিতে উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও একজন ট্যাগ অফিসার নিয়োজিত থাকবেন। আমি আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই কার্যক্রমটি শুরু করেছেন সে উদ্দেশ্যটি যেন সফল হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর পরিচালনায় টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, শাহাদাত হোসেন জাকির, কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছহাক তপদার, যুবলীগ নেতা ফখরুল আলম পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন চাঁদপুর পুরাণ বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারের সত্ত্বাধিকারী টুটুল মনিসহ ডিলারের অন্যান্য লোকজন।

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোটরসাইকেল-নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও ৩ জন আহত হয়।

নিহত আল আমিন (৬) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ আলমের বাড়ির সৈয়দি প্রবাসী আবদুর রহমানের ছেলে।

বুধবার (২২ জুন) বিকেল ৪টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভূঁইয়ারহাট টু আবদুল্যাহ মিয়ারহাট সড়কের ওলি মাঝির খেয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের খালাতো ভাই নজরুল ইসলাম জানান,আল আমিন একজন স্কুল ছাত্র। নিহত আবদুল্যাহ মিয়ারহাট আইডিয়াল একাডেমির শিশু ক্লাসের ছাত্র। বুধবার বিকেল ৩টার সময় সে তার মামা জিহাদ (১৪) সবার অজান্তে বাড়িতে থাকা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বাহির হয়ে যায়। পরে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভূঁইয়ারহাট টু আবদুল্যাহ মিয়ারহাট সড়কের ওলি মাঝির খেয়া নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। আল আমীন মোটরসাইকেলের সামনে থাকার কারণে সে সরাসরি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুুুলিশ পাঠানো হয়েছে।