All posts by jitu

মেসি যখন কথা বলে, আর্জেন্টিনার প্রেসিডেন্টও তখন চুপ থাকেন

 

স্পোর্টস ডেস্কঃ

গত বছর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা জার্সিতে প্রথম কোনো শিরোপার স্বাদ পান লিওনেল মেসি। তার আনন্দঅশ্রু অনেকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেদিনের এক ঘটনা সামনে তুলে এনে চমকপ্রদ তথ্যই দিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার শিরোপা জয়ে মার্টিনেজের ছিল অসামান্য ভূমিকা। সেমিতে কলম্বিয়ার বিপক্ষে তিন তিনটি শুট সেভ করে নায়ক বনে যান। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জাল রেখেছিলেন অক্ষত। এতদিন পর এসে জানালেন, মেসির দেয়া বক্তব্যেই সেদিন দল ছিল উজ্জীবিত।

কোপার ফাইনালের আগে মেসির সেই বক্তব্য নিয়ে মার্টিনেজ জানালেন, লিওনেল মেসি যখন কথা বলেন, আর্জেন্টিনার প্রেসিডেন্টকেও চুপ থাকতে হয় এবং শুনতে হয়।

‘তিনি বক্তব্যে বলেছিলেন যে, এটিই হয়তো তার শেষ (ম্যাচ) হতে চলেছে এবং তিনি নিজের সবকিছু উজাড় করে দিতে চলেছেন। মেসির সঙ্গে কথা বলার সময় সামান্য কাঁপছিলাম। সবাই চুপ করে ছিল। ম্যানেজার, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, যারাই ছিল, তারা শুধুই চুপ ছিল।’

ফাইনাল জয়ের পর দলকে নিয়ে র‍্যালি করার সময় মেসি যখন কান্নায় ভেঙে পড়েন, তখন সতীর্থদের গায়ের লোম খাঁড়া হয়ে গিয়েছিল বলেও জানান মার্টিনেজ।

আকাশী-নীল জার্সিতে ১৬২ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। করেছেন ৮৬ গোল। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বাধিক গোলের রেকর্ড এলএম টেনের দখলে। বছরের শেষদিকে কাতারে হতে চলা বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবারও নেতৃত্ব দেবেন একটি বিশ্বকাপের আক্ষেপ ঘোচাতে।

দেশের বাজারে ফের বাড়ল সয়াবিন তেলের দাম

 

ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কিছুটা কমলেও দেশে আরেক দফা দাম বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার নতুন করে লিটারপ্রতি দাম ৫ থেকে ৭ টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখার উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রস্তাবিত দাম অনুযায়ী প্রতিলিটার খোলা সয়াবিন তেল ভোক্তা পর্যায়ে ১৮৫ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৮০ টাকা। আর এক লিটার সয়াবিন তেলের বোতল ২০৫ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৯৮ টাকা। তবে ৫ লিটারের বোতল ৯৯৭ টাকা করা হয়েছে। যা আগে ছিল ৯৮৫ টাকা। তবে পাম তেলের দাম কিছুটা কমিয়ে ১৫৮ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৭২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিল গেটে ১৮০ টাকা, পরিবেশক পর্যায়ে ১৮২ টাকা এবং খুচরা পর্যায়ে ১৮৫ টাকায় বিক্রি হবে। আর এক লিটারের বোতল মিলে ১৯৫ টাকা, পরিবেশকে ১৯৯ টাকা এবং খুচরায় ২০৫ টাকা, ৫ লিটারের বোতল মিলে ৯৫২ টাকা, পরিবেশকে ৯৭২ টাকা এবং ভোক্তায় ৯৯৭ টাকা। পাম তেল মিলে ১৫৩ টাকা, পরিবেশকে ১৫৫ টাকা এবং খুচরায় ১৫৮ টাকা নির্ধারণ করা হয়ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক নিউজ পোর্টাল ইনডেক্স মুডি ডটকম সূত্রে জানা গেছে, গত মার্চে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের দাম ছিল এক হাজার ৯৫৬ মার্কিন ডলার। এপ্রিল মাসে তা কমে বিক্রি হয়েছে এক হাজার ৯৪৭ মার্কিন ডলার। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমলেও দেশের বাজারে উল্টো দাম বাড়ানো হলো।

জানতে চাইলে বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ভুট্টো বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ১৫০ ডলারের মতো কমেছে। আর পাম তেল কমেছে ২০০ ডলার। তবে মার্চ-এপ্রিলে বিশ্ববাজারে দাম বেশি থাকায় আমদানি কম হয়েছে। ওই সময়ে চড়া দামে আমদানি হওয়ায় দাম বাড়ানো হয়েছে বলে তিনি মনে করছেন। তবে পাইকারি বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৬-১৭৭ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

হাসপাতালে নেওয়ার পথে ডায়রিয়া আক্রান্ত কিশোরীর মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ডায়রিয়ায় আক্রান্ত এক কিশোরীকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ২৪ জন।

বৃহস্পতিবার (৯জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে।

মৃত ফেরদৌস বেগম (১৫) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আবদুর রহিমের মেয়ে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,ফেরদৌস বেগমকে মুমূর্ষু অবস্থায় আজ সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা দেখেন, কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট আগে ওই কিশোরী মারা যান। আজ সকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়ছেন। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ডায়রিয়া আক্রান্ত এক কিশোরী হাসপাতালে আনার পথে মারা গেছে। বেশিরভাগ রোগীই একেবারে শেষ পর্যায়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এতে হাসপাতালে ভর্তির পর তাঁদের সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সদের চরম বেগ পেতে হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

কুর্মিটোলা হাসপাতালে আন্তর্জাতিক ন্যাশ ডে পালিত

 

স্টাফ রিপোর্টারঃ

আজ আন্তর্জাতিক ন্যাশ ডে। বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী লিভারের রোগ নন অ্যালকোহলিক স্টিয়েটো হেপাটাইটিস ( NASH) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের হেপাটোলজী বিভাগ বৈজ্ঞানিক সেমিনার ও সচেতনতামূলক এ কর্মসূচীর আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক লে. কর্নেল নাজমুল হুদা খান। বৈজ্ঞানিক সেমিনারের প্যানেল বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেপাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. লুৎফুল মুবিন ও সহকারী অধ্যাপক ডা. জাহাংগীর কবীর। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহেল কাফী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. শাহাদাত হোসেন সরকার এবং সচেতনতামূলক মূল প্রতিপাদ্যের উপর উপস্থাপনা করেন ডা. তানভীর আহমেদ।

দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ ফ্যাটি লিভার রোগে ভুগছেন এবং প্রায় দেড় কোটি মানুষ NASH রোগে আক্রান্ত যাদের প্রায় সিংহভাগ লিভার সিরোসিস ও ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেন বলে মূল প্রবন্ধে বলা হয়। এ ভয়ংকর রোগ প্রতিরোধে পর্যাপ্ত ফলমূল খাওয়া, প্রতিদিন অন্তত: ৩০ মিনিট হাঁটা, জাংক ফুড ও ক্ষুধা না পেলে খাবার পরিহারের আহবান জানানো হয়।

বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের সহকারী পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লে. কর্নেল নাজমুল হুদা খান বলেন, অতিরিক্ত ওজন, শারিরীক কর্মকান্ডে অনীহা, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহনের প্রবণতা আমাদের জনস্বাস্থ্যের এ পরিনতি। দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে আমাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে এখনই এ রোগ প্রতিরোধ না করলে আরো ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শুধু শহুরে ও ধনীরাই নয় গ্রামাঞ্চলের মানুষও অলস কর্মকান্ড ও ক্ষতিকারক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ছে; তাদেরকেও সচেতন করে তুলতে হবে। তিনি হেপাটোলজী সোসাইটির ১১ দফা নির্দেশিকা মেনে চলা ও বাস্তবায়নের আহবান জানান।

সেমিনারে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন পর্য়ায়ের চিকিৎসক ও ইন্টার্নী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

বরুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার অর্জুনতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো বরুড়া পৌর এলাকার অর্জুনতলা গ্ৰামের জগৎবন্ধুর ছেলে গোপাল চন্দ্র (১২) এবং সূর্যলাল পালের ছেলে শিপ্ত পাল (৯)।

স্থানীরা জানান, গোপাল চন্দ্র ও শিপ্ত পাল দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল ইসলাম সোহেল জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

কুমিল্লাগামী বোগদাদ বাসের সাথে পিকআপের সংঘর্ষে আহত ২

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অঝোর বৃষ্টিতে ফাঁকা রাস্তায় বোগদাদ-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর সোয়া ২টার দিকে মহাসড়কের পল্লী বিদ্যুৎ বারেক এসপির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরে চাঁদপুরগামী একটি সাদা রংয়ের পিকআপকে ধাক্কা দিয়ে কুমিল্লাগামী যাত্রী বোগদাদ বাসটি চলে যায়। পরে বাকিলায় বাসটিকে আটক করে স্থানীয়রা। এদিকে পিকআপের চালক মোহাম্মদ লেয়াকত বেপারী গুরুতর আহত হয়ে ভিতর থেকে বের হতে না পেরে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন সাবাল এনে বহু চেষ্টার বিনিময়ে তাকে টেনে হিচড়ে বের করেন এবং চালকের সহযোগীসহ তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

জানা যায়, চালক মোহাম্মদ লেয়াকত বেপারীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায়। শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দপাদা নুরুল ইসলাম জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

 

নাছরিন আক্তার হীরা ও সালাহ উদ্দিন সোহেল:
বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা -২০২২ তে ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে।

এ প্রতিযোগিতার সমাপনী ও পুরুষ্কার বিতরণী আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৪ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশনকে হারিয়ে ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন।

প্রতিযোগিতায় শেষ্ঠ মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন সার্জেন্ট মোঃ আবদুর রহিম এবং নবীন মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন এনসি (ই) মো: আজিম মাহমুদ ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, অভীষ্ট লক্ষ্যের প্রতি একাগ্রতা অর্জনসহ খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে। তাই মুষ্টিযোদ্ধা সেনা সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কুসিক নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করবে না স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ

শাহ ইমরান:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ( ৯ জুন) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, আগামী ১৫ জুন  কুমিল্লা সিটি সিটি কর্পোরেশন নির্বাচন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা মহানগরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার অংশগ্রহন করায় তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়। সেই সাথে তার সঙ্গে অথবা অন্য কোন প্রার্থীর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য এবং নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কর্মকান্ডে জড়িত না থাকার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।

আপনারা জানেন, বর্তমান আওয়ামী সরকার ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে নিশিরাতের ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়। আন্তর্জাতিক ভাবেও এ দুটি নির্বাচনের তীব্রভাবে প্রশ্নবিদ্ধ। এছাড়াও বর্তমান অবৈধ আওয়ামী সরকারের অধীনে সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সিটি নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বিরােধীমতের প্রার্থীদের ওপর ও তাদের বাড়ি-ঘরে হামলা এবং মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতার করা হয়েছে।

আপনারা আরো অবগত আছেন যে, অবৈধ আওয়ামী সরকার বাংলাদেশ নির্বাচন কমিশন কে সম্পূর্ন দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। রাকিব কমিশন হুদা কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্নরূপে ধ্বংস দিয়েছে। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে। জাতীয় মিডিয়ার সমানে তারা সরকারী দলের প্রতি যে ভাবে আনুগত্য প্রকাশ করেছে তা নজিরবিহীন। এছাড়া পুলিশ প্রশাসন সরকারের অনুগত হয়ে ভােট ডাকাতিতে সাহায্য করেছে। বিরোধীমতের নেতা-কর্মীদের দমন করতে তারা প্রতিনিয়ত গুম,খুন ও হামলা-মামলায় জর্জরিত করছে।

এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন এ অংশগ্রহণ করবে না। বিএনপির এই দাবীতে বাংলাদেশের জনগণ এবং প্রায় সকল বিরোধী দল ঐক্যমত প্রকাশ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। সূতরাং দলীয় নির্দেশ অমান্য করে যারা এই অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে, দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  আব্দুল কাদির ভূইয়া জুয়েল সংবাদ বিজ্ঞপ্তি পাঠ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি আলহাজ্ব জামির হোসেন,  সহ – সভাপতি এ কে এম আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডি জেড এম হাসান বিন সফিক সোহাগ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ( যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদা), সহ – সাধারণ সম্পাদক এ বি এম মুকুল, ক্রীড়া বিষয় সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারি, সাহিত্য সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ্।

মহানবীকে নিয়ে আপত্তিকর বক্তব্য: অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত একটি ঐতিহ্যশালী প্রাচীন সভ্যতা । ভারতীয় জনগণ অক্ষরে ও চেতনায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে । ভারতের সংবিধান এবং দেশের নীতি ও ইতিহাসের সাথে সামঞ্জস্য রেখে ভারত সরকার সমস্ত ধর্মকে সর্বোচ্চ সম্মান দেয়।

পবিত্র নবীর সাথে সম্পর্কিত আপত্তিকর টুইট এবং মন্তব্যগুলি বেশ কিছু দিন আগে কিছু রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা করা হয়েছিল যারা ভারত সরকার বা তাদের নিজস্ব রাজনৈতিক দলের মতামতকে প্রতিফলিত করে না। ভারত সরকার এবং ভারতের শাসক দল উভয়ই এই মন্তব্য থেকে নিজেদেরকে স্পষ্টভাবে দূরে সরিয়ে নিয়েছে, যা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দ্বারা লিখিতভাবে স্পষ্টভাবে নিন্দা করা হয়েছিল। তদুপরি, ইতিমধ্যে এই ব্যক্তিদের বিরুদ্ধে তাদের রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজেপিও ৫ জুন একটি প্রেস রিলিজ জারি করে সমস্ত ধর্মের প্রতি তার সম্মানের উপর জোর দেয় এবং যে কোনও ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননার নিন্দা করে। পার্টির প্রেস রিলিজ দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করে যে দলটি যে কোনও মতাদর্শের বিরুদ্ধে দৃঢ়ভাবে বিরোধী যা কোনও সম্প্রদায় বা ধর্মকে অবমাননা করে।

দুর্ভাগ্যবশত, ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরোধী স্বার্থান্বেষী ব্যক্তিরা অবমাননাকর মন্তব্য ব্যবহার করে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। উভয় দেশের উচিত এই ধরনের দুর্বৃত্তিপরায়ণ বিরুদ্ধে একসঙ্গে কাজ করা, যারা আমাদের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষুন্ন করে এবং সামাজিক বৈষম্য ও সংঘাত সৃষ্টি করার চেষ্টা করে।

কুমিল্লা নগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চাই – সাক্কু

 

শাহ ইমরান:

কুমিল্লা সিটি করপোরেশন ( কুসিক) নির্বাচনে দুইবারের সাবেক সদ্য বিদায়ী মেয়র মোঃ মনিরুল হক সাক্কু আজ সকালে টেবিল ঘডà¦