All posts by jitu

মুরাদনগরে সরকারি হাসপাতাল থেকে এক দালাল আটক

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালাল চক্রের উত্তম দেবনাথ নামের এক সদস্যকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ জানান, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র রোগীদের ভুল তথ্য দিয়ে ব্যক্তিমালিকানাধীন বেসরকারি ক্লিনিক ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে রবিবার বেলা ২টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে এক দালালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এমন অপরাধ আর না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।

এ সময় ৫০ শয্যা বিশিষ্ট মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আ’লীগ নেতা আটক

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুই হাজার ২৩৫ পিস ইয়াবাসহ আব্দুল কাদের মোল্লা (৭০) নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ মে) দুপুরে এ ঘটনায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।

আব্দুল কাদের মোল্লা আখাউড়া পৌর এলাকার দেব গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি ওই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, শনিবার মধ্যরাতে ওই এলাকায় অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী ট্রাস্ট ফোর্স। এসময় আব্দুল কাদের মোল্লার ঘর থেকে দুই হাজার ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। টের পেয়ে তার ছেলে সোহাগ মোল্লা পালিয়ে গেলেও তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম নিয়মিত মামলার জন্য নির্দেশ দেন।

দুর্নীতির মামলায় কারাগারে হাজী সেলিম

 

ডেস্ক রিপোর্টঃ

দুর্নীতির মামলায় হাইকোর্টের রায়ে ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে।

রোববার (২২ মে) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আদালতে আত্মসমর্পণ করে যে কোনো শর্তে জামিনের আবেদন করেন হাজী মোহাম্মদ সেলিম।

আবেদনে হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ উল্লেখ করেন, ২০১৬ সালে ওপেন হার্ট সার্জারির সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে দীর্ঘদিন যাবত বাক-শক্তিহীন অবস্থায় রয়েছেন হাজী সেলিম। তিনি দেশ ও বিদেশে চিকিৎসা নিয়েছেন। জেলে থাকলে চিকিৎসার অভাবে ও বাক-শক্তি না থাকায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে যে কোনো শর্তে তার জামিন আবেদন করছি। জামিন পেলে তিনি পলাতক হবেন না। তাই আপিল শর্তে আত্মসমর্পণ পূর্বক তার জামিন আবেদন করছি।

গত ২৫ এপ্রিল দুপুর ৩টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে হাইকোর্ট থেকে মামলার নথি এসে পৌঁছায়। এদিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের নথি পাঠানো হয়।

সেদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, আইন অনুযায়ী আজ থেকে আগামী ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আর হাইকোর্টের রায়ের ফলে তার সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা নেই।

এর আগে হাজী সেলিমকে বিচারিক (নিম্ন) আদালতে দেওয়া ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার রায় বহাল রাখেন হাইকোর্ট।

২০২১ সালের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশ পায় রায়।

এছাড়া জরিমানার টাকা অনাদায়ে হাজী সেলিমকে আদালত আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এছাড়া জব্দ করা হাজী সেলিমের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে বলা হয়।

জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। এরপর ২০০৮ সালের ২৭ এপ্রিল হাজী সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

পরে ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট ১৩ বছরের সাজা বাতিল করে রায় দেন।

এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দুদক। শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের ওই রায় বাতিল করেন আপিল বিভাগ। সেই সঙ্গে হাজী সেলিমের আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়।

এরপর শুনানি শেষে চূড়ান্ত রায় দেন হাইকোর্ট। সেখানে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড কমিয়ে ১০ বছর বহাল থাকে।

মাহাবুব মোরশেদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা দর্পন এর প্রকাশক ও সম্পাদক এবং দর্পন এর নির্বাহী পরিচালক মাহাবুব মোরশেদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে রোববার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শওকত ওসমান।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহŸায়ক নিতিশ সাহা, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল, সুজন কুমিল্লা জেলা সভাপতি শাহ মোঃ আলমগীর খান, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, এটিন বাংলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, যমুনা টিভির ব্যুরো চিফ খোকন চৌধূরী, ডিবিসি নিউজ প্রতিনিধি নাসির উদ্দিন চৌধূরী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, প্রয়াত মাহবুব মোরশেদের সহধর্মিণী নাগমা মোরশেদ।

কুমিল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন যুগান্তর ব্যুরো চিফ আবুল খায়ের, প্রধান শিক্ষক ফয়েজুন্নেছা সীমা, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা, বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবিরসহ আরো অনেকে।

আলোচনা শেষে মাহবুর মোরশেদের আত্মার মগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় নির্বাচনী বিশেষ অভিযান: ১২ জন গ্রেফতার

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লায় নির্বাচনী বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে মামলার এজাহারভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুর রহমান।

রবিবার দিবাগত রাত নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারভুক্ত এবং ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।

অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার পিপিএম।

আসামিগণ হলেন মুন্সিগঞ্জের সাইদুজ্জামান, ডুমুরিয়া চানপুর এলাকার নজরুল ইসলাম, মোঃ রুবেল, বশিরুল ইসলাম, শুভপুর এলাকা মাহাবুব, গাজিপুর এলাকার রাজন মিয়া, দক্ষিন চর্থার আকাশ হোসেন, দক্ষিণ চানপুর এলাকার মঞ্জুর হোসেন বাদল, কুচাইতলী মধ্যপাড়া এলাকার মোঃ দিদার হোসেন, ২য় মুরাদপুর এলাকার মোঃ কাউছার, ইহচারা এলাকার মাসুদ রানা এবং লক্ষ্মীপুরের মোঃ লিটন ।

রবিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

রবিবার ( ২২ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়। এ সময় আর্দশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব সাবেরা আক্তার, কুমিল্লা জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার  শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাখাওয়াত হোসেন (রুবেল), ডেপুটি কালেক্টর (রাজস্ব) কানিজ ফাতেমা ও সদরের সহকারি কমিশনার মৌসুমী আক্তার।

এছাড়া এ অনুষ্ঠানে সার্ভেয়ার মো: ইব্রাহিম, নাজির মো: আবুল বাসার উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জেলা পর্যায়ে সততা ও কর্মদক্ষতা দিয়ে যারা কর্মক্ষেত্রে  ভাল  অবদান রেখেছেন তাদের পুরস্কৃত করা হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) তিতাসে কর্মরত এ কে আবু নওশাদ ,শ্রেষ্ঠ কানুনগো হয়েছেন দেবিদ্বারে কর্মরত মো: নুরুজ্জামান, শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন এলএ শাখার মো: জামাল হোসেন, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হয়েছেন বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে কর্মরত রতন চন্দ্র কর্মকার, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হয়েছেন চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে কর্মরত সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারি সেটেলমেন্ট অফিসার নির্বাচিত হয়েছেন হোমনা উপজেলায় কর্মরত রফিক উদ্দিন আহম, শ্রেষ্ঠ  উপ-সহকারি সেটেলমেন্ট অফিসার নির্বাচিত হয়েছেন বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলায় কর্মরত  মো: হাফিজুর রহমান খান, শ্রেষ্ঠ সেটেলমেন্ট সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন কুমিল্লা জোনের মো: কাউছার আলম।

 

বেগমগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক চিহিৃত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো.ওমর ফারুক (৩৬) উপজেলার রসুরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

রোববার (২২ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার রসুলপুর এলাকা থেকে একশত পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

ইউনিটি অফ কুমিল্লা’র মনোহরগঞ্জ বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের  মনোহরগঞ্জ উপজেলা বন্ধুদের  মিলনমেলা।
গত শুক্রবার দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত মনোহরগঞ্জ বাজার সংলগ্ন মনোহরগঞ্জ থানার বন্ধুদের আয়োজনে ইউনিটি অফ কুমিল্লা’র  সকল থানার বন্ধুদের উপস্থিতিতে ঈদ পরবর্তী এক জমকালো আড্ডা অনুষ্ঠিত হয়।উক্ত আড্ডায় কুমিল্লার প্রায় সকল থানার বন্ধুদের উপস্থিতিতে এক প্রাণবন্ত প্রোগ্রাম উপহার দেয়া হয়।
মনোহরগঞ্জ এর বন্ধু  শাহলম আমিনুলের  উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া প্রোগ্রামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাধাইয়ার বন্ধু  আমিনুল ইসলাম ও গীতা পাঠ করে গ্রুপের বন্ধু অপূর্ব দত্ত।
তারপর দুপুরে খাওয়ার পর্বে সকল বন্ধুদেরকে বিখ্যাত কাচ্চি বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয়। খাওয়া দাওয়া শেষ করে উপস্থিত সকলের পরিচয় পর্ব ও শুভেচ্ছা বক্তৃতার মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশকালে এই রকম প্রোগ্রাম আয়োজনের জন্য মনোহরগঞ্জ বন্ধুদের ও গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ও ভবিষ্যতে সদর দক্ষিণ ( মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, লালমাই)সহ সকল থানার বন্ধুদের নিয়ে আরো বড় পরিসরে আরেকটি মিলনমেলা করার অঙ্গীকার করা হয়।
শুভেচ্ছা বক্তব্য  রাখেন গ্রুপের বন্ধু  মো: মেহেদী হাসান, শেখ মেহেদী হাসান, উজ্ব্বল চন্দ্র পাল, মো: ফরহাদ উদ্দিন, নাজমা আক্তার, জাকির হাসান, মিতা নুরুল ইসলাম, শাহআলম আমিনুল, তসলিমাসহ আরো অনেকে।তারপর কেক কেটে সকল বন্ধুদের খাওয়ানো হয় ।তারপর গ্রুপের পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যান কে সম্মাননা পুরস্কার প্রদান শেষে প্রোগ্রামের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
তারপর প্রোগ্রামের দ্বিতীয় পর্বে সকল বন্ধুরা ডাকাতিয়া নদী ও ওই থানার সাংসদ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের  গ্রামের বাড়িতে গিয়ে ঘোরাঘুরি ও ফটোসেশন করে। তারপর স্থানীয় বাজারের বিখ্যাত দুধ চা পান করে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন শাহআলম আমিনুল।
মিলনমেলার উপস্থাপনা করেন বন্ধু  আব্দুল হালিম । মিলনমেলায় উপস্থিত ছিলেন  সোহানা মিথী,  সিনথিয়া, নাজমা, তাসলিমা, উজ্জ্বল, ফরহাদ, শেখ মেহেদী, ইঞ্জি: মেহেদী, বাবু, নুরুল, শাহআলম আমিনুল, ডা: পরিমল, আবুল কাশেম,ফরহাদ, তোফাজ্জল, আমিনুল, জাকির মিতা, অপূর্ব, হালিম ,কাজী সাইফুল , বিশ্বজিৎ(ফোনে), ওমর ফারুক (ফোনে) সহ আরো অনেকে।
গ্রুপের প্যানেলের পক্ষ থেকে মনোহরগঞ্জ বন্ধুদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয় এমন সুন্দর একটা প্রোগ্রাম আয়োজনের জন্য। বিশেষ করে প্রিয় বন্ধু বিশ্বজিৎ ভৌমিক ও শাহআলম আমিনুলকে বিশেষভাবে ধন্যবাদ  জানানো হয় পুরো প্রোগ্রামটি সুন্দর করে ও সকল বন্ধদেরকে একত্রিত করে ভাল কিছু অ্যাপায়ন করার জন্য।

মালয়েশিয়ায় কুমিল্লার যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়াতে মনির হোসেন (২৪) নামে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২১ মে) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনির কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল গ্রামের মৃত মো. লিয়াকত আলীর ছেলে।

নিহতের ভাই মো. মান্নান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে মনির হোসেনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন তার এক বন্ধু। পরে তিনি মনিরের মায়ের মোবাইলে কল করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই মো. মান্নান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছোট ভাই গা ঢাকা দিয়েছে।

মৃত দেলোয়ার হোসেন (৪৫) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।

শনিবার (২১ মে) বিকেল ৫টার উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানায়, উপজেলার নবাবপুর গ্রামের গফুর মেম্বার বাড়িতে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকেলের দিকে কথা কাটাকাটি হয় বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট ভাই আব্দুল হাই মাষ্টারের। কথাকাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আব্দুল হাই মাষ্টার বড় ভাই দেলোয়ারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে বড় ভাই দেলোয়ার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা শহরের গুডহিল প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যায়।

ওসি আরো জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে আসে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।