All posts by jitu

রিয়ালকে হতাশ করে পিএসজিতেই থেকে যাচ্ছে কাইলিয়ান এমবাপে

 

স্পোর্টস ডেস্কঃ

রিয়াল মাদ্রিদে নয় বর্তমান ক্লাব পিএসজির সঙ্গেই চুক্তি বাড়িয়ে নিচ্ছেন কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চম্যানের রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও বলেছেন, আসছে মৌসুমে নতুন ডেরা খুঁজবেন না পিএসজি স্ট্রাইকার।

গোলডটকম জানিয়েছে, ফ্রেঞ্চম্যান আপাতত পিএসজিতে থাকছেন এবং নতুন চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছেন। লিগ ওয়ানে মেটজের বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর ক্লাবে থাকার বিষয়টি সবাইকে জানানো হবে। এমনকি ভিডিও বার্তায় এমবাপে নিজে ভক্ত-সমর্থকদের বার্তা দিবেন।

ফরাসি সংবাদমাধ্যম লেকুইপে জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাবে রাজি হয়েছেন ২৩বর্ষী ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ হতে পারে তিন বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত।

পিএসজির সঙ্গে চুক্তি শেষে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছিল বেশ জোরেশোরে। কদিন আগে, প্যারিস ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন এমবাপে- খবরটা প্রায় নিশ্চিত করেই জানিয়েছিল গোলডটকম।

তারা লিখেছিল, ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর লস ব্লাঙ্কোসদের সঙ্গে ফ্রেঞ্চম্যানের চুক্তির কথা জানিয়ে দেবে রিয়াল। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলছে। যদিও রিয়াল কিংবা পিএসজির পক্ষ থেকে এমবাপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইটারে লিখেছেন, ‘পিএসজিতেই থাকছেন কাইলিয়ান এমবাপে। এই গ্রীষ্মে নিশ্চিত ভাবে তিনি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না। ব্লাঙ্কোস সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।’

রোমানো আরও লিখেছেন, ‘কিলিয়ান এমবাপে আজ বিকালে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ফোন করেছিলেন। নিজের সিদ্ধান্তটা তিনি সরাসরি পেরেজকে বলেছেন; পিএসজির সঙ্গে নতুন চুক্তি করবেন। কথাবার্তা পাকা হয়ে গেছে এবং শতভাগ নিশ্চিত।’

চলতি মৌসুমে দারুণ মেসি-নেইমারদের ক্লাবে দারুণ সময় কাটিয়েছেন ফ্রেঞ্চম্যান। লিগ ওয়ানের ২৫ বার জালে বল জড়িয়ে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। সতীর্থদের জাল খুঁজে পেতে সাহায্য করেছেন আরও ১৭ বার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৬ গোল পেয়েছেন এমবাপে।

কুসিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের তৎপরতা

 

ইসতিয়াক আহমেদঃ

আগামী ১৫ ই জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন জায়গায় চলছে প্রশাসনের অভিযান।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কুমিল্লা নগরীতে পুলিশের ২২ টি দল নিয়মিত অভিযান পরিচালনা করছেন। নগরীর বেশ কিছু চিহ্নিত এলাকায় অভিযান পরিচালনা করে কিছু চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়াও পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তফসিল ঘোষণার পর থেকে নগরীর বিভিন্ন স্থানে ২২ টি চেক পোস্ট এর মাধ্যমে প্রশাসনের অভিযানে প্রায় ৬০০ অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা করা হয়েছে প্রায় ১৮ লক্ষ টাকা।

নির্বাচনের কিছুদিন আগে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে জানান পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম বার। তিনি বলেন নির্বাচনের আগ মুহূর্তে সারা নগরী জুড়ে প্রয়োজন মত চেক পোস্ট থাকবে এবং নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।

নগরীর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান তফসিল ঘোষণার পর থেকে আমরা নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণার পর থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।

নোয়াখালীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আব্দুল হাই মিলনের ছেলে মো.পাভেল একই ওয়ার্ডের বাচ্চু মিয়ার ছেলে মো.রাকিব (২০) ও আজাদ মিয়ার ছেলে রিমনকে আটক করে।

নিহতের নাম মো.আইমন (২০) সে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার নুরনবীল ছেলে।

শনিবার (২১ মে) রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব জানান, নিহত আইমন চৌমুহনী বাজারে খোলা জায়গায় জুতার ব্যবসা করত। ঘাতক রাকিব তার সহযোগীদের নিয়ে তিন মাস আগে নিহত আইমনের কাছে চাঁদা দাবি করে। তখন আইমন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ আইমনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবাসহ আটক করে কারাগারে পাঠায়। এরপর তিন মাস জেল খেটে রাকিব গত ১৯ মে বৃহস্পতিবার জামিনে বের হয়। জামিনে বের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য রাকিব ও তার সহযোগে পাভেল এবং রিমন শনিবার রাত পৌনে ৮টার দিকে আইমনকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে গতিরোধ করে। ওই সময় কথাকাটাকাটির একপর্যায়ে তারা আইমনকে গলায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে লাইফ কেয়ার হসপিটালে নেওয়ার পথে আইমন মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব আরো জানায়, ঘটনার পরপরই তিন ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ হত্যাকান্ডের আধাঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি জায়গা থেকে তাদের আটক করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে ভরি ৮২ হাজার ৪৬৫ টাকা

 

ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৬৫ টাকা। এর মধ্যদিয়ে মূল্যবান এই ধাতুটি দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে।

রোববার (২২ মে) থেকে স্বর্ণের নতুন এ দাম বাজারে কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (২১ মে) বৈঠক করে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়। পরে এ কমিটির ভাইস-চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটনের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ২২ মে রোববার থেকে কার্যকর হবে।’

এর আগে যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ দেখিয়ে গত ১৮ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সেসময়ও স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম বাড়ার কারণ উল্লেখ করে দেশে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব পালন করা এ সংগঠনটি।

মাত্র পাঁচদিনের ব্যবধানে দুদফায় ভরিতে ভালো মানের স্বর্ণের দাম ৬ হাজার টাকার ওপরে বাড়ানোর কারণে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এ ধাতুটি। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ৮২ হাজার ৪৬৫ টাকা। এর আগে দেশের বাজারে কখনো স্বর্ণের ভরি ৮২ হাজার টাকা হয়নি।

এদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার ২৪ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৭৩২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৩৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৮৫৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ মে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়ানো হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়।

হাতিয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদসহ ঘরবাড়ি বিধ্বস্ত

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কালবৈশাখী ঝড়ে একটি মসজিদসহ তিনটি গ্রামের প্রায় ২৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে উপজেলার জাহাজমারা, সুখচর ও নলচিরা ইউনিয়নের তিনটি গ্রামে সবচেয়ে বেশি ক্ষতি হয়। তবে এসময় সবাই ঘরের বাহিরে বের হয়ে যাওয়ায় কোন হতাতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, সকালে ঘূর্ণিঝড়টি হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে আঘাত হানে। এতে অনেক জায়গায় গাছ পড়ে রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী চলা ঝড় ও বৃষ্টিতে জনজীবন বিপন্ন হয়ে পড়ে।

নলচিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মো: শরিফ জানান, তাঁর ইউনিয়নের তুপানিয়া গ্রামে বেড়ীর উপরে বসবাস করা ৫টি ও বেড়ীর ভিতরে গাছ পড়ে আরো ৫টি বসতঘর বিধ্বস্থ হয়। ঘূর্ণিঝড়ে এসব বসতঘরের চাল ও বেড়া বাতাসে উড়িয়ে নিয়ে যায়।

নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্যা শিবলী জানান, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এসব ঘরবাড়ীর মালিককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে পূর্নবাসনের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে একই সময় জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাহাজমারা গ্রামে ১০টি বসতঘর বিধ্বস্ত হয়। গ্রামের বাসিন্ধা আমিনুল ইসলাম রাসেল জানান, সকালের ঝড়ে তাদের বাড়ীর সামনের কাচারি ঘরটি বিধ্বস্ত হয়। এছাড়া পাশবর্তী আরো ৯টির মত কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়। তবে প্রত্যেকটি বাড়ীর অনেক গাছপালা ভেঙে গেছে। রাস্তার পাশের গাছ পালা পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা ভেঙে পড়া এসব গাছ কেটে নেওয়ায় রাস্তায় চলাচল এখন স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) বায়েজীদ বিন আখন্দ বলেন, ইউপি চেয়ারম্যানরা ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার বিষয়টি মোবাইলে জানিয়েছে। এসব এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

ক্যান্সার আক্রান্ত রোগীকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’। শনিবার বিকেলে উপজেলার মাছিমপুর বাজারে অবস্থিত ক্লাবটির প্রধান কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এমআই টিপু, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শ্যামল প্রমূখ।

এছাড়াও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ, ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মনোয়ার হোসেন মুন্না, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক চান বাদশা মোল্লা ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন।

এসো মানবতার টানে অসহায়দের পাশে এই স্লোগানকে বুকে ধারণ করে ২০২০ সালে ‘ তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব সংগঠনটি যাত্রা শুরুর পর থেকে আর্তমানবতার সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। শুরু থেকে এই পর্যন্ত অর্থ, খাদ্য সামগ্রিক ও রক্ত দিয়ে প্রায় কয়েক’শ পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

প্রতিবছর ঈদে এবং শীতকালীন সময়ে সুবিধাবঞ্চিত অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি এবং কয়েকটি সমস্যাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা করে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

এভাবে অসহায়, সুবিধাবঞ্চিতদের সহযোগিতাসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া। স্বল্প সময়ে অসংখ্য মানবিক কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ব্যতীত এত প্রশংসনীয় উদ্যোগ কোনভাবেই বাস্তবায়ন করা সম্ভব হতো না। যারা তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাবের মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা।

মনোহরগঞ্জে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অটোরিকশা চালকের বসতঘর পুড়ে ছাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে আগুনে পুড়ে গেল রিকশা চালক হাবিবের বসতঘর। শুক্রবার (২০ মে) বিকেলে উপজেলার হাসনাবাদ ইউপির কাঁশই গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে জানান হাবিব।

এলাকাবাসি জানান, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত। শুক্রবার বিকেলে প্রায় সাড়ে ৫টায় হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে ঐ রিক্সা চালকের বাড়িতে।

শুক্রবার দুপুরে পরিবার নিয়ে বেড়াতে যান। খবর পেয়ে বাড়িতে ছুটে এসে নিজের এমন সর্বনাশ দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধিত হওযার কথা জানান তিনি।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, দুপুরে রেখে যাওয়া ভালো ঘর এখন চোখের সামনে পোড়া দেখে বিশ্বাস করতে পারছি না। স্থানীয় এনজিও থেকে উঠানো ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা, ফ্রিজ, টিভিসহ সকল আসবাবপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে ঐ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন। ইউপি চেয়ারম্যান কামাল হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন ও ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানান।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর মনোহরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) কামাল পাশা জানান, আগুন লেগেছে এমন একটি অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিকভাবে লাইন বন্ধ করে বিদ্যুৎ কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

হাতিয়ার মেঘনায় পাথর বোঝাই জাহাজডুবি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ার মেঘনা নদীতে মক্কা-মদিনা নামে পাথর বোঝাই বাল্কহেড জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২১ মে) দুপুরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হাতিয়া নৌ পুলিশের সহযোগিতায় জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন তীরে উঠে আসায় কোন হতাহত অথবা নিখোঁজের ঘটনা ঘটেনি।

জাহাজের চালক সুমন মিয়া জানান, এমবি মক্কা-মদিনা নামে জাহাজটি সিলেট থেকে পাথর বোঝাই করে সন্ধীপ যাচ্ছিলেন। আজ সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে নলচিরার পাশে ঘাটে ভিড়ানোর চেষ্টা করে ছিলেন। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পরে সাতরীয়ে জাহাজে থাকা ৭ জন স্টাপ তীরে উঠে যান।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, অধিক জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জাহাজটি একেবারেই ডুবে গেছে। ভাটার সময় পানি কমে গেলে জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম থেকে কুলসুম বেগম (২০) নামে এক নারীর লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। কুলসুম ওই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাদ্দাম মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মৃগী রোগে আক্রান্ত কুলসুম স্বামীসহ বাবার বাড়ি অষ্টগ্রামেই বসবাস করতেন। তার স্বামী খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
শনিবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকার একটি পুকুরে কুলসুমের লাশ ভেসে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাঙ্গলকোটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে যাত্রীবাহী বাস পুকুরে ডুবে হারেছ মিয়া (৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২১ মে) উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে কুমিল্লা-হাসানপুর সড়কের উপজেলার বিরুলী গ্রামে শাহ আলী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে যায়। এসময় বাসে ড্রাইভার, হেলপারসহ ৫ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে নিজেদের বুদ্ধিমত্ত্বায় ৪ জন প্রাণে বাঁচলেও একজন মৃত্যুবরণ করেন। নিহত হারেছ মিয়া মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার রায়কোট গ্রামে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।