All posts by jitu

দেবিদ্বারের গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে পদ্মকোট বাজার মাঠে দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মাস্টার।

গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং মাহবুবুর রহমান মুন্সীর পরিচালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার,সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সাজেদা আক্তার মায়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক এড. আয়েশা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিরিন সুলতানা।

আরো বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল আলম কামাল ভিপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন। পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শামিম ও সদ্য বিদায়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল প্রমুখ।

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

রোববার (২৬ জুন) রাতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্বোধনের একদিনের মাথায় সেতুটিতে প্রথম এ দুর্ঘটনা ঘটলো। রোববার ভোর থেকেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

পদ্মা সেতুতে মূত্র বিসর্জন করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ

 

ডেস্ক রিপোর্ট:

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা বায়েজিদ নামের এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।

এদিকে আরও এক যুবকের পদ্মা সেতুতে নাট-বল্টু খোলার ভিডিও ভাইরাল হয়েছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। এছাড়া সেতুতে মূত্র বিসর্জন করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই দুই যুবককে খুঁজছে পুলিশ।

রোববার (২৬ জুন) রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা বায়েজিদ নামের একজনকে আটক করেছি। যে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করেছিল। আরেকজন যুবকের নাট-বল্টু খোলার ভিডিও আমাদের নজরে এসেছে। তাকে খোঁজা হচ্ছে। এছাড়া মূত্র বিসর্জন করা আরেক যুবকের ছবিও ভাইরাল হয়েছে। তাকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গতকাল শনিবার (২৫ জুন) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। রোববার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার ২০০টি যান এই সেতু পার হয়েছে।

সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি।

এরই ফাঁকে আলোচিত ভিডিওগুলো করা হয়।

পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। রোববার ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন। ভিডিও করতেও দেখা গেছে অনেককে। এসবই ছিল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।

রোববার (২৬ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে পদ্মা সেতুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সুহেল।

পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক করা যুবক আটক

 

ডেস্ক রিপোর্ট:

পদ্মা সেতুর নাটবল্টু খোলার অভিযোগে মো. বায়েজিদ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম তথ্যটি নিশ্চিত করেন এবং বলেন, তিনি কেন এই কাজ করেছেন, সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক করা সেই টিকটকার বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে পুলিশ বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, রোববার সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর দুটি রেলিংয়ের নাটবল্টু খুলে ফেলেন। দ্রুতই ভাইরাল হয় ভিডিওটি।

পদ্মাসেতুর উদ্বোধনের দিনে কুমিল্লার পুলিশের বনার্ঢ্য র‌্যালি

ডেস্ক রিপোর্ট:

পদ্মাসেতুর উদ্বোধনের দিনে কুমিল্লা জেলা পুলিশের বনার্ঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পদ্মাসেতুর উদ্বোধনের দিনে বিকেল সাড়ে ৫ টায় কুমিল্লা জেলা পুলিশের একটি বর্ণাঢ্য র‌্যালী নগরবাসীর নজর কেড়ে নেয়। সড়কের দু’পাশে উপস্থিত সাধারণ মানুষজন হাত নেড়ে র‌্যালিটিকে স্বাগত জানায়।

র‌্যালি শুরু হওয়ার আগে কুমিল্লা টাউনহল মাঠে কেক কাটার আয়োজন করা হয়। পরে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নগরীর টাউনহল মাঠে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আমরা আজ দেখিয়ে দিয়েছি আমরা বীরের জাতি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পে পদ্মাসেতু আজ স্বপ্ন নয় বাস্তবে রুপ নিয়েছে। পদ্মাসেতু আমাদের অহংকারের প্রতীক ।

আলোচনার পরেই কেক কাটা ও রঙিন বেলুন উড়িয়ে উচ্ছাস প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

সৌদি আরবে ভিক্ষা করতে গিয়ে বাংলাদেশি হজযাত্রী আটক

 

ডেস্ক রিপোর্টঃ

বেসরকারিভাবে হজে গিয়ে মো. মতিয়ার রহমান নামের একজনকে মদিনা শরীফে ভিক্ষা করার সময় আটক করেছে সৌদি আরবের পুলিশ। গত ২২ জুন তাকে আটক করা হয়। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা।

ওই হজযাত্রীকে সৌদিতে পাঠানো ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসকে (হজ লাইসেন্স নং ৭৩৭) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। আজ রোববার হজ ওয়েবসাইটের নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ধানসিঁড়ির ট্রাভেলসের পাঠানো মো. মতিয়ার রহমান গত ২২ জুন বিকেল ৫টার দিকে মদিনা শরীফে ভিক্ষা করছিলেন। এ সময় সৌদি আরবের পুলিশ তাকে আটক করে। ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

ওই যাত্রী ‘সৌদি আরবে ব্যাগ ছিনতাই হয়েছে’ বলে মিথ্যা নাটক সাজিয়ে ভিক্ষা করছিলেন। এতে সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। পরে তদন্তে জানা যায়, ধানসিঁড়ির সেই হজযাত্রীকে গাইড করার মতো সৌদিতে কোনো মোনাজ্জেম ও হাজির বসবাসের বাড়ি বা হোটেলও ছিল না। এ ধরনের কাজের জন্য হজ এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কার্যবিসের মধ্যে ব্যাখ্যাসহ জানাতে চেয়েছে মন্ত্রণালয়।

পদ্মা সেতু সিক্ম রেড স্নুকারে চ্যাম্পিয়ন আতিকুল, রানারআপ মাহবুব আলম বাবু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত পদ্মা সেতু সিক্ম রেড স্নুকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে  আতিকুল ইসলাম এবং রানারআপ হয়েছেন কুমিল্লা ক্লাবের ক্রীড়া সম্পাদক মাহবুব আলম বাবু।

শনিবার (২৫ জুন) এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

এই টুর্ণামেন্টে ৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার।

সুয়াগাজীতে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহন, আটক ২

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণে সুয়াগাজী এলাকায় পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি ও তার সহযোগী কিশোরকে আটক করে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ জুন বিকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের অরণ্যপুর গ্রামের নুরুল হক খানের ছেলে মোঃ জাকির হোসেন @ জীবন(৩৫) এবং অপর একজন কিশোর। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চান্দিনায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ আটক ২

 

চান্দিনা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুন) গভীর রাতে মহাসড়কের হারিখোলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চান্দিনা থানার টহলটিম ডাকাত মোহাম্মদ হাসান (২২) ও ইমন হোসেন (২০)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতিকালে ব্যবহৃত দুইটি সুইচ গিয়ার চাকু, একটি চাইনিজ কুড়াল এবং একটি ছেনি উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ হাসান চান্দিনার মহারং গ্রামের এরশাদ আলীর ছেলে এবং ইমন হোসেন ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ডাকাতদল দীর্ঘদিন যাবৎ মহাসড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। আমাদের টহলটিম এর উপ-পরিদর্শক (এস.আই) জিয়াউর রহমান ও সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) মোস্তফা কামাল রাত্রিকালিন ডিউটি করার সময় হারিখোলা এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি খবর পেয়ে অভিযান চালায়। ওই অভিযানে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে পরদিন শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুরাদনগরে ৬ কেজি গাঁজাসহ বরিশালের যুবক আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে ৬ কেজি গাঁজাসহ রুবেল মৃধা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গকুলনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রুবেল মৃধা (৩০) বরিশাল জেলার বারেকগঞ্জ থানার নিয়ামতি গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে মুরাদনগর থানার এসআই শফিকুল ইসলামের নের্তৃত্বে এক দল পুলিশ উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গকুলনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুবেল মৃধাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।